বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০১:১৩ পি.এম
ঢাকায় সিঙ্গাপুর হাইকমিশনের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ ওং সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে। সাক্ষাৎকালে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে তার পরিচয়পত্র পেশ করেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঢাকায় সিঙ্গাপুর হাইকমিশনের নতুন চার্জ প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পরিচয়পত্রটি পেশ করেন।
পরিচয়পত্র পেশ করার পর, ফিলিপ ওং প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। প্রতিমন্ত্রী কবির, ঢাকায় দায়িত্ব গ্রহণের জন্য ফিলিপকে অভিনন্দন জানিয়ে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন।
তিনি বাণিজ্য সম্পর্ককে আরও জোরদার করার, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পন্ন করার, বাংলাদেশে সিঙ্গাপুরের বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি খাতে সহযোগিতা, জলবায়ু ও শ্রম বিষয়ক সমঝোতা স্মারকগুলোর (এমওইউ) বাস্তবায়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সুযোগগুলোকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন।
ফিলিপ বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং প্রতিমন্ত্রীকে সুবিধাজনক সময়ে সিঙ্গাপুর সফরের আমন্ত্রণ জানান।
প্রতিমন্ত্রী আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার এবং আরসিইপি-এর সদস্যপদ লাভের ক্ষেত্রে বাংলাদেশের আকাঙ্ক্ষার প্রতি সিঙ্গাপুরের অব্যাহত সমর্থন কামনা করেন। তিনি আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের প্রসঙ্গও তোলেন। তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়ে সিঙ্গাপুরের অব্যাহত সমর্থন প্রত্যাশা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হলেন অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে যুদ্ধ ও শুল্কনীতির কারণে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে।
তিনি উল্লেখ করেছেন যে, যুদ্ধ এবং শুল্কের প্রভাবে সাধারণ পরিবারগুলোকে বাড়তি খরচের চাপ মোকাবেলা করতে হচ্ছে। এই পরিস্থিতির প্রভাব থ্যাংকসগিভিংয়ের খাবারের দামের উপরও পড়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে ভ্যান হলেন বলেন, থ্যাংকসগিভিংয়ের খাবার কেনার সময় অনেক আমেরিকান পণ্যের উচ্চ দাম দেখে অবাক হচ্ছেন। তাদের মনে হচ্ছে, দাম শুধু বৃদ্ধি পাচ্ছে।
আমেরিকান ফার্ম ব্যুরো ফেডারেশনের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এবারের থ্যাংকসগিভিংয়ের রাতের খাবারের গড় খরচ ৬ শতাংশ বেড়ে গেছে। এর মধ্যে টার্কির দাম ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ভ্যান হলেন আরও বলেন, ‘ইরানে ট্রাম্পের অবৈধ যুদ্ধ সবকিছুর দাম বাড়িয়ে দিচ্ছে। তার শুল্কযুদ্ধও এই দাম আরো বাড়াচ্ছে।’
এই সিনেটরের অভিযোগ, ট্রাম্প এবং তার ধনী মিত্ররা সাধারণ আমেরিকানদের মতো অর্থনৈতিক চাপের সম্মুখীন হচ্ছেন না। সাধারণ পরিবারগুলোকে বাড়তি ব্যয়ের বোঝা বহন করতে হচ্ছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে ভ্যান হলেন বলেন, ‘এখন আমাদের সবার কাজ করে দেখানোর সময়।’
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র দুই শরিক কংগ্রেস এবং সমাজবাদী পার্টির (এসপি) মধ্যে আসন ভাগাভাগি নিয়ে প্রকাশ্যে বিরোধ দেখা দিয়েছে। কংগ্রেস ১২৬টি আসনে লড়ার প্রস্তাব দিলেও সমাজবাদী পার্টি তাদের মাত্র ২৬টি আসন ছাড়তে ইচ্ছুক। এই প্রস্তাবে ক্ষুব্ধ কংগ্রেস নেতারা মন্তব্য করেছেন যে, তারা কারও কাছে ভিক্ষা চাইছেন না। এর মধ্যেই আলোচনা শেষ হওয়ার আগেই অখিলেশ যাদবের দল পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করেছে।
বুধবার (২৫ নভেম্বর) এই বিরোধের প্রসঙ্গ তুলে কংগ্রেস এবং সমাজবাদী পার্টিকে কটাক্ষ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা যোগী আদিত্যনাথ। তিনি বলেন, ‘রাধে রাধে, তো সবে শুরু। এসপির জন্য রাম নাম সত্যের সময় এগিয়ে আসছে।’
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আসন ভাগাভাগি নিয়ে সোমবার ও মঙ্গলবার দিল্লিতে দুই দলের নেতাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কংগ্রেসের পক্ষ থেকে উত্তরপ্রদেশের ৪০৩টি বিধানসভা আসনের মধ্যে ১২৬টিতে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু এসপির সাধারণ সম্পাদক রামগোপাল যাদব জানান, তারা কংগ্রেসকে মাত্র ২৬টি আসন ছাড়তে রাজি। তিনি জানান, আগের নির্বাচনের ফলাফলের ভিত্তিতে এই প্রস্তাব দেওয়া হয়েছে।
সমাজবাদী পার্টির এই প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছেন কংগ্রেস নেতারা। উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা রাজেন্দ্রপাল গৌতম জানিয়েছেন, তাদের দল ১০০টির কম আসনে লড়তে প্রস্তুত নয়। কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ আরও স্পষ্ট করে বলেছেন, ‘আমরা ভিক্ষা চাইছি না।’
বিশেষ করে সমাজবাদী পার্টির ঘোষিত পাঁচ প্রার্থীর মধ্যে দুটি আসন ইমরান মাসুদের লোকসভা কেন্দ্র সহারানপুরের অন্তর্ভুক্ত। মঙ্গলবার ঘোষিত তালিকায় বেহট আসনে উমর আলি খান, সহারানপুর দেহাতে আশু মালিক, কাইরানায় নাহিদ হাসান, আমরোহায় মাহবুব আলি এবং ললিতপুরে জ্যোতি লোধিকে প্রার্থী করেছে এসপি।
ইমরান মাসুদ বলেন, আলোচনা চলার মধ্যে একতরফাভাবে প্রার্থী ঘোষণা করা হলে আসন সমঝোতার বৈঠকের কোনো অর্থ থাকে না। তার অভিযোগ, বিজেপিবিরোধী রাজনীতিতে রাহুল গান্ধীর গ্রহণযোগ্যতা অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে।
এদিকে দুই দলের বিরোধের সুযোগ নিয়ে কংগ্রেস ও সমাজবাদী পার্টিকে আক্রমণ করেছেন যোগী আদিত্যনাথ। তার অভিযোগ, দল দুটি রামভক্তদের অনুভূতির প্রতি সম্মান দেখাতে ব্যর্থ হয়েছে। তিনি মন্তব্য করেন, পরিবারকেন্দ্রিক রাজনীতির বাইরে তাদের কোনো চিন্তা নেই।
অখিলেশ যাদবের অযোধ্যা সফরের পরিকল্পনা নিয়েও কটাক্ষ করেন যোগী। তার ভাষায়, যারা দুই নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করে, শেষ পর্যন্ত তারা ডুবে যায়। এ ছাড়া নব্বইয়ের দশকে মুলায়ম সিং যাদবের মুখ্যমন্ত্রিত্বের সময় রামভক্তদের ওপর গুলি চালানোর প্রসঙ্গ তুলে এসপিকে হিন্দুদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।
আসন ভাগাভাগির হিসাব নিয়েও দুই দলের মধ্যে মতপার্থক্য রয়েছে। কংগ্রেস ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফলকে ভিত্তি করে বেশি আসন চাইছে। অন্যদিকে সমাজবাদী পার্টি ২০২২ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল এবং প্রার্থীদের জয়ের সম্ভাবনাকে বেশি গুরুত্ব দিতে চায়।
২০২২ সালের বিধানসভা নির্বাচনে ৩৯৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র দুটিতে জয় পেয়েছিল কংগ্রেস। অন্যদিকে জোটসঙ্গীদের নিয়ে ৩৪৭টি আসনে লড়ে ১১১টিতে জয় পায় সমাজবাদী পার্টি। এর আগে ২০১৭ সালের নির্বাচনে এসপির সঙ্গে জোট করে ১০৫টি আসনে লড়েও মাত্র সাতটিতে জিতেছিল কংগ্রেস।
তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দুই দলের জোট ভালো ফল করে। উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে ৬২টিতে প্রতিদ্বন্দ্বিতা করে ৩৭টিতে জয় পায় এসপি। কংগ্রেস ১৭টি আসনে লড়ে জয় পায় ছয়টিতে। ওই ফলাফলকে সামনে রেখেই এবার আসন ভাগাভাগিতে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে কংগ্রেস।
অন্যদিকে উত্তরপ্রদেশের ক্ষমতা দখলের লক্ষ্য নিয়ে অন্তত ৩৫০টি আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে অখিলেশের দল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আসন সমঝোতা নিয়ে দুই দলের পরবর্তী বৈঠক ২৭ নভেম্বর হওয়ার কথা রয়েছে। তার আগেই পাঁচ প্রার্থীর নাম ঘোষণা করায় জোটের ভেতরের বিরোধ আরও জোরালো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স ইসরাইলের সামরিক সহায়তা বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন। গাজায় ইসরাইলের সামরিক আগ্রাসন নিয়ে অক্সফামের নতুন একটি প্রতিবেদন প্রকাশের পর তিনি এই আহ্বান জানান ওয়াশিংটনের প্রতি।
বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে স্যান্ডার্স উল্লেখ করেন, পয়োনিষ্কাশন অবকাঠামোর অভাব এবং ৬ কোটি ১০ লাখ টনের বেশি ধ্বংসস্তূপ গাজাকে অত্যন্ত বিষাক্ত ও দূষিত এলাকায় পরিণত করেছে।
তিনি গাজার পরিবেশগত ও মানবিক পরিস্থিতিকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে চিহ্নিত করেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান, যাতে ইসরাইলকে সামরিক সহায়তা প্রদান বন্ধ করে গাজার মানুষের পুনর্গঠনে সহায়তা করা হয়।
অক্সফামের প্রতিবেদনে, যা কনফ্লিক্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অবজারভেটরির সঙ্গে যৌথভাবে প্রকাশিত হয়েছে, বলা হয়েছে যে গাজার ৯৯ শতাংশের বেশি এলাকায় সম্ভাব্য বিষাক্ত দূষণ ছড়িয়ে পড়েছে। এতে বায়ু, মাটি, পানি ও খাদ্য দূষিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
প্রতিবেদনে আরও সতর্ক করা হয়েছে যে, পয়োনিষ্কাশন ব্যবস্থা ধ্বংস এবং ৬ কোটি ১০ লাখ টন বিপজ্জনক ধ্বংসস্তূপ জমে থাকা পরিবেশগত যুদ্ধাপরাধের পর্যায়ে পড়তে পারে। এই পরিস্থিতিগুলো গাজায় মানুষের বেঁচে থাকার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সরকার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনেই শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন পাঠ্যবই বিতরণের পরিকল্পনা গ্রহণ করেছে। এ লক্ষ্যে আগামী ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে নতুন বই বিতরণের প্রস্তুতি চলছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলা এ তথ্য জানিয়েছেন।
২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের মানসম্মত বই দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য শিক্ষাবর্ষ শুরুর অনেক আগেই এবার মুদ্রণ, বাঁধাই ও মাঠ পর্যায়ে সরবরাহের কাজ সম্পন্ন হচ্ছে।
বাসসকে দেয়া সাক্ষাৎকারে তিনি পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহের সর্বশেষ অবস্থা, নতুন বইয়ের মান এবং বিতরণের সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এনসিটিবি চেয়ারম্যান জানান, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য মোট ৩০ কোটি ৯৬ লাখ ৩৬ হাজার পাঠ্যবই ছাপা হচ্ছে। এর মধ্যে প্রাক-প্রাথমিক স্তরের বইয়ের ছাপা ও সরবরাহের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। প্রাথমিক স্তরের বইয়ের ৯৭ শতাংশের বেশি এবং মাধ্যমিক স্তরের বইয়ের ৯২ শতাংশের বেশি ইতোমধ্যে উপজেলাপর্যায়ে সরবরাহ করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাক-প্রাথমিক স্তরের ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০ কপি বইয়ের কাজ সম্পূর্ণ হয়েছে। প্রাথমিক (প্রথম-পঞ্চম শ্রেণি) ৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৯৬ কপি বইয়ের মধ্যে ৯৭.২৮ শতাংশ এবং ইবতেদায়ির ৪ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৫৭৪ কপি বইয়ের ৯৪.১২ শতাংশের প্রাক-সরবরাহ পরিদর্শন (পিডিআই) সম্পন্ন হয়েছে।
এনসিটিবি চেয়ারম্যান আরও জানান, ২৫ নভেম্বর পর্যন্ত মাধ্যমিক স্তরের (ষষ্ঠ-দশম শ্রেণি) ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮ কপি বইয়ের মধ্যে ৯২.৯৭ শতাংশ পিডিআই ও ৯২ শতাংশ বই সরবরাহ করা হয়েছে। এছাড়া দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ৯ হাজার ৪ কপি ব্রেইল বই ছাপা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
বই বিতরণের সময়সূচি ও প্রস্তুতি প্রসঙ্গে ফখরুল মাওলা বলেন, ‘আগে ১ জানুয়ারি বই উৎসবকে কেন্দ্র করে বিপুল পরিমাণ অর্থের অপচয় করা হতো। প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো অপ্রয়োজনীয় ব্যয় সাশ্রয় নীতি গ্রহণ করেছেন। তাই এবার সে ধারা থেকে বেরিয়ে এসে শুধু বইয়ের মোড়ক উন্মোচন করার ব্যাপারে চিন্তা করা হচ্ছে। পাশাপাশি স্কুলগুলোকে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিন শিক্ষার্থীদের হাতে সব বই বিতরণ করার নির্দেশনা দেওয়ার প্রস্তুতি চলছে।’
তিনি বলেন, ‘স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষার ফলাফল আগামী ২৪ ডিসেম্বর প্রকাশ করার কথা রয়েছে। এজন্য আমরা ২৪ থেকে ২৭ ডিসেম্বরের সময়টিকে সামনে রেখে যেকোনো একদিন বই বিতরণের পরিকল্পনা করছি।’ তবে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়ার পর সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে। এনসিটিবি চেয়ারম্যান জানান, সরকার যখন চাইবে, তখনই বই দিতে এনসিটিবি প্রস্তুত রয়েছে।
এনসিটিবি চেয়ারম্যান আরও জানান, আগামী ৩০ নভেম্বরের মধ্যেই প্রাথমিক ও মাধ্যমিকের সব বই উপজেলা পর্যায়ে সরবরাহ করা হবে। নতুন চারটি বইয়ের ছাপা ও বাঁধাই কাজ আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্যে কাজ চলমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ