০১:১০ পি.এম
যশোরের অভয়নগরের শিল্প-বাণিজ্য এবং নৌবন্দর নওয়াপাড়ার প্রাণপ্রবাহ ভৈরব নদ ক্রমাগত নাব্যতা হারাচ্ছে। নদীর বিভিন্ন স্থানে পলি জমে চর জেগে ওঠার কারণে পণ্যবাহী নৌযান চলাচলে ব্যাঘাত ঘটছে। কিছু জায়গায় জাহাজের তলদেশ নদীর চরে আটকে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এই কারণে ব্যবসায়ী, নৌযান মালিক এবং শ্রমিকরা বিপাকে পড়ছেন। দীর্ঘদিন ধরে চলা এই সংকটের সমাধানে কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণ না করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে।
সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, নওয়াপাড়া নৌবন্দর এলাকায় ভৈরব নদীর বিভিন্ন অংশের পানির গভীরতা কমে গেছে। নদীর তলদেশে পলি জমে কিছু জায়গায় চরও জেগে উঠেছে। বিশেষ করে ভাটার সময় পণ্যবাহী কার্গো ও বড় নৌযান চলাচলে চরম ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে। জোয়ারের অপেক্ষায় নৌযানগুলোকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, ফলে পণ্য পরিবহনে সময় ও ব্যয় উভয়ই বৃদ্ধি পাচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, নদী দখল, দূষণ, অপরিকল্পিত নদী ব্যবস্থাপনা এবং কার্যকর খনন কার্যক্রমের অভাবে ভৈরব নদ তার স্বাভাবিক প্রবাহ হারাচ্ছে। নদীর দুই তীরে বিভিন্ন স্থাপনা, জেটি ও ঘাট নির্মাণের কারণে নদীর স্বাভাবিক গতিপথ সংকুচিত হচ্ছে। পাশাপাশি পলি জমে নাব্যতা কমে যাওয়ায় নওয়াপাড়া নৌবন্দরের স্বাভাবিক কার্যক্রমও হুমকির মুখে পড়েছে।
আরও পড়ুন: হুমায়ুন কবির: পিটার হাসের সঙ্গে বৈঠক ছিল অনানুষ্ঠানিক ও ব্যবসায়িক
নওয়াপাড়া দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ-বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত। এই বন্দরের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে সার, কয়লা, সিমেন্ট, পাথর এবং খাদ্যশস্যসহ বিভিন্ন পণ্য পরিবহন ও সরবরাহ করা হয়। ভৈরব নদে নাব্যতা সংকট দীর্ঘস্থায়ী হলে এর প্রভাব বন্দরের সামগ্রিক ব্যবসা-বাণিজ্যে পড়বে। এতে ক্ষতিগ্রস্ত হবেন এ খাতের সঙ্গে জড়িত হাজারো শ্রমজীবী মানুষ।
স্থানীয় ব্যবসায়ী নুরে আলম বাবু জানান, নদে নাব্যতা সংকটের কারণে পণ্যবাহী জাহাজ থেকে মালামাল ওঠানো-নামানো কঠিন হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রেই জাহাজকে কাঙ্ক্ষিত ঘাটে ভিড়তে সমস্যা হচ্ছে। ফলে পণ্য পরিবহনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির আশঙ্কা বাড়ছে।
তাদের অভিযোগ, ভৈরব নদ খননের উদ্যোগ নেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয়। নিয়মিত খনন কার্যক্রমের পাশাপাশি সঠিক পরিকল্পনা ও তদারকি নিশ্চিত করা জরুরি। অন্যথায় কোটি কোটি টাকা ব্যয়ে খনন করেও কাঙ্ক্ষিত সুফল পাওয়া সম্ভব হবে না।
নদীবন্দর সংশ্লিষ্টদের মতে, নওয়াপাড়া বন্দরের বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় ভৈরব নদের নাব্যতা রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, অবৈধ দখল ও স্থাপনা অপসারণ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ খনন নিশ্চিত না করা হলে ভবিষ্যতে বন্দরটির কার্যক্রম আরও সংকুচিত হতে পারে।
আরও পড়ুন: তৃতীয় গ্যাস টার্মিনালে ৬ হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ এনসিপির
এদিকে বন্দর ব্যবহারকারী ফারুক হোসেন জানান, ভৈরব নদের নাব্যতা সংকট নিয়ে বারবার আলোচনা হলেও দৃশ্যমান ও টেকসই সমাধান মিলছে না। ফলে নদীর বুকজুড়ে পলি জমে চর সৃষ্টি হচ্ছে এবং ক্রমেই বিপন্ন হয়ে পড়ছে নওয়াপাড়া নৌবন্দরের ব্যবসা-বাণিজ্য।
ব্যবসায়ী আ: সালামের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত নদীর প্রকৃত অবস্থা পর্যালোচনা করে পরিকল্পিত খনন কার্যক্রম পরিচালনা করা। পাশাপাশি নদী দখল ও দূষণ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। ভৈরব নদকে বাঁচানো গেলে শুধু নৌবন্দরই সচল থাকবে না, রক্ষা পাবে নওয়াপাড়ার শিল্প-বাণিজ্য এবং হাজারো মানুষের জীবন-জীবিকা।
তিনি আরও জানান, ভৈরব নদের নাব্যতা সংকটের বিষয়টি নতুন নয়। এর আগে বিভিন্ন প্রতিবেদনে নদী দখল, পলি জমা এবং অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে নওয়াপাড়া নৌবন্দরের কার্যক্রম ব্যাহত হওয়ার কথা উঠে এসেছে।
বিআইডব্লিউটিএর উপসহকারী মাসুদ রানা জানান, নদী খননের কাজ চলমান রয়েছে। একসাথে সব জায়গায় কাজ করা সম্ভব হচ্ছে না। সবখানে কাটা হবে।
আরও পড়ুন: বাংলাদেশ ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন