ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

এবার নটিংহ্যামের কাছে ৩-২ গোলে হারল চেলসি


এবার নটিংহ্যামের কাছে ৩-২ গোলে হারল চেলসি

ইগর জেসুস অসাধারণ ভলিতে ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে দেন। পরে জোড়া গোল করে মর্গ্যান গিবস-হোয়াইট। চেলসিকে হারিয়ে নটিংহ্যাম ফরেস্ট একটি দারুণ জয় তুলে নেয়।

শুক্রবার সিটি গ্রাউন্ডে চেলসি ৩-২ গোলে পরাজিত হয়েছে। প্রিমিয়ার লিগে এটি ব্লুজ খ্যাত দলের জন্য টানা তিন ম্যাচের হার।

ড্যানিয়েল মুনোজের ডান দিক থেকে বাড়ানো ক্রসে ব্রাজিলীয় স্ট্রাইকার জেসুস শট নেন, যা এমিলিয়ানো মার্টিনেজের মাথার ওপর দিয়ে গিয়ে ওপরের কোণায় ঢুকে পড়ে এবং ম্যাচের পঞ্চম মিনিটেই স্বাগতিকদের এগিয়ে দেয়।

আরও পড়ুন: নেইমারকে আনতে গিয়ে জে এদুয়ার্দোকে নিয়ে ফিরলেন প্রেজিওসি

বিরতির পর ষষ্ঠ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ফরেস্ট ব্যবধান দ্বিগুণ করে। চেলসির সাবেক স্ট্রাইকার লিয়াম ডেলাপ সারাক্ষণ বিপদ তৈরি করছিলেন। ওয়েসলি ফোফানারের ধাক্কায় তিনি পড়ে গেলে ফরেস্ট পেনাল্টি পায় এবং গিবস-হোয়াইট সেই পেনাল্টি থেকে গোল করেন।

ফরাসি ডিফেন্ডার ফোফানারের রাতটি ছিল খুবই কঠিন; ফরাসি ইউটিউবার জ্যাক নানিকে দেওয়া একটি অননুমোদিত সাক্ষাৎকারের কারণে চেলসি সমর্থকরা তাকে বারবার দুয়ো দিচ্ছিল।

প্রথমার্ধে চেলসি লক্ষ্যে কোনো শট নিতে পারেনি, তবে ৫৪তম মিনিটে তারা একটি গোল শোধ করে। পেদ্রো নেতো স্বাগতিকদের রক্ষণের দিকে ছুটে গিয়ে শট নিলে বল উড়ে আসে বদলি নামা ইমানুয়েল এমেগার কাছে, যিনি টানা দ্বিতীয় ম্যাচে গোল করেন।

তবে ৭২তম মিনিটে জাভার শ্লাগারের নিখুঁত পাস থেকে বল পেয়ে মার্টিনেজের ওপর দিয়ে আলতো শটে গোল করে ফরেস্টকে আবারও দুই গোলের ব্যবধানে এগিয়ে দেন গিবস-হোয়াইট।

আরও পড়ুন: ৪২ পেরিয়েও থিয়াগো সিলভার অবসরের ভাবনা নেই, ফ্লুমিনেন্সের সঙ্গে নতুন চুক্তি

৮৯তম মিনিটে নেতো'র ক্রসে হেড করে নিজের রাতের দ্বিতীয় গোলটি করেন এমেগা, যা ম্যাচের শেষ মুহূর্তে উত্তেজনা ছড়ায়; তবে ১৯৯৭ সালের পর সিটি গ্রাউন্ডে চেলসির বিপক্ষে প্রথম জয় ধরে রাখে ফরেস্ট।

এই জয়ে অলিভার গ্লাসনারের দল ১৭তম স্থান থেকে ১৪তম স্থানে উঠে এসেছে, আর চেলসি আট নম্বরেই রয়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েমেনে ৭২৬ হামলায় ১২১ হুথি যোদ্ধা হতাহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:০৩ এম


ইয়েমেনে ৭২৬ হামলায় ১২১ হুথি যোদ্ধা হতাহত

ইয়েমেনের পশ্চিমা সমর্থিত সরকারি বাহিনী দাবি করেছে যে, গত ২৪ ঘণ্টায় তারা ইরান সমর্থিত হুথিদের অবস্থানে ৭২৬টি হামলা পরিচালনা করেছে। এই হামলায় হুথির ১২১ জন যোদ্ধা ও কমান্ডার হতাহত হয়েছেন বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে, এই হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার সূত্রে জানা যায়, ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি জানান, অভিযানে ২৩টি বিমান হামলা, ৬৪২টি গোলাবর্ষণ, ৩৫টি ড্রোন অভিযান এবং ২৬টি রকেট হামলা অন্তর্ভুক্ত ছিল।

তিনি আরও উল্লেখ করেন যে, এই হামলাগুলোর ফলে হুথিদের ৮১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইয়েমেনের বিভিন্ন রণাঙ্গনে, যেমন তাইজ, মারিব, আল-জাওফ, লাহিজ, আল-দালেহ ও শাবওয়াহ, লড়াইয়ের ঘটনা ঘটেছে। সরকারি বাহিনী দাবি করেছে যে, হুথিদের হামলা প্রতিহত করার পাশাপাশি তাদের অবস্থান ও শক্তিবৃদ্ধির জন্য পাঠানো রসদ ও জনবল লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়েছে।

পশ্চিমা সমর্থিত সরকারি বাহিনী এবং ইরান সমর্থিত হুথিদের মধ্যে লড়াই ক্রমশ তীব্র হয়ে উঠছে। এই পরিস্থিতিতে সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে মিলিত হয়ে সরকারি বাহিনী হুথিদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। অন্যদিকে, হুথিরাও সৌদি আরবে হামলা অব্যাহত রেখেছে।

এদিকে, শুক্রবার হুথি-সংশ্লিষ্ট গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সৌদি আরবের বিমান হামলায় তাইজ প্রদেশের আল-তুরবাহ এলাকায় ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশির ভাগই শিশু বলে উল্লেখ করা হয়েছে।

তবে, পশ্চিমা সমর্থিত সরকারি বাহিনীর দেওয়া হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট, লোকসান ৩৫৫ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:০৪ এম


ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট, লোকসান ৩৫৫ কোটি টাকা

একসময় বিশ্ব ক্রিকেটে রাজত্ব করেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়রা ক্রিকেটের পরাশক্তি হয়ে উঠেছিল ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডস, ম্যালকম মার্শাল, ব্রায়ান লারাদের হাত ধরে।

কিন্তু সেই গৌরবের দিন এখন অনেকটাই অতীত। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এবার ভয়াবহ আর্থিক সংকটে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) অস্তিত্ব রক্ষার লড়াই করছে লোকসান, নগদ অর্থের ঘাটতি, টুর্নামেন্ট বাতিল এবং ক্রিকেটারদের বেতন কমানোর কারণে। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশঙ্কা করছেন যে, ভবিষ্যতে প্রতিভাবান ক্রিকেটারদের একটি প্রজন্ম হারিয়ে যেতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, সিডব্লিউআই ২০২৫ সালে ২ কোটি ৮৪ লাখ মার্কিন ডলার (৩৫৫ কোটি টাকা) লোকসান করেছে। ২০২৬ সালেও প্রায় ২ কোটি ৬০ লাখ ডলার (৩২৫ কোটি টাকা) লোকসানের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

২০২৪ সালের সেপ্টেম্বর শেষে সিডব্লিউআইয়ের হাতে নগদ অর্থ ছিল ১ কোটি ৭৫ লাখ ডলার (২১৮ কোটি ৭৫ লাখ টাকা)। ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে তা কমে দাঁড়ায় মাত্র ১৬ লাখ ডলারে (২০ কোটি টাকা)। অর্থাৎ এক বছরে নগদ অর্থের পরিমাণ কমেছে প্রায় ৯০ শতাংশ।

এই পরিস্থিতি সামাল দিতে আইসিসির কাছ থেকে ঋণ নিতে হয়েছে সিডব্লিউআইকে। দ্য টেলিগ্রাফ জানিয়েছে, সংস্থাটি ১ কোটি ৬০ লাখ ডলারের (২০০ কোটি টাকা) ঋণ পেয়েছে। তবে এর সঙ্গে রয়েছে কিছু শর্ত ও পরিশোধের বাধ্যবাধকতা। এর আগে ক্রিকবাজ জানিয়েছিল, আইসিসি ১ কোটি ২৮ লাখ ২০ হাজার ডলারের (প্রায় ১৬০ কোটি টাকা) ঋণ অনুমোদন করেছে।

সংকটের প্রভাব পড়েছে সরাসরি ক্রিকেটের ওপর। এ বছর প্রথম শ্রেণির ক্রিকেটের ম্যাচ ২৮টি থেকে কমিয়ে ১১টিতে নামানো হয়েছে। দলসংখ্যা আট থেকে ছয় করা হয়েছে। ছেলেদের সুপার ফিফটি এবং মেয়েদের টি-টোয়েন্টি ব্লেজও স্থগিত করা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির পারিশ্রমিক কমানো হয়েছে ২৫ শতাংশ। ঘরোয়া ক্রিকেটারদের চুক্তির মেয়াদও ১২ মাস থেকে কমিয়ে ৭ মাস করা হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমানো হয়েছে। ছবি : এএফপি

কেন এত বড় সংকট, তার ব্যাখ্যা দিয়েছেন সিডব্লিউআইয়ের প্রধান নির্বাহী ক্রিস ডেহরিং। দ্য টেলিগ্রাফকে তিনি বলেছেন, ‘গত ১০ বছরে আঞ্চলিক বিমান সংস্থাগুলোর পেছনে আমাদের ৮ কোটি ২৫ লাখ ডলার (১ হাজার ৩০ কোটি টাকা) খরচ হয়েছে। হোটেলগুলোর পেছনে খরচ হয়েছে ১২ কোটি ডলারের (১ হাজার ৫০০ কোটি টাকা) বেশি। এই ৮ কোটি ২৫ লাখ ডলার আসলে ক্রিকেটের পেছনে ব্যয় হওয়ার কথা ছিল, কিন্তু তা চলে গেছে বিমান সংস্থাগুলোর পকেটে। অথচ হোটেল বা বিমান সংস্থাগুলোর কাছ থেকে আমরা কখনো বড় কোনো পৃষ্ঠপোষকতা কিংবা এক ডলারও ফেরত পাইনি।’

আন্তর্জাতিক সিরিজ আয়োজনও বড় আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। একটি টেস্ট সিরিজের টেলিভিশন সম্প্রচার আয়োজনেই খরচ হয় ৩৫ থেকে ৫০ লাখ ডলার (৪৩ কোটি ৭৫ লাখ থেকে ৬২ কোটি ৫০ লাখ টাকা)। অথচ সম্প্রচার স্বত্ব বিক্রি করে আয় হয় মাত্র কয়েক লাখ ডলার। এর সঙ্গে রয়েছে দ্বীপ থেকে দ্বীপে ক্রিকেটার ও সম্প্রচার সরঞ্জাম পরিবহনের বিপুল খরচ। একটি চার্টার ফ্লাইটের ভাড়া পড়তে পারে ৩ থেকে ৪ লাখ ডলার (৩ কোটি ৭৫ লাখ থেকে ৫ কোটি টাকা)।

এই সংকটের সবচেয়ে বড় প্রভাব পড়ছে নতুন ক্রিকেটার তৈরির প্রক্রিয়ায়। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক জিমি অ্যাডামসের আশঙ্কা, এভাবে চলতে থাকলে একটি প্রজন্মের ক্রিকেটার হারিয়ে যেতে পারে।

তিনি বলেছেন, ‘এ বছর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য কঠিন সময় যাচ্ছে। এর সমাধান না হলে আমরা এমন একটি প্রজন্মের খেলোয়াড় হারাব, যারা খেলার সুযোগের অভাবে উন্নতির দৌড়ে অনেক পিছিয়ে পড়বে। আন্তর্জাতিক পর্যায়ে মাঝেমধ্যে প্রতিভার ঝলক দেখা যায়। কিন্তু ধারাবাহিকতা পেতে হলে পরবর্তী দুই প্রজন্মের খেলোয়াড়দেরও তৈরি করতে হবে। এই মুহূর্তে আমাদের সেই অবস্থা নেই।’

অ্যাডামস আরো বলেন, ‘অন্য কোনো টেস্ট খেলুড়ে দেশের সমান প্রতিভার একজন তরুণ ক্রিকেটার যদি ক্যারিবীয় অঞ্চলের একজন ক্রিকেটারের তুলনায় তিন গুণ বেশি খেলার সুযোগ পায়, তাহলে কে বেশি এগিয়ে যাবে, তা বুঝতে বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই।’

স্কুল ক্রিকেটের অবস্থাও উদ্বেগজনক। মহামারি করোনাভাইরাসের পর থেকে অনেক স্কুলে ক্রিকেট কার্যক্রম দুর্বল হয়ে পড়েছে। সরঞ্জামের দাম এবং দল পরিচালনার জন্য পর্যাপ্ত লোকবলের অভাবও বড় বাধা। অ্যাডামস বলেন, ‘আমাদের বিশ্বের সেরা কয়েকজন অ্যাথলেট আছে। কিন্তু মেয়েদের ক্রিকেটের কোনো কার্যক্রম না থাকায় তারা নেটবল কিংবা অ্যাথলেটিকসে চলে যাচ্ছে।’

ওয়েস্ট ইন্ডিজের স্কুল ক্রিকেটের অবস্থাও উদ্বেগজনক। ছবি: সিডব্লিউআই

তবে পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা করছে সিডব্লিউআই। অ্যান্টিগায় উন্নত মানের ক্রিকেট প্রশিক্ষণকেন্দ্র তৈরির পরিকল্পনা রয়েছে। সেখানে আধুনিক প্রশিক্ষণসুবিধা, ইনডোর ব্যবস্থা, ক্রীড়াবিজ্ঞান ও উন্নত কোচিংয়ের ব্যবস্থা থাকবে। পাশাপাশি ১২০ কক্ষের একটি হোটেল তৈরির পরিকল্পনাও রয়েছে, যাতে বিদেশি দলগুলোকে প্রশিক্ষণের সুযোগ দিয়ে আয় বাড়ানো যায়।

তবে এসব পরিকল্পনা বাস্তবায়নের আগেই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ক্যারিবীয় ক্রিকেটের ভবিষ্যৎ। একসময় যাদের ভয়ে কাঁপত প্রতিপক্ষ, সেই ওয়েস্ট ইন্ডিজ এখন নিজেদের ক্রিকেট ব্যবস্থা টিকিয়ে রাখার লড়াই করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েমেনে সৌদি হামলায় ১১ বেসামরিক নাগরিক নিহতের দাবি হুতির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:০৫ এম


ইয়েমেনে সৌদি হামলায় ১১ বেসামরিক নাগরিক নিহতের দাবি হুতির

ইয়েমেনের তাইজ প্রদেশে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ১১ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার দাবি করেছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। নিহতদের মধ্যে অধিকাংশই শিশু বলে জানা গেছে। তবে হামলার বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শুক্রবার (২৭ নভেম্বর) ইয়েমেনের প্রাদেশিক রাজধানী তাইজের দক্ষিণে অবস্থিত আল-তুরবাহ শহরে এ হামলার ঘটনা ঘটে। হুতি-সমর্থিত বার্তা সংস্থা সাবার সূত্রে আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিমান হামলার ফলে একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে আটজনের মরদেহ উদ্ধার করেছেন। ধ্বংসস্তূপের নিচে আরো তিনজন নিখোঁজ রয়েছেন এবং তাদের উদ্ধারের জন্য অভিযান চলছে। তবে আলজাজিরা এই হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোটও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

এদিকে, একই দিন সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রাজধানী রিয়াদ অঞ্চলের দিকে হুতিদের ছোড়া একটি ড্রোন আকাশেই ধ্বংস করা হয়েছে।

এমন পরিস্থিতিতে ইয়েমেনে নতুন করে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে, যখন দেশটিতে হুতি বিদ্রোহী এবং সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। সৌদি আরবের একটি বড় তেল শোধনাগারে হামলার ঘটনার পর পাল্টাপাল্টি হামলার উত্তেজনা আরো বেড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০১৪ সালে হুতি বিদ্রোহীরা রাজধানী সানা ও দেশের অন্যান্য এলাকা দখল করার পর ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের মার্চে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন জানিয়ে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট।

গত জুলাইয়ে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। পাশাপাশি ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এর ফলে ২০২২ সালে প্রতিষ্ঠিত যুদ্ধবিরতিও ভেঙে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, গত আগস্ট থেকে এখন পর্যন্ত ইয়েমেনে প্রায় ১৩ হাজার ৩৪৩ জন নিহত বা আহত হয়েছে। দীর্ঘদিনের সংঘাত, নিরাপত্তাহীনতা ও অব্যাহত সহিংসতায় দেশটিতে মানবিক সংকট আরো গভীর হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩৮ বছর বয়সে মারা গেলেন রেসলিং তারকা ব্রনসন রিড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:০৬ এম


৩৮ বছর বয়সে মারা গেলেন রেসলিং তারকা ব্রনসন রিড

রেসলিংয়ের রিংয়ে তার শক্তি ও দাপটের পরিচিতি ছিল আলাদা। দর্শকদের কাছে প্রতিপক্ষকে কাবু করতে তার বিখ্যাত ‘সুনামি’ আক্রমণ অন্যতম আকর্ষণ ছিল।

এখন সেই ব্রনসন রিড আর নেই। মাত্র ৩৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন অস্ট্রেলিয়ান এই রেসলার। তার মৃত্যুর ফলে বিশ্ব রেসলিংয়ে শোকের ছায়া নেমে এসেছে।

ব্রনসন রিডের আসল নাম জারমেইন হ্যালি। গতকাল (২৭ নভেম্বর) শুক্রবার চিকিৎসাজনিত জটিলতায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই) কর্তৃপক্ষ। তবে তিনি কোথায় মারা গেছেন কিংবা ঠিক কী ধরনের শারীরিক জটিলতায় তার মৃত্যু ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সর্বশেষ ৭ নভেম্বর সৌদি আরবে ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নশিপে দেখা গিয়েছিল ব্রনসনকে। ওই অনুষ্ঠানে ওবা ফেমির সঙ্গে লড়াইয়ের সময় মঞ্চ থেকে টেবিলের ওপর পড়ে তিনি চোট পান। তার পাঁজরের হাড় ভাঙা ও কিডনিতে আঘাত লাগার খবরও প্রকাশিত হয়েছিল। তবে ওই চোটের সঙ্গে তার মৃত্যুর কোনো সম্পর্ক আছে কি না, তা নিশ্চিত করেনি ডব্লিউডব্লিউই।

ব্রনসনের মৃত্যুতে ডব্লিউডব্লিউই এক বিবৃতিতে বলেছে, ‘জারমেইন হ্যালি, যিনি ব্রনসন রিড নামে পরিচিত, ৩৮ বছর বয়সে তার চিকিৎসাজনিত জটিলতায় মৃত্যুতে ডব্লিউডব্লিউই গভীরভাবে শোকাহত। রিংয়ে তিনি ছিলেন বিশাল ব্যক্তিত্বের অধিকারী। তার চেয়েও বড় কথা, তিনি ছিলেন অসাধারণ একজন মানুষ, পরিবারের প্রতি নিবেদিত একজন ব্যক্তি এবং সহকর্মীদের অত্যন্ত প্রিয়।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘জারমেইনের অন্তঃসত্ত্বা স্ত্রী পেজ, তাদের মেয়ে, বন্ধু, সহকর্মী ও ভক্তদের প্রতি আমাদের গভীর সমবেদনা।’

১৯৮৮ সালের ২৫ আগস্ট অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে জন্ম নেওয়া ব্রনসনের পেশাদার রেসলিংয়ে অভিষেক ঘটে ২০০৭ সালে। দীর্ঘদিন বিভিন্ন প্রতিষ্ঠানে রেসলিং করার পর ২০১৯ সালে ডব্লিউডব্লিউইতে যোগ দেন তিনি। এনএক্সটিতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে ২০২১ সালে জেতেন এনএক্সটি নর্থ আমেরিকান চ্যাম্পিয়নশিপ।

২০২১ সালে ডব্লিউডব্লিউই ছাড়ার পর নিউ জাপান প্রো রেসলিং (এনজেপিডব্লিউ) ও ইমপ্যাক্ট রেসলিংয়ে (টিএনএ) লড়েছেন ব্রনসন। ২০২২ সালে আবার ডব্লিউডব্লিউইতে ফেরেন। ২০২৪ সালে জেতেন আন্দ্রে দ্য জায়ান্ট মেমোরিয়াল ব্যাটল রয়্যাল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%