০২:২৩ পি.এম
ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের এমপি শহিদুল ইসলাম বাবুল বলেছেন, বর্তমান সময়ে সন্তান মানুষ করা সহজ নয়। মায়েদের ভূমিকা সন্তান মানুষ করার ক্ষেত্রে বর্তমানে সবচেয়ে বেশি। সুকুমার বৃত্তির বিকাশ এবং মানবিক মানুষ না হলে মেধার মূল্য থাকবে না।
রবিবার ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে ভাঙ্গা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত ২০২৫ সালের মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদ ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বাবুল জানান, পড়ালেখার জ্ঞান ছাড়া একটি জাতি মূর্খ জাতিতে পরিণত হয়। মেধা-মনন, জ্ঞান-বিজ্ঞানের উৎকর্ষ না থাকলে সে জাতির ভবিষ্যৎ অন্ধকারে থাকবে। তিনি উল্লেখ করেন, শুধু পড়াশোনা করলেই হবে না, পাশাপাশি খেলাধূলার চর্চাও করতে হবে। যেসব দেশে জ্ঞান-বিজ্ঞানের চর্চা হয়েছে, সেই দেশগুলো উন্নত হয়েছে। তিনি উদাহরণ হিসেবে বলেন, ইরানের স্নাতক ডিগ্রি অর্জনকারী ৪০ শতাংশ নারী পরমাণু বিজ্ঞানী।
আরও পড়ুন: বরগুনায় বজ্রপাতরোধে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
এছাড়া তিনি সতর্ক করে বলেন, সমাজে সর্বনাশা বিষ হচ্ছে মাদক। যদি পরিবারের একজন মাদকাসক্ত হয়ে পড়ে, তবে পুরো পরিবার তছনছ হয়ে যাবে। এজন্য সন্তানের প্রতি সার্বক্ষণিক নজর রাখা অত্যন্ত জরুরি।
তিনি মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সবার রাজনীতি করার প্রয়োজন নেই, আবার রাজনীতিকে ঘৃণা করারও দরকার নেই। যদি মেধাবীরা রাজনীতিতে না আসে, তবে রাজনীতির কোন মূল্য থাকবে না। এই মেধাবীদের মধ্যে কেউ বৈমানিক হবে, কেউ নাসার বিজ্ঞানী হবে, কেউ প্রকৌশলী হবে, কেউ চিকিৎসক হবে—এজন্য তারা চেষ্টা করতে হবে। এরা পরিবার, এলাকা, সমাজ ও দেশকে আলোকিত করবে।
পরিশেষে, তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানকে সাধনার চর্চা শেখাবেন এবং মেধা ও মননে আত্ম-উৎসর্গ শিখাবেন। যাতে তারা ভবিষ্যতে দেশটাকে ভালোবাসে এবং এলাকার কল্যাণে সবাই একমত হয়।
ভাঙ্গা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা প্রমুখ।
আরও পড়ুন: আমতলীতে স্বাস্থ্য সেবা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন