০৬:২০ পি.এম
দিনাজপুরের চিরিরবন্দরে সীমান্তে যৌথ অভিযানে বিদেশে পাচারের উদ্দেশ্যে বহন করা ৩৮ কোটি ৫৭ লাখ টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই অভিযানের সময় আন্তর্জাতিক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে।
গত ১৩ আগস্ট দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের নেতৃত্বে বিজিবি, দিনাজপুর ক্যাম্প, র্যাব-১৩ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল চিরিরবন্দর উপজেলার আমবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে তিনটি কাচের জারে সংরক্ষিত আনুমানিক ৫ কেজি ৭০০ গ্রাম সাপের বিষসহ ১টি প্রাইভেটকার, ২টি মোটরসাইকেল, ৪টি মোবাইল ফোন এবং ৬টি সিমকার্ড জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামলের মোট সিজার মূল্য ধরা হয়েছে ৩৮ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৮০০ টাকা।
আরও পড়ুন: চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের উদ্যোগ
আটক ব্যক্তিরা হলেন দিনাজপুরের চিরিরবন্দরের দামুর এলাকার মোকলেসুর হকের পুত্র মো. জাহাঙ্গীর আলম (৪৩), দিনাজপুর সদরের ছোট গুড়গোলা এলাকার মৃত এ কে এম শহিদুল ইসলামের পুত্র মো. সালাউদ্দিন সান্জু (৪১), ফুলবাড়ীর ক্ষেত দেখি এলাকার মৃত আব্দুল মজিদের পুত্র মো. আনিছুর রহমান (৫৫), এবং বিরামপুরের কৃন্দনহাট এলাকার মৃত মোবারকের পুত্র উজ্জল আলী (৫৪)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিরা একটি আন্তর্জাতিক সংঘবদ্ধ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা এর আগেও একাধিকবার পার্শ্ববর্তী দেশে সাপের বিষ পাচার করেছে। উদ্ধার করা বিষটিও বিদেশে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল।
অভিযানের দিনেই আটক ব্যক্তিদের জব্দকৃত আলামতসহ চিরিরবন্দর থানায় হস্তান্তর করা হয়।
পরবর্তীতে আদালতের নির্দেশনায় গত ১৯ আগস্ট হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ল্যাবরেটরিতে রাসায়নিক পরীক্ষা সম্পন্ন হলে জব্দকৃত তরলটি সাপের বিষ হিসেবে নিশ্চিতভাবে শনাক্ত হয়।
আরও পড়ুন: বর্ষবার্তা'র মোড়ক উন্মোচন করলেন মানবকণ্ঠের সম্পাদক শহিদুল ইসলাম
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, মূল্যবান বন্যপ্রাণীজাত পণ্যসহ যেকোনো ধরনের আন্তঃসীমান্ত অপরাধ, মাদক ও চোরাচালান দমনে বিজিবির কঠোর নজরদারি এবং গোয়েন্দাভিত্তিক অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন