১০:০৭ পি.এম
সংসদ ভবন, ১৫ নভেম্বর, ২০২৬ : জাতীয় সংসদের মর্যাদা ও ভাবমূর্তি রক্ষা করার জন্য স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সরকারি দল, বিরোধী দল এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের প্রতি আরও বেশি পরমতসহিষ্ণুতা প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। তিনি সকল সদস্যকে একে অপরের বক্তব্য ধৈর্যসহকারে শোনার জন্য উৎসাহিত করেছেন।
স্পিকার বলেন, "সংসদ জনগণের নির্বাচিত প্রতিনিধিদের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষার দায়িত্ব সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্য— সবার। সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কোনো আচরণ কারও কাছ থেকে কাম্য নয়।"
আজ জাতীয় সংসদে অধিবেশন পরিচালনার সময় তিনি এসব মন্তব্য করেন। স্পিকার আরও বলেন, "আপনারা জনগণের নির্বাচিত প্রতিনিধি। আপনারা আমার চেয়ে কেউ কম বোঝেন না, বরং বেশি বোঝেন। সুতরাং এই সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কোনো আচরণ অনুগ্রহ করে করবেন না।"
আরও পড়ুন: আসিফ কি ভুলে গেছে, তার দলের নেতাদের সেনাবাহিনীর এপিসি করে ফিরতে হয়েছিল
তিনি উল্লেখ করেন, যদি কোনো সংসদ সদস্য বক্তব্য দেওয়ার সময় আপত্তিকর শব্দ ব্যবহার করেন, তাহলে তা কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা হবে। যদি কারও বক্তব্যের জবাব দেওয়ার প্রয়োজন হয়, তাহলে সংশ্লিষ্ট সদস্যদেরও কথা বলার সুযোগ দেওয়া হবে।
স্পিকার সংসদ সদস্যদের প্রতি পরমতসহিষ্ণুতা প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, "প্রত্যেকেরই অন্যের বক্তব্য ধৈর্য ধরে শোনা উচিত।" তিনি জানান, সংসদ সদস্যদের বাকস্বাধীনতা রয়েছে এবং এই স্বাধীনতা নিয়ে সবাই গর্বিত।
তিনি আরও বলেন, বাকস্বাধীনতা চর্চার ক্ষেত্রে কোনো সদস্যের মানসম্মান ক্ষুণ্ন হয়, এমন আচরণ থেকে সবাইকে বিরত থাকতে হবে।
স্পিকার বলেন, সংসদে সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সদস্যদের প্রত্যেকেরই নিজ নিজ দায়িত্ব রয়েছে। সম্মিলিতভাবে সংসদের মর্যাদা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আরও পড়ুন: রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবী ইয়ামিন আলীর ওপর হামলা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন