০৯:১৬ পি.এম
নতুন স্বপ্ন, প্রত্যাশা আর জয়ের দৃঢ় প্রত্যয়
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ঐতিহ্যবাহী ‘রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড প্রমীলা ফুটবল একাডেমি’র নারী ফুটবলাররা পার্বত্য জেলা রাঙ্গামাটির উদ্দেশে যাত্রা শুরু করেছে। ২৮ নভেম্বর শনিবার রাঙ্গামাটিতে অনুষ্ঠিতব্য একটি ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য দলটি রাণীশংকৈল থেকে রওনা হয়েছে।
যাত্রার প্রাক্কালে খেলোয়াড়দের শুভকামনা জানাতে এবং বিদায় দিতে উপস্থিত ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা, পরিচালক ও সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক আলী, এবং দলের কোচ সুর্গা মুর্মু। রওনা হওয়ার মুহূর্তে নারী ফুটবলাররা একাডেমির পরিচালক ও কোচের সঙ্গে ফ্রেমবন্দি হন।
আরও পড়ুন: রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পরপর দুই রাতে পেট্রলবোমা হামলা
জাতীয় ও বয়সভিত্তিক পর্যায়ে ইতোমধ্যেই নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছে রাঙ্গাটুঙ্গীর এই অদম্য মেয়েরা। গ্রামীণ জনপদ থেকে উঠে আসা এই ফুটবলাররা এবার পাহাড়ি জনপদ রাঙ্গামাটির মাঠে নিজেদের নৈপুণ্য প্রদর্শনের জন্য মুখিয়ে রয়েছে।
যাত্রাকালে একাডেমির পরিচালক ও সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম খেলোয়াড়দের উদ্দেশে দিকনির্দেশনামূলক উপদেশ দেন এবং তাদের সাফল্য কামনা করেন। স্থানীয় ক্রীড়ামোদী ও এলাকাবাসীর প্রত্যাশা, রাঙ্গাটুঙ্গীর এই সাহসী মেয়েরা বরাবরের মতো এবারও চমৎকার ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করে রাণীশংকৈল তথা পুরো ঠাকুরগাঁও জেলার মুখ উজ্জ্বল করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন