বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:৪৫ পি.এম
ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন মোর্চা’ প্রতিষ্ঠা করা হয়েছে। অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি আজাদ সমাজ পার্টি (কানশিরাম)-এর সভাপতি চন্দ্রশেখর আজাদের নাম মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার লক্ষ্ণৌতে এক সংবাদ সম্মেলনে ওয়াইসি চন্দ্রশেখর আজাদকে পাশে রেখে এই ঘোষণা দেন। তিনি উল্লেখ করেন যে, এআইএমআইএম এবং আজাদের দল একত্রে নতুন রাজনৈতিক মোর্চা গঠন করেছে।
ওয়াইসি বলেন, বিজেপিকে টানা তৃতীয়বারের মতো উত্তর প্রদেশের ক্ষমতায় আসা থেকে রোধ করতে এ জোট কার্যকর হবে। রাজ্যের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, দলিত, নিপীড়িত এবং প্রান্তিক মানুষের অধিকার ও সমস্যাকে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলো এতদিন এসব জনগোষ্ঠীকে শুধুমাত্র ভোটব্যাংক হিসেবে ব্যবহার করেছে।
তিনি আরও জানান, রাজ্যের শিক্ষাব্যবস্থার অবনতি, তরুণদের বেকারত্ব এবং কৃষকদের বিভিন্ন সমস্যাকে জোটের পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হবে।
ওয়াইসি বলেন, উত্তর প্রদেশে বিজেপির ক্ষমতায় ফেরা ঠেকাতে সামাজিক পরিবর্তন মোর্চা একটি বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করবে। তিনি মন্তব্য করেন, জোটের সাফল্য মানে রাজ্যের মানুষের সাফল্য।
আগামী ২৬ নভেম্বরের জনসভায় অংশ নিয়ে সেটিকে সফল করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান ওয়াইসি। তার মতে, ওই জনসভার মাধ্যমে রাজ্যে সামাজিক পরিবর্তনের আন্দোলন শুরু হবে।
বিজেপি ও অন্যান্য রাজনৈতিক দলকে অতীতমুখী রাজনীতির প্রতিনিধিত্বকারী হিসেবে উল্লেখ করে ওয়াইসি বলেন, তাদের জোট ভবিষ্যতের কথা মাথায় রেখে রাজনীতি করতে চায়। চন্দ্রশেখর আজাদের সঙ্গে এক হয়ে উন্নত ভবিষ্যৎ গড়ার জন্য তিনি উত্তর প্রদেশের মানুষের প্রতি আহ্বান জানান।
সূত্র: ডেকান হেরাল্ড
এমএমআর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আন্তালিয়া (তুরস্ক), ১২ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে ঋণের পরিবর্তে অনুদান প্রদানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী মন্তব্য করেন, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের অগ্রাধিকারের ভিত্তিতে জলবায়ু অভিযোজন কার্যক্রমে বরাদ্দ করা উচিত। একই সঙ্গে গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমানোর প্রচেষ্টায় সহায়তা প্রদান করা প্রয়োজন।
তিনি উল্লেখ করেন, জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য নতুন করে ঋণের প্রয়োজন নেই। কারণ, ঋণ এসব দেশের বোঝা আরও বাড়িয়ে দেয়। বরং তাদের প্রয়োজন নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে জোরালো সহযোগিতা।
আজ তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ৩১)-এর উচ্চপর্যায়ের অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় এসব কথা উঠে আসে।
তারেক রহমান বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাবের সম্মুখসারিতে রয়েছে। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম।
তিনি জানান, এসব চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার বিশ্বাস করে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে একে অপরের পরিপূরক হিসেবে এগিয়ে নিতে হবে। শিল্পায়ন ও উন্নয়ন কার্যক্রমে প্রকৃতি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুতের চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে। পাশাপাশি প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নেট-জিরো কার্বন নিঃসরণ অর্জনের লক্ষ্যেও কাজ করছে সরকার।
তিনি জানান, বিশেষ কর প্রণোদনার আওতায় ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ চলছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের উদ্যোগকেও উৎসাহিত করা হচ্ছে।
সবুজ শিল্পায়নের অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে প্রায় ৩০০টি ‘লিড’ সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানা রয়েছে। সরকার বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থার সম্প্রসারণ এবং পাটের ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে। এ ছাড়া কার্বন ট্রেডিংয়ের জন্য একটি জাতীয় কাঠামোও তৈরি করা হচ্ছে।
পরিবেশ সংরক্ষণে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষ রোপনের পরিকল্পনা রয়েছে। এছাড়া পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজের মহাপরিকল্পনার পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে।
এসব উদ্যোগের লক্ষ্য হলো পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানো। পাশাপাশি উপকূলীয় পুনরুদ্ধার করা জমিতে ম্যানগ্রোভ বন পুনরায় গড়ে তোলার মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা বাড়ানো হচ্ছে।
বিশ্বের বর্তমান জলবায়ু অর্থায়ন ব্যবস্থার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যমান ব্যবস্থা এখনো প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এতে উন্নয়নশীল দেশগুলোর চাহিদা ও অগ্রাধিকার যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি দেশের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে। এর সঙ্গে ঋণ পরিশোধের ক্রমবর্ধমান দায় এবং সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।
জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। একই সঙ্গে বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমন কমিয়ে তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে কাজ করতে হবে।
কপ-৩১ সম্মেলনের আয়োজক তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। সম্মেলনের আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য তিনি অস্ট্রেলিয়ার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, বাংলাদেশ একটি সফল কপ৩১ সম্মেলনের প্রত্যাশা করে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য এ সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল আসবে বলে বাংলাদেশ আশা করে।
প্রধানমন্ত্রী বলেন, আসুন, আমরা আমাদের প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপ দিই, বৈশ্বিক সংহতি জোরদার করি এবং সম্মিলিতভাবে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আন্তালিয়া (তুরস্ক), ১২ নভেম্বর, ২০২৬ : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
আজ সকাল সাড়ে ১০টায় তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে (কপ৩১)-এই সাইডলাইন বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য নিশ্চিত করেন।
বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান। অ্যান্থনি আলবানিজ তার জবাবে আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেন।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও তারেক রহমানকে তার দেশ সফরের জন্য আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানও সুবিধাজনক সময়ে অস্ট্রেলিয়া সফরের আশা প্রকাশ করেন।
বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল এবং বিশেষ করে জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারেক রহমান।
তিনি বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে দেশটির সহযোগিতা কামনা করেন।
জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা চলাকালীন প্রধানমন্ত্রী কপ৩১-এর চলমান আলোচনা প্রক্রিয়ায় অস্ট্রেলিয়ার নেতৃত্বের ভূমিকাকে প্রশংসা করেন।
বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে বিদেশি বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। এ সময় দুই দেশের প্রধানমন্ত্রী কৃষি খাতের উন্নয়ন নিয়েও আলোচনা করেন।
রোহিঙ্গা সংকটের বিষয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার সহযোগিতা চান। এ লক্ষ্যে দেশটির কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর স্থায়ী সমাধানও মিয়ানমারেই নিহিত।
বৈঠকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের উদ্যোগ নিয়েছে সরকার।
এছাড়া পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। এসব উদ্যোগের মধ্যে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপন এবং খাল খনন কর্মসূচির কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংসদ ভবন, ১২ নভেম্বর, ২০২৬ : আজ বিকেল ৪ টা ২৫ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পুনরায় শুরু হলো।
অধিবেশনটি পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া জানিয়েছেন, যদি কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী অনিয়মের সঙ্গে জড়িত হন, তবে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থা নেয়া হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে জেলা পরিষদের অর্থায়নে শহীদ মিনার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এছাড়াও তিনি উল্লেখ করেছেন, মাদারীপুরে কয়েকজন কর্মকর্তাকে অপরাধের কারণে কারাভোগ করতে হয়েছে।
মনিরুজ্জামান মিয়া বলেন, সরকার পুরো বাংলাদেশকে নতুনভাবে ঢেলে সাজানোর দায়িত্ব গ্রহণ করেছে। ‘সবার আগে বাংলাদেশ’ এই ধারণাকে সামনে রেখে আমরা কাজ করছি। জনগণের সেবা প্রদানকারী কর্মকর্তাদের সেবার মান নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, তফসিল অফিস ও রেজিস্ট্রার অফিসসহ সরকারি প্রতিষ্ঠানগুলো জনগণকে প্রত্যাশিত সেবা দিতে পারছে কি-না, সেটি আমাদের মূল লক্ষ্য।
তিনি আরও জানান, সরকারের দীর্ঘমেয়াদি উন্নয়ন প্রকল্পগুলো পর্যায়ক্রমে বাস্তবায়িত হচ্ছে। দেশের সকলের একসঙ্গে কাজ করলে উন্নয়ন কার্যক্রম আরও সহজ হবে। তবে, উন্নয়ন করতে গিয়ে যদি কোনো কর্মকর্তা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও, মাদারীপুরের কয়েকজন কর্মকর্তা অনিয়মের কারণে ইতোমধ্যে আইনের আওতায় এসেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার, জেলা পরিষদের প্রশাসক খন্দকার মাশুকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) চৌধুরী মুস্তাফিজুর রহমান এবং জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ