০৫:৪৭ পি.এম
গ্রেপ্তার আলী আকবর ও মোহাম্মদ মোরশেদ প্রকাশ আকিল (বাঁ দিক থেকে)।
চট্টগ্রামের হাটহাজারীতে মেয়ের উপস্থিতিতে নুরুল আজিম প্রকাশ আজম (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
আরও পড়ুন: চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মেখল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খলিফাপাড়ার নুরুল ইসলামের ছেলে আলী আকবর (৫৫) এবং একই এলাকার সিকদার বাড়ির মৃত লাল মিয়া তালুকদারের ছেলে মোহাম্মদ মোরশেদ প্রকাশ আকিল (৩০)।
শনিবার (১১ জুলাই) সকালে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান। এর আগেই শুক্রবার দিবাগত রাতে উপজেলাটির গড়দুয়ারা ইউনিয়ন ও চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানাচ্ছে, শুক্রবার সকালে মেখল ইউনিয়নের খলিফাপাড়ায় নুরুল আজিম প্রকাশ আজম মাছ ধরার জন্য বাড়ির পাশের একটি জমিতে গিয়েছিলেন। সেখানে পূর্বশত্রুতার কারণে কয়েকজনের সঙ্গে তার মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার সময় নিহত আজমের মেয়ে সেখানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে ১১৭২ জন গ্রেপ্তার
এই হত্যার ঘটনায় নিহতের স্ত্রী রাজু আক্তার বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় চারজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। মামলা করা হয়েছে মো. দিদারুল আলম (৪৫), আলী আকবর, মোহাম্মদ মোরশেদ প্রকাশ আকিল এবং সাইফ (২০) নামে অপর আসামিদের বিরুদ্ধে।
হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান বলেছেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন