সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
১১:৪৭ এম
বাংলাদেশের চিংড়ি শিল্প দেশের অন্যতম প্রধান রপ্তানি আয়ের উৎস হিসেবে পরিচিত। এই শিল্পের কেন্দ্রবিন্দু বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা। গলদা ও বাগদা চিংড়ি চাষের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ওপর ভিত্তি করে ভেনামি চিংড়ি চাষ নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। তবে, উৎপাদন বাড়ানোর বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও বিদ্যুতের উচ্চমূল্য এবং সংযোগ পাওয়ার জটিলতা চিংড়ি চাষিদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
চাষিদের এই সমস্যার সমাধান করতে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহ এবং সহজে সংযোগ পাওয়ার বিষয়টি সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরেছেন কানাডা বিএনপির সহসভাপতি সৈয়দ আমিনুল ইসলাম মুকুল। সম্প্রতি, তিনি ১৭ বছর পর বাগেরহাটের ফকিরহাট উপজেলার সৈয়দ মহল্লায় নিজ গ্রামের বাড়িতে ফিরে আসেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গ্রামবাসী এবং চিংড়ি চাষিদের একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে আধুনিক প্রযুক্তিতে চিংড়ি চাষের সম্ভাবনা, উৎপাদন বৃদ্ধি এবং চাষিদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।
মুঠোফোনে আলোচনায় যুক্ত ছিলেন বাংলাদেশ সরকারের মৎস্য মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। তিনি বাগেরহাট জেলার মৎস্য চাষে গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন এবং মৎস্য খাতের উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত প্রণোদনা ও পরিকল্পনার বিষয় তুলে ধরেন।
চিংড়ি চাষিরা তাঁদের প্রধান সমস্যা হিসেবে চিংড়ির পোনার সংকট, মৎস্য খাদ্যের উচ্চমূল্য, জলাবদ্ধতা, বিদ্যুতের উচ্চমূল্য, সংযোগ পেতে জটিলতা এবং প্রয়োজনীয় অবকাঠামোর অভাবের কথা তুলে ধরেন। তাঁরা সহজ শর্তে বিদ্যুৎ সংযোগ এবং সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহের দাবি জানান। সৈয়দ আমিনুল ইসলাম মুকুল এ বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে উত্থাপনের আশ্বাস দেন।
রবিবার (২২ নভেম্বর) বিকেলে, সৈয়দ আমিনুল ইসলাম মুকুল জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. জিয়াউল হক এবং বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বাগেরহাটের চিংড়ি চাষিদের জন্য সহজ পদ্ধতিতে বিদ্যুৎ সংযোগ প্রদান এবং সরকারি প্রণোদনার আওতায় সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দুই মন্ত্রণালয়ের সচিব এ বিষয়ে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের সভায় প্রস্তাব উপস্থাপনের আশ্বাস দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমানে চিংড়ি চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার ক্রমাগত বাড়ছে। বিশেষ করে ভেনামি চিংড়ি চাষে তুলনামূলক বেশি উৎপাদনের সম্ভাবনা রয়েছে। প্রচলিত গলদা ও বাগদা চাষের তুলনায় ভেনামি চিংড়ি চাষে প্রতি একরে প্রায় ১ হাজার ২০০ কেজি পর্যন্ত উৎপাদনের সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক বাজারে চাহিদা, তুলনামূলক বেশি বাজারমূল্য এবং কম সময়ে উৎপাদনের সুযোগ থাকায় এ চাষে আগ্রহী হচ্ছেন অনেক উদ্যোক্তা।
তবে ইনটেনসিভ ও সেমি-ইনটেনসিভ পদ্ধতিতে অধিক ঘনত্বে চিংড়ি চাষের জন্য সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানিতে পর্যাপ্ত অক্সিজেন বজায় রাখতে নিয়মিত এয়ারেটর চালানো, ঘেরের পানি ওঠানো-নামানোর জন্য সাবমার্সিবল পাম্প ব্যবহার এবং রাতে নিরাপত্তা ও নজরদারির জন্য ঘেরের চারপাশে আলোর ব্যবস্থা করতে হয়। এসব কার্যক্রম পরিচালনায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের বিকল্প নেই।
চাষিরা অভিযোগ করেন, বিদ্যুৎ সংযোগ না থাকলে জেনারেটরের মাধ্যমে এসব কার্যক্রম পরিচালনা করতে হয়, যা অত্যন্ত ব্যয়বহুল। অনেক উদ্যোক্তা দূরদূরান্ত থেকে বৈদ্যুতিক খুঁটি ও তার টেনে বিপুল অর্থ ব্যয় করে সংযোগ নিতে বাধ্য হচ্ছেন। এরপরও তাঁদের তুলনামূলক বেশি বিদ্যুৎ বিল গুনতে হচ্ছে।
চাষিদের দাবি, বিদ্যুতের প্রচলিত মূল্য কাঠামোতেও বৈষম্য রয়েছে। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, শিল্প সংযোগে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১২ টাকা ৭৩ পয়সা। অন্যদিকে আবাসিক সাধারণ গ্রাহকের প্রথম স্ল্যাবে প্রতি ইউনিটের দাম ৪ টাকা ৭৩ পয়সা। সেচ সংযোগে সরকার আরও ৩০ শতাংশ প্রণোদনা বা ভর্তুকি দিয়ে থাকে। অথচ দেশের অন্যতম প্রধান রপ্তানি আয়ের উৎস চিংড়ি শিল্পে ব্যবহৃত বিদ্যুতের ক্ষেত্রে এ ধরনের বিশেষ সুবিধা না থাকায় উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে বলে অভিযোগ করেন চাষিরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৩২৩-এর সংসদ সদস্য এলিজা জামান এবং দৈনিক খোলা বাজারের সম্পাদক ও প্রকাশক মো. জহিরুল ইসলাম কলিম।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, চিংড়ি চাষিদের সহজ শর্তে বিদ্যুৎ সংযোগ এবং সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা গেলে উৎপাদন ব্যয় কমার পাশাপাশি চিংড়ির উৎপাদন বৃদ্ধি পাবে। একই সঙ্গে দেশের রপ্তানিমুখী মৎস্য খাত শক্তিশালী হবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের আরও বড় সম্ভাবনা উন্মোচিত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেবের ৫৫৭তম জন্মবার্ষিকী উদ্যাপনের জন্য ২৩০০-এর বেশি ভারতীয় শিখ তীর্থযাত্রী পাকিস্তানে পৌঁছেছেন। রোববার (২২ নভেম্বর) তারা ওয়াগাহ সীমান্তের মাধ্যমে পাকিস্তানে প্রবেশ করেন। পাকিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এ বছর ভারত থেকে মোট ২ হাজার ৩৩৯ জন শিখ তীর্থযাত্রী আসেন।
পাকিস্তানের ইভাকুই ট্রাস্ট প্রপার্টি বোর্ডের (ইটিপিবি) মুখপাত্র আমির হাশমি জানিয়েছেন, ভারত থেকে আসা তীর্থযাত্রীরা নানকানা সাহিবে গুরু নানকের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তাঁদের জন্য পাকিস্তানের হাইকমিশন প্রায় ৩ হাজার ১০০টি ভিসা প্রদান করেছে।
ওয়াগাহ সীমান্তে তীর্থযাত্রীদের স্বাগত জানান ইটিপিবির চেয়ারম্যান কামার জামান, সচিব নাসির মুশতাক, পাকিস্তান শিখ গুরুদ্বারা প্রবন্ধক কমিটির সভাপতি ও পাঞ্জাবের সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী সর্দার রমেশ সিং অরোরা এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় তীর্থযাত্রী দলের নেতাদের ফুল দিয়ে বরণ করা হয়।
তীর্থযাত্রীদের যাতায়াতকে সহজতর করতে সীমান্তে অভিবাসন ও ব্যাগেজ তল্লাশির জন্য বিশেষ কাউন্টার স্থাপন করা হয়। নিরাপত্তা নিশ্চিত করতে রেঞ্জার্স সদস্যদের মোতায়েন করা হয়। এছাড়া, মুদ্রা বিনিময়, পরিচয়পত্র তৈরি ও বাসের টিকিট দেওয়ার ব্যবস্থা রাখা হয়।
হাশমি জানান, তীর্থযাত্রীরা তিনটি পৃথক বহরে কঠোর নিরাপত্তার মধ্যে নানকানা সাহিবের উদ্দেশে রওনা হয়েছেন। আগামী ২৪ নভেম্বর গুরু নানকের জন্মস্থান গুরুদ্বারা জন্মস্থান-এ মূল ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০ হাজারের বেশি শিখ ওই আয়োজনে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। উৎসবের আনুষ্ঠানিকতা ২২ নভেম্বর শুরু হয়ে ২৪ নভেম্বর পর্যন্ত চলবে।
অনুষ্ঠানে পাকিস্তানের ধর্মবিষয়ক ফেডারেল মন্ত্রী সর্দার মুহাম্মদ ইউসুফসহ কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে থাকবে ভোগ, অখণ্ড পাঠ সাহিব এবং ঐতিহ্যবাহী পালকিবাহী শোভাযাত্রা নগর কীর্তন।
ইটিপিবির চেয়ারম্যান কামার জামান বলেন, পাকিস্তানে অবস্থানকালে ভারতীয় তীর্থযাত্রীরা যেন কোনো অসুবিধায় না পড়েন, সে জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে, তাঁরা ভালোবাসা, শান্তি ও ভ্রাতৃত্বের স্মৃতি নিয়ে দেশে ফিরবেন।
এদিকে, পাকিস্তান শিখ গুরুদ্বারা প্রবন্ধক কমিটির সভাপতি ও পাঞ্জাবের সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী রমেশ সিং অরোরা ভারতের প্রতি কার্তারপুর করিডর দ্রুত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। এই করিডরের মাধ্যমে শিখ তীর্থযাত্রীরা কার্তারপুরের গুরুদ্বারা দরবার সাহিবে যেতে পারেন। ২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘাতের পর করিডর দিয়ে যাতায়াত বন্ধ করে দেয় ভারত।
ভারত থেকে আসা আকাল তখত কর্তৃপক্ষের নেতা কালদীপ সিং গুরগাজ বলেন, পাকিস্তানের সঙ্গে শিখ সম্প্রদায়ের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সম্পর্ক রয়েছে। তিনি মন্তব্য করেন, দেশটিতে তাঁদের গুরুদ্বারগুলো নিরাপদে সংরক্ষিত আছে। দিল্লি গুরুদ্বারা ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধি দলের নেতা পরমজিৎ সিং বলেন, গুরু নানকের স্মৃতিবিজড়িত হওয়ায় শিখদের কাছে পাকিস্তানের বিশেষ গুরুত্ব রয়েছে।
মূল অনুষ্ঠান শেষে ২৫ নভেম্বর তীর্থযাত্রীরা ফারুকাবাদের গুরুদ্বারা সাচা সৌদা পরিদর্শন করবেন। এরপর হাসান আবদালে গিয়ে গুরুদ্বারা পাঞ্জা সাহিবে রাত কাটাবেন। ২৭ নভেম্বর তাঁরা নারোওয়ালের কার্তারপুরে গুরুদ্বারা দরবার সাহিবে যাবেন। ২৯ ও ৩০ নভেম্বর লাহোরের বিভিন্ন ঐতিহাসিক গুরুদ্বারা পরিদর্শন শেষে ১ ডিসেম্বর ওয়াগাহ সীমান্ত দিয়ে সড়কপথে ভারতে ফিরবেন।
ধর্মীয় উৎসব ও বিশেষ দিবস উপলক্ষে ভারতীয় শিখদের পাকিস্তান সফর একটি নিয়মিত ঘটনা। এর আগে গত জুনে গুরু অর্জন দেবের মৃত্যুবার্ষিকী জোড় মেলা উপলক্ষে প্রায় ৬০০ শিখ তীর্থযাত্রী পাকিস্তানে এসেছিলেন। এ ছাড়া এপ্রিলে বৈশাখী উৎসব উদ্যাপনে ভারতীয় শিখদের জন্য প্রায় ২ হাজার ৮০০টি ভিসা দেওয়া হয়েছিল। তথ্যসূত্র: দ্য ডন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : স্বাস্থ্য মন্ত্রণালয় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতালের (নিনস) বিভিন্ন বিভাগে অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত ১০ চিকিৎসককে পদায়ন করেছে।
এই পদায়নগুলো নিউরোলজি, নিউরোসার্জারি, ফার্মাকোলজি, নিউরো-ফিজিওলজি ও ইন্টারভেনশনাল নিউরোলজির মতো গুরুত্বপূর্ণ বিভাগে করা হয়েছে। চিকিৎসকদের নির্দেশ দেওয়া হয়েছে যে, তারা আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন।
স্বাস্থ্য সেবা বিভাগের পক্ষ থেকে এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনের আওতায়, নিউরোলজি, নিউরো সার্জারি, ফার্মাকোলজি, নিউরো-ফিজিওলজি, ইন্টারভেনশনাল নিউরোলজি এবং রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে পদায়নকৃত চিকিৎসকদের নাম উল্লেখ করা হয়েছে।
পদায়নপ্রাপ্ত চিকিৎসকদের মধ্যে রয়েছেন— ডা. মাহমুদুল ইসলাম, ডা. আব্দুল আলীম, ডা. মোহাম্মদ সাঈদ হাসান, ডা. শামিম রশিদ, ডা. মোহা. বখতিয়ার আযম, ডা. মো. মাহবুবুল আলম, ডা. ফরহাদ হোসেন চৌধুরী, ডা. মোহাম্মদ আশরাফুল হক, ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম এবং ডা. মুহ. রফিকুল ইসলাম।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ডা. মাহমুদুল ইসলাম ও ডা. আব্দুল আলীমকে অধ্যাপক, নিউরোলজি পদে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতালে পদায়ন করা হয়েছে। ডা. মোহাম্মদ সাঈদ হাসানকে অধ্যাপক, নিউরোলজি পদে ওএসডি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে যুক্ত করা হয়েছে।
এছাড়া, ডা. শামিম রশিদকে অধ্যাপক, নিউরো-ফিজিওলজি এবং ডা. মোহা. বখতিয়ার আযম ও ডা. মো. মাহবুবুল আলমকে অধ্যাপক, ইন্টারভেনশনাল নিউরোলজি পদে পদায়ন করা হয়েছে।
নিউরো সার্জারি বিভাগে অধ্যাপক হিসেবে পদায়ন পেয়েছেন ডা. ফরহাদ হোসেন চৌধুরী, ডা. মোহাম্মদ আশরাফুল হক ও ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম। তাদের মধ্যে ডা. ফরহাদ হোসেন চৌধুরীকে হাসপাতালে এবং অন্য দুজনকে ওএসডি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত রেখে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, ডা. মুহ. রফিকুল ইসলামকে অধ্যাপক, ফার্মাকোলজি পদে পদায়ন করা হয়েছে।
পৃথক প্রজ্ঞাপনে অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত ডা. সাবিনা জেসমিনকে অধ্যাপক, ফার্মাকোলজি এবং ডা. এ কে এম গোলাম কবীরকে অধ্যাপক, রেডিওলজি অ্যান্ড ইমেজিং পদে পদায়ন করা হয়েছে। তাদের উভয়কেই ওএসডি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদের আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। অন্যথায়, পরবর্তী কর্মদিবসে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন।
জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।
মাদক কারবারির নাম মো. সাকিব আহম্মেদ (২৪) বলে জানা গেছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রোববার সকালে শনির আখড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে ৫০ কেজি গাঁজা, একটি মোবাইল ফোন এবং মাদক পরিবহনের জন্য ব্যবহৃত একটি জিপ গাড়ি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের কেন্দ্রে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে। গতকাল (২২ নভেম্বর) ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ নামক সড়কটির নামফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।
শিকাগো সিটি কাউন্সিল সর্বসম্মতিক্রমে সড়কটির নামকরণের প্রস্তাবটি অনুমোদন করেছে। গত ২৩ সেপ্টেম্বর, সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস এই সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন।
ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
শিকাগোর স্থানীয় সময় রোববার দুপুর ১২টায়, বৃষ্টিভেজা পরিবেশে আয়োজিত নামফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, শিকাগো সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস, এ উদ্যোগের উদ্যোক্তা ও বাংলাদেশি কমিউনিটি নেতা শাহ মোজাম্মেল নান্টু এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ।
এছাড়া শিকাগোর বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে শাহ মোসাদ্দেক মিন্টু, জসীমউদ্দীন, ইকবাল কবির, দুলু মিয়া, হাদী ভূঁইয়া, মাহির শাহ, ফরহাদ আহমেদ, কাউন্টি শেরিফের প্রতিনিধি সালমান আফতাব, শাহ মোশাররফ ও ডা. মনজুরুল হক উপস্থিত ছিলেন।
সড়কটির পাশে অবস্থিত শিকাগোর বিখ্যাত উইলিস টাওয়ার, যা একসময় সিয়ার্স টাওয়ার নামে পরিচিত ছিল। ১১০ তলাবিশিষ্ট এই ভবনের কাঠামোগত নকশা করেছিলেন বাংলাদেশি প্রকৌশলী ফজলুর রহমান খান, যিনি বিশ্বব্যাপী এফ আর খান নামে পরিচিত। একসময় বিশ্বের সর্বোচ্চ ভবন হিসেবে পরিচিত উইলিস টাওয়ারের পাশেই এখন শোভা পাচ্ছে বাংলাদেশের আরেক বিশিষ্ট ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার নামে নামকরণ করা সড়কের নামফলক।
প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, শিকাগোর বাংলাদেশি কমিউনিটির নেতা শাহ মোজাম্মেল নান্টুর উদ্যোগে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিকে সঙ্গে নিয়ে এ নামকরণের কার্যক্রম পরিচালিত হয়।
সড়কটির নামকরণের ক্ষেত্রে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা ও রাজনৈতিক অবদান বিবেচনায় নেওয়া হয়েছে। তিনি বাংলাদেশের জনগণের ভোটে তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর আপসহীন ভূমিকা এবং দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর জনপ্রিয়তা বিশেষভাবে বিবেচনা করা হয়।
এছাড়া জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবারই বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার বিষয়টিও নামকরণের প্রস্তাবে তুলে ধরা হয়।
উল্লেখ্য, ২০১৪ সালে শিকাগো শহরের অপর একটি সড়কের নামকরণ করা হয় ‘অনারারি জিয়াউর রহমান ওয়ে’।
তালাশ বিডি/মিডিয়া লিঃ