০৪:৫৫ পি.এম
স্বামীহারা এক বিধবার অসহায়ত্বের সুযোগ নিয়ে, দাবি করা চাঁদা না দেওয়ায় তার বসতভিটার জমিতে লাগানো দুই শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুধু গাছ কেটে ক্ষতিসাধনই নয়, বরং এ ঘটনায় থানায় অভিযোগ করায় প্রাণনাশ ও সন্তান অপহরণের হুমকি দেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী পরিবারটি। এর ফলে বিধবা আকলিমা আক্তার এবং তার পরিবারের সদস্যদের দিন কাটছে নিরাপত্তাহীনতায়।
ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের গুজিয়াম গ্রামে। এই ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী মোছা. আকলিমা আক্তার বাদী হয়ে ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ত্রিশাল আমলী আদালতে একটি মামলা করেছেন। মামলাটি নং-৭৬০/২০২৬।
মামলার এজাহার ও বাদীর অভিযোগ সূত্রে জানা যায়, গুজিয়াম গ্রামের আঃ ছাসাদ খাঁ, রত্না বেগম, আকলিমা খাতুন, সিজিলা খাতুন, তাছলিমা, নাছিমাসহ আরও কয়েকজন দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে ক্ষতিসাধন ও চাঁদা দাবি করে আসছিলেন। প্রায় তিন বছর আগে আকলিমা আক্তারের স্বামী মারা যান। তার স্বামী মারা যাওয়ার পর থেকে আকলিমা আক্তার দুই সন্তান, বৃদ্ধ শ্বশুর এবং প্রবাসী দেবরকে নিয়ে অনেকটা অসহায় অবস্থায় সংসার চালিয়ে আসছেন।
আরও পড়ুন: তিস্তা মহাপ্রকল্প শুরুর বিলম্বে ক্ষুব্ধ মানুষ, বিএনপির আন্দোলন তীব্র
অভিযোগ রয়েছে যে, স্বামী মারা যাওয়ার পর থেকেই তাকে বিভিন্ন সময় ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, যেমন জমির ফসল কেটে নেওয়া। সাম্প্রতিক সময়ে বাড়িতে ভবন নির্মাণের জন্য ৩ লাখ টাকা দিতে হয়েছে বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে। পরে আবারও ৫ লাখ টাকা দাবি করা হলে বিধবা আকলিমা ওই টাকা দিতে অস্বীকৃতি জানান।
এরপর তার গুজিয়াম মৌজার ১১৪৫৮ নম্বর দাগের জমিতে থাকা শতাধিক কলাগাছ, সুপারি গাছসহ ৫০টি বড় ও চারা গাছ কাটা পড়ে। এই ঘটনায় যখন থানায় অভিযোগ দেওয়া হলে, অভিযোগকারীর বিরুদ্ধে প্রতিপক্ষ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।
মামলার বিবরণে আরও বলা হয়েছে, গত ৩ আগস্ট, প্রতিপক্ষের লোকজনসহ অজ্ঞাতনামা আরও প্রায় ১০ জন দেশীয় অস্ত্র নিয়ে ওই জমিতে প্রবেশ করে। তারা আম, জাম, কাঁঠাল, বেল, জলপাইসহ বিভিন্ন প্রজাতির গাছ এবং বাঁশঝাড় কেটে নিয়ে যায়। সব মিলিয়ে দুই শতাধিক গাছ কেটে ব্যাপক ক্ষতিসাধন করেছে বলে দাবি করা হয়েছে।
এ ছাড়া, দাবিকৃত টাকা না দিলে এবং এ বিষয়ে মামলা-মোকদ্দমা করলে আকলিমা আক্তার ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও মামলায় অভিযোগ করা হয়েছে। এমনকি তার সন্তানকে অপহরণের হুমকি এবং বৃদ্ধ শ্বশুরকে ঘরে তালাবদ্ধ করে রাখার অভিযোগও করেছেন তিনি।
আরও পড়ুন: কালীগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক গ্রেপ্তার
ভুক্তভোগী আকলিমা আক্তার বলেন, “আমরা নিজেদের ক্রয়কৃত জমিতে গাছ লাগিয়েছি। স্বামী মারা যাওয়ার পর থেকে আমাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে প্রতিপক্ষ বিভিন্নভাবে অত্যাচার করে আসছে। সর্বশেষ আমার দুই শতাধিক গাছ কেটে নিয়ে গেছে। প্রতিবাদ করলে আমাকে ও আমার সন্তানদের হত্যার এবং সন্তান অপহরণের হুমকি দেওয়া হচ্ছে। এখন আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
তিনি আরও বলেন, এ ঘটনায় ন্যায়বিচার ও পরিবারের নিরাপত্তার জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন।
অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আরও পড়ুন: বরিশালে চিকিৎসককে মারধরের অভিযোগে যুবদল নেতা ইমরান হোসেন গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন