০৮:৪০ পি.এম
ফেনী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাত দলের সক্রিয় সদস্য, কিশোর গ্যাংয়ের সদস্য, মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সুপার নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর দিকনির্দেশনায় ফেনী মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ৭ ও ৮ নভেম্বর পৃথকভাবে অভিযান পরিচালনা করে এসব আসামিকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গত ৮ নভেম্বর রাত আনুমানিক ৩টার সময় ফেনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাছির পাড়া সাকিনের পুরাতন জেলখানার প্রায় ৫০ গজ পূর্বে তিন রাস্তার মোড় এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালানো হয়। সেখান থেকে ডাকাত দলের ৮ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: মৌলভীবাজার-২ আসনের সাবেক এমপি শাহিনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো. ইব্রাহিম (২৫), মো. মনির হোসেন (৩০), শহিদুল আলম ওরফে খান সাব (৩৭), নাজিম পাটোয়ারী (৩৬), মো. ইলিয়াস (৩৩), মো. রিয়াদ (২০), মো. আরিফুল ইসলাম বাবু (২৬) এবং মো. শহিদুল ইসলাম শুভ (২৬)। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
একই অভিযানে মাদক ব্যবসায়ী মো. ইমন (২০) ও আরিয়ান হোসেন আরিফ (১৯) কে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তারা দুজন কুমিল্লার নাঙ্গলকোট থানার হরিপুর এলাকার বাসিন্দা। এছাড়া ১টি সিআর সাজা পরোয়ানা, ৩টি জিআর পরোয়ানা ও ৩টি সিআর পরোয়ানাভুক্ত আসামিসহ মাদকসেবীদেরও গ্রেফতার করা হয়।
অন্যদিকে, গত ৭ নভেম্বর অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন শরিফুল ইসলাম (১৫), মো. জিহাদ (১৬), ইসমাইল হোসেন (১৫), আবু সামিয়া নিরব (১৬) এবং ইফতেখার হোসেন (১৫)।
এ ঘটনায় ফেনী মডেল থানায় এফআইআর নং-১৫, জিআর নং-৭০৬, ধারা- 15(3)/25D, The Special Powers Act, 1974 এ মামলা রুজু করা হয়েছে। পরে ৮ নভেম্বর একই মামলায় কিশোর গ্যাংয়ের আরেক সদস্য সাফায়েত হোসেন (১৫) কে আটক করে আদালতে সোপর্দ করা হয়।
আরও পড়ুন: চৌদ্দগ্রামে ৯ দিন নিখোঁজের পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, পুলিশ সুপারের নির্দেশে মাদক নির্মূলে সদর থানা এলাকার প্রতিটি মাদক স্পটে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা বিঘ্নকারী ও অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন