০৬:১৩ পি.এম
খুলনা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সিনেট মনোনীত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী, সিনেট কর্তৃক মনোনীত দুই ব্যক্তি সিন্ডিকেটের সদস্য হওয়ার বিধান থাকলেও, ড. সাদাতকে মনোনয়ন দেওয়া হয়নি পূর্ববর্তী সিনেট সদস্যকে পরিবর্তন করে। ফলে জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে বর্তমান সময় পর্যন্ত তার সদস্যপদ নিয়ে আইনগত প্রশ্ন উঠেছে।
খোঁজ নিয়ে জানা যায়, খুলনা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯০ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী পর্ষদ হচ্ছে সিন্ডিকেট। এই পর্ষদে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও নীতিনির্ধারণী বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। আইন অনুযায়ী, নির্ধারিত পদ ও যোগ্যতার ভিত্তিতে সিন্ডিকেট গঠিত হয়, যার মধ্যে সিনেট কর্তৃক মনোনীত দুই ব্যক্তির সদস্য হওয়ার বিধান রয়েছে।
আইনের ২৪ ধারার (ঞ) উপধারায় উল্লেখ করা হয়েছে, ‘সিনেট কর্তৃক মনোনীত দুজন ব্যক্তি, যাহারা উচ্চ শিক্ষা এবং গবেষণায় আগ্রহী।’ এই বিধান অনুযায়ী, সিন্ডিকেটে সিনেট মনোনীত সদস্য হিসেবে রয়েছেন ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ও নারায়নগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. নাজমুস সাদাত।
আরও পড়ুন: শাবিপ্রবিতে ৪০ সংগঠনের সাংগঠনিক সপ্তাহ, নবীনদের জন্য নানা আয়োজন
তবে, বিশ্ববিদ্যালয়ের সিনেটের সর্বশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালে। এরপর আর কোনো সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়নি। ফলে পরবর্তী সময়ে সিনেটের মাধ্যমে নতুন সদস্য মনোনয়ন বা আগের সদস্যের পরিবর্তে নতুন প্রতিনিধি মনোনয়নের সুযোগ তৈরি হয়নি। এই অবস্থায় অধ্যাপক নাজমুস সাদাতের সদস্যপদ কিভাবে বহাল রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিশ্ববিদ্যালয়ের এক সিনেট সদস্য জানান, সিনেট এই মনোনয়ন দেয়নি। "মনোনয়ন দিলে সিনেট সদস্য হিসাবে আমরা জানতাম।" সিনেট মনোনয়ন ছাড়া উপাচার্য যদি এটাকে অনুমোদন দেন তাহলে সেটা অবৈধ।
আরেক সিনেট সদস্য কালের কণ্ঠকে জানান, ২০১৭ সালের ২৭ সেপ্টেম্বর সর্বশেষ সিনেট অধিবেশনে এক সিনেট সদস্যের অনুরোধে তৎকালীন উপাচার্য সিনেটের পক্ষ থেকে দুজন সিন্ডিকেট সদস্য মনোনয়ন দেন এবং সিনেট সদস্যরা সেটি সমর্থন জানান। কিন্তু পরবর্তী উপাচার্যদের সিনেটের পক্ষ থেকে কোনো সিন্ডিকেট সদস্য মনোনয়ন দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। তিনি বলেন, "নাজমুস সাদাতকে অবৈধভাবে সিন্ডিকেটে মনোনয়ন দেওয়া হয়েছে।"
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এসএম মাহবুবুর রহমান বলেন, আগের ভাইস চ্যান্সেলর মাহমুদ পদত্যাগ করেন, সেজন্য পদটা শূন্য হওয়ায় উপাচার্য অধ্যাপক নাজমুস সাদাতকে মনোনয়ন দিয়েছে।
আরও পড়ুন: এইচএসসিতে ১-১০% পাস, ২২ অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ
সিনেট মনোনয়ন ছাড়া এটা উপাচার্য করতে পারেন কিনা জিজ্ঞেস করলে তিনি বলেন, "এটা উপাচার্য করতে পারেন। সিনেট যখন হবে তখন সেখানে এটি রিপোর্ট করবেন।"
তবে অধ্যাপক ড. নাজমুস সাদাতের কাছে জানতে চাইলে, তিনি এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জিজ্ঞেস করতে বলেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, "সিনেট না হওয়া পর্যন্ত একজন আছে আরেকজনকে দেওয়া যায়না, সিনেট হবে তারপর। সিনেট অধিবেশন ছাড়া এটা করা যায়না। নাজমুস সাদাত কিভাবে আছে সেটা এ্যাক্ট না দেখে বলতে পারব না।"
আরও পড়ুন: বসুন্ধরা শুভসংঘের কুইজ প্রতিযোগিতা ইডেন মহিলা কলেজে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন