০৪:৩৩ পি.এম
ঢাকা, ২৩ আগস্ট, ২০২৬ : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, টিভিইটি (কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ)-এর বিকল্প নেই দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে।
শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি শিক্ষা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের জন্য শুধু গতানুগতিক শিক্ষা গ্রহণের ধারণা থেকে বের হয়ে আসাটা অপরিহার্য।
তিনি আজ রোববার রাজধানীর সোবহানবাগে ‘দক্ষ ও উৎপাদনশীল বাংলাদেশের লক্ষ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ’ শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আরও পড়ুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয় জেগে জেগেই ঘুমাচ্ছে!
মন্ত্রী আরো বলেন, একটি উন্নত বাংলাদেশ গড়ার জন্য কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিপুল জনসংখ্যাকে মানব সম্পদে পরিণত করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছেন। সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা এগিয়ে যাচ্ছি। এই কারণে আমরা কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করছি।
তিনি জানান, পৃথিবীতে কারিগরি শিক্ষায় দক্ষ ব্যক্তিদের জন্য প্রচুর চাহিদা রয়েছে। প্রবাসী কর্মীরা আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস। যদি আমরা তাদেরকে দক্ষ করে বিদেশে পাঠাতে পারি, তাহলে আমাদের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। তাই কারিগরি শিক্ষায় অধিক গুরুত্ব দিতে হবে।
শিক্ষামন্ত্রী আরও উল্লেখ করেন, এ লক্ষ্যে বাংলাদেশে আরও ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করার পরিকল্পনা রয়েছে। এছাড়া, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটকে আমরা একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য আলাদা একটি প্রকল্পের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া আলোচনায় বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটের চেয়ারম্যান ড. মো. তরিকুল ইসলাম চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন।
আরও পড়ুন: ঢাবি ক্যাম্পাসে নাশকতায় জড়িত থাকার অভিযোগে এক কর্মচারী বরখাস্ত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন