০৯:৫৪ পি.এম
মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমিত হোসেন কবির আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তার সঙ্গে ইউনিয়ন পরিষদের ৯ জন সদস্য এবং শতাধিক নেতাকর্মী-সমর্থকও দল থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন।
বুধবার (১৫ জুলাই) বিকেলে চেয়ারম্যানের নিজ বাসভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সব ধরনের সাংগঠনিক পদ ও রাজনৈতিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন অমিত হোসেন কবির।
এ সময় উপস্থিত থেকে মৌখিকভাবে দল থেকে অব্যাহতির ঘোষণা দেন ইউনিয়ন পরিষদের সদস্য আমির হোসেন, মো. পায়েল বেপারী, মো. রুহুল হাওলাদার, মো. মিল্টন মিয়া, মো. রফিকুল হাওলাদার, মো. রিন্টু, মো. জসিম, মো. হুমায়ুন কাজী এবং সংরক্ষিত নারী সদস্য মোসা. হাওয়া বেগম। তাদের এ সিদ্ধান্তে শতাধিক নেতাকর্মী-সমর্থক সমর্থন জানান।
আরও পড়ুন: নূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আশুলিয়ার জামগড়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া
সংবাদ সম্মেলনে অমিত হোসেন কবির বলেন, “জনগণের সেবা এবং তাদের পাশে থাকার লক্ষ্যেই আমি আওয়ামী লীগের রাজনীতি করতাম। বর্তমান পরিস্থিতিতে দলের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় জনগণের স্বার্থ বিবেচনায় আমি আওয়ামী লীগের সব ধরনের পদ ও রাজনৈতিক পরিচয় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে দলের সঙ্গে আমার কোনো সাংগঠনিক সম্পৃক্ততা থাকছে না।”
তিনি আরও বলেন, “আমি জনগণের ভোটে দুইবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান দায়িত্ব। বর্তমান বাস্তবতায় নিষিদ্ধ ঘোষিত একটি দলের সঙ্গে থেকে জনগণের কল্যাণে কার্যকরভাবে কাজ করা সম্ভব নয়। তাই আমি দল থেকে অব্যাহতি নিয়েছি। আমার সঙ্গে ইউনিয়ন পরিষদের ৯ জন সদস্যও একই সিদ্ধান্ত নিয়েছেন।”
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা চেয়ারম্যানের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানান।
উল্লেখ্য, প্রতিবেদনে উল্লিখিত রাজনৈতিক বক্তব্য ও সিদ্ধান্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে।
আরও পড়ুন: চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন