১০:০৪ পি.এম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে স্মরণ করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, যে সময় অন্তর্বর্তী সরকারের অধীনে দলটির ‘লংমার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল।
রোববার (১৫ নভেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি তুলে ধরেন।
পোস্টে রাশেদ খাঁন উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের সময় এনসিপির নেতাদের লংমার্চ টু গোপালগঞ্জ কর্মসূচির কারণে সৃষ্ট পরিস্থিতিতে চারজন আওয়ামী লীগ সমর্থক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে প্রাণ হারান এবং অনেকে আহত হন। তিনি বলেন, বিএনপি সরকার চায় না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে একজনও নিহত হোক। গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।
আরও পড়ুন: গোপালগঞ্জের ঘটনা দেখে মনে হয় না এটি বাংলাদেশ নামক রাষ্ট্রের অংশ: গোলাম পরওয়ার
রাশেদ খাঁন আশা প্রকাশ করেন যে, পরিস্থিতি শিগগিরই নিয়ন্ত্রণে আসবে। তিনি বলেন, একটি নির্বাচিত সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ। তাই এই সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্য কোনো সরকারের মতো বেপরোয়া হতে পারে না।
আসিফ মাহমুদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার আগ্রহের প্রসঙ্গে রাশেদ খাঁন লেখেন, সংবাদমাধ্যমে দেখেছেন যে আসিফ মাহমুদ দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে চান।
এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, গোপালগঞ্জ থেকে প্রাণরক্ষার জন্য নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসিরউদ্দিন, হাসানাত ও সারজিসসহ এনসিপির শীর্ষ নেতাদের সেনাবাহিনীর সাঁজোয়া যান (এপিসি) ব্যবহার করে ঢাকায় ফিরতে হয়েছিল—এটি কি আসিফ মাহমুদ ভুলে গেছেন? তিনি উল্লেখ করেন যে, সে সময় দলটির অনেক নেতাকর্মী সেনাবাহিনীর হেলিকপ্টারে করে নাহিদ ইসলামদের উদ্ধারের আহ্বান জানিয়েও ফেসবুকে পোস্ট করেছিলেন।
পোস্টের শেষাংশে রাশেদ খাঁন লেখেন, গোপালগঞ্জ আওয়ামী লীগের তীর্থভূমি এবং সেখানকার মানুষ আওয়ামী লীগকে ধর্মের মতো মনে করে। তাই এ অঞ্চলের মানুষের মনোভাব পরিবর্তনে ধৈর্য ও কৌশলী ভূমিকা নেওয়ার বিকল্প নেই।
আরও পড়ুন: সংসদের মর্যাদা রক্ষায় সদস্যদের সহনশীল আচরণের আহ্বান : স্পিকার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন