ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নারী নির্যাতনে অপরাধীর দায়মুক্তি বন্ধের দাবি নাগরিক সমাজের


নারী নির্যাতনে অপরাধীর দায়মুক্তি বন্ধের দাবি নাগরিক সমাজের

নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা বন্ধে প্রতিবাদ করার পাশাপাশি অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা উল্লেখ করেছেন, প্রতিবছর নারী নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি ও প্রতিবাদ অনুষ্ঠিত হলেও সহিংসতা কমছে না। বরং অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি এই ধরনের অপরাধকে উৎসাহিত করছে। তাই অপরাধীদের সুরক্ষা নয়, বরং সহিংসতার শিকার নারীর ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ‘নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষ-২০২৬’ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব দাবি জানানো হয়। সেভ দ্য চিলড্রেন আয়োজিত অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা বন্ধ হোক, অপরাধীর দায়মুক্তি নয়—নিশ্চিত হোক ন্যায়বিচার।’

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে সবুজের অভিযানের নাট্যদল সচেতনতামূলক নাটক পরিবেশন করে। টিম তরঙ্গের সদস্যরা আত্মরক্ষার কৌশল প্রদর্শন করেন। বরিশালের আগৈলঝাড়ার নারীরা কাঁসর, ঘণ্টা ও ঢোল বাজিয়ে এবং কুলার বাতাস দিয়ে নৃত্য পরিবেশন করেন। এ ছাড়া রৌদ্রযাত্রা সংগীতদল জাগরণী সংগীত পরিবেশন করে।

আরও পড়ুন: দাফনের ২০ মাস পর সিরাজগঞ্জে কবর থেকে দুই যুবকের লাশ উত্তোলন

বাদাবন সংঘের নির্বাহী পরিচালক লিপি রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্রেকিং দ্য সাইলেন্সের নির্বাহী পরিচালক রোকসানা সুলতানা। তিনি বলেন, পরিবার, কর্মক্ষেত্র ও পথেঘাটে নারীর প্রতি সহিংসতা ঘটছে। প্রতিবছর এসব ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হলেও কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে। সহিংসতার পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা যায়, প্রতি বছর সহিংসতার মাত্রা বাড়ছে। অপরাধীদের দায়মুক্তি নয়, তাদের শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। অপরাধীর শাস্তি হলে সমাজে সচেতনতা বৃদ্ধি পাবে।

সেভ দ্য চিলড্রেনের প্রতিনিধি শারমিন সুলতানা লাবণ্য বলেন, ঘরে-বাইরে নারীর প্রতি প্রতিনিয়ত সহিংসতা ঘটছে। এ বাস্তবতা সমাজের সামনে তুলে ধরতে সকলকে সোচ্চার হতে হবে। একজন নারীকে কর্মক্ষেত্রে ভালো কর্মী, পরিবারে ভালো মা ও স্ত্রী হিসেবে নিজেকে বারবার প্রমাণ করতে হয়। সকাল থেকে রাত পর্যন্ত নানা ভূমিকায় তাকে পরীক্ষার মুখোমুখি হতে হয়।

তিনি আরো বলেন, সমাজে নারীর প্রধান সমস্যা শুধু সহিংসতা নয়, বরং সহিংসতাকে স্বাভাবিকভাবে মেনে নেওয়ার প্রবণতা। ঘরে কিংবা বাইরে কোথাও নারীরা পুরোপুরি নিরাপদ নন। এ পরিস্থিতির পরিবর্তনে ইতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গি তৈরি করা জরুরি।

অনুষ্ঠানে আটটি সংগঠনের পক্ষে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সবুজের অভিযানের নির্বাহী পরিচালক মাহমুদা বেগম। তিনি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারের জন্য নয় দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে, যৌন নির্যাতন ও ধর্ষণসহ সব ধরনের সহিংসতা প্রতিরোধে যুগোপযোগী আইন প্রণয়ন, প্রচলিত আইনের প্রয়োজনীয় সংস্কার এবং যথাযথ বাস্তবায়ন। সহিংসতার শিকার নারীর শারীরিক, মানসিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষতিপূরণের বিধান আইনে অন্তর্ভুক্ত করতে হবে।

আরও পড়ুন: হাতিরঝিলে ইন্টারনেট অফিসে দুর্বৃত্তদের গুলি, ল্যাপটপ ক্ষতিগ্রস্ত

তিনি আরো বলেন, অনলাইন যৌন হয়রানি, সাইবার বুলিং, হুমকি, সম্মতি ছাড়া ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি যৌন নিপীড়নমূলক কনটেন্টের বিরুদ্ধে কার্যকর আইন করতে হবে। এসব অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করা প্রয়োজন। একই সঙ্গে অপরাধের দায়মুক্তির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

দাবিগুলোর মধ্যে আরো রয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করা, অপরাধী ও তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত, ডিজিটাল প্ল্যাটফর্মের জবাবদিহি এবং অনলাইন সহিংসতার শিকার নারীদের জন্য নিরাপদ ও সহজলভ্য অভিযোগ ও প্রতিকারব্যবস্থা গড়ে তোলা। নারীর নিরাপত্তায় রাষ্ট্রীয় উদ্যোগের সঙ্গে সামাজিক ও পারিবারিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৈয়দপুরে কলেজ প্রতিষ্ঠাতা আমজাদ হোসেন ভজের অবদান স্মরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


সৈয়দপুরে কলেজ প্রতিষ্ঠাতা আমজাদ হোসেন ভজের অবদান স্মরণ

নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত হয়েছে সুধী সমাবেশ, যেখানে মকবুল হোসেন ট্রাস্ট একাডেমি ও মকবুল হোসেন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি পাওয়ার বিষয়টি উদযাপন করা হয়। এই সমাবেশটি গত ২৮ নভেম্বর কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এবং সভাপতিত্ব করেন রশিদুল হক সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফরিদ হোসেন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন কারি মাকসুদুর রহমান।

সমাবেশে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আক্তার, যুগ্ন সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, আদর্শ কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, আলফারুক একাডেমির অধ্যক্ষ শফিকুল ইসলাম, খালিসা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আমিরুল ইসলাম, সোনাখুলি কামেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহমেদ আলী সরকার, বিএম কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, অধ্যক্ষ সাহাবাত আলী সাব্বু, প্রভাষক সাদেকুজ্জামান লাবু, প্রভাষক শরিফুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল জব্বার শাহ ও ফারুক হোসেন, হায়াত আলী জাফরীসহ স্থানীয় শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা উল্লেখ করেন, মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি পাওয়া প্রতিষ্ঠান দুটির শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন। এর ফলে এলাকার শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ আরও বৃদ্ধি পাবে। বক্তারা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সাবেক সংসদ সদস্য মরহুম আমজাদ হোসেন সরকারের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তাদের মতে, সৈয়দপুরকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার পেছনে তাঁর অবদান অপরিসীম। শিক্ষার প্রসারে তাঁর উদ্যোগ ও দূরদর্শী ভূমিকা আজও স্মরণীয় হয়ে আছে।

সমাবেশে সাংবাদিক এম আর আলম ঝন্টু, আমিরুজ্জামান, এমএ করিম, ওবায়দুল ইসলাম, অনিক মন্ডল, মোমিন আজাদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা প্রতিষ্ঠান দুটির শিক্ষা কার্যক্রমের উন্নতি ও সাফল্য কামনা করেন। পরে জিপিএ ৫ প্রাপ্তদের ক্রেস্ট প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘোড়াঘাটে মন্ডল ডেইরী ফার্ম ও হাব উদ্বোধন করলেন দুই মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


ঘোড়াঘাটে মন্ডল ডেইরী ফার্ম ও হাব উদ্বোধন করলেন দুই মন্ত্রী

দিনাজপুরের

ঘোড়াঘাটে দুইজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী মন্ডল ডেইরী ফার্ম ও হাব এবং দুগ্ধ শীতলিকরন নামের একটি শিল্প প্রতিষ্ঠান উদ্বোধন করেন। শনিবার বেলা ৩টায় ঘোড়াঘাটের সিপি রোডের মুনশিয়ানা পাড়ায় কৌশিক মন্ডলের মালিকানায় প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির ফিতা কেটে, বেলুন ও কবুতর উড়িয়ে উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রনালয় এবং শিশু ও মহিলা বিষযক মন্ত্রী ডা:এ জেড এম জাহিদ হোসেন ও ধর্ম মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কায়সার হাবিব লিংকন।

উদ্বোধনের পর মন্ত্রীদ্বয় প্রতিষ্ঠানটির বিভিন্ন শাঁখা ঘুরে দেখেন এবং মেশিনে কৃষকের দুধ ঢেলে ফার্মের উদ্বোধন করেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী ডা:এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন ধর্ম প্রতিমন্ত্রী কায়সার হাবিব লিংকন।

এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, ঘোড়াঘাট পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভুমি) আবদুল কায়সার আল মামুন শেখ, ঘোড়াঘাট পৌর বি এন পির সভাপতি ও তিন বারের সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলনসহ মিল্কভিটার কর্মকর্তাগন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঘোড়াঘাট পৌর বি এন পির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মুক্তার হোসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৪১৪,০০০ টাকার মালামাল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৪১৪,০০০ টাকার মালামাল জব্দ

সুনামগঞ্জ, ২৮ নভেম্বর ২০২৬ : জেলার সীমান্তবর্তী অঞ্চলে অভিযান পরিচালনার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অবৈধ ভারতীয় কম্বল, রসুন, ফুসকা প্রভৃতি মালামাল জব্দ করেছে।

জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য চারলাখ ১৪ হাজার টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।

আজ শনিবার বিকেলে সুনামগঞ্জ ব্যাটালিয়ানের (২৮বিজিবি) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য প্রকাশ করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ভোররাতে বিজিবি’র সুনামগঞ্জ ব্যাটালিয়ানের (২৮বিজিবি) চাঁনপুর বিওপি, মাছিমপুর বিওপি এবং চিনাউড়া বিওপির সদস্যরা তাদের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় কম্বল, রসুন, ফুসকা প্রভৃতি মালামাল জব্দ করেন।

বিজিবি’র সুনামগঞ্জ ব্যাটালিয়ানের (২৮বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ এবং মাদক ও অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

তিনি জানান, জব্দকৃত মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধার পলাশবাড়ীতে নবনির্মিত ট্র্যাফিক পুলিশ অফিসের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


গাইবান্ধার পলাশবাড়ীতে নবনির্মিত ট্র্যাফিক পুলিশ অফিসের উদ্বোধন

গাইবান্ধার পলাশবাড়ীতে

নবনির্মিত ট্র্যাফিক পুলিশ অফিসের উদ্বোধন সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাইবান্ধার পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন নতুন এই কার্যালয়ের উদ্বোধন করেন।

জনসাধারণের যাতায়াতকে নির্বিঘ্ন করার পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং ট্র্যাফিক ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও জনবান্ধব করার উদ্দেশ্যে এই অফিস নির্মাণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আলনরাজীব, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) মো.সোহানুর রহমান সোহাগ, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মো.আকতার হোসেন, টিআই এডমিন আলতাব হোসেন, টিআই রাসেল এবং থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) প্রশান্ত কুমার প্রামানিকসহ বিভিন্ন স্তরের পুলিশ কর্মকর্তাগণ এবং স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর মোনাজাত ও দো'আ অনুষ্ঠিত হয়। এরপর পুলিশ সুপার মো.জসিম উদ্দিন তাঁর সহকর্মীদের নিয়ে ট্র্যাফিক পুলিশ অফিস (বক্স) চত্বরে বৃক্ষ রোপণ করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নবনির্মিত ট্র্যাফিক পুলিশ অফিস চালুর ফলে পলাশবাড়ী এলাকায় ট্র্যাফিক পুলিশের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে।

এছাড়া, সড়কে শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এই কার্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে পলাশবাড়ীর সড়ক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। সুশৃঙ্খল সড়ক ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে জেলা পুলিশের এই উদ্যোগকে সচেতন মহল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%