ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পোলট্রি খামারে উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক ব্যবহারে জনস্বাস্থ্য ঝুঁকিতে


পোলট্রি খামারে উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক ব্যবহারে জনস্বাস্থ্য ঝুঁকিতে

মাছ, হাঁস এবং মুরগির দ্রুত বৃদ্ধি ও রোগ প্রতিরোধের উদ্দেশ্যে খামারে অ্যান্টিবায়োটিকের নির্বিচার ব্যবহার করা হচ্ছে। রোগের লক্ষণ প্রকাশিত হওয়ার আগেই খাবারের সঙ্গে অথবা সরাসরি পানিতে এই ওষুধ মিশিয়ে দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া ওষুধ কোম্পানির প্রতিনিধি ও ফিড ব্যবসায়ীদের নির্দেশনায় এই প্রয়োগ চলছে। এর ফলে প্রাণী ও মাছের শরীরে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) তৈরি হচ্ছে। খাদ্য ও পরিবেশের মাধ্যমে প্রতিরোধী জীবাণু মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে। ফলে জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে পড়তে পারে, অন্যদিকে জলাশয় ও পরিবেশও দূষিত হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, কোনো প্রাণী বা মাছকে অ্যান্টিবায়োটিক দেওয়ার পর নির্দিষ্ট সময় পর্যন্ত তার মাংস, ডিম বা দুধ বাজারজাত করা উচিত নয়। এই সময়কে ‘উইথড্রয়াল পিরিয়ড’ বা প্রত্যাহারকাল বলা হয়। এ সময়ে ওষুধের অবশিষ্টাংশ শরীর থেকে প্রাকৃতিকভাবে বেরিয়ে নিরাপদ মাত্রায় নেমে আসে। কিন্তু অনেক খামারি এই নিয়ম মানছেন না। অ্যান্টিবায়োটিক প্রয়োগের পরপরই তারা বাজারে মাছ ও মুরগি বিক্রি করছেন।

এভাবে অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ খাদ্যে প্রবেশ এবং প্রতিরোধী জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এর ফলে তৈরি হওয়া অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু বা ‘সুপারবাগ’ ভবিষ্যতে মানবচিকিৎসার জন্য বড় সংকট হয়ে উঠতে পারে।

আরও পড়ুন: শীতে ফুসফুসের বিপদ বাড়ে

ঝুঁকিপূর্ণ অ্যান্টিবায়োটিকের ব্যবহার

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) বিশেষজ্ঞদের মতে, পোলট্রি খাতে পেনিসিলিন, সিপ্রোফ্লক্সাসিন, টেট্রাসাইক্লিন, নিওমাইসিন এবং বিভিন্ন ধরনের সালফোনামাইড ব্যবহার করা হচ্ছে। এসব ওষুধের মধ্যে কিছু মানবচিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কলিস্টিন অন্যান্য অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে গেলে গুরুতর সংক্রমণের চিকিৎসায় শেষ অবলম্বন হিসেবে ব্যবহৃত হতে পারে। তাই এ ধরনের ওষুধের অযৌক্তিক ব্যবহার ভবিষ্যতে মানবচিকিৎসার জন্য বড় সংকট তৈরি করতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ ও ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি ও ব্যবহার শাস্তিযোগ্য হলেও মৎস্য খাতে এ-সংক্রান্ত কোনো নীতিমালা নেই। খামারিদের ইচ্ছামতো প্রয়োগ চলছে। নওগাঁর বদলগাছী উপজেলার মাছচাষি হারুন মিয়া ছয় বছর ধরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করছেন। মাছের কোনো রোগ দেখা দিলে তিনি স্থানীয় ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক কিনে নিজেই পুকুরের পানিতে প্রয়োগ করেন। তিনি মোবাইল ফোনে এই প্রতিবেদককে জানান, কোনো বিশেষজ্ঞের পরামর্শ ছাড়াই এসব ওষুধ ব্যবহার করেন। একই এলাকার মাছচাষি আনিস উদ্দিন, রায়হান মণ্ডল ও হোসেন আলীও একইভাবে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেন বলে জানান। তাদের তেমন কোনো ধারণা নেই। তারা ওষুধ কোম্পানির প্রতিনিধিদের পরামর্শে এসব ওষুধ ব্যবহার করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, হাঁস-মুরগি ও মাছকে রোগবালাই থেকে রক্ষা এবং দ্রুত বৃদ্ধির আশায় বেশিরভাগ খামারি উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক প্রয়োগ করছেন। নিজেদের অজ্ঞতার পাশাপাশি বড় ওষুধ কোম্পানির প্রতিনিধি ও স্থানীয় ফিড ব্যবসায়ীদের প্রলোভনের ফাঁদে পা দিয়ে তারা উচ্চমাত্রার এই অ্যান্টিবায়োটিক পুকুর বা ঘেরে প্রয়োগ করছেন।

আরও পড়ুন: কেমোথেরাপি নিয়ে অযথা আতঙ্ক না হওয়ার পরামর্শ চিকিৎসকদের

সিরাজগঞ্জ, নওগাঁ, রাজশাহী ও নাটোরের বিস্তীর্ণ এলাকাজুড়ে চলনবিল। ধান কাটার পর প্রাকৃতিক খাবারের সন্ধানে হাঁস নিয়ে এক এলাকা থেকে অন্য এলাকায় ঘুরে বেড়ান খামারিরা। নওগাঁর সাপাহার উপজেলার শিমুলডাঙ্গা গ্রামের হাঁস খামারি আহসান হাবিব গত ১২ নভেম্বর ১,০০০ হাঁস নিয়ে নাটোর যান। মোবাইলে তিনি এই প্রতিবেদককে জানান, শীত শুরুর আগেই হাঁসকে রোগ থেকে রক্ষা করতে খাবারের সঙ্গে বিভিন্ন ওষুধ দেওয়া হয়। এর মধ্যে ঠান্ডা, সর্দি ও কাশির জন্য এনরোফ্লক্সাসিন, লেভোফ্লক্সাসিন ও সিপ্রোফ্লক্সাসিন ব্যবহার করেন তারা।

প্রাণিসম্পদ কর্মকর্তাদের পরামর্শে এসব ওষুধ দেওয়া হয় কি না জানতে চাইলে আহসান হাবিব বলেন, তারা বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান। তাই পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতেই নিজেরা এসব ওষুধ প্রয়োগ করেন।

গবেষণায় উদ্বেগজনক চিত্র

২০২২ সালে বিজ্ঞান সাময়িকী পিএলওএস ওয়ানে প্রকাশিত বাংলাদেশের বাণিজ্যিক মুরগির খামারবিষয়ক এক গবেষণায় দেখা যায়, প্রায় ৯৮ শতাংশ খামারে উৎপাদনচক্রে অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যবহার করা হয়েছে। প্রায় ৮৫ শতাংশ খামারি রোগ প্রতিরোধের উদ্দেশ্যে এসব ওষুধ প্রয়োগ করেছেন। অর্থাৎ রোগের লক্ষণ দেখা দেওয়ার আগেই অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রবণতা রয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশ-ইন্দোনেশিয়া স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদার করবে

গবেষণা অনুযায়ী, ব্রয়লার খামারে অ্যান্টিবায়োটিক ব্যবহারের হার গড়ে ৭৮ শতাংশ। সোনালি মুরগির খামারে এই হার ৬৭ শতাংশ এবং লেয়ার খামারে ৪১ শতাংশ।

২০২৬ সালে প্রকাশিত বাংলাদেশের পোলট্রি ও ডেইরি খামারে অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যবহারবিষয়ক আরেক গবেষণায় দেখা গেছে, ব্রয়লার ও লেয়ার খামারে ব্যবহৃত অ্যান্টিমাইক্রোবিয়ালের বড় অংশই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) চিকিৎসাগতভাবে গুরুত্বপূর্ণ ওষুধের শ্রেণিভুক্ত। বিশেষ করে লেয়ার খামারে ব্যবহৃত অ্যান্টিমাইক্রোবিয়ালের ৮৪ থেকে ৯৪ শতাংশকে ডব্লিউএইচওর ‘ক্রিটিক্যালি ইম্পর্ট্যান্ট’ বা ‘হায়েস্ট প্রায়োরিটি ক্রিটিক্যালি ইম্পর্ট্যান্ট’ শ্রেণির অন্তর্ভুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। যদিও এটি সীমিতসংখ্যক খামারের ওপর পরিচালিত গবেষণা, তথাপি এর ফলাফল জনস্বাস্থ্য সুরক্ষায় আরো কার্যকর নজরদারির প্রয়োজনীয়তা নির্দেশ করে।

বদলগাছী উপজেলার স্থানীয় অ্যান্টিবায়োটিক বিক্রেতা মোকাররম বলেন, ওষুধ কোম্পানির প্রতিনিধিরা তাদের কাছে অ্যান্টিবায়োটিক সরবরাহ করেন। চাষিরা চাইলে সেগুলো বিক্রি করা হয়। কোম্পানির প্রতিনিধিরা যেভাবে প্রয়োগ করতে বলেন, চাষিদেরও সেভাবে ব্যবহারের পরামর্শ দেন তারা। এসব ওষুধের মধ্যে রয়েছে টেট্রাসাইক্লিন, ফ্লুরোকুইনোলোনস, ম্যাক্রোলাইডস, অ্যামিনোগ্লাইকোসাইডস, পেনিসিলিন ও পলিমিক্সিন।

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) যৌথ গবেষণায় ব্রয়লার, সোনালি ও লেয়ার খামারে অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত অ্যান্টিবায়োটিক ব্যবহারের চিত্র উঠে এসেছে। গবেষণায় মুরগির শরীর থেকে সংগৃহীত সালমোনেলা ব্যাকটেরিয়ায় উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা শনাক্ত হয়েছে। এর মানে হলো, যথেচ্ছ ব্যবহারের কারণে ব্যাকটেরিয়াগুলো শক্তিশালী হয়ে উঠেছে এবং সাধারণ অ্যান্টিবায়োটিকে আর মরছে না।

আরও পড়ুন: ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৬১৯ নতুন রোগী

মাছ চাষেও একই প্রবণতা দেখা গেছে। এক গবেষণায় দেখা যায়, ৭৭ শতাংশ মাছচাষি তাদের পুকুর বা ঘেরে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেছেন। রোগ সারানোর পাশাপাশি রোগ প্রতিরোধের উদ্দেশ্যেও তারা এসব ওষুধ ব্যবহার করেন।

গবেষকরা ময়মনসিংহ, যশোর, কুমিল্লা, সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটের ৬৭২টি মাছের খামার থেকে নমুনা সংগ্রহ করেন। গবেষণায় পাঙাশ, তেলাপিয়া, গলদা ও বাগদা চিংড়ি, কার্প, টেংরা, রুই, কাতলা, মৃগেল, পাবদা, শিং, মাগুর ও কই মাছ চাষে অ্যান্টিবায়োটিক ব্যবহারের তথ্য পাওয়া যায়।

এসব খামারের মাছে প্রয়োগ করা অ্যান্টিবায়োটিকগুলো হলো অক্সিটেট্রাসাইক্লিন, এনরোফ্লক্সাসিন, ফ্লরফেনিকল, টেট্রাসাইক্লিন, ফ্লুরোকুইনোলোনস, ম্যাক্রোলাইডস, পেনিসিলিন-জি, অ্যামিনোগ্লাইকোসাইডস, সিপ্রোফ্লক্সাসিন, অ্যাসিকসিন ও অ্যামোক্সিসিলিন। এসব অ্যান্টিবায়োটিক পরিমিত মাত্রার বেশি ব্যবহার করা মাছের জন্য খুবই ক্ষতিকারক। এসব মাছ খেলে মানুষের শরীর অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে ওঠে।

নীতিমালা ও নজরদারির ঘাটতি

আরও পড়ুন: ডেঙ্গুতে একদিনে মৃত্যুহীন, হাসপাতালে ভর্তি ৬১৯ জন

নওগাঁর বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী আমার দেশকে বলেন, ডিলারদের তৈরি করা চার্ট অনুসরণ করে অনেক পোলট্রি খামারি ও মাছচাষি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেন। রোগ প্রতিরোধের বিকল্প ব্যবস্থায় গুরুত্ব না দিয়ে তারা অবাধে এসব ওষুধ ব্যবহার করছেন।

তিনি বলেন, উন্নত বিশ্বের অনেক দেশে অ্যান্টিবায়োটিকের অবাধ বিক্রি ও ব্যবহার নিয়ন্ত্রিত হলেও বাংলাদেশে এখনো যত্রতত্র এসব ওষুধ বিক্রি হচ্ছে। খামারিদের সচেতন করতে সরকারি প্রশিক্ষণ কার্যক্রম অনেকটাই প্রকল্পনির্ভর। প্রকল্প বন্ধ হলে কার্যক্রমও বন্ধ হয়ে যায়। তবে অ্যান্টিবায়োটিকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করতে বাড়ি বাড়ি গিয়ে উঠান বৈঠক করা হয়।

ফিড ডিলাররা খামারিদের সরলতার সুযোগ নিয়ে অ্যান্টিবায়োটিক ব্যবহারের পরামর্শ দেন উল্লেখ করে তিনি বলেন, তাদের এ ধরনের পরামর্শ দেওয়ার কোনো এখতিয়ার নেই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের প্রভাষক শাওন আহম্মেদ আমার দেশকে বলেন, মাছের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের অপ্রয়োজনীয় ব্যবহার সবচেয়ে ঝুঁকিপূর্ণ। মাছের শরীর ও পানিতে অনেক উপকারী ব্যাকটেরিয়া থাকে। অতিরিক্ত অ্যান্টিবায়োটিক প্রয়োগে এসব উপকারী ব্যাকটেরিয়া মারা যায়। অন্যদিকে ক্ষতিকর ব্যাকটেরিয়া ওষুধ প্রতিরোধী হয়ে ওঠে।

আরও পড়ুন: খেজুরের রস খাওয়ার আগে সাবধান, নিপাহ ভাইরাসের বিপদ আছে

তিনি বলেন, প্রতিরোধী জীবাণু মানুষ, প্রাণী ও পরিবেশÑযেকোনো জায়গা থেকেই ছড়াতে পারে। খাদ্যশৃঙ্খল ও পরিবেশের মাধ্যমে এসব জীবাণু মানুষের মধ্যেও পৌঁছাতে পারে। ফলে সংক্রমণের চিকিৎসায় প্রচলিত অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়।

শাওন আহম্মেদ আরো বলেন, খামারিদের ওষুধের ব্যবহার সম্পর্কে জ্ঞান, মনোভাব ও অনুশীলন (কেএএপি) উন্নয়নে প্রশিক্ষণ জরুরি। প্রাণী, মানুষ ও পরিবেশের স্বাস্থ্য সুরক্ষায় খামারি, গবেষক, ভেটেরিনারিয়ান, মৎস্য বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও ভোক্তাÑসবার সম্মিলিত দায়িত্ব রয়েছে।

তিনি বলেন, খামারে অযৌক্তিকভাবে ব্যবহৃত অ্যান্টিবায়োটিক ভবিষ্যতে হাসপাতালের একজন রোগীর চিকিৎসাকেও কঠিন করে তুলতে পারে। তাই অধিক উৎপাদনের চেয়ে নিরাপদ উৎপাদন, নির্বিচার ব্যবহারের পরিবর্তে অ্যান্টিবায়োটিকের যৌক্তিক প্রয়োগ এবং সাময়িক মুনাফার চেয়ে জনস্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার এখনই সময়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার নটিংহ্যামের কাছে ৩-২ গোলে হারল চেলসি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:০৩ এম


এবার নটিংহ্যামের কাছে ৩-২ গোলে হারল চেলসি

ইগর জেসুস অসাধারণ ভলিতে ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে দেন। পরে জোড়া গোল করে মর্গ্যান গিবস-হোয়াইট। চেলসিকে হারিয়ে নটিংহ্যাম ফরেস্ট একটি দারুণ জয় তুলে নেয়।

শুক্রবার সিটি গ্রাউন্ডে চেলসি ৩-২ গোলে পরাজিত হয়েছে। প্রিমিয়ার লিগে এটি ব্লুজ খ্যাত দলের জন্য টানা তিন ম্যাচের হার।

ড্যানিয়েল মুনোজের ডান দিক থেকে বাড়ানো ক্রসে ব্রাজিলীয় স্ট্রাইকার জেসুস শট নেন, যা এমিলিয়ানো মার্টিনেজের মাথার ওপর দিয়ে গিয়ে ওপরের কোণায় ঢুকে পড়ে এবং ম্যাচের পঞ্চম মিনিটেই স্বাগতিকদের এগিয়ে দেয়।

বিরতির পর ষষ্ঠ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ফরেস্ট ব্যবধান দ্বিগুণ করে। চেলসির সাবেক স্ট্রাইকার লিয়াম ডেলাপ সারাক্ষণ বিপদ তৈরি করছিলেন। ওয়েসলি ফোফানারের ধাক্কায় তিনি পড়ে গেলে ফরেস্ট পেনাল্টি পায় এবং গিবস-হোয়াইট সেই পেনাল্টি থেকে গোল করেন।

ফরাসি ডিফেন্ডার ফোফানারের রাতটি ছিল খুবই কঠিন; ফরাসি ইউটিউবার জ্যাক নানিকে দেওয়া একটি অননুমোদিত সাক্ষাৎকারের কারণে চেলসি সমর্থকরা তাকে বারবার দুয়ো দিচ্ছিল।

প্রথমার্ধে চেলসি লক্ষ্যে কোনো শট নিতে পারেনি, তবে ৫৪তম মিনিটে তারা একটি গোল শোধ করে। পেদ্রো নেতো স্বাগতিকদের রক্ষণের দিকে ছুটে গিয়ে শট নিলে বল উড়ে আসে বদলি নামা ইমানুয়েল এমেগার কাছে, যিনি টানা দ্বিতীয় ম্যাচে গোল করেন।

তবে ৭২তম মিনিটে জাভার শ্লাগারের নিখুঁত পাস থেকে বল পেয়ে মার্টিনেজের ওপর দিয়ে আলতো শটে গোল করে ফরেস্টকে আবারও দুই গোলের ব্যবধানে এগিয়ে দেন গিবস-হোয়াইট।

৮৯তম মিনিটে নেতো'র ক্রসে হেড করে নিজের রাতের দ্বিতীয় গোলটি করেন এমেগা, যা ম্যাচের শেষ মুহূর্তে উত্তেজনা ছড়ায়; তবে ১৯৯৭ সালের পর সিটি গ্রাউন্ডে চেলসির বিপক্ষে প্রথম জয় ধরে রাখে ফরেস্ট।

এই জয়ে অলিভার গ্লাসনারের দল ১৭তম স্থান থেকে ১৪তম স্থানে উঠে এসেছে, আর চেলসি আট নম্বরেই রয়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েমেনে ৭২৬ হামলায় ১২১ হুথি যোদ্ধা হতাহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:০৩ এম


ইয়েমেনে ৭২৬ হামলায় ১২১ হুথি যোদ্ধা হতাহত

ইয়েমেনের পশ্চিমা সমর্থিত সরকারি বাহিনী দাবি করেছে যে, গত ২৪ ঘণ্টায় তারা ইরান সমর্থিত হুথিদের অবস্থানে ৭২৬টি হামলা পরিচালনা করেছে। এই হামলায় হুথির ১২১ জন যোদ্ধা ও কমান্ডার হতাহত হয়েছেন বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে, এই হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার সূত্রে জানা যায়, ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি জানান, অভিযানে ২৩টি বিমান হামলা, ৬৪২টি গোলাবর্ষণ, ৩৫টি ড্রোন অভিযান এবং ২৬টি রকেট হামলা অন্তর্ভুক্ত ছিল।

তিনি আরও উল্লেখ করেন যে, এই হামলাগুলোর ফলে হুথিদের ৮১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইয়েমেনের বিভিন্ন রণাঙ্গনে, যেমন তাইজ, মারিব, আল-জাওফ, লাহিজ, আল-দালেহ ও শাবওয়াহ, লড়াইয়ের ঘটনা ঘটেছে। সরকারি বাহিনী দাবি করেছে যে, হুথিদের হামলা প্রতিহত করার পাশাপাশি তাদের অবস্থান ও শক্তিবৃদ্ধির জন্য পাঠানো রসদ ও জনবল লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়েছে।

পশ্চিমা সমর্থিত সরকারি বাহিনী এবং ইরান সমর্থিত হুথিদের মধ্যে লড়াই ক্রমশ তীব্র হয়ে উঠছে। এই পরিস্থিতিতে সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে মিলিত হয়ে সরকারি বাহিনী হুথিদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। অন্যদিকে, হুথিরাও সৌদি আরবে হামলা অব্যাহত রেখেছে।

এদিকে, শুক্রবার হুথি-সংশ্লিষ্ট গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সৌদি আরবের বিমান হামলায় তাইজ প্রদেশের আল-তুরবাহ এলাকায় ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশির ভাগই শিশু বলে উল্লেখ করা হয়েছে।

তবে, পশ্চিমা সমর্থিত সরকারি বাহিনীর দেওয়া হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট, লোকসান ৩৫৫ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:০৪ এম


ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট, লোকসান ৩৫৫ কোটি টাকা

একসময় বিশ্ব ক্রিকেটে রাজত্ব করেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়রা ক্রিকেটের পরাশক্তি হয়ে উঠেছিল ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডস, ম্যালকম মার্শাল, ব্রায়ান লারাদের হাত ধরে।

কিন্তু সেই গৌরবের দিন এখন অনেকটাই অতীত। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এবার ভয়াবহ আর্থিক সংকটে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) অস্তিত্ব রক্ষার লড়াই করছে লোকসান, নগদ অর্থের ঘাটতি, টুর্নামেন্ট বাতিল এবং ক্রিকেটারদের বেতন কমানোর কারণে। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশঙ্কা করছেন যে, ভবিষ্যতে প্রতিভাবান ক্রিকেটারদের একটি প্রজন্ম হারিয়ে যেতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, সিডব্লিউআই ২০২৫ সালে ২ কোটি ৮৪ লাখ মার্কিন ডলার (৩৫৫ কোটি টাকা) লোকসান করেছে। ২০২৬ সালেও প্রায় ২ কোটি ৬০ লাখ ডলার (৩২৫ কোটি টাকা) লোকসানের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

২০২৪ সালের সেপ্টেম্বর শেষে সিডব্লিউআইয়ের হাতে নগদ অর্থ ছিল ১ কোটি ৭৫ লাখ ডলার (২১৮ কোটি ৭৫ লাখ টাকা)। ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে তা কমে দাঁড়ায় মাত্র ১৬ লাখ ডলারে (২০ কোটি টাকা)। অর্থাৎ এক বছরে নগদ অর্থের পরিমাণ কমেছে প্রায় ৯০ শতাংশ।

এই পরিস্থিতি সামাল দিতে আইসিসির কাছ থেকে ঋণ নিতে হয়েছে সিডব্লিউআইকে। দ্য টেলিগ্রাফ জানিয়েছে, সংস্থাটি ১ কোটি ৬০ লাখ ডলারের (২০০ কোটি টাকা) ঋণ পেয়েছে। তবে এর সঙ্গে রয়েছে কিছু শর্ত ও পরিশোধের বাধ্যবাধকতা। এর আগে ক্রিকবাজ জানিয়েছিল, আইসিসি ১ কোটি ২৮ লাখ ২০ হাজার ডলারের (প্রায় ১৬০ কোটি টাকা) ঋণ অনুমোদন করেছে।

সংকটের প্রভাব পড়েছে সরাসরি ক্রিকেটের ওপর। এ বছর প্রথম শ্রেণির ক্রিকেটের ম্যাচ ২৮টি থেকে কমিয়ে ১১টিতে নামানো হয়েছে। দলসংখ্যা আট থেকে ছয় করা হয়েছে। ছেলেদের সুপার ফিফটি এবং মেয়েদের টি-টোয়েন্টি ব্লেজও স্থগিত করা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির পারিশ্রমিক কমানো হয়েছে ২৫ শতাংশ। ঘরোয়া ক্রিকেটারদের চুক্তির মেয়াদও ১২ মাস থেকে কমিয়ে ৭ মাস করা হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমানো হয়েছে। ছবি : এএফপি

কেন এত বড় সংকট, তার ব্যাখ্যা দিয়েছেন সিডব্লিউআইয়ের প্রধান নির্বাহী ক্রিস ডেহরিং। দ্য টেলিগ্রাফকে তিনি বলেছেন, ‘গত ১০ বছরে আঞ্চলিক বিমান সংস্থাগুলোর পেছনে আমাদের ৮ কোটি ২৫ লাখ ডলার (১ হাজার ৩০ কোটি টাকা) খরচ হয়েছে। হোটেলগুলোর পেছনে খরচ হয়েছে ১২ কোটি ডলারের (১ হাজার ৫০০ কোটি টাকা) বেশি। এই ৮ কোটি ২৫ লাখ ডলার আসলে ক্রিকেটের পেছনে ব্যয় হওয়ার কথা ছিল, কিন্তু তা চলে গেছে বিমান সংস্থাগুলোর পকেটে। অথচ হোটেল বা বিমান সংস্থাগুলোর কাছ থেকে আমরা কখনো বড় কোনো পৃষ্ঠপোষকতা কিংবা এক ডলারও ফেরত পাইনি।’

আন্তর্জাতিক সিরিজ আয়োজনও বড় আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। একটি টেস্ট সিরিজের টেলিভিশন সম্প্রচার আয়োজনেই খরচ হয় ৩৫ থেকে ৫০ লাখ ডলার (৪৩ কোটি ৭৫ লাখ থেকে ৬২ কোটি ৫০ লাখ টাকা)। অথচ সম্প্রচার স্বত্ব বিক্রি করে আয় হয় মাত্র কয়েক লাখ ডলার। এর সঙ্গে রয়েছে দ্বীপ থেকে দ্বীপে ক্রিকেটার ও সম্প্রচার সরঞ্জাম পরিবহনের বিপুল খরচ। একটি চার্টার ফ্লাইটের ভাড়া পড়তে পারে ৩ থেকে ৪ লাখ ডলার (৩ কোটি ৭৫ লাখ থেকে ৫ কোটি টাকা)।

এই সংকটের সবচেয়ে বড় প্রভাব পড়ছে নতুন ক্রিকেটার তৈরির প্রক্রিয়ায়। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক জিমি অ্যাডামসের আশঙ্কা, এভাবে চলতে থাকলে একটি প্রজন্মের ক্রিকেটার হারিয়ে যেতে পারে।

তিনি বলেছেন, ‘এ বছর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য কঠিন সময় যাচ্ছে। এর সমাধান না হলে আমরা এমন একটি প্রজন্মের খেলোয়াড় হারাব, যারা খেলার সুযোগের অভাবে উন্নতির দৌড়ে অনেক পিছিয়ে পড়বে। আন্তর্জাতিক পর্যায়ে মাঝেমধ্যে প্রতিভার ঝলক দেখা যায়। কিন্তু ধারাবাহিকতা পেতে হলে পরবর্তী দুই প্রজন্মের খেলোয়াড়দেরও তৈরি করতে হবে। এই মুহূর্তে আমাদের সেই অবস্থা নেই।’

অ্যাডামস আরো বলেন, ‘অন্য কোনো টেস্ট খেলুড়ে দেশের সমান প্রতিভার একজন তরুণ ক্রিকেটার যদি ক্যারিবীয় অঞ্চলের একজন ক্রিকেটারের তুলনায় তিন গুণ বেশি খেলার সুযোগ পায়, তাহলে কে বেশি এগিয়ে যাবে, তা বুঝতে বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই।’

স্কুল ক্রিকেটের অবস্থাও উদ্বেগজনক। মহামারি করোনাভাইরাসের পর থেকে অনেক স্কুলে ক্রিকেট কার্যক্রম দুর্বল হয়ে পড়েছে। সরঞ্জামের দাম এবং দল পরিচালনার জন্য পর্যাপ্ত লোকবলের অভাবও বড় বাধা। অ্যাডামস বলেন, ‘আমাদের বিশ্বের সেরা কয়েকজন অ্যাথলেট আছে। কিন্তু মেয়েদের ক্রিকেটের কোনো কার্যক্রম না থাকায় তারা নেটবল কিংবা অ্যাথলেটিকসে চলে যাচ্ছে।’

ওয়েস্ট ইন্ডিজের স্কুল ক্রিকেটের অবস্থাও উদ্বেগজনক। ছবি: সিডব্লিউআই

তবে পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা করছে সিডব্লিউআই। অ্যান্টিগায় উন্নত মানের ক্রিকেট প্রশিক্ষণকেন্দ্র তৈরির পরিকল্পনা রয়েছে। সেখানে আধুনিক প্রশিক্ষণসুবিধা, ইনডোর ব্যবস্থা, ক্রীড়াবিজ্ঞান ও উন্নত কোচিংয়ের ব্যবস্থা থাকবে। পাশাপাশি ১২০ কক্ষের একটি হোটেল তৈরির পরিকল্পনাও রয়েছে, যাতে বিদেশি দলগুলোকে প্রশিক্ষণের সুযোগ দিয়ে আয় বাড়ানো যায়।

তবে এসব পরিকল্পনা বাস্তবায়নের আগেই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ক্যারিবীয় ক্রিকেটের ভবিষ্যৎ। একসময় যাদের ভয়ে কাঁপত প্রতিপক্ষ, সেই ওয়েস্ট ইন্ডিজ এখন নিজেদের ক্রিকেট ব্যবস্থা টিকিয়ে রাখার লড়াই করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েমেনে সৌদি হামলায় ১১ বেসামরিক নাগরিক নিহতের দাবি হুতির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:০৫ এম


ইয়েমেনে সৌদি হামলায় ১১ বেসামরিক নাগরিক নিহতের দাবি হুতির

ইয়েমেনের তাইজ প্রদেশে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ১১ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার দাবি করেছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। নিহতদের মধ্যে অধিকাংশই শিশু বলে জানা গেছে। তবে হামলার বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শুক্রবার (২৭ নভেম্বর) ইয়েমেনের প্রাদেশিক রাজধানী তাইজের দক্ষিণে অবস্থিত আল-তুরবাহ শহরে এ হামলার ঘটনা ঘটে। হুতি-সমর্থিত বার্তা সংস্থা সাবার সূত্রে আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিমান হামলার ফলে একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে আটজনের মরদেহ উদ্ধার করেছেন। ধ্বংসস্তূপের নিচে আরো তিনজন নিখোঁজ রয়েছেন এবং তাদের উদ্ধারের জন্য অভিযান চলছে। তবে আলজাজিরা এই হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোটও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

এদিকে, একই দিন সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রাজধানী রিয়াদ অঞ্চলের দিকে হুতিদের ছোড়া একটি ড্রোন আকাশেই ধ্বংস করা হয়েছে।

এমন পরিস্থিতিতে ইয়েমেনে নতুন করে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে, যখন দেশটিতে হুতি বিদ্রোহী এবং সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। সৌদি আরবের একটি বড় তেল শোধনাগারে হামলার ঘটনার পর পাল্টাপাল্টি হামলার উত্তেজনা আরো বেড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০১৪ সালে হুতি বিদ্রোহীরা রাজধানী সানা ও দেশের অন্যান্য এলাকা দখল করার পর ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের মার্চে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন জানিয়ে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট।

গত জুলাইয়ে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। পাশাপাশি ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এর ফলে ২০২২ সালে প্রতিষ্ঠিত যুদ্ধবিরতিও ভেঙে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, গত আগস্ট থেকে এখন পর্যন্ত ইয়েমেনে প্রায় ১৩ হাজার ৩৪৩ জন নিহত বা আহত হয়েছে। দীর্ঘদিনের সংঘাত, নিরাপত্তাহীনতা ও অব্যাহত সহিংসতায় দেশটিতে মানবিক সংকট আরো গভীর হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%