১২:২১ পি.এম
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শিল্পাঞ্চলে প্রায় এক মাসের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। শ্রমিকেরা সরকার ঘোষিত নতুন মজুরি কাঠামোকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত টানা তিন দিন আনন্দ মিছিল করেন। শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে তাঁরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়ে উৎপাদনে মনোযোগী হন।
শ্রমিকদের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করা হয়েছে যে, তাঁরা আর ভাঙচুর ও আন্দোলনে জড়াবেন না; এখন তাঁরা কাজ করবেন এবং সংসারে শান্তি ফিরিয়ে আনবেন। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় আনন্দ মিছিল শেষে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খানসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
সমাবেশে নেতারা শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান। শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, “শ্রমিক ভাইবোনেরা, আপনারা এ দেশের মেরুদণ্ড। আপনাদের ন্যায্য দাবি মেনে নেওয়া হয়েছে। এখন আর রাস্তায় নয়, কারখানায় ফিরে যান। আপনাদের ঘামে দেশের অর্থনীতির চাকা ঘুরবে।”
আরও পড়ুন: আত্মহত্যায় সহায়তার উদ্দেশ্যে বিষ বিক্রেতার জন্য ২৫ বছরের কারাদণ্ড চাইলেন কানাডার প্রসিকিউটররা
মো. মুজিবুর রহমান বলেন, “আপনারা শান্ত থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। কেউ যাতে আপনাদের কাঁধে বন্দুক রেখে অশান্তি সৃষ্টি করতে না পারে, সেদিকে খেয়াল রাখবেন।” শ্রমিক নেতা হুমায়ুন কবির খান বলেন, “শিল্পশ্রমিক আর পরিবহন শ্রমিক আলাদা নয়- এক দেহ, এক প্রাণ। শ্রমিক ঐক্যবদ্ধ থাকলে কেউ শ্রমিককে ব্যবহার করতে পারবে না। এখন আমাদের কাজ হলো কারখানা সচল রাখা।
এর আগে বৃহস্পতিবার কালিয়াকৈরের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় শ্রমিক দলের নেতা-কর্মীরা মিছিল ও পথসভা করে মজুরি বোর্ডের সদস্যদের ধন্যবাদ ও অভিনন্দন জানান। শুক্রবার ও শনিবারও বিভিন্ন শিল্প এলাকায় একইভাবে আনন্দ মিছিল হয়। বক্তারা ঘোষিত মজুরি কাঠামোকে স্বাগত জানিয়ে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, কারখানা ভাঙচুর ও জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।
শ্রমিকেরা বলেন, “আমরা আর আন্দোলন-ভাঙচুর চাই না। বেতন বেড়েছে, এখন মন দিয়ে কাজ করতে চাই। কারখানা চললেই আমাদের সংসার চলবে।” অন্যদিকে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড়, পল্লীবিদ্যুৎ, সফিপুর, মৌচাক ও কালামপুর এলাকায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিল ও সতর্ক অবস্থান কর্মসূচি পালন করেন।
এদিকে দীর্ঘদিনের আন্দোলন ও সড়ক অবরোধে ক্ষুব্ধ হয়ে উঠেছেন শিল্পাঞ্চলের স্থানীয় বাসিন্দারাও। তাঁদের অভিযোগ, শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সমর্থন থাকলেও দিনের পর দিন সড়ক অবরোধ ও ভাঙচুরে সাধারণ মানুষের চলাচল ও ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে। বিভিন্ন স্থানে মানববন্ধন করে তাঁরা ভাঙচুরের পরিবর্তে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের ঘোষণা রাষ্ট্রপতির
শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে চন্দ্রা ত্রিমোড়, পল্লীবিদ্যুৎ, সফিপুর, মৌচাক, কালামপুর ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের টহল ও অবস্থান দেখা গেছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ যাতে শ্রমিকদের উসকানি দিয়ে অশান্তি সৃষ্টি করতে না পারে, সেদিকে কঠোর নজর রাখা হচ্ছে। শ্রমিকদের শান্তিপূর্ণ কাজে কোনো বাধা দেওয়া হবে না, তবে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার কালিয়াকৈরে প্রায় ৮০ শতাংশ কারখানা খোলা রয়েছে। সকাল থেকে চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, সফিপুর, মৌচাক, কালামপুর ও সিনাবহ এলাকায় শ্রমিকেরা দলে দলে কাজে যোগ দেন। কারখানাগুলোতে স্বাভাবিক নিয়মে উৎপাদন চলছে। সংশ্লিষ্টদের মতে, স্থায়ী সমাধানের জন্য শ্রমিক-মালিক-প্রশাসনের কার্যকর সংলাপ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই এখন সবচেয়ে জরুরি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন