০৩:৫৭ পি.এম
কুমিল্লা, ২২ নভেম্বর ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রবীণ নেতা মোক্তল হোসেন সর্দার (৮০) কে কুমিল্লা জেলা বিএনপি সংবর্ধনা প্রদান করে তাঁর দীর্ঘ রাজনৈতিক অবদানের প্রতি শ্রদ্ধা জানায়। গতকাল শনিবার (২১ নভেম্বর) রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর হাইস্কুল প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রবীণ এই নেতার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
মোক্তল হোসেন সর্দার রাজনীতির দীর্ঘ পথচলায় কখনো গ্রাম পঞ্চায়েতের প্রধান, কখনো গ্রাম সরকারের নির্বাচিত প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে বিএনপিতে যোগ দিয়ে তিনি দলের দুঃসময়ে সংগঠনের পাশে ছিলেন। তিনি উপজেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়েছেন। মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি এখন অনেকটাই বাকরুদ্ধ। তবে দলের নেতাকর্মীদের কাছে তিনি একজন ত্যাগী ও পরীক্ষিত অভিভাবক হিসেবে পরিচিত।
আরও পড়ুন: শিক্ষামন্ত্রী: উৎপাদন ও উদ্ভাবনে জ্ঞান কাজে লাগাতে ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ জরুরি
স্থানীয় বিএনপি নেতারা জানান, ভিপি ওয়াসিমের নির্দেশনায় দলের দুঃসময়ের পরীক্ষিত ও ত্যাগী নেতাদের মূল্যায়নের অংশ হিসেবে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটিতে মোক্তল হোসেন সর্দারের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পাঁচথুবী ইউনিয়নের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে মোক্তল হোসেন সর্দার দীর্ঘদিন ধরে পরিচিত মুখ। তিনি স্থানীয়ভাবে ১২ সমাজের সর্দার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং গ্রাম সরকারের নির্বাচিত প্রধান হিসেবে সাধারণ মানুষের নানা সমস্যা সমাধানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। স্থানীয়দের কাছে তিনি কেবল একজন রাজনৈতিক নেতা নন, বরং এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী হিসেবেও পরিচিত।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে বিএনপির রাজনীতিতে যুক্ত হন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে আদর্শ সদর উপজেলা বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি উপজেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন। বর্তমানে তিনি দলের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। দলের কঠিন সময়েও তাঁর রাজনৈতিক অবস্থান ও সাংগঠনিক ভূমিকার কারণে স্থানীয় নেতা-কর্মীদের কাছে তিনি একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি।
জীবনের শেষ প্রান্তে এসে কঠিন সময় পার করছেন এই প্রবীণ নেতা। বর্তমানে ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোগের কারণে বাকশক্তিও অনেকটা হারিয়েছেন। চিকিৎসার অংশ হিসেবে নিয়মিত কেমোথেরাপি দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: হামের উপসর্গে এক দিনে ৯ শিশুর মৃত্যু, দুই মাসের মধ্যে সর্বোচ্চ
জেলা বিএনপির নেতা মো. আজগর হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও পাঁচথুবী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. জহিরুল হক। এ সময় সদর উপজেলা বিএনপির বৃক্ষ রোপণ বিষয়ক সম্পাদক হাসান আবুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আদর্শ সদর উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম সোহেল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন