সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
১১:৫১ এম
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনকে সামরিক এবং অন্যান্য খাতে সহযোগিতা প্রদান করায় জার্মানদের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে। অভিযোগ উঠেছে যে, দেশের অর্থনীতিকে শক্তিশালী করার পরিবর্তে ইউক্রেনকে অধিক গুরুত্ব দিচ্ছেন চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস।
প্রায় চার বছর আগে ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছিল জার্মানির সাধারণ জনগণ। যুদ্ধ শুরু হওয়ার পর, জার্মানিতে লাখ লাখ ইউক্রেনীয় শরণার্থী আশ্রয় পেয়েছেন। রুশ হামলা থেকে ইউক্রেনকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অন্যান্য দেশের মতো জার্মানিও এগিয়ে এসেছে। দেশটির জনগণের করের টাকায় নগদ অর্থ, বিপুল পরিমাণ সমরাস্ত্রসহ বিভিন্ন খাতে সহায়তা প্রদান করেছে জার্মানি।
কিন্তু, সময়ের সাথে সাথে পরিস্থিতি পরিবর্তিত হতে শুরু করেছে। সাম্প্রতিক জরিপগুলোতে দেখা যাচ্ছে, ইউক্রেনকে প্রতিশ্রুতির চেয়ে বেশি সহযোগিতা প্রদান করা হয়েছে, ফলে দেশটির জনগণের মধ্যে অসন্তোষের বীজ বপন হচ্ছে।
জার্মানির প্রায় সাড়ে আট কোটি জনসংখ্যার আঠারো বছরের বেশি বয়সী নাগরিকদের মধ্যে, চারভাগের এক ভাগ মনে করছে, ইউক্রেনকে প্রদত্ত সামরিক, আর্থিক এবং মানবিক সহায়তা এখনই বন্ধ করা উচিত।
সর্বমোট, ইউক্রেনকে সহায়তা প্রদান বিরোধী অবস্থানে রয়েছে প্রায় ৪২ শতাংশ সাধারণ জার্মান। জরিপের ফলাফল অনুযায়ী, এই যুদ্ধের সমাপ্তির জন্য মস্কো ও বার্লিনের মধ্যে সংলাপের প্রয়োজনীয়তা অনুভব করছেন দেশটির ৪৯ শতাংশ জনগণ।
এদিকে, ইউক্রেনের অর্থনীতি পুনর্গঠনে ইইউর সম্মিলিত তহবিল থেকে আরও ২২০ মিলিয়ন ইউরো সহায়তা প্রদান এবং জার্মান শিল্প উদ্যোক্তাদের ইউক্রেনে বিনিয়োগের আহ্বান জানানোয় চ্যান্সেলর মের্ৎসের বিরুদ্ধে কড়া সমালোচনা করেছে দেশটির প্রধান বিরোধী রাজনৈতিক দল এএফডি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলি ইরানের বিরুদ্ধে যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে তদন্তের দাবি তুলেছেন। তিনি সামরিক অভিযানের উদ্দেশ্য, হামলার জন্য নির্ধারিত স্থাপনা এবং অস্ত্রের পেছনে ব্যয় করা বিশাল অর্থের হিসাব চাওয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে এই যুদ্ধের জন্য জবাবদিহি করতে হবে বলে উল্লেখ করেছেন।
মার্ক কেলি মার্কিন সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, “এই ব্যর্থ সংঘাতের জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে।”
অ্যারিজোনা অঙ্গরাজ্যের এই সিনেটর যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সাবেক পাইলট। তিনি সিনেটের সশস্ত্র বাহিনী ও গোয়েন্দাবিষয়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। কেলি ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের কৌশলগত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন।
কেলি জানতে চেয়েছেন, ইরানে সামরিক অভিযান পরিচালনার পেছনে যুক্তরাষ্ট্রের কোনো সুস্পষ্ট কৌশলগত লক্ষ্য ছিল কি না। নাকি এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল দেশটিতে যতটা সম্ভব ধ্বংসযজ্ঞ চালানো।
তিনি বলেন, “আমি হামলার লক্ষ্যবস্তুর তালিকা দেখতে চাই।” একই সঙ্গে তিনি এসব হামলার অনুমোদন কে বা কারা দিয়েছে, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন। কেলি ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্রের পেছনে কয়েক হাজার কোটি ডলার ব্যয়ের সিদ্ধান্ত কীভাবে নেওয়া হয়েছে, সেই হিসাবও জানতে চান।
কেলির এই বক্তব্য এমন এক সময় এসেছে, যখন আগামী জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ডেমোক্র্যাটরা। ফলে ইরান যুদ্ধ পরিচালনায় ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে কংগ্রেসে আরও কঠোর তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করার সুযোগ তৈরি হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মানিকগঞ্জ, ২৩ নভেম্বর ২০২৬ : ঘন কুয়াশার কারণে ২ ঘণ্টা ২০ মিনিটের জন্য স্থগিত থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল আবার শুরু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আবদুস সালাম জানিয়েছেন, আজ ভোর রাত ৩.২০ মিনিটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল স্থগিত করা হয়েছিল। ২ ঘণ্টা ২০ মিনিট পর যখন ঘন কুয়াশা কমে যায়, তখন পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।
তিনি আরো জানান, বর্তমানে সব ফেরি পূর্ণ যাত্রী নিয়ে নির্বিঘ্নে চলাচল করতে সক্ষম হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার নামে একটি সড়কের নামফলক উন্মোচন করা হয়েছে। স্থানীয় সময় রোববার দুপুরে এক অনুষ্ঠানে শিকাগো সিটির অ্যালডারম্যান (কাউন্সিলম্যান) গিলবার্ট ভিলেগাস নামফলকটি উন্মোচন করেন।
উইলিস টাওয়ারের কাছে আপার ওয়াকার ড্রাইভের একটি অংশের নামকরণ করা হয়েছে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’। উল্লেখ্য, বাংলাদেশের খ্যাতিমান স্থপতি এফ আর খানের নকশায় নির্মিত উইলিস টাওয়ার (সাবেক সিয়ার্স টাওয়ার) এর পাশেই সড়কটির অবস্থান রয়েছে।
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানকে স্মরণীয় করে রাখতে গত ২৩ সেপ্টেম্বর নামকরণের প্রস্তাবটি গিলবার্ট ভিলেগাস উত্থাপন করেন। সেই প্রস্তাবের ভিত্তিতে সড়কটির নতুন নামকরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম মন্তব্য করেন, জীবন ও সংগ্রামের মধ্য দিয়ে খালেদা জিয়া প্রমাণ করেছেন—ক্ষমতা ক্ষণস্থায়ী হলেও আদর্শ, সততা, দেশপ্রেম ও আত্মত্যাগের মহিমা চিরস্থায়ী। এ কারণেই বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে খালেদা জিয়া ‘দেশনেত্রী’ ও ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে স্মরণীয় হয়ে আছেন।
অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ বলেন, শিকাগোর মতো বিশ্বখ্যাত শহরে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ শুধুমাত্র একজন মহান নেত্রীর প্রতি সম্মান নয়; এটি বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রাম, আত্মত্যাগ এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য ঐতিহাসিক গৌরবের মুহূর্ত।
তিনি আরও বলেন, “স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে এক-এগারোর রাজনৈতিক সংকট এবং দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক।
“গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন, কারাবরণ করেছেন; কিন্তু অন্যায় ও স্বৈরশাসনের সঙ্গে কখনো আপস করেননি।”
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বলেন, খালেদা জিয়ার আদর্শ ও গণতন্ত্রের জন্য তার আপসহীন সংগ্রাম আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।
শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শিকাগোর বাংলাদেশি কমিউনিটির সদস্য, রাজনৈতিক ও সামাজিক নেতারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ