১১:০৫ পি.এম
কক্সবাজার, ২২ নভেম্বর, ২০২৬ : তিনদিন বন্ধ থাকার পর কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল আবার শুরু হয়েছে, যা বৈরী আবহাওয়ার কারণে স্থগিত ছিল।
রোববার (২২ নভেম্বর) সকালে কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ জেটি ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে পাঁচটি জাহাজ যাত্রা করে। এসব জাহাজে মোট ১ হাজার ৮৭০ জন পর্যটক ছিলেন।
বিকেল ৪টার দিকে আটকে পড়া প্রায় ৮০০ পর্যটকসহ জাহাজগুলো কক্সবাজারের দিকে ফিরতি যাত্রা শুরু করে। এর আগে, শনিবার, ট্রলারের মাধ্যমে উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে প্রায় ৭ শতাধিক পর্যটক টেকনাফ হয়ে নিজেদের গন্তব্যে ফিরে যান।
আরও পড়ুন: অবসরের চার মাস আগে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শক শহিদুল ইসলামের মৃত্যু
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল থাকায় গত বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশনা জারি করে প্রশাসন। এর ফলে ১৭ ও ১৮ নভেম্বর দ্বীপে বেড়াতে যাওয়া দেড় হাজার পর্যটক সেখানে আটকা পড়েন।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফয়েজুল ইসলাম বাসসকে জানান, বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েছিলেন।
স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে শনিবার ৭ শতাধিক পর্যটক ১৬টি ট্রলারে করে টেকনাফ হয়ে ফিরে গেছেন এবং বাকি ৮ শতাধিক পর্যটক আজ জাহাজে করে কক্সবাজার রওনা হয়েছেন।
বিআইডব্লিউটিএর চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক নয়ন শীল বাসসকে বলেন, আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা পাওয়ার পর রোববার সকাল থেকে কক্সবাজার-সেন্টমার্টিন সাগরপথে জাহাজ চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা আব্দুল মালেক সর্দার গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন