ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী ১৬ ডিসেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে নতুন সচিবালয়ের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন সচিবালয়ের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন।

রোববার (২৫ অক্টোবর) ত্রয়োদশ জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এই তথ্য প্রকাশিত হয়েছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা এমপি’র সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য সদস্য, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি, মো. লুৎফুজ্জামান বাবর এমপি, শেখ মজিবুর রহমান ইকবাল এমপি, এম মঞ্জুরুল করিম রনি এমপি, মো. রুহুল আমিন এমপি এবং মো. তাজউদ্দীন খান এমপি। বৈঠকের শুরুতে প্রথম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়। এরপর মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রথম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি বিস্তারিত উপস্থাপন করা হয়।

আরও পড়ুন: বড় ভাইকে ভাড়াটে খুনি দিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৪

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরস্থানের মূল অবকাঠামো পুনঃনির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার সুপারিশ করা হয়। তদসংলগ্ন উদ্যান/প্রাঙ্গণের অসমাপ্ত সৌন্দর্যবর্ধন ও পরিস্কার পরিচ্ছন্নতার কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। কমিটির গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে জানানো হয় যে, কবরস্থানের মূল অবকাঠামো পুনঃনির্মাণের কাজ দ্রুত সম্পাদনের লক্ষ্যে বিবিধ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ডিসেম্বর মাসের মধ্যে এ কাজ সম্পাদন করা সম্ভব হবে।

এছাড়া, সরকারি ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনের জন্য সরকারি অবকাঠামোতে রুফটপ সোলার পিপি-এর মাধ্যমে পরিচ্ছন্ন জ্বালানি প্রাপ্তি বৃদ্ধি শীর্ষক প্রকল্পের ডিপিপি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয়েছে। এই রুফটপ সোলার প্যানেলের মাধ্যমে ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। সংশ্লিষ্ট ভবনসমূহে ব্যবহারের পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করা সম্ভব হবে বলে জানানো হয়। সভায় জানানো হয় যে, আগামী ১৬ ডিসেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে নতুন সচিবালয়ের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করার লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে।

জাতীয় সংসদ ভবন কেন্দ্রিক গণপূর্ত অধিদপ্তর চলতি বছরে সম্পন্ন করা সকল পূর্ত কাজের বিস্তারিত উপস্থাপন করা হয়। জাতীয় সংসদের যথাযথ রক্ষণাবেক্ষণ, পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মহান সংসদের যথাযথ ভাবগাম্ভীর্য বজায় রাখার লক্ষ্যে সর্বোচ্চ গুরুত্বসহকারে সংশ্লিষ্টদের কাজ করার নির্দেশনা প্রদান করা হয়। সভায় জানানো হয়, গত ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত গুলশান আবাসিক এলাকা, বনানী আবাসিক এলাকা, উত্তরা আবাসিক এলাকা, পূর্বাচল নতুন শহর প্রকল্প এবং ঝিলমিল আবাসিক এলাকায় রাজনৈতিক বিবেচনায় মোট ১৪১৩টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে, যার মধ্যে সর্বাধিক ৯৪৪টি বরাদ্দ দেওয়া হয়েছে পূর্বাচল নতুন শহর প্রকল্পে।

রাজউক কর্তৃক এ সময়ে প্লটসমূহ বরাদ্দের ক্ষেত্রে কোনো অনিয়ম/বিধি বহির্ভূত কাজ হয়েছে কিনা সে বিষয়ে প্রতিবেদন দাখিলের নিমিত্ত হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশনের রুল অনুযায়ী গঠিত কমিটি রাজউকের বিভিন্ন প্রকল্পে বরাদ্দকৃত প্লটের নথিপত্র যাচাই বাছাই করে প্রতিবেদন মন্ত্রণালয়ে প্রেরণ করে। এ পর্যন্ত পূর্বাচল নতুন শহর প্রকল্পের ৮৭৪টি এবং ঝিলমিল আবাসিক এলাকায় ২০০টি প্লটের অনিয়ম সংক্রান্ত প্রতিবেদন পাওয়া গিয়েছে। বর্ণিত প্লটগুলোর নথির কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে বলে সভায় জানানো হয়।

আরও পড়ুন: জ্যোতিকা জ্যোতির পরে এবার আটক বাংলাদেশের টেলিভিশন অভিনেতা তমাল মাহবুব

রাজনৈতিক বিবেচনা এবং অনিয়মের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার বিবেচনাপূর্বক এসকল বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে মর্মে সভায় আলোচনা হয়। বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব; মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ মন্ত্রণালয়ের অধীনস্ত দপ্তর সংস্থাসমূহের প্রধানগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফার্নান্দেসকে বেঞ্চে বসিয়ে কঠোর বার্তা দিলেন কারিক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫০ পি.এম


ফার্নান্দেসকে বেঞ্চে বসিয়ে কঠোর বার্তা দিলেন কারিক

ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেসকে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে বোর্নমাউথের বিরুদ্ধে একাদশে রাখেননি কোচ মাইকেল কারিক। কোমোর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে দলের কৌশলের সমালোচনা করার পর ফার্নান্দেসকে বেঞ্চে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কারিক জানিয়েছেন, এই সিদ্ধান্তের সঙ্গে ফার্নান্দেসের মন্তব্যের কোনো সম্পর্ক নেই; এটি তাঁর ভাষায়, ‘খাঁটি ফুটবল’-সংক্রান্ত সিদ্ধান্ত।

ম্যানচেস্টার ইউনাইটেড কোমোর কাছে ১-৪ গোলের হারের পর ফার্নান্দেস প্রকাশ্যে দলের চাপ প্রয়োগের কৌশল নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি উল্লেখ করেছিলেন, দলকে আরও সাহসী হয়ে প্রতিপক্ষের ওপর উঁচু থেকে চাপ তৈরি করতে হবে। কারিক তখন তাঁর মন্তব্যের প্রেক্ষিতে কোনো সিদ্ধান্তের কথা জানাননি। বরং তিনি বলেছিলেন, ক্লাবের স্বার্থে যা ভালো মনে হবে, সেটিই করবেন।

ফার্নান্দেসের মাঠের সাম্প্রতিক পরিসংখ্যানও তাঁর একাদশ থেকে বাদ পড়ার সিদ্ধান্তকে কিছুটা ব্যাখ্যা করছে। গত মৌসুমে প্রতি ৯০ মিনিটে সতীর্থদের জন্য ৩.৯৯টি সুযোগ তৈরি করেছিলেন তিনি, যা চলতি মৌসুমে ২.২৯-এ নেমে এসেছে। একই সময়ে তাঁর সহায়তা প্রতি ৯০ মিনিটে ০.৬২ থেকে কমে ০.১৪ হয়েছে। প্রত্যাশিত সহায়তার হারও ০.৩৬ থেকে কমে ০.২১ হয়েছে। সবচেয়ে বড় পতন দেখা গেছে বড় সুযোগ তৈরিতে—গত মৌসুমে প্রতি ৯০ মিনিটে ০.৯৭টি বড় সুযোগ তৈরি করলেও চলতি মৌসুমে সেই সংখ্যা মাত্র ০.১৪।

গত মৌসুমে ফার্নান্দেস প্রতি ৯৩ মিনিটে একটি করে বড় সুযোগ তৈরি করেছিলেন। অথচ চলতি মৌসুমে ইংলিশ শীর্ষ স্তরে প্রায় সাড়ে ১০ ঘণ্টা খেলার পর তাঁর তৈরি বড় সুযোগের সংখ্যা মাত্র একটি। বল এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পাসও প্রতি ৯০ মিনিটে ১৬.৮ থেকে কমে ১৪.১ হয়েছে।

গোলের দিক থেকেও ইউনাইটেড অধিনায়ক খুব একটা স্বস্তিতে নেই। চলতি মৌসুমে মাত্র দুটি ম্যাচে গোল করেছেন তিনি—ইপ্সউইচ টাউনের বিপক্ষে হ্যাটট্রিক এবং আজারবাইজানের সাবাহর বিপক্ষে ৪-০ ব্যবধানের জয়ে একটি গোল। তবে কারিকের দৃষ্টিতে সবচেয়ে বড় সমস্যা বল পায়ে নয়, বরং বলের বাইরে ফার্নান্দেসের ভূমিকা। কোমোর বিপক্ষে দলের নির্দিষ্ট কৌশল অনুযায়ী প্রতিপক্ষকে একের বিপরীতে এক চাপ প্রয়োগ না করার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপরও ফার্নান্দেস এককভাবে সামনে চাপ দিতে গিয়ে অনেকটা দৌড়েছেন, কিন্তু কার্যকরভাবে বল পুনরুদ্ধারের সুযোগ তৈরি করতে পারেননি।

কারিকও এ বিষয়টি তুলে ধরে বলেছেন, দ্বিতীয়ার্ধে দল যখন আংশিকভাবে একের বিপরীতে এক চাপ প্রয়োগ করেছিল, তখন সেখান থেকেই একটি গোল হজম করতে হয়েছিল। ফলে ফার্নান্দেসের প্রকাশ্য সমালোচনা, মাঠের সাম্প্রতিক পারফরম্যান্স এবং দলের কৌশলের মধ্যে তৈরি হওয়া টানাপোড়েন এখন ম্যানচেস্টার ইউনাইটেডের অন্যতম আলোচিত বিষয়। বোর্নমাউথের বিপক্ষে তাঁকে বেঞ্চে রাখার সিদ্ধান্ত তাই শুধু শাস্তিমূলক পদক্ষেপ কি না, নাকি পুরোপুরিই মাঠের পারফরম্যান্সভিত্তিক—সেটিই এখন আলোচনার কেন্দ্রে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘মনে হতো মৃত্যুকে দেখছি’, মঞ্চে ভয় পাওয়ার অভিজ্ঞতা শেয়ার করলেন এ আর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫১ পি.এম


‘মনে হতো মৃত্যুকে দেখছি’, মঞ্চে ভয় পাওয়ার অভিজ্ঞতা শেয়ার করলেন এ আর রহমান

ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক এ আর রহমান। তিনি ভারতীয় সিনেমা থেকে শুরু করে বিশ্বের বড় বড় মঞ্চে সংগীত পরিবেশন করে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন। দুইবার অস্কারজয়ী ও গ্র্যামি পুরস্কারজয়ী এই সংগীতশিল্পী বিভিন্ন ভাষার চলচ্চিত্রে সুর সৃষ্টি করেছেন।

তার সুরের গান কয়েক প্রজন্মের শ্রোতার কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। তবে সংগীতের জগতে এত সাফল্য অর্জন করলেও একসময় মঞ্চে উঠে সরাসরি দর্শকের সামনে গান পরিবেশন করতে ভয় পেতেন তিনি।

সম্প্রতি এ আর রহমান নিজের সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি বলেন, "একসময় মঞ্চে পরিবেশনা আমার কাছে ছিল ভীতিকর অভিজ্ঞতা।" তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই ভয় কাটিয়ে উঠেছেন তিনি। ১৯৯৬ সালে প্রথম মঞ্চে সংগীত পরিবেশনের সময় থেকে এখন পর্যন্ত তার যাত্রায় এসেছে বড় পরিবর্তন।

হিন্দুস্তান টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে মঞ্চে সংগীত পরিবেশনের শুরুর দিকের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, "একসময় মঞ্চে দাঁড়ালে মনে হতো যেন মৃত্যুকে দেখছি। আমি ভীষণ ভীত ছিলাম!" এ আর রহমানের এই স্বীকারোক্তি থেকে বোঝা যায়, সংগীতজগতে প্রতিষ্ঠিত হওয়ার পরও সরাসরি দর্শকের সামনে পরিবেশনা তার জন্য সহজ ছিল না।

মঞ্চে হাজারো দর্শকের সামনে সংগীত পরিবেশনের অভিজ্ঞতা ধীরে ধীরে তাকে আত্মবিশ্বাসী করে তুলেছে।

‘ওয়ান্ডারমেন্ট ট্যুর’ নিয়ে প্রস্তুতি

এদিকে নতুন সংগীত আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ আর রহমান। তার ‘ওয়ান্ডারমেন্ট ট্যুর’-এর মুম্বাই ও দিল্লি পর্বের প্রস্তুতি চলছে। এই আয়োজনের মাধ্যমে দর্শকেরা তার জনপ্রিয় পুরোনো সুরের পাশাপাশি নতুন সংগীতও উপভোগ করার সুযোগ পাবেন।

বড় পরিসরের এই লাইভ আয়োজনে থাকছে তার সংগীতজীবনের পরিচিত কাজগুলোর সঙ্গে নতুন পরিবেশনা। ভারতীয় চলচ্চিত্রের সংগীতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন রহমান। তার সুর বিভিন্ন ভাষার সিনেমাকে সমৃদ্ধ করেছে এবং দেশ-বিদেশের শ্রোতাদের কাছে তাকে পরিচিত করেছে।

ক্যারিয়ারের শুরুতে মঞ্চভীতি থাকলেও এখন বিশ্বজুড়ে দর্শকের সামনে সংগীত পরিবেশন করেন তিনি। নিজের সেই পরিবর্তনের কথা তুলে ধরে রহমান বুঝিয়েছেন, অভিজ্ঞতা ও সময়ের সঙ্গে ভয় কাটিয়ে আত্মবিশ্বাস অর্জন করা সম্ভব।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

​মিথ্যা মামলায় সাংবাদিক জয়নালকে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবে সামনে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

​সাকিব চৌধুরী চট্টগ্রাম

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৫ পি.এম


​মিথ্যা মামলায় সাংবাদিক জয়নালকে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবে সামনে মানববন্ধন

সীতাকুণ্ডের ‘মুস্কান ড্রিংকিং ওয়াটার’ কারখানার অনিয়ম নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় দৈনিক জনবাণীর সীতাকুণ্ড প্রতিনিধি জয়নাল আবেদীনকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদের মূল বিষয়সমূহ:
অন্যায়ভাবে আটক: গত ২১ অক্টোবর জয়নাল আবেদীনকে ডেকে নিয়ে আটকে রাখা হয়। অভিযোগ উঠেছে, সীতাকুণ্ড থানার এসআই নূর উল্লাহ কোনো লিখিত অভিযোগ ছাড়াই তাঁকে ১৮-২০ ঘণ্টা বেআইনিভাবে আটকে রেখে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠান।
দাবি ও আল্টিমেটাম: সাংবাদিক নেতারা সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম, ওসি (তদন্ত) মোস্তফা এবং এসআই নূর উল্লাহর দ্রুত প্রত্যাহার দাবি করেছেন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জয়নালের নিঃশর্ত মুক্তি না দিলে সীতাকুণ্ড থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেওয়া হয়। ও বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় সভাপতি কে এম রুবেল
সীতাকুণ্ড উপজেলা কমিটির সভাপতি শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আর কে হেলালের ও মিরসরাই উপজেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সাকিব চৌধুরী সঞ্চালনায় মানববন্ধনে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরফিনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রেণিভেদ নির্মূল করে মানবতার কল্যাণের কথা বলেছেন বুদ্ধ : রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


শ্রেণিভেদ নির্মূল করে মানবতার কল্যাণের কথা বলেছেন বুদ্ধ : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, গৌতম বুদ্ধ শ্রেণিভেদকে নির্মূল করে মানবজাতির কল্যাণের জন্য কথা বলে গেছেন। তিনি উল্লেখ করেন, যদি তার কাজ ও আদর্শ অনুসরণ করা হয়, তাহলে তা গোটা মানবজাতির কল্যাণে অবদান রাখবে।

রোববার (২৫ অক্টোবর) রাজধানীর বাসাবো বৌদ্ধ মহাবিহারে ‘শুভ প্রবারণা পূর্ণিমা’ ও ফানুস উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী আরও বলেন, গৌতম বুদ্ধের সরল পথ এবং মানবিক কাজগুলো অনুসরণ করলে জীবন সুন্দর ও শান্তিময় হয়ে উঠবে। তিনি বলেন, বুদ্ধের বাণী শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য নয়, বরং এটি সর্বজনীন এবং সব ধর্মের মানুষের জন্য সঠিক পথে চলার প্রেরণা দেয়। বুদ্ধ সমাজ ও মানবতার জন্য যে কাজগুলো করেছেন, তা সমগ্র মানবজাতির জন্য অনুকরণীয় বলেও তিনি মন্তব্য করেন।

প্রবারণা পূর্ণিমাকে ‘চিত্ত পরিশুদ্ধের অনুষ্ঠান’ হিসেবে উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, যদি বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতো সব মানুষ তাদের বছরের নানা ঘটনার (ভুলত্রুটি) স্বীকারোক্তি সহকর্মীদের কাছে দেয়, তাহলে তাদের মধ্যে নতুন করে কোনো অন্যায় করার ইচ্ছা থাকবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%