১২:৪৮ পি.এম
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-র বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ভেনেজুয়েলা সংস্থাটি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। শুক্রবার এই ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।
ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের সময় সংঘটিত কথিত মানবতাবিরোধী অপরাধের বিষয়ে আইসিসির চলমান তদন্ত চলাকালীন এই সিদ্ধান্তের ঘোষণা এসেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
আরও পড়ুন: আল-সাইয়েদের হেগসেথকে পদত্যাগের আহ্বান
প্যারাষ্ট্রমন্ত্রী ফেলিক্স প্লাসেন্সিয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, কারাকাস জাতিসংঘকে তাদের আইসিসি থেকে নিজেদের প্রত্যাহারের 'দৃঢ় ও অপরিবর্তনীয় সিদ্ধান্তের' বিষয়ে জানান দিয়েছে। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের বাহিনী জানুয়ারিতে মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর, দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।
প্লাসেন্সিয়া মন্তব্য করেছেন, ‘ভেনেজুয়েলা বিশ্বাস করে, আদালতের কার্যক্রমে প্রমাণিত ভৌগোলিক পক্ষপাত রয়েছে। এর কার্যক্রম আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলোর প্রতি অসমভাবে বেশি কেন্দ্রীভূত হয়েছে।’
তবে, নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আইসিসি জানিয়েছে, তারা ভেনেজুয়েলার প্রত্যাহারের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো নোটিশ পায়নি।
আইসিসি তাদের এক বিবৃতিতে বলেছে, ‘গুরুতর আন্তর্জাতিক অপরাধের দায়মুক্তি বন্ধে সম্মিলিত প্রচেষ্টা থেকে সরে যাওয়ার যেকোনো সিদ্ধান্তে আমরা দুঃখ প্রকাশ করছি।’ আদালত জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার কার্যকর করতে এক বছর সময় লাগে।
আরও পড়ুন: নগরকান্দায় চাল কম দেওয়ার তথ্য সংগ্রহকালে সাংবাদিক মোস্তফার ওপর হামলা
বিবৃতিতে আরো বলা হয়েছে, প্রত্যাহারের পরে ‘সদস্য রাষ্ট্র হিসেবে থাকা অবস্থায় যে দায়বদ্ধতা সৃষ্টি হয়েছে, তা বহাল থাকবে।’
আইসিসি আরও জানিয়েছে, ‘প্রত্যাহারের ফলে এর আগে শুরু হওয়া কোনো অপরাধ তদন্ত বা বিচারপ্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত বিদ্যমান সহযোগিতার বাধ্যবাধকতার ওপর কোনো প্রভাব পড়বে না।’
ভেনেজুয়েলায় ২০১৪ সাল থেকে বিক্ষোভ দমনের সময় সংঘটিত কথিত মানবতাবিরোধী অপরাধের বিষয়ে বর্তমানে আইসিসি তদন্ত চালিয়ে যাচ্ছে।
২০২৫ সালের ডিসেম্বরে ভেনেজুয়েলার পার্লামেন্ট আইসিসির প্রতিষ্ঠার মূল দলিল ‘রোম স্ট্যাটিউট’ বাতিলের উদ্যোগ নিয়েছিল। এর আগে ভেনেজুয়েলার সরকারের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আদালত কারাকাসের অফিস বন্ধ করে দেয়।
আরও পড়ুন: আল-সাইয়েদ যা বলেন, তা বিশ্বাস করেন: সারাহ জুকাকু
চলতি বছরের মার্চ মাসে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে ভেনেজুয়েলার করা অভিযোগও আইসিসি খারিজ করে দেয়।
প্লাসেন্সিয়ার এই ঘোষণা আসে যখন আইসিসির সদস্য দেশগুলো শুক্রবার শীর্ষ কৌঁসুলি করিম খানকে যৌন নিপীড়নের অভিযোগের কারণে পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন।
তার আইনজীবীরা শুক্রবার বলেছেন, অপসারণের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আপিল বা আইনি পদক্ষেপ নেবেন।
২০২৪ সালে ৫৬ বছর বয়সী ব্রিটিশ নাগরিক করিম খান গাজা উপত্যকায় কথিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেছিলেন।
আরও পড়ুন: নির্বাসিত নেতাদের দেশে ফেরা ঘিরে নাটকীয় ঘটনা
২০২৫ সালে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর যুক্তরাষ্ট্র আইসিসি ও এর বিচারকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে প্রতিক্রিয়া জানিয়েছে।
যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধসহ বিশ্বের সবচেয়ে গুরুতর অপরাধের বিচারের জন্য অভিযুক্ত ব্যক্তিদের আইসিসি আদালতে আনা হয়। উল্লেখযোগ্য, যুক্তরাষ্ট্র ও ইসরাইল—কোনো দেশই এর সদস্য নয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন