১১:২৫ এম
নওগাঁর মান্দা উপজেলায় সফরকালে, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু এমপিও বঞ্চিত যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দ্রুত এমপিওভুক্ত করার জন্য জোর দাবি জানান।
শনিবার (১৮ জুলাই) রাজশাহী থেকে সড়কপথে মান্দা হয়ে নওগাঁ জেলা শহরে যাওয়ার পথে, ফেরিঘাট এলাকায় শিক্ষামন্ত্রীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি টিপু এই দাবি তুলে ধরেন।
শিক্ষামন্ত্রীর উদ্দেশে বক্তব্য রাখার সময়, সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, "মান্দা উপজেলাটি মোট ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এবং এটি অত্যন্ত সমৃদ্ধ ও জনবহুল একটি এলাকা। অথচ আমাদের পার্শ্ববর্তী নওগাঁ-১ আসন মাত্র ৩টি উপজেলা নিয়ে গঠিত, যেখানে প্রতিটি উপজেলায় গড়ে মাত্র ৬ থেকে ৮টি করে ইউনিয়ন রয়েছে। উন্নয়নের ক্ষেত্রে যদি তারা প্রতিটি উপজেলায় ৩টি করে শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির সুযোগ পায়, তবে ১৪ ইউনিয়নের এই বিশাল মান্দা উপজেলার জন্য মাত্র ৩টি প্রতিষ্ঠান কোনো ভাবেই পর্যাপ্ত নয়। সেই হিসেবে, জনসংখ্যার অনুপাতে মান্দা উপজেলার অন্তত ৯টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়া উচিত।"
আরও পড়ুন: বরিশালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝটিকা মিছিল, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তিনি বলেন, "গত ১৭-১৮ বছরে এলাকার সাধারণ মানুষ ও শিক্ষানুরাগীরা নিজেদের কষ্টার্জিত অর্থ ব্যয় করে শিক্ষার প্রসারে অসংখ্য মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। কিন্তু নানা রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতার কারণে এসব প্রতিষ্ঠানের অনেকগুলো এখনও এমপিওভুক্ত হতে পারেনি। বর্তমানে, শিক্ষানীতি ও এমপিও নীতিমালার সংস্কার চলমান থাকায়, তিনি শর্ত কিছুটা শিথিল করে হলেও যোগ্যতার ভিত্তিতে মান্দার বঞ্চিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দিয়ে দ্রুত এমপিওভুক্ত করার আহ্বান জানান।
এমপি টিপুর এই দাবির প্রেক্ষিতে, অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, "বর্তমান সরকার শিক্ষার সার্বিক উন্নয়নে অত্যন্ত আন্তরিক। সরকারি নীতিমালা অনুযায়ী যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আবেদন ও প্রয়োজনীয় বিষয়গুলো যথাযথভাবে মূল্যায়ন করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।"
এর আগে সকাল থেকেই শিক্ষামন্ত্রীর আগমন উপলক্ষে মান্দা উপজেলার প্রবেশদ্বার ফেরিঘাট এলাকায় হাজারো নেতাকর্মী, শিক্ষক ও সাধারণ মানুষের সমাগম ঘটে। পরে মান্দাবাসীর পক্ষ থেকে শিক্ষামন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন