০৫:৫২ পি.এম
রাজধানীর ডেমরায় ১৩ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজ থাকার চার দিন পর সোমবার (১০ নভেম্বর) নড়াইবাগ এলাকার একটি বালুর মাঠ থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ১৯ বছর বয়সী একজন তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত কিশোরের নাম হামিদুল ইসলাম। সে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ছিল এবং স্পষ্টভাবে কথা বলতে পারত না। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাইতপাড়া ডাকঘরের অনুপমপুর গ্রামে অবস্থিত। বাবুল আহমেদ ও মেহেনুর বেগমের ছেলে হামিদুল পরিবারের সঙ্গে ডেমরার মালা মার্কেটের নড়াইবাগ এলাকায় বসবাস করত।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত ৭ নভেম্বর দুপুর ১২টার দিকে বাসা থেকে বের হওয়ার পর হামিদুল নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে ওই দিনই ডেমরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন স্বজনেরা। পাশাপাশি এলাকায় মাইকিং করে খোঁজ চালানো হয়।
আরও পড়ুন: মানুষের আয় ও ক্রয়ক্ষমতা কমছে, অর্থনীতিতে চাপ বাড়ছে
হামিদুলের ভাই সাইদুল বলেন, এলাকার বিভিন্ন স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তারা একজনকে সন্দেহ করেন। তবে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কিছু স্বীকার করেননি। এরপর চার দিন ধরে এলাকায় খোঁজাখুঁজি ও মাইকিং করা হয়। গতকাল সোমবার নড়াইবাগের বোতল কারখানার পেছনের বালুর মাঠে কয়েকজন কিশোর ফুটবল খেলতে গিয়ে বালুচাপা দেওয়া অবস্থায় হামিদুলের মরদেহ দেখতে পায়।
নিহতের চাচা আবুল কালাম জানান, হামিদুলের মা দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত। তার বাবাও এক মাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের এমন পরিস্থিতির মধ্যে ছেলেটিকে এভাবে হত্যা করা হয়েছে। তারা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চান।
পুলিশের সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারের সময় হামিদুলের মরদেহ অর্ধগলিত অবস্থায় ছিল। নাক, মুখ ও চোখ দিয়ে তরল পদার্থ বের হচ্ছিল। পচনের কারণে মাথা, মুখমণ্ডল, বুক, পিঠ, কোমর, হাত-পা ও আঙুলের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার লিঙ্গ ও অণ্ডকোষ ফোলা ছিল।
প্রতিবেদনে আরো বলা হয়, মরদেহ অতিরিক্ত পচে যাওয়ায় বাহ্যিক আঘাতের সুনির্দিষ্ট চিহ্ন ও ধর্ষণের আলামত স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্জন বালুর মাঠে নিয়ে হামিদুলকে জোরপূর্বক নির্যাতন ও ধর্ষণের চেষ্টা করা হয়। এ সময় সে চিৎকার করলে মুখ ও গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। প্রতিবেদনে আসামির প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনা স্বীকার করার কথাও উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: সশস্ত্র বাহিনীর সৈনিকদের বেতন ১৩৮% বৃদ্ধি, সর্বনিম্ন ২১,৪০০ টাকা
পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে আরিফ হোসেন (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি স্থানীয় একটি হোটেলের কর্মচারী।
পুলিশের জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ হামিদুলকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় ডেমরা থানায় একটি হত্যা মামলা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ডেমরা থানার উপপরিদর্শক শায়ক খসরু বলেন, তারা মরদেহ উদ্ধার করেছেন। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।
আরও পড়ুন: খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে পেট্টোলবোমা মেরে আগুন জ্বালানোর চেষ্টা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন