ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নারায়ণগঞ্জে ট্রাকের চাপায় মসজিদের ইমাম নিহত, আহত তিন


নারায়ণগঞ্জে ট্রাকের চাপায় মসজিদের ইমাম নিহত, আহত তিন

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বেপরোয়া গতির ট্রাকের আঘাতে মাওলানা আকরাম হোসেন (৫২) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ওই মসজিদের মুয়াজ্জিনসহ তিনজন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইঘর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত মাওলানা আকরাম হোসেন নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ছিলেন। তিনি কুমিল্লা জেলার হোমনা থানার দরিচর গ্রামে জন্মগ্রহণ করেন এবং নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আমিন আবাসিক এলাকায় বসবাস করতেন।

আরও পড়ুন: সাভারে নাশকতায় জড়িত নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মেহেদী হাসান আটক

দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন একই মসজিদের মুয়াজ্জিন মো. আবু হানিফ (৫৪), পথচারী রেদোয়ান খন্দকার (২০) এবং সায়েম (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাইনবোর্ড থেকে ভূঁইঘরের দিকে যাওয়ার সময় একটি খালি ট্রাক বেপরোয়া গতিতে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোকজন ও দোকানে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের পেছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন ইমাম আকরাম হোসেন। আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের চাকার নিচ থেকে নিহত ইমামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠান। পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মামুন মিয়া জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি রেকারের মাধ্যমে জব্দ করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে আহত আ.লীগ সমর্থক আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘তোমার গায়ে খুব বাজে গন্ধ’ – অক্সফোর্ডে ভারতীয় শিক্ষার্থীকে অচেনা নারীর কটাক্ষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১২:০৬ পি.এম


‘তোমার গায়ে খুব বাজে গন্ধ’ – অক্সফোর্ডে ভারতীয় শিক্ষার্থীকে অচেনা নারীর কটাক্ষ

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক ভারতীয় পিএইচডি শিক্ষার্থী বর্ণবাদী আচরণের অভিজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি এক অচেনা নারীর মন্তব্যের কারণে কতটা আহত হয়েছেন, সে বিষয়ে তিনি কথা বলেছেন। ওই শিক্ষার্থীর নাম কামাক্ষী। তার দাবি, ওইদিন বাকি সময় তিনি নিজেকে ‘ছোট’ করে রাখার চেষ্টা করেছিলেন, যেন কারও নজরে না পড়েন।

ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে কামাক্ষী বলেছেন, এটি অক্সফোর্ডে বর্ণের মানুষের ওপর বর্ণবাদ ও ছোট ছোট অবমাননার একটি বড় চিত্র। তিনি বিশ্ববিদ্যালয়ের সমালোচনা করেছেন এবং বর্ণবাদীদের মঞ্চ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

কামাক্ষী জানান, আগের একটি পোস্টে তিনি বর্ণবাদী মন্তব্যের কথা উল্লেখ করেছিলেন। সেই পোস্টে অনেকেই তার পাশে দাঁড়ান এবং তার প্রতি রাগও প্রকাশ করেন। এরপর তিনি নিজের অভিজ্ঞতা নিয়ে আরও কথা বলার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, ‘তখন বুঝলাম, অক্সফোর্ডে মানুষ যে খারাপ অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়, তা নিয়ে আপনাদের সঙ্গে কথা না বলে আমি আসলে আপনাদের প্রতি অবিচার করছিলাম।’

ঘটনাটি তিনি বর্ণনা করেছেন। কামাক্ষী একটি দোকানে কেনাকাটা করছিলেন, তখন এক শ্বেতাঙ্গ নারী তার চারপাশে ঘুরছিলেন। এতে তিনি অস্বস্তিতে পড়েন। পরে ওই নারী তার কাছে এসে বলেন, ‘আমি এটা করতে চাইনি, কিন্তু আমাকে করতেই হবে। তোমার গায়ে খুব, খুব বাজে গন্ধ।’

কামাক্ষী বলেন, তিনি জমে গিয়েছিলেন এবং কোনো জবাব দিতে পারেননি। এরপর ওই নারী চলে যান। তার ভাষায়, ‘আমার মস্তিষ্ক যতক্ষণে বুঝে উঠল কী ঘটেছে, ততক্ষণে সে চলে গেছে।’

এই মন্তব্যটি তাকে বিশেষভাবে কষ্ট দিয়েছে, কারণ তিনি যে পারফিউম ব্যবহার করেন, তার সঙ্গে ব্যক্তিগত আবেগ জড়িত। এটি তার বাবার প্রিয় সুগন্ধি। কিন্তু সেই মুহূর্তে তিনি ওই সুগন্ধির সঙ্গে জড়িত ভালোবাসা অনুভব করতে পারেননি। বরং তিনি আহত ও হতাশ হয়ে পড়েন। সারাটা দিন তিনি নিজেকে কম চোখে পড়ার মতো করে রাখার চেষ্টা করেছেন। তিনি বলেন, ‘পুরো দিন আমি নিজেকে ছোট দেখানোর চেষ্টা করেছি, যেন কারও নজরে না পড়ি।’

কামাক্ষী জোর দিয়ে বলেছেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। তিনি রাস্তায় প্রতিদিনের ছোট ছোট অবমাননার কথা বলেছেন এবং প্রাতিষ্ঠানিক বর্ণবাদের কথাও উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘এটা বাস্তবতা যে এমন কোনো নামী প্রতিষ্ঠান নেই, যার শিকড়ে বর্ণবাদ, সাম্রাজ্যবাদ বা অন্তত কোনো সমস্যাজনক ইতিহাস নেই।’

এত কষ্টের পরও কামাক্ষী নিজের পরিচয় ছাড়তে রাজি নন। তিনি যে অংশগুলো তাকে দেশের সঙ্গে যুক্ত রাখে, তা তিনি ধরে রাখতে চান। ভারতে বিক্ষোভের সময় এক বন্ধুর বলা কথা তিনি মনে করেছেন। সেই বন্ধু বলেছিলেন, ‘আমরা প্রতিদিন লড়ি, আর হেরে যাই। কিন্তু আমরা এই পৃথিবীকে একটু একটু করে নিজের করে নিই।’ কামাক্ষী বলেন, ‘সে কারণেই আমি এখনো দেশি পোশাক পরি। এখনো ঝুমকা পরি। এখনো টিপ পরি। এখনো একই পারফিউম ব্যবহার করি।’

তার এই বক্তব্য নিয়ে অনলাইনে আলোচনা শুরু হয়েছে। যুক্তরাজ্যে ভারতীয় শিক্ষার্থী ও অন্য বর্ণের মানুষ যে বর্ণবাদের মুখে পড়েন, তা নিয়ে কথা হচ্ছে। নামী প্রতিষ্ঠানে এর মোকাবিলা করা কতটা কঠিন, সেই প্রশ্নও উঠছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনার বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও স্বস্তি নেই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১২:০৬ পি.এম


খুলনার বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও স্বস্তি নেই

খুলনার বাজারে শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি পেতে শুরু করেছে। তবে, দাম প্রত্যাশার তুলনায় কমেনি। গত এক সপ্তাহে টমেটো, ফুলকপি ও বাঁধাকপির দাম কিছুটা কমলেও, তা এখনও ক্রেতাদের নাগালের বাইরে রয়েছে। বরং, বেগুনের দাম বেড়ে গেছে। মাছের বাজারে কিছুটা দরপতন হলেও ক্রেতাদের জন্য স্বস্তি নেই। মাংসের বাজারেও তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে নগরীর নতুন বাজার, মিস্ত্রীপাড়া ও জোড়াকল বাজার পরিদর্শন করলে এ চিত্র দেখা যায়।

খুলনার বিভিন্ন খুচরা সবজির বাজারে, আকারভেদে, ফুলকপি ও বাঁধাকপি প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে এসব সবজির দাম ছিল ৬০ থেকে ৭০ টাকা। ওলকপি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে।

তবে, দাম কমলেও পেঁয়াজকলির ক্ষেত্রে স্বস্তি ফিরছে না। গত সপ্তাহে ২৮০ টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজকলি শুক্রবার সর্বোচ্চ ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

কাঁচামরিচের দাম অনেকটা স্থিতিশীল রয়েছে। আগের সপ্তাহে ১০০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচামরিচ প্রকারভেদে এখন ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে প্রতি কেজি আলু ২৫ টাকা, গাজর ১০০ টাকা এবং টমেটো ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এসব পণ্যের দাম গত সপ্তাহের কাছাকাছি রয়েছে।

বেগুনের বাজারে দেখা গেছে উল্টো চিত্র। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বেড়ে বেগুন বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়। করলা, বরবটি, শিম ও কুমড়ার দাম আগের মতোই রয়েছে।

বিক্রেতাদের মতে, বাজারে এখনো পুরোপুরি নতুন শীতকালীন সবজি আসেনি। সরবরাহ বৃদ্ধি পেলে আগামী দিনগুলোতে দাম আরও কমতে পারে।

মাছের বাজারেও কিছুটা দাম কমেছে। গত সপ্তাহে প্রতি কেজি রুই মাছ ২৬০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি হলেও, বর্তমানে তা ২৫০ থেকে ২৮০ টাকায় পাওয়া যাচ্ছে। কাতলা মাছের দাম ৩০০ থেকে ৩২০ টাকা থেকে কমে ২৮০ টাকায় নেমেছে। তেলাপিয়া বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে। বোয়াল মাছের দামও কিছুটা কমেছে। তবে, অন্যান্য মাছের উচ্চমূল্যে ক্রেতারা এখনও বিপাকে রয়েছেন।

নতুন বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী আরাফাত হোসেন জানান, ‘এত এত শীতকালীন সবজিতে বাজার ভরে গেছে, কিন্তু দাম কিছুতেই কমছে না। সবজি কিনতেই যদি পকেট ফাঁকা হয়ে যায়, তাহলে অন্য বাজার কীভাবে করব?’

একই বাজারের আরেক ক্রেতা গৃহিণী মাসুমা আক্তার বলেন, ‘প্রতি সপ্তাহে মাছের বাজারে আসি, কিন্তু না কিনেই ফিরে যেতে হয়। আজ কিছুটা বেশি দাম দিয়ে রুই মাছ কিনেছি। একটু দাম কমায় রুই মাছ কিনতে পেরেছি। ভেটকি, চিংড়ি মাছের দাম তো অনেক বেশি।’

ক্রেতাদের অভিযোগ, কিছু পণ্যের দাম কমলেও সামগ্রিক বাজার পরিস্থিতিতে তেমন স্বস্তি নেই। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে বাজার তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়াকাটায় পরিত্যক্ত জিপে আগুন, মালিকের অভিযোগ দুষ্কৃতকারীদের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১২:০৬ পি.এম


কুয়াকাটায় পরিত্যক্ত জিপে আগুন, মালিকের অভিযোগ দুষ্কৃতকারীদের বিরুদ্ধে

পটুয়াখালীর কুয়াকাটায় সড়কের পাশে দীর্ঘদিন ধরে পার্কিং করে রাখা একটি পরিত্যক্ত জিপে (চান্দেরগাড়ি) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১টার দিকে কুয়াকাটা চৌরাস্তার পূর্ব পাশে হোটেল আল-বেলালের সামনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, এক সময় জিপটি পর্যটকদের কুয়াকাটার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখানোর কাজে ব্যবহৃত হতো। কিন্তু দীর্ঘদিন ধরে সেটি ওই স্থানে পার্কিং করে রাখা ছিল। গভীর রাতে গাড়িটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতায় গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।

গাড়ির মালিক পর্যটক গাইড মো. ইমরান বলেন, "এটি দুর্ঘটনা কিংবা বিভিন্ন সময় ওই গাড়িতে রাতে ঘুমানো পাগলের কাণ্ড হলে অনেক আগেই এমন ঘটনা ঘটতে পারত।" তার ধারণা, দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে গাড়িটিতে আগুন দিয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার দাবি করেন।

মহিপুর থানার ওসি শামীম হাওলাদার বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।" তবে এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইইউ বাজেট নিয়ে লে পেন ও মাখোর মধ্যে সংঘাত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১২:০৭ পি.এম


ইইউ বাজেট নিয়ে লে পেন ও মাখোর মধ্যে সংঘাত

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬ : ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরবর্তী মেয়াদের বাজেট চূড়ান্ত করার উদ্যোগের সমালোচনা করায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন কট্টর ডানপন্থী নেতা মারিন লে পেন। ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই সমালোচনা করা হয়েছে।

বৃহস্পতিবার, লে পেনের সমালোচনাকে ‘অহংকার’ বলে অভিহিত করেন মাঁখো।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ব্রাসেলসে অনুষ্ঠিত ইইউ নেতাদের শীর্ষ সম্মেলনে ২০২৮ থেকে ২০৩৪ সাল পর্যন্ত সাত বছরের বাজেট নিয়ে গভীর মতপার্থক্য দূর করা সম্ভব হয়নি।

১২ ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা চলার পর কোনো সমঝোতা ছাড়াই সম্মেলন শেষ হয়। নেতারা একমত হয়েছেন যে, চলতি বছরের শেষ নাগাদ বাজেট চূড়ান্ত করা কঠিন হবে।

সম্মেলন শেষে সাংবাদিকদের জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বলেন, ‘আমরা এখনো লক্ষ্যে পৌঁছাতে পারিনি।’

তবে আগামী ১৭ ডিসেম্বর নেতারা আবার বৈঠকে বসলে সমঝোতায় পৌঁছানোর আশা তিনি এখনো ছাড়েননি।

বাজেট নিয়ে সমঝোতা না হলে ইউরোপের বিভিন্ন দেশে একের পর এক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বছরজুড়ে এ আলোচনা গড়াতে পারে।

ফ্রান্সের নির্বাচন এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিষয়টি নিয়ে উত্তেজনা আরও বাড়িয়েছেন মাঁখো।

তিনি হুঁশিয়ারি দিয়েছেন, এমন পরিস্থিতি তৈরি হলে আলোচনা থেকে সরে আসতে পারেন।

মাঁখোর উত্তরসূরি হওয়ার দৌড়ে এগিয়ে থাকা লে পেন সামাজিক যোগাযোগমাধ্যমে বাজেট চূড়ান্ত করার উদ্যোগের সমালোচনা করে একে ‘ফরাসি জনগণের গণতান্ত্রিক রায় ঠেকানোর অসৎ রাজনৈতিক কৌশল’ বলে উল্লেখ করেন।

সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় লে পেনের সমালোচনার জবাবে মাঁখো বলেন, ‘ফ্রান্সের ভবিষ্যৎ যেন তার হাতেই—এমন আচরণ করা এক অদ্ভুত ধরনের ঔদ্ধত্য। কারণ, বাস্তবতা হলো, তিনি এখনো নির্বাচিত হননি।’

বাজেট নিয়ে এই দুই নেতার বিরোধ অবশ্য এবারই প্রথম নয়।

গত মাসেও লে পেনকে ‘বিনয়ী থাকার’ পরামর্শ দিয়েছিলেন মাখো। সে সময় লে পেন ইউক্রেনকে ফ্রান্সের সহায়তা এবং ইউরোপীয় ইউনিয়নে দেশটির আর্থিক অবদান কমানোর পরিকল্পনা তুলে ধরেছিলেন।

বাজেট কমানো নিয়ে মতবিরোধ

২০২৬ সালের প্রায় পুরোটা সময় ধরেই ইইউর দীর্ঘমেয়াদি বাজেটের আকার নিয়ে সদস্যদেশগুলোর মধ্যে মতবিরোধ চলছে। ইউরোপীয় কমিশন দুই ট্রিলিয়ন ইউরোর ব্যয়ের প্রস্তাব দেওয়ার পর অধিকাংশ সদস্যদেশই এর বিরোধিতা করে।

সর্বশেষ প্রস্তাবে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা বাজেট ২০৪ বিলিয়ন ইউরো (প্রায় ২২৪ বিলিয়ন ডলার) কমানোর পাশাপাশি ডিজিটাল কোম্পানিগুলোর ওপর কর আরোপের প্রস্তাব দেন।

সদস্যদেশগুলোর মধ্যে মতপার্থক্য দূর করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছিল।

আলোচনার আগে নেতাদের সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছিলেন কস্তা। তবে শেষ পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি।

জার্মানি ও নেদারল্যান্ডসের মতো প্রভাবশালী দেশসহ ‘সাশ্রয়ী’ হিসেবে পরিচিত কয়েকটি দেশ বাজেটের আকার আরও ছোট করার পক্ষে অবস্থান নিয়েছে।

নিজেদের এ জোটের নাম দিয়েছে ‘সেন্সিবল সেভেন’ বা ‘বিচক্ষণ সাত’।

সম্মেলনের পর সাংবাদিকদের মের্ৎস জানান, বাজেট কমানোর জন্য জার্মানি চাপ অব্যাহত রাখবে। একই অবস্থানে থাকা কয়েকটি দেশ সম্মেলনের শেষ পর্যায়ের বৈঠকগুলোতেও অংশ নেয়নি। এর মাধ্যমে চলমান আলোচনা প্রক্রিয়ার প্রতি তাদের অসন্তোষ প্রকাশ পেয়েছে।

অন্যদিকে ‘ফ্রেন্ডস অব কোহেশন’ বা ‘সংহতির বন্ধু’ জোটের ১৭টি দক্ষিণ, মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশ কৃষি ও আঞ্চলিক উন্নয়নে আরও বেশি অর্থ বরাদ্দের দাবি জানিয়েছে।

এ সময় সম্মেলনস্থলের বাইরে শত শত কৃষকও বিক্ষোভ করেন।

তবে সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে কস্তা সদস্যদেশগুলোর মতপার্থক্যকে তেমন গুরুত্ব দিতে চাননি।

তিনি বলেন, বাজেট আলোচনার প্রক্রিয়ায় এটি ছিল ‘একটি প্রয়োজনীয় পদক্ষেপ’।

এক ইইউ কূটনীতিকও বলেন, ‘প্রত্যেককেই দেখাতে হয়েছে যে তারা একমত নয়। পাশাপাশি কিছুটা রাজনৈতিক নাটকও করতে হয়েছে।’

বাজেট কমানোর এই দাবি ফ্রান্সের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। দেশটি কৃষকদের জন্য আরও বেশি অর্থ বরাদ্দ চায়। একই সঙ্গে ফ্রান্সের অবস্থান, ইউরোপের সামনে ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় আরও বড় বাজেট প্রয়োজন।

সাংবাদিকদের মাখো বলেন, বাজেট কমানো একটি ‘কৌশলগত ভুল’।

এতে চীন ও যুক্তরাষ্ট্রের মতো অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সমপর্যায়ে বিনিয়োগ করার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের সক্ষমতা বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

বাজেট আলোচনা ঘিরে ফ্রান্সের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এক ইইউ কূটনীতিক বলেন, ‘লে পেনের সম্ভাব্য বিজয় এবং এর পরিণতির বিষয়টি সবার মনেই সব সময় ঘুরপাক খাচ্ছে।’

তবে কয়েকজন ইউরোপীয় নেতা এ ধারণার বিরোধিতা করেছেন।

অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার বলেন, ফ্রান্সের নির্বাচন নিয়ে তিনি ‘নিশ্চিতভাবেই ভীত নন’।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও বলেন, বাজেট চুক্তিতে পৌঁছানোর জন্য কোনো কঠোর সময়সীমা আছে বলে তিনি মনে করেন না।

ইউক্রেনের জন্য অর্থায়ন নিয়েও বিরোধ

বাজেট নিয়ে এমনিতেই জটিল আলোচনা চলছিল। এর মধ্যে ইউক্রেনকে অর্থায়নের বিষয়ে সমঝোতার সঙ্গে বাজেট চুক্তিকে যুক্ত করে পরিস্থিতি আরও জটিল করে তুলেছেন জার্মান চ্যান্সেলর মের্ৎস।

২০২৭ সাল পর্যন্ত ইউক্রেনের অর্থায়ন অব্যাহত রাখতে দেশটিকে অতিরিক্ত ৪৫ বিলিয়ন ইউরো (প্রায় ৪৯ বিলিয়ন ডলার) ঋণ দেওয়ার প্রস্তাবে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্যদেশের সমর্থন চাওয়া হচ্ছে।

তবে চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি ও স্লোভাকিয়া এ ঋণ কর্মসূচি থেকে নিজেদের অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে।

গত বছরও একই ধরনের বড় ঋণ কর্মসূচি থেকে নিজেদের সরিয়ে রেখেছিল দেশ তিনটি।

সাধারণত ইউরোপীয় ইউনিয়নের তহবিল থেকে এসব দেশ নিট সুবিধাভোগী।

তবে মের্ৎস আবারও জানিয়েছেন, এ বিষয়ে কোনো ছাড় দিতে তিনি রাজি নন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%