ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সুন্দরবনে অভিযান: আসাবুর বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও জিম্মি উদ্ধার


সুন্দরবনে অভিযান: আসাবুর বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও জিম্মি উদ্ধার

সুন্দরবনের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কোস্ট গার্ডের পৃথক অভিযানে কুখ্যাত দস্যু আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা (৪৫)-কে আটক করা হয়েছে। এ অভিযানের সময় দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়, এবং দস্যুদের হাতে জিম্মি থাকা এক জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র লেফটেন্যান্ট এম এইচ রিফাত এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সুন্দরবনে বনদস্যু দমনে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খাল সংলগ্ন এলাকায় মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে আসাবুর বাহিনী এক জেলেকে জিম্মি করে রেখেছে।

আরও পড়ুন: আ. লীগ ও অঙ্গসংগঠনের নেতাদের ধরিয়ে দিলে পুরস্কারের ঘোষণা প্রশাসক সাখাওয়াতের

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি কাঠের নৌকা ও জিম্মি জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল বনের গহিনে পালিয়ে যায়।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৯ নভেম্বর) মধ্যরাত ১টায় দাকোপের মল্লিক বাড়ি এলাকা দিয়ে পালানোর চেষ্টা করার সময় আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানাকে আটক করা হয়। আটক আসাবুর সানা খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুতারখালী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে দুটি দেশীয় ওয়ান শুটার ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এর আগে ২০২৪ সালের ১২ নভেম্বরেও আসাবুরকে আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছিল; পরে জামিনে মুক্তি পেয়ে সে আবারও সুন্দরবনে দস্যুতা শুরু করে।

অন্যদিকে, শনিবার (২৮ নভেম্বর) দুপুর ২টায় কোস্ট গার্ড স্টেশন দোবেকির নিয়মিত টহল চলাকালে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন আড়পাঙ্গাশিয়া নদী সংলগ্ন এলাকায় সন্দেহজনক একটি কাঠের নৌকায় তল্লাশি চালিয়ে ডাকাতদের রসদসহ নৌকাটি জব্দ করা হয়। সে সময় ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় ডাকাত দল শনাক্ত করা সম্ভব হয়নি। জব্দকৃত নৌকা ও রসদ দোবেকি ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: এক বছরে ফিলিস্তিনিদের ওপর ১২০০ হামলা করেছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা

প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র লেফটেন্যান্ট এম এইচ রিফাত বলেন, “সরকারের সুস্পষ্ট নির্দেশনা, সবার সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নারী সমাবেশ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩০ পি.এম


নাটোরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নারী সমাবেশ অনুষ্ঠিত

নাটোর, ২৯ নভেম্বর ২০২৬ : জেলা তথ্য অফিসের উদ্যোগে আজ নলডাঙ্গা উপজেলায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার, ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এই নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার।

জেলা তথ্য অফিসার মো. আ. আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সাজেদুর রহমান।

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে জিপিএমএস কর্মপরিকল্পনার আওতায় এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গৃহীত অগ্রাধিকারমূলক পদক্ষেপ সম্পর্কে আলোচনা করেন। এ সময় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ কর্মসূচী, ধর্মীয় নেতাদের প্রদত্ত মাসিক সম্মানী ভাতা, নতুন কুঁড়ি স্পোর্টস ইত্যাদি কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি এসব কর্মসূচীর সুফল সম্পর্কেও ধারণা প্রদান করা হয়।

এছাড়া, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার নীতি অনুসরণ, নিরাপদ খাদ্য গ্রহণ, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধ, গ্রাম আদালত ও লিগ্যাল এইডের কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। এ সময় ডেঙ্গু প্রতিরোধে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক বছরে ফিলিস্তিনিদের ওপর ১২০০ হামলা করেছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩০ পি.এম


এক বছরে ফিলিস্তিনিদের ওপর ১২০০ হামলা করেছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা

অধিকৃত পশ্চিম তীরে চলতি বছরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অন্তত ১ হাজার ২০০টি অপরাধ ও হামলা সংঘটিত করেছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা। এই হামলাগুলোর ফলে সাতজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং ২৬০ জন আহত হয়েছেন। দেশটির সংবাদমাধ্যম ওয়াইনেট এই তথ্য প্রকাশ করেছে, যা ইসরাইলি সেনাবাহিনীর সরকারি তথ্যের ভিত্তিতে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের তুলনায় চলতি বছরে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের ‘ইহুদি জাতীয়তাবাদী অপরাধের’ সংখ্যা ৭৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালে ইসরাইলি সেনাবাহিনী ৬৭৫টি হামলার ঘটনা নথিভুক্ত করেছিল। ওই বছর এসব হামলায় ছয়জন ফিলিস্তিনি নিহত হন এবং ১৪৯ জন আহত হন।

২০২৫ সালেও হামলা ও হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ওই বছরে ইসরাইলি সেনাবাহিনীর হিসাব অনুযায়ী, বসতি স্থাপনকারীরা ৮৪৫টি হামলা চালান, যার ফলে চারজন ফিলিস্তিনি নিহত হন এবং ২০০ জন আহত হন।

সব মিলিয়ে ২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ২ হাজার ৭২০টি ‘ইহুদি জাতীয়তাবাদী অপরাধের’ ঘটনা নথিভুক্ত হয়েছে। এই ঘটনার ফলে ১৭ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং ৬০৯ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে হামলার সংখ্যা বৃদ্ধির পেছনে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজের নেওয়া একটি সিদ্ধান্তের বিষয়টি উল্লেখ করা হয়েছে। দায়িত্ব গ্রহণের পর তিনি ইসরাইলি সেনাবাহিনীকে নির্দেশ দেন, যাতে ইহুদি ইসরাইলি নাগরিকদের প্রশাসনিক আটকাদেশের আওতায় না রাখা হয়। এর ফলে বসতি স্থাপনকারীদের গ্রেপ্তার ও আটক করার ক্ষেত্রে ইসরাইলি বাহিনীর ক্ষমতা উল্লেখযোগ্যভাবে সীমিত হয়ে পড়ে।

প্রশাসনিক আটকাদেশ একটি ব্যবস্থা, যার মাধ্যমে কোনো ব্যক্তিকে অভিযোগ গঠন বা বিচার ছাড়াই মাসের পর মাস আটক রাখা যায়। ইসরাইলি কর্তৃপক্ষের এই কঠোর ব্যবস্থা বর্তমানে মূলত ফিলিস্তিনিদের ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে। বর্তমানে হাজার হাজার ফিলিস্তিনি ইসরাইলের বিভিন্ন আটককেন্দ্রে বন্দি রয়েছেন।

ইসরাইলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইহুদি বসতি স্থাপনকারীদের প্রশাসনিক আটকের বাইরে রাখার সিদ্ধান্তের পর পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলা ও সহিংসতার ঘটনা বৃদ্ধি পেয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী হিসেবে ৫ প্রতিষ্ঠান নিয়োগ করেছে বাংলাদেশ ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩১ পি.এম


খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী হিসেবে ৫ প্রতিষ্ঠান নিয়োগ করেছে বাংলাদেশ ব্যাংক

খেলাপি ঋণ আদায় কার্যক্রমের গতি বাড়ানোর জন্য বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতির কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক পাঁচটি প্রতিষ্ঠানকে মধ্যস্থতাকারী হিসেবে তালিকাভুক্ত করেছে। এই প্রতিষ্ঠানগুলো ঋণগ্রহীতা এবং ঋণদাতাদের (ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি) মধ্যে সমঝোতার মাধ্যম হিসেবে কাজ করবে।

রোববার বাংলাদেশ ব্যাংক থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। তালিকাভুক্ত পাঁচটি প্রতিষ্ঠান হলো—বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিআইএসি), সিটিজেনস অল্টারনেটিভ ডিসপুট রেজোল্যুশন হাউস, হুদহুদ সলিউশনস পিএলসি, লবিং অ্যান্ড দ্য ল (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড ও মার্স ফিন্যান্সিয়াল অ্যান্ড লিগ্যাল কনসালট্যান্সি লিমিটেড।

গত ২০ আগস্ট বাংলাদেশ ব্যাংক প্রকাশিত বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) জন্য মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তিকরণ-সংক্রান্ত নীতিমালার আওতায় এই তালিকা প্রকাশ করা হয়েছে। নীতিমালার অধীনে গত ৮ সেপ্টেম্বর পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর মোট ২৩টি আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই ও মূল্যায়ন শেষে ন্যূনতম যোগ্যতা অর্জনকারী পাঁচটি প্রতিষ্ঠানকে চূড়ান্ত করা হয়েছে।

শর্ত অনুযায়ী, এই তালিকাভুক্তির মেয়াদ আগামী তিন বছর পর্যন্ত কার্যকর থাকবে। মেয়াদ শেষ হওয়ার অন্তত ৯০ দিন আগে নবায়নের আবেদন করতে হবে এবং প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত নিয়ম অনুসারে বার্ষিক প্রতিবেদন জমা দিতে হবে। শর্ত বা নির্দেশনা পালনে ব্যর্থ হলে কিংবা যুক্তিসংগত কারণে বাংলাদেশ ব্যাংক যেকোনো সময় কোনো প্রতিষ্ঠানের তালিকাভুক্তি স্থগিত বা বাতিল করতে পারবে। এ ছাড়া মধ্যস্থতা কার্যক্রম আরও বিস্তৃত করতে শিগগিরই দ্বিতীয় পর্যায়ে আরও যোগ্য প্রতিষ্ঠান তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কবিতার ছন্দে, স্লোগানের ভাষায় স্মরণীয় কবি নাজমুল হক নজীর

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩১ পি.এম


কবিতার ছন্দে, স্লোগানের ভাষায় স্মরণীয় কবি নাজমুল হক নজীর

কিছু মানুষ চলে গিয়েও মানুষের হৃদয়ে বেঁচে থাকেন তাঁদের কর্ম ও সৃষ্টির মধ্য দিয়ে। কবি নাজমুল হক নজীর ছিলেন তেমনই একজন মানুষ। তিনি ছিলেন কবি, সাহিত্যিক ও স্লোগানের কবি। তাঁর কবিতায় ফুটে উঠত জীবনবোধ, সমাজচেতনা ও প্রতিবাদের ভাষা। আর স্লোগানে প্রকাশ পেত মানুষের অধিকার, দাবি ও জাগরণের আহ্বান। প্রয়াণের ১১ বছর পেরিয়ে গেলেও তাঁর কবিতা ও স্লোগানের ভাষায় আজও তাঁকে স্মরণ করেন সাহিত্যপ্রেমীরা।

কবির জীবন, সাহিত্যচর্চা ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ফরিদপুরের বোয়ালমারীতে অনুষ্ঠিত হয়েছে ‘নাজমুল হক নজীর : জীবন ও কবিতা’ শীর্ষক আলোচনা সভা।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় কবি নাজমুল হক নজীরের ১১তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে জীবন চর্চা কেন্দ্রের উদ্যোগে বোয়ালমারী জি. কে. কিন্ডারগার্টেন চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কবি সখিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জীবন চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট গাজী শাহিদুজ্জামান লিটন।

অনুষ্ঠানে কবি নাজমুল হক নজীরের জীবন, সাহিত্যকর্ম, কবিতার দর্শন ও সৃজনশীলতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা কে. এম. জহুরুল হক, কবি কাজী মসিউর রহমান কচি, কবিবন্ধু শেখ আফছারউদ্দিন, কবি ও সম্পাদক আনোয়ারুজ্জামান ঝন্টু, বোয়ালমারী বার্তার সম্পাদক অ্যাডভোকেট কোরবান আলী, সাপ্তাহিক চন্দনার সম্পাদক কবি কাজী হাসান ফিরোজ, সহযোগী অধ্যাপক রবীন কুমার লস্কর, কবি সাজ্জাদুর রহমান, বোয়ালমারী প্রেসক্লাবের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, কবি ও শিক্ষক আ. গফ্ফার শেখ, সাংবাদিক মনিরুজ্জামান ও আমীর চারু বাবলু প্রমুখ।

আলোচকেরা কবির সাহিত্যকর্মের পাশাপাশি তাঁর প্রতিবাদী ও গণমুখী সত্তার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, কবি নাজমুল হক নজীর শুধু কবিতার কবি ছিলেন না, তিনি ছিলেন স্লোগানের কবি। তাঁর স্লোগানে প্রকাশ পেত সময়ের দাবি, মানুষের আকাঙ্ক্ষা ও প্রতিবাদী চেতনা। কবিতা ও স্লোগানের মাধ্যমে তিনি মানুষের কথা তুলে ধরেছেন। তাঁর সাহিত্যকর্ম সংরক্ষণ ও চর্চার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন।

অনুষ্ঠানের আবেগঘন মুহূর্ত তৈরি হয় কবির পরিবারের সদস্যদের স্মৃতিচারণে। পরিবারের পক্ষ থেকে স্মৃতিচারণ করেন কবির সন্তান সাইফুল্লাহ নজীর মামুন এবং ছোটভাই এনামুল হক রুবেল। তাঁদের স্মৃতিচারণে উঠে আসে কবির ব্যক্তিজীবন, পারিবারিক সম্পর্ক, স্নেহ-মমতা, জীবনবোধ এবং সাহিত্যকে ঘিরে তাঁর গভীর ভালোবাসার নানা স্মৃতি।

আলোচনা সভায় কবি নাজমুল হক নজীরের নির্বাচিত কবিতা থেকে আবৃত্তি করেন সংস্কৃতিকর্মী শরীফ শাহিনুর আলম, ইকবাল আজিজ মীমার্সি ও জাহিদুল হক পল্লব। কবিতার ছন্দ ও আবেগময় আবৃত্তিতে অনুষ্ঠানজুড়ে তৈরি হয় এক মনোমুগ্ধকর সাহিত্যিক পরিবেশ।

আলোচনা, স্মৃতিচারণ ও কবিতাপাঠের মধ্য দিয়ে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সাহিত্যপ্রেমী ও সুধীজন। আয়োজনটি হয়ে ওঠে কবির জীবন ও সাহিত্যকর্মকে নতুন করে জানার এবং তাঁর সৃষ্টিকে স্মরণ করার এক আন্তরিক প্রয়াস।

প্রয়াণের ১১ বছর পেরিয়ে গেলেও কবি নাজমুল হক নজীরের স্মৃতি আজও অমলিন। তাঁর কবিতা, স্লোগান ও সাহিত্যকর্মের মধ্য দিয়ে তিনি বেঁচে থাকবেন পাঠক ও মানুষের হৃদয়ে। কারণ, মানুষের জীবন একদিন থেমে গেলেও তাঁর ভালো কাজ ও সৃষ্টিই তাঁকে যুগের পর যুগ স্মরণীয় করে রাখে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%