০৭:১৫ পি.এম
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে ভারতীয় চোরাকারবারীদের লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক। রবিবার (১২ জুলাই) ভোরে এই ঘটনা ঘটেছে।
তবে বিজিবি জানিয়েছে যে, বর্তমানে সীমান্ত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেছেন, রোববার ভোর সাড়ে ৪টার সময় তলুইগাছা বিওপির একটি টহলদল সীমান্তে তাদের দায়িত্ব পালনের সময় মেইন পিলার-১৩ এর কাছে বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহজনক কথাবার্তার শব্দ শুনতে পায়।
আরও পড়ুন: নরসিংদীর ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগতদের দৌরাত্ম্য ও দুর্নীতি
পরে, টহলদল শূন্যরেখা (জিরো লাইন) থেকে বাংলাদেশের প্রায় ৫০ গজ ভেতরে চারাবাড়ি এলাকায় দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে দেখতে পায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করে।
বিজিবি জানায়, টহলদল তাদের থামতে, পরিচয় দিতে এবং আত্মসমর্পণ করতে একাধিকবার নির্দেশ দেয়। কিন্তু তারা তা অমান্য করে ভারতের দিকে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে, নিরাপত্তার স্বার্থে বিজিবি গুলি ছোড়ে। এতে চোরাকারবারিদের বড় ধরনের চোরাচালানের পরিকল্পনা সফলভাবে ভেস্তে যায় বলে দাবি করা হয়েছে বিজিবি থেকে।
গুলির পর চোরাকারবারিরা সীমান্তসংলগ্ন ঝোপঝাড়ের মধ্যে রাতের অন্ধকারে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরে, বিজিবি ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়েও কাউকে আটক করতে পারিনি।
আরও পড়ুন: ফেনীর বেদেপল্লীতে অভিযান, ১৩ লাখ টাকা ও মাদকসহ ১৩ গ্রেপ্তার
বিজিবি আরও জানায়, ঘটনার পর সীমান্ত এলাকায় চোরাচালান ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং তলুইগাছাসহ পার্শ্ববর্তী এলাকায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন