১১:৩৫ এম
মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলীপুর ২ নম্বর ওয়ার্ডের মধ্য দিয়ে প্রবাহিত ১০ কিলোমিটার দীর্ঘ খালটি অবৈধ দখল, স্থায়ী বাঁধ নির্মাণ এবং পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে অস্তিত্ব সংকটে পড়েছে। একসময় রায়পুর থেকে খলিফা বাড়ি হয়ে সমিতির হাট বাজার অতিক্রম করে আড়িয়াল খাঁ নদের সঙ্গে সংযুক্ত এই খালটি ছিল এলাকার মানুষের জন্য যাতায়াত, কৃষিকাজ ও দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অবলম্বন। বর্তমানে খালটির বিভিন্ন স্থানে মাটির বাঁধ ও অবৈধ স্থাপনা গড়ে ওঠার ফলশ্রুতিতে পানির স্বাভাবিক প্রবাহ সম্পূর্ণরূপে ব্যাহত হয়েছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে খালটির কোনো ধরনের সংস্কার অথবা খনন না হওয়ায় এটি অব্যাহতভাবে ভরাট হয়ে যাচ্ছে। এর ফলে কৃষি, পরিবেশ এবং জীববৈচিত্র্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে। তারা খালের দ্রুত খনন এবং অবৈধ দখলমুক্ত করার জন্য দাবি জানিয়েছেন।
স্থানীয় যুবক মনির হোসেন আবেগঘন কণ্ঠে মন্তব্য করেছেন, "ছোটবেলায় এই খালে গোসল করেছি, নৌকায় ঘুরেছি, এমনকি নৌকাবাইচও দেখেছি। একসময় এই খাল ছিল আমাদের জীবনের অংশ। কিন্তু এখন অবৈধ বাঁধ ও দখলের কারণে খালটি প্রায় বিলীন হয়ে যাচ্ছে। আমরা চাই সরকার দ্রুত খালটি খনন করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করুক এবং খালের প্রাণ ফিরিয়ে দিক।"
আরও পড়ুন: অফিসে সাংবাদিক এলেই বেঁধে পেটানোর হুমকি!
স্থানীয় কৃষক ফারুক হোসেন বলেছেন, "আগে এই খালের পানি দিয়ে কৃষিজমিতে সেচ দিতাম। কিন্তু বিভিন্ন স্থানে বাঁধ দিয়ে পানি চলাচল বন্ধ করে দেওয়ায় আমরা কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছি। খালটি পুনঃখনন করা হলে কৃষিকাজে অনেক উপকার হবে।"
সরেজমিনে খালের একাধিক স্থানে দেখা যায়, মাটি ফেলে স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়েছে। কোথাও আবার খালের জমি দখল করে স্থায়ী ঘরবাড়ি গড়ে তোলা হয়েছে। এসব কারণে খালের স্বাভাবিক পানি প্রবাহ সম্পূর্ণরূপে ব্যাহত হচ্ছে, এবং ধীরে ধীরে খালটি তার অস্তিত্ব হারাচ্ছে।
এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন জানান, "বর্তমানে উপজেলা জুড়ে খাল খনন কর্মসূচি চলমান রয়েছে। গুরুত্ব বিবেচনায় পর্যায়ক্রমে প্রয়োজনীয় খালগুলো খননের উদ্যোগ নেওয়া হবে।"
স্থানীয়দের মধ্যে আশাবাদ রয়েছে যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে খালটি দখলমুক্ত এবং পুনঃখননের মাধ্যমে এর স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনবে। এতে কৃষি, পরিবেশ এবং এলাকার মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে পাঁচ কিলোমিটার ট্রাক ধাওয়া করে চালক আটক, পরে ৭ দিনের কারাদণ্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন