০৬:১৭ পি.এম
বগুড়ার শাজাহানপুরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির অপরাধে বেবী আইসক্রীম ফ্যাক্টরী নামে একটি কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ জুন) দুপুরে বিএসটিআই আঞ্চলিক কার্যালয় বগুড়া এবং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলার মাঝিড়া বাইপাস এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, কারখানাটিতে দীর্ঘদিন ধরে মানহীন কাঁচামাল ব্যবহার করে আইসক্রিম তৈরির কাজ চলছিল এবং নোংরা পরিবেশে আইসক্রিম প্রস্তুত করা হচ্ছিল। এছাড়া, তারা প্যাকেজিংয়ে অন্য ব্র্যান্ডের নাম ব্যবহার করে ভোক্তাদের সাথে প্রতারণা করে যাচ্ছে। এ কারণে বেবী আইসক্রীম ফ্যাক্টরী’র মালিক মো. আব্দুল রাজ্জাককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শাস্তির অংশ হিসেবে আইসক্রিম তৈরির ২৩ সেট ফর্মা ও কাঠি জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন শাজাহানপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি। এ সময় বিএসটিআই বগুড়া অফিসের ফিল্ড অফিসার (সিএম) মো. শাহানূর হোসেন খান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযানে বিএসটিআই’র সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসেন সার্বিক সহযোগিতা করেন।
আরও পড়ুন: হবিগঞ্জে ৫ শতাধিক প্রতিযোগী নিয়ে দিনব্যাপী কোরআন প্রতিযোগিতা ১৪ নভেম্বর
বগুড়া বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক (সিএম) মো. জহুরুল হক জানান, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় এবং মানসম্পন্ন পণ্য নিশ্চিত করতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন