শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
১১:৩১ এম
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রশাসন গোপালগঞ্জ জেলা ও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। আগামী ২২ নভেম্বর রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মো. মোরাদ হোসেনের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টায় রিজেন্ট বোর্ডের ৬ষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় গোপালগঞ্জ জেলা ও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
এর আগে, ১৭ নভেম্বর জারি করা আগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, রিজেন্ট বোর্ডের ৬ষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে এবং পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সেই ধারাবাহিকতায় সর্বশেষ এ বিজ্ঞপ্তি জারি করা হলো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকায় পুলিশের ভ্যানে একটি বাসের ধাক্কায় অন্তত ছয়জন সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাকিবুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চট্টগ্রামগামী একটি বাস চিনকি আস্তানা এলাকায় পুলিশ ভ্যানটিকে ধাক্কা দেয়।
আহত পুলিশ সদস্য শফিক ও রানাকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য চারজন স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
রাকিবুল জানান, এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিচালিত অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে ৪৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।
আজ ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রাজধানীর বিভিন্ন থানার এলাকায় বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতারকৃতদের আটক করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৪০, লালবাগ বিভাগ থেকে ৫০, ওয়ারী বিভাগ থেকে ৫২, মতিঝিল বিভাগ থেকে ৪৭, তেজগাঁও বিভাগ থেকে ৬৩, মিরপুর বিভাগ থেকে ১০৩, গুলশান বিভাগ থেকে ৪৮, উত্তরা বিভাগ থেকে ৫৩ এবং গোয়েন্দা বিভাগ থেকে ১৮ জনকে আটক করা হয়েছে।
অভিযানের সময় দুটি হাত বোমা, আটটি ছুরি, দুইটি চাপাতি, একটি রাম দা, একটি অটোরিকশা, ১১১টি মোবাইল, ৫ হাজার ৭২০ পিস ইয়াবা, ৩৩ কেজি ২ গ্রাম গাঁজা, পাচ বোতল দেশি মদ এবং একজন ভিকটিম উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বৈরী আবহাওয়ার কারণে সাগরের উত্তাল অবস্থার ফলে জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপে আটকা পড়েছেন দুই বিশ্ববিদ্যালয়ের ৯৬ শিক্ষক-শিক্ষার্থী। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের ৩১ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের ৬৫ জন শিক্ষার্থী এই দলে রয়েছেন।
আটকা পড়া জাবিপ্রবির শিক্ষার্থীদের মধ্যে একজন, মোজাহিদ সিফাত, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। তার হাঁটুর প্যাটেলা (Patella) স্থানচ্যুত হয়েছে। দ্বীপে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা না থাকায় তার উন্নত চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। তবে টেকনাফে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
অন্যদিকে, দীর্ঘ সময় আটকে থাকার কারণে শিক্ষার্থীদের খাবারের জন্য বরাদ্দ করা অর্থও প্রায় শেষ হয়ে এসেছে। তারা কবে দ্বীপ ছাড়তে পারবেন, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
জানা গেছে, জাবিপ্রবির ৩১ জনের দলে দুই শিক্ষক ও ২৯ শিক্ষার্থী রয়েছেন। শিক্ষার্থীদের মধ্যে ১৩ জন নারী এবং ১৬ জন পুরুষ। তারা গত ১৭ নভেম্বর সমাজকর্ম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যাচ ট্যুরে সেন্ট মার্টিনে গিয়েছিলেন। ১৯ নভেম্বর তাদের ফিরে আসার কথা ছিল। কিন্তু আবহাওয়ার অবনতি হওয়ায় জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদের দ্বীপেই অবস্থান করতে হচ্ছে। বর্তমানে তারা উত্তর বিচের বিন্দু ইকো রিসোর্টে রয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকসহ ৩১ জন সেন্ট মার্টিনে আটকা পড়েছেন। তাদের একজন মোটরসাইকেল দুর্ঘটনায় পায়ে আঘাত পেয়েছেন। ভ্রমণের নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় তারা আর্থিক সংকটেও পড়েছেন। দ্রুত তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আহত শিক্ষার্থীকে সকালে টেকনাফ হাসপাতালে নেওয়ার কথা রয়েছে।’
সমাজকর্ম বিভাগের প্রভাষক হোসাইন মাহমুদ বলেন, ‘আমরা গত মঙ্গলবার সেন্ট মার্টিনে এসেছিলাম। বৃহস্পতিবার ফেরার কথা ছিল। কিন্তু বুধবার রাত ৮টার দিকে হঠাৎ জানানো হয়, বৃহস্পতিবার জাহাজ চলাচল বন্ধ থাকবে। বিষয়টি আগে জানানো হলে আমরা আসার টিকিট বাতিল করতে পারতাম। আগামী ১ ডিসেম্বর থেকে তাদের পরীক্ষা শুরু হওয়ার কথা। তবে ফরম পূরণের বিষয়টিও রয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের একাডেমিক ইন্টার্নশিপ চলমান থাকায় দ্বীপে আটকে পড়ার কারণে সেটিও বিলম্বিত হচ্ছে।’
বিভাগটির শিক্ষার্থী আমান উল্লাহ বলেন, ‘আমরা ১৭ নভেম্বর ব্যাচ ট্যুরে এসেছিলাম। ১৯ নভেম্বর ফেরার কথা ছিল। কিন্তু আবহাওয়া খারাপ হওয়ায় জাহাজ চলাচল বন্ধ রয়েছে। আমাদের একজন সহপাঠী মোটরসাইকেল দুর্ঘটনায় হাঁটুর প্যাটেলা স্থানচ্যুত হয়ে আহত হয়েছে। এখানে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেই। এ ছাড়া ফেরার জন্য বিভিন্ন জায়গায় আগাম টিকিট করা রয়েছে। খাবারের জন্য বরাদ্দ বাজেটও প্রায় শেষ। সব মিলিয়ে আমরা দুশ্চিন্তায় আছি।’
সেন্টমার্টিন হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার শহিদুল ইসলাম জানান, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় সিফাত নামে এক পর্যটক হাসপাতালে আসে। মোটরসাইকেল দুর্ঘটনায় তার হাঁটুর হাড় সরে গেছে। আমরা প্রাথমিকভাবে দেখেছি। তবে এ ধরনের চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা এখানে নেই।’
কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আহত পর্যটককে উন্নত চিকিৎসার জন্য টেকনাফে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাঁকে স্থানান্তর করা ঝুঁকিপূর্ণ।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, ‘আটকে পড়া শিক্ষক-শিক্ষার্থীরা আর্থিক সংকটে পড়লে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। তাঁদের খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।’
একই দ্বীপে আটকা পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৬৫ শিক্ষক-শিক্ষার্থী। বিভাগের সভাপতি অধ্যাপক ড. মানিকুল ইসলাম জানান, ‘আমরা ভয়াবহ ঘূর্ণিঝড়ের মধ্যে আটকা পড়েছিলাম। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। কবে ফিরতে পারব, তা নিয়ে সবাই উদ্বিগ্ন।’
এদিকে আটকে পড়া জাবিপ্রবির শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে সমাজকর্ম বিভাগ। একই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপদে ফিরিয়ে আনতে প্রশাসনের পরামর্শ ও সহযোগিতা চেয়েছেন বিভাগের চেয়ারম্যান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জীবনের প্রতিটি মুহূর্ত অনিশ্চয়তায় পরিপূর্ণ। মহানবী (সা.) প্রতিদিন সকালে ও সন্ধ্যায় নিচে উল্লেখিত দোয়াটি পাঠ করতেন, যা বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল-আফিয়াতা ফিদ্দুনইয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল-আফিয়াতা ফি দিনি ওয়া দুনইয়াইয়া, ওয়া আহলি ওয়া মালি। আল্লাহুম্মাসতুর আওরাতি ওয়া আমিন রাওআতি। আল্লাহুম্মাহফাজনি মিন বাইনি ইয়াদাইয়্যা ওয়া মিন খালফি, ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি, ওয়া মিন ফাওকি। ওয়া আউযু বিআজামাতিকা আন উগতালা মিন তাহতি।
অর্থ : হে আল্লাহ! আমি আপনার নিকট দুনিয়া ও আখিরাতে ক্ষমা এবং নিরাপত্তা চাই। আমি আমার দ্বীন, দুনিয়া, পরিবার ও সম্পদের জন্য ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা করছি। হে আল্লাহ! আমার গোপন ত্রুটিগুলোকে ঢেকে রাখুন এবং আমার ভয়কে নিরাপত্তায় রূপান্তর করুন। আমাকে রক্ষা করুন আমার সামনে, পেছনে, ডানে, বাঁয়ে এবং উপরের দিক থেকে। আর আপনার মহত্ত্বের মাধ্যমে নিচ থেকে আক্রমণ থেকে আশ্রয় চাই। (আবু দাউদ : ৫০৭৪)
আমল : দোয়াটি নিরাপত্তাহীনতার সময় এবং সাধারণ অবস্থায় প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজের পর পাঠ করলে নিরাপত্তার সুফল পাওয়া যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ