ফাহিম হোসেন রিজু আশুলিয়া (সাভার) প্রতিনিধি
১২:৫৩ পি.এম
ঢাকার সাভারে মশাল মিছিলে অংশগ্রহণের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ছয় নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মিছিলে ব্যবহৃত একটি যাত্রীবাহী বাস, মশাল ও ব্যানারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
শনিবার (২৮ নভেম্বর) ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার রাত পৌনে ১০টার দিকে সাভারের ফুলবাড়িয়া এলাকার ডিলিগেট গার্মেন্টসের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন রংপুরের মিঠাপুকুর থানার রাম নাথেরপাড়ার মোঃ রুবেল (৩৫), লালমনিরহাটের আদিতমারী থানার বাদাই উত্তরপাড়ার সুজন কুমার রায় (২৭), শেরপুরের শ্রীবর্দী থানার পোড়াগড় এলাকার মোঃ আঃ হামিদ (১৯), ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানার ভানোর সরকারপাড়ার মোঃ বাপ্পি হোসেন সাঈদ (২০), পটুয়াখালীর বাউফল থানার বগা বালিয়া চাঁদপাল এলাকার মোঃ ইউসুফ (২০) এবং সিরাজগঞ্জের কামারখন্দ থানার মুগবালাই গ্রামের মোঃ রাকিবুল ইসলাম (২৩)। তাঁরা সবাই সাভার মডেল থানাধীন শোভাপুর, জয়নাবাড়ি, হেমায়েতপুর, যাদুরচর ও ফুলবাড়িয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আঃ মুত্তালীব ও সাভার মডেল থানা-পুলিশের একটি যৌথ দল শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে ফুলবাড়িয়া এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রেক্ষিতে আয়োজিত মশাল মিছিলে অংশগ্রহণকারী ওই ছয়জনকে আটক করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে লাল-সিলভার রঙের একটি বড় ‘হানিফ’ বাস, জিআই তার দিয়ে বাঁধা কেরোসিন মিশ্রিত ১৫টি বাঁশের মশাল, একটি প্লাস্টিকের ব্যাগে থাকা একটি হাতুড়ি, একটি করাত ও ৭০০ গ্রাম জিআই তার জব্দ করা হয়। এ ছাড়া ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রেক্ষিতে মশাল মিছিল’ এবং ‘আবির মাসুম, সাভার থানা স্বেচ্ছাসেবক লীগ’ লেখা ১২ ফুট বাই ৩ ফুট আকারের একটি ব্যানার উদ্ধার করে পুলিশ।
ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি সাইদুল ইসলাম জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। গতকাল শনিবার তাঁদের সাত দিনের রিমান্ড আবেদনসহ ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাকিস্তান সফরের সময় দেশের কবি ও দার্শনিক আল্লামা মুহাম্মদ ইকবালের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)। এই শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে তিনি সমাধিতে ফাতিহা পাঠ করেন। পরে, বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শনিবার (২৮ নভেম্বর) পাকিস্তান হাইকমিশন বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেছে।
হাইকমিশন জানায়, গতকাল শুক্রবার পাকিস্তানের সিন্ধু প্রাদেশিক পরিষদের একটি অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলকে স্বাগত জানান পরিষদের স্পিকার সৈয়দ আওয়াইস কাদির শাহ। হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে ছয় দিনের সরকারি সফরে পাকিস্তান গিয়েছে প্রতিনিধিদলটি।
প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী, সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, মুহাম্মদ নাজিবুর রহমান, নিলোফার চৌধুরী মনি এবং সংসদীয় বাংলাদেশ-পাকিস্তান মৈত্রী গ্রুপের সভাপতি নাসের রহমান। এছাড়া, প্রতিনিধিদলে বাংলাদেশ দূতাবাসের উপহাইকমিশনার মুহাম্মদ সাকিব সাদাকাতও রয়েছেন।
এর আগে, ইসলামাবাদ ও লাহোরে সরকারি কর্মসূচি শেষে করাচিতে পৌঁছান বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্যরা। বিমানবন্দরে সিন্ধু প্রাদেশিক পরিষদের স্পিকারের পক্ষ থেকে তাদের স্বাগত জানান প্রাদেশিক মন্ত্রী রিয়াজ হুসেন শাহ শিরাজি, সংসদ সদস্য জাম শাব্বির আলী খান ও মুহাম্মদ ইউসুফ বালুচ। এই সময় পরিষদের সচিব জি এম উমর ফারুক, বিশেষ সচিব সৈয়দ হাসান আলী শাহ এবং মহাপরিচালক ইরফান আহমেদ উপস্থিত ছিলেন।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ছয় দিনের এই সরকারি সফরে বাংলাদেশের প্রতিনিধিদলটি গিয়েছে। সফরের অংশ হিসেবে সিন্ধু প্রাদেশিক পরিষদ পরিদর্শন, প্রাদেশিক নেতৃত্ব ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে।
এসব বৈঠকে দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের ইতিহাস হাজার বছরের। এই দীর্ঘ সময়ের নানামুখী ইতিহাস, ঐতিহ্য এবং সাংস্কৃতিক পরিচয়ের উপকরণ সংরক্ষণের জন্য উদ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রাম জেলা পরিষদ। এই উদ্দেশ্যে জেলা পরিষদ ভবনে একটি জাদুঘর স্থাপনের পরিকল্পনা করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বিষয়টি নিশ্চিত করে জানান, ‘চট্টগ্রাম নিয়ে একটি জাদুঘর প্রতিষ্ঠার পরিকল্পনা করছি আমরা। জেলা পরিষদ ভবনে ১৪ তলার ১০ হাজার বর্গফুট জায়গায় এই জাদুঘর প্রতিষ্ঠা করা হবে।’
মাহবুবের রহমান শামীম আরও বলেন, ‘চট্টগ্রামের সুদীর্ঘ পথচলার বিভিন্ন ধরনের ইতিহাস, এই অঞ্চলের পুরোনো ঐতিহ্য, সাংস্কৃতিক বৈচিত্র্যসহ সব ধরনের বিষয় একটি ছাদের নিচে সংরক্ষণ করা হবে। যাতে পরবর্তী প্রজন্ম এক জায়গা থেকেই চট্টগ্রামকে জানতে পারে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বন্দরনগরীর অতীত ইতিহাস, জনজীবন, সাংস্কৃতিক বৈচিত্র্য ও বিবর্তনের নানা অধ্যায় জানার সুযোগ তৈরি হবে।’
তিনি উল্লেখ করেন, ‘দেশের আর কোথাও সম্ভবত এমন জাদুঘর প্রতিষ্ঠিত হয়নি। এটি প্রথম উদ্যোগ। কীভাবে জাদুঘর প্রতিষ্ঠা করা হবে, সেখানে কী কী বিষয় থাকবে, কীভাবে ইতিহাসের উপকরণগুলো তুলে আনা হবে—তা নিয়ে একটি কমিটি গঠন করা হবে। কমিটি বিষয়টি নিয়ে কাজ করবে, বিস্তারিত জানালে আমরা পরিকল্পনা নিয়ে অগ্রসর হব।’
জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীমের পরিকল্পনায় শুধুমাত্র কিছু পুরোনো নিদর্শন সংরক্ষণ বা প্রদর্শন নয়; বরং চট্টগ্রামের ইতিহাস ও নিজস্ব সাংস্কৃতিক পরিচয়ের একটি সমৃদ্ধ সংগ্রহশালা গড়ে তোলা হবে। এ জন্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, ইতিহাসবিদ, গবেষক ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে কাজ করা হবে।
ইতিহাস সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সাগর নদী ও পাহাড়ঘেরা প্রাকৃতিক বৈচিত্র্যের শহর চট্টগ্রাম। হাজার বছরের বৈদেশিক বাণিজ্য, নৌযাত্রা, ঔপনিবেশিক শাসন, রাজনৈতিক আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন জনগোষ্ঠীর জীবনধারার সঙ্গে জড়িয়ে আছে চট্টগ্রাম। কর্ণফুলী নদী ও সমুদ্রবন্দরকে ঘিরে গড়ে ওঠা এ জনপদ দেশের প্রধান বাণিজ্যিক প্রবেশদ্বার। আরাকান, পর্তুগিজ, মোগল ও ব্রিটিশ শাসনের নানা স্মারক, বন্দরকেন্দ্রিক বাণিজ্যের দলিল, পুরোনো স্থাপত্য, ভাষা-সাহিত্য, লোকসংগীত এবং পাহাড়ি ও সমতলের বিভিন্ন জনগোষ্ঠীর জীবনাচার এ অঞ্চলের পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ।
প্রস্তাবিত জাদুঘরে চট্টগ্রামের প্রাচীন মানচিত্র, দুর্লভ আলোকচিত্র, পুরোনো সংবাদপত্র, ঐতিহাসিক দলিল, বন্দর ও নৌবাণিজ্যের স্মারক, মুক্তিযুদ্ধের উপকরণ, লোকজ শিল্প, ঐতিহ্যবাহী পোশাক, বাদ্যযন্ত্র, মৃৎশিল্প এবং বিভিন্ন জনগোষ্ঠীর সাংস্কৃতিক নিদর্শন সংগ্রহের বিষয়টি বিবেচনায় আসতে পারে। একইসঙ্গে চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তি, সাহিত্যিক, শিল্পী, রাজনীতিক, সমাজসংস্কারক ও মুক্তিযোদ্ধাদের জীবন ও অবদানও তুলে ধরা হতে পারে।
জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানাচ্ছেন, পরিকল্পনাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রস্তাবিত জাদুঘরটি কেবল প্রদর্শনীমূলক কিছু নয়, বরং চট্টগ্রামের ইতিহাস নিয়ে গবেষণা, শিক্ষার্থীদের জন্য তথ্যভিত্তিক প্রদর্শনী, পুরোনো দলিল ও ছবি ডিজিটাল সংরক্ষণ এবং প্রবীণদের স্মৃতিচারণ করার সুযোগও রাখা হবে। এতে জাদুঘরটি হয়ে উঠতে পারে এই অঞ্চলের ইতিহাসচর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র। ঐতিহাসিক যেসব উপকরণ কোনো ব্যক্তি বা পারিবারিক সংগ্রহে আছে, সেগুলো এখানে প্রদর্শন কিংবা ডিজিটালভাবে সংরক্ষণ করার সুযোগ দেওয়া হতে পারে।
এ প্রসঙ্গে জানতে চাইলে ‘চট্টগ্রাম ইতিহাসচর্চা কেন্দ্রের’ সভাপতি সোহেল মো. ফখরুদ-দীন বলেন, চট্টগ্রাম প্রাচীন ইতিহাসের সাক্ষী, সভ্যতা বিনির্মাণে আড়াই হাজার বছরের ইতিহাসের সঙ্গে নিবিড় সম্পৃক্ততা রয়েছে। এই অঞ্চলের প্রত্নসম্পদ, প্রাচীন স্থাপত্য, পাহাড়, সমুদ্র, নদী-দীঘি ও রাজা-বাদশাহর বহু নিদর্শন হারিয়ে যেতে বসেছে।
তিনি বলেন, পৃথিবীর নৌযোগাযোগ ও সমুদ্র বাণিজ্যেই চট্টগ্রাম বন্দরের ইতিহাস হাজার বছরেরও বেশি সময়ের। ব্রিটিশবিরোধী আন্দোলন সূচনাকালে হাবিলদার রজব আলীর সিপাহী বিদ্রোহ, পরবর্তীতে মাস্টারদা সূর্যসেন, কাজেম আলী মাস্টার, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীসহ বহু ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতার জন্মভূমি এই চট্টগ্রাম।
তিনি আরও বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষণা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক চট্টগ্রামের মাটি থেকে ইতিহাসে সংযোজিত হয়েছে। এসব স্মৃতি সংরক্ষণে চট্টগ্রাম জেলা পরিষদ যে জাদুঘর করার উদ্যোগ নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। এই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হলে একটি স্থানেই পুরো প্রাচীন চট্টগ্রাম সবার দৃশ্যপটে উন্মোচিত হবে। সূত্র: বাসস
তালাশ বিডি/মিডিয়া লিঃ