সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
১১:১৮ এম
বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি পরিস্থিতি হঠাৎ করে উদ্ভব হয়েছে। আওয়ামী লীগের সাম্প্রতিক সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার কারণে জুলাই গণঅভ্যুত্থানের সমর্থক রাজনৈতিক শক্তিগুলো আবার একত্রিত হওয়ার চেষ্টা করছে। বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কিছুদিন আগে পরস্পরের সমালোচনায় ব্যস্ত ছিল, কিন্তু এখন তাদের মধ্যে ঐক্যের আলোচনা শুরু হয়েছে। অনেকের ধারণা ছিল যে, আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম ঠেকাতে এই দলগুলো একত্রিত হবে। বাস্তবে সেই সম্ভাবনা এখন দৃশ্যমান। তবে প্রশ্ন হলো, এই ঐক্য কতটা আন্তরিক এবং কতটা টেকসই হবে? এর প্রধান দায়িত্ব বিএনপির উপর বর্তায়।
এটি অস্বীকার করার উপায় নেই যে, আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি কিছুটা ভুল করেছে। দলের অনেক নেতা-মন্ত্রীর বক্তব্যে আওয়ামী লীগের প্রতি নমনীয়তা দেখা গেছে। তারা জামায়াত ও এনসিপিকে আক্রমণ করতেই বেশি আগ্রহী ছিলেন, আওয়ামী লীগের সমালোচনা বাদ দিয়ে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, আওয়ামী লীগের চিহ্নিত দোসরদের টেলিভিশনের টকশোতে কথা বলার সুযোগ দেওয়া। তাদের বক্তব্যের মূল লক্ষ্য ছিল অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সমালোচনা, জামায়াত ও এনসিপিকে আক্রমণ এবং জুলাই গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা।
গত কয়েক দিনের সহিংসতা বিএনপিকে নতুন করে বাস্তবতা উপলব্ধি করতে বাধ্য করেছে। যে দল দীর্ঘদিন ধরে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে বিরোধীদের দমন করেছে, সেই দলকে শুধুমাত্র রাজনৈতিক সমঝোতার মাধ্যমে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়। জুলাই গণঅভ্যুত্থানে বিপুল প্রাণহানি ও হাজার হাজার মানুষের আহত হওয়ার দায় এখনো অমীমাংসিত। অথচ দলের মধ্যে অনুশোচনা বা দায় স্বীকারের কোনো লক্ষণ নেই।
প্রধানমন্ত্রী তারেক রহমানও এখন জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা বলছেন। সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় তিনি উল্লেখ করেছেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনীর মধ্যে ‘সবার আগে বাংলাদেশ’ চেতনা জাগ্রত থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না। তিনি ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের প্রসঙ্গও তুলে ধরেছেন। তার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নটি গুরুত্ব পেয়েছে।
অন্যদিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, প্রয়োজনে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে সরকার ও বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন করবে। তার ভাষায়, আওয়ামী লীগ একটি ‘সন্ত্রাসী রাজনৈতিক দল’ বলে অভিহিত করেছেন। তিনি আরো বলেছেন, বর্তমান সরকার আগের সরকারের মতো গুম, হত্যা ও গুলি চালিয়ে কাউকে নির্মূল করতে চায় না। তবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন। গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে কি না, সেটিও সরকার খতিয়ে দেখছে।
এই বক্তব্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে সরকারের ভেতরেও একসময় ভিন্ন ভিন্ন বক্তব্য দেখা গেছে। এখন সেই অস্পষ্টতা দূর করা জরুরি। রাজনৈতিক নিষেধাজ্ঞার প্রশ্নে আবেগ নয়, আইন, বিচার ও প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। তবে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায় এড়িয়ে কাউকে রাজনীতিতে স্বাভাবিকভাবে ফিরে আসার সুযোগ দেওয়ারও অবকাশ নেই।
হেফাজতে ইসলামও আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। সংগঠনটির আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদ নির্মূল না করলে দেশের সার্বভৌমত্ব অরক্ষিত থাকবে। তাদের বক্তব্য, ‘তাদের আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন আমরা দুঃস্বপ্নে পরিণত করব।’ তারা ট্রাইব্যুনালে বিচারিক প্রক্রিয়ায় গণহত্যার দায়ে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে আওয়ামী লীগ ও আধিপত্যবাদের পক্ষে কাজ করা গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।
বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে তোলার বিষয়ে আলোচনা করেছেন। তবে তিনি একটি গুরুত্বপূর্ণ শর্তের কথা বলেছেন। সেটি হলো জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন। তার মতে, জুলাই সনদের ভিত্তিতেই ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে উঠেছিল। সেই সনদ বাস্তবায়ন না করে নতুন করে ঐক্যের ডাক দিলে তা কতটা গ্রহণযোগ্য হবে?
এনসিপি প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানকে ইতিবাচকভাবে দেখছে। তবে দলটি নিঃশর্ত ঐক্য চায় না। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ‘ঐক্যের যেন ধারাবাহিকতা থাকে, সেটি আমাদের চাওয়া।’ তার মতে, ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশে একটি স্বাভাবিক ঐক্য ছিল। নতুন করে ঐক্যের কথা বলতে হচ্ছেÑঅর্থাৎ সেই ঐক্যে কোথাও চিড় ধরেছে। কেন ধরেছে, তা অনুসন্ধান করতে হবে।
এনসিপির প্রশ্নগুলোও উপেক্ষা করার সুযোগ নেই। জুলাই গণহত্যার বিচার কত দূর এগোবে? আওয়ামী লীগকে স্বাভাবিক করার চেষ্টা কেন দেখা যাচ্ছে? সংস্কারের প্রশ্নে গণভোটের রায় কোথায় বাস্তবায়িত হলো? ঐক্য কি শুধু সাময়িক রাজনৈতিক প্রয়োজনে, নাকি এর দীর্ঘমেয়াদি ভিত্তি থাকবে? এসব প্রশ্নের জবাব সরকারকেই দিতে হবে।
এখানেই একটি মৌলিক পার্থক্য পরিষ্কার করা প্রয়োজন। রাজনৈতিক সংলাপ এবং অপরাধের দায়মুক্তি এক বিষয় নয়। কোনো দলের সমর্থক থাকলেই সেই দলের নেতৃত্বের অপরাধের বিচার বন্ধ হয়ে যায় না। গণতন্ত্রে রাজনৈতিক অংশগ্রহণের অধিকার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গণহত্যা, গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচারও অপরিহার্য। বিচার ছাড়া পুনর্মিলনের আহ্বান বরং নতুন সংকট তৈরি করতে পারে।
আজকের রাজনৈতিক সংকট কেন তৈরি হলো? অনেকেই মনে করেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়িত হলে এই পরিস্থিতি তৈরি হতো না। কথাটির গুরুত্ব রয়েছে। জুলাই গণঅভ্যুত্থান শুধু একটি সরকার পরিবর্তনের ঘটনা ছিল না। এটি ছিল রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং কর্তৃত্ববাদী শাসনের অবসানের আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষার ভিত্তিতেই জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছে। গণভোটের মাধ্যমে জনগণও সংস্কারের পক্ষে মত দিয়েছে।
বিএনপি সরকারকে বুঝতে হবে, জাতীয় ঐক্য শুধু বক্তৃতা দিয়ে প্রতিষ্ঠা করা যায় না। এর জন্য প্রয়োজন আস্থা, প্রতিশ্রুতি রক্ষা এবং রাজনৈতিক সদিচ্ছা। আওয়ামী লীগের সহিংসতা ঠেকাতে বিএনপি, জামায়াত ও এনসিপির ঐক্য প্রয়োজন। কিন্তু সেই ঐক্য যেন ক্ষমতার সুবিধা আদায়ের সাময়িক কৌশলে পরিণত না হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান যদি সত্যিই ফ্যাসিবাদবিরোধী ঐক্য চান, তাহলে তাকে প্রথমেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। গণভোটের রায় কার্যকর করতে হবে। জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের অপরাধের প্রশ্নে সরকারের অবস্থান স্পষ্ট করতে হবে। একই সঙ্গে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিবাদের প্রভাবমুক্ত করতে হবে।
মনে রাখতে হবে, স্বৈরাচার ও ফ্যাসিবাদ এক নয়। স্বৈরাচার মূলত ক্ষমতা ধরে রাখতে চায়। কিন্তু ফ্যাসিবাদ একটি ধ্বংসাত্মক ও বিভাজনমূলক আদর্শের ওপর দাঁড়িয়ে থাকে। এটি ভিন্নমতকে সহ্য করে না। রাষ্ট্র ও সমাজকে নিজের নিয়ন্ত্রণে নিতে চায়। তাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই শুধু একটি রাজনৈতিক দলকে প্রতিহত করার লড়াই নয়। এটি রাষ্ট্রের গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষার লড়াই।
২০২৪ সালের জুলাইয়ে মানুষ জীবন দিয়েছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। সেই আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে নতুন কোনো ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা হলে জুলাইয়ের চেতনা আবার বিপন্ন হবে। বিএনপির সামনে এখন বড় সুযোগ। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে দলটি যদি সত্যিকার অর্থে জুলাইয়ের পক্ষের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করতে চায়, তাহলে কথার চেয়ে কাজে তার প্রমাণ দিতে হবে।
লেখক: সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ১০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন অনুষ্ঠান অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। অনুষ্ঠানটি ২৮ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা ছিল।
রোববার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, "অনিবার্য কারণবশত আগামী ২৮ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন অনুষ্ঠান স্থগিত করা হলো।" নতুন তারিখ ও সময় পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে প্রকাশিত বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, দপ্তর, হল প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগতির জন্য পাঠানো হয়েছে।
এদিকে, বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন স্থগিতের ঘোষণায় শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট বিভিন্ন অনলাইন মাধ্যমে শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত নিয়ে নানা প্রশ্ন ও প্রতিক্রিয়া জানাচ্ছেন।
বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের নতুন তারিখ ও সময় ঘোষণার অপেক্ষায় রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইসরাইলে ঐক্য সরকার গঠন নিয়ে আলোচনা চললেও গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির মধ্যে কোনো সমঝোতা অর্জিত হয়নি। রোববার (২২ নভেম্বর) হার্জলিয়ার একটি হোটেলে অনুষ্ঠিত চার ঘণ্টার ম্যারাথন বৈঠকের পর দুই দল জানায়, তারা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছে এবং পরবর্তীতে আবার বৈঠকে বসার পরিকল্পনা রয়েছে।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তবে পরবর্তী বৈঠকের নির্দিষ্ট সময় জানানো হয়নি। সরকার গঠনের দায়িত্ব পাওয়া আইজেনকোটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টির সঙ্গে আলোচনায় লিকুদ দলের প্রতিনিধিদের মধ্যে ছিলেন নেসেটে দলের নেতা অফির কাটজ ও নেতানিয়াহুর দীর্ঘদিনের আইনজীবী মাইকেল রাবেলো।
অন্যদিকে, ইয়াশারের পক্ষে আলোচনায় অংশগ্রহণ করেন দলটির আইনপ্রণেতা চিলি ট্রপার, তার সাবেক চিফ অব স্টাফ গাই গুটম্যান এবং নেতানিয়াহুর সাবেক চিফ অব স্টাফ ইয়োভ হোরোভিৎস।
এদিকে, লিকুদকে অন্তর্ভুক্ত করে আইজেনকোটের নেতৃত্বে ঐক্য সরকার গঠনের পক্ষে অবস্থান নেয়া নাফতালি বেনেটের ‘বিয়াচাদ’ পার্টির কোনো প্রতিনিধি রোববারের বৈঠকে উপস্থিত ছিলেন না। যদিও গত সপ্তাহের ইয়াশার-লিকুদ বৈঠকে দলটির প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন।
হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, রোববারের আলোচনায় ঐক্য সরকার গঠিত হলে কে প্রধানমন্ত্রী হবেন বা নেতানিয়াহু ও আইজেনকোটের মধ্যে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের কোনো ব্যবস্থা থাকবে কি না, তা নিয়ে আলোচনা হয়নি।
তবে লিকুদ নেতৃত্বাধীন বিচার বিভাগ সংস্কার পরিকল্পনা, অতি-ধর্মীয় ইহুদিদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ এবং ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলার ঘটনা তদন্তে একটি কমিশন গঠনের বিষয়ে আলোচনা হয়েছে। এসব বিষয়ে কোনো সমঝোতা হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির সাংঘর্ষিক প্রকৃতির কারণে স্বাধীনতার পর থেকে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়ে আসছে। তবে সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনের পর ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করার পর দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ধীরে ধীরে কিছু ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। মনে রাখতে হবে, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটে ধীরে, রাতারাতি নয়। বর্তমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের ধারাকে বোঝার জন্য আমাদের অতীতে ফিরে তাকাতে হবে।
পাকিস্তানি অভ্যন্তরীণ ঔপনিবেশিক শাসন থেকে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর, সেই সময়ের রাজনৈতিক নেতৃত্ব রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা, সহমর্মিতা ও ঐকমত্য তৈরি করতে ব্যর্থ হয়। ভিন্নমতকে সহ্য করার পরিবর্তে রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের ওপর দমন-পীড়ন চালিয়ে জাতীয় ঐকমত্য গঠনের পথ বন্ধ করে দেওয়া হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব দল ও মতের মানুষের অংশগ্রহণে যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হলেও শুধুমাত্র সরকারি দল স্বাধীনতার সুফল ভোগ করে। ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে সরকারি দলের ব্যাপক জয়ের নিশ্চয়তা থাকা সত্ত্বেও ওই নির্বাচনে অকারণে দুর্নীতির আশ্রয় নিয়ে কিছু বিরোধী দলের নেতার বিজয় রুখে দেওয়া হয়। সরকারদলীয় নেতাদের ত্রাণ চুরি, দুর্নীতি ও আর্থিক লুটপাটকে বিচারের আওতায় না এনে আইনের শাসন ভূলুণ্ঠিত হয়। আমলাতন্ত্র, সেনাবাহিনী, এমনকি দলের মধ্যেও শৃঙ্খলার পরিবর্তে বিভক্তি ছড়িয়ে পড়ে। সামাজিক নৈরাজ্য ও রাজনৈতিক বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে না পেরে রক্ষীবাহিনী গঠন করায় সেনাবাহিনীতে অসন্তোষ ছড়িয়ে পড়ে। উদীয়মান জাসদের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় হাজার হাজার জাসদ কর্মীকে রক্ষীবাহিনী গ্রেপ্তার, নির্যাতন ও হত্যা করে। শেখ মুজিব একপর্যায়ে গণতন্ত্রকে কবরস্থ করে একদলীয় ‘বাকশাল’ গঠন করেন। পরবর্তীতে তার মর্মান্তিক জীবনাবসানের মাধ্যমে দেশ দীর্ঘমেয়াদি সামরিক শাসনের অধীনে চলে যায়। সাড়ে তিন বছরের মুজিব শাসনকালে রাজনৈতিক সংস্কৃতিতে সন্ত্রাস, খুন, বিচারহীনতা, বিভক্তি, কারচুপিসহ বিভিন্ন নেতিবাচক বৈশিষ্ট্য যুক্ত হয়।
পরবর্তীতে সামরিক শাসক হওয়া সত্ত্বেও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিখাদ দেশপ্রেম, ব্যক্তিগত সততা এবং যোগ্য লোকদের রাজনীতিতে এনে কাজে লাগানোর কারণে রাজনীতিতে দুর্নীতি ও স্বজনপ্রীতির চর্চা হ্রাস পায়। তবে এ ধারা প্রেসিডেন্ট এরশাদের সময় আবার ভিন্ন খাতে প্রবাহিত হয়ে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়। এরশাদের বিরুদ্ধে আন্দোলনকারী অনেক নেতাই ছিলেন এরশাদের কাছে বিক্রি হওয়া পোষমানা বিরোধী দলের সদস্য। তাদের অনেকে দিনের বেলায় বায়তুল মোকাররমে এরশাদের বিরুদ্ধে মিছিল করে রাতে তার সঙ্গে বঙ্গভবনে দেখা করতেন। এভাবে শেখ হাসিনাকেও তিনি গোপন আঁতাতের মাধ্যমে লং ড্রাইভে নিয়ে যেতে এবং ১৯৮৬ সালে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করাতে সমর্থ হন। তবে অনেক ছলাকলা করেও তিনি খালেদা জিয়াকে করায়ত্ত করতে পারেননি। এ সময় রাজনৈতিক সংস্কৃতিতে ষড়যন্ত্র, গোপন আঁতাত, দুর্নীতি প্রভৃতি নৈমিত্তিক চর্চায় পরিণত হয়। সামরিক সরকারের অবসানের পর বেসামরিক শাসনামলে খালেদা জিয়া ও শেখ হাসিনার আমলে রাজনীতিতে প্রতিহিংসা ও সংঘাত বৃদ্ধি পায়। তবে পঞ্চম, সপ্তম ও অষ্টম সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হওয়ায় ওই নির্বাচনগুলো গ্রহণযোগ্যতা পায়।
অদৃশ্য কারচুপির মাধ্যমে অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় এসে একনাগাড়ে ১৫ বছর দেশ শাসন করে। আওয়ামী লীগ ঘরানার কিছু বুদ্ধিজীবী এ নির্বাচনকে ভালো নির্বাচনের তালিকাভুক্ত করার ব্যর্থ চেষ্টা করেন। কিন্তু অদৃশ্য কারচুপির এ নির্বাচনে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ পরবর্তী নির্বাচনগুলোয় বিভিন্ন রকম কারচুপির আশ্রয় নিয়ে নির্বাচনব্যবস্থার ওপর নাগরিকদের আস্থা ধ্বংস করে দেয়। নবম সংসদ নির্বাচনে ভোট পড়ার হার ৮৭.৬০ শতাংশ হলেও ‘না’ ও ‘বাতিল’ ভোট অন্যায়ভাবে বাদ দিয়ে নির্বাচন কমিশন তা দেখায় ৮৬.৩৪ শতাংশ। পৃথিবীর কোনো নির্বাচন গবেষকই সংসদ নির্বাচনে এ অবিশ্বাস্য ভোট পড়ার হার বিশ্বাস করবেন না। এরপর থেকে একেক নির্বাচনে একেক রকম কারচুপি করে হাসিনা আমলে রাজনৈতিক সংস্কৃতিতে অসততা, দুর্নীতি ও কারচুপিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়। বিরোধী দলগুলোকে মিছিল-মিটিং করতে বাধা দেওয়া নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়ায়। রাজনৈতিক সংস্কৃতিতে গ্রেপ্তার, নির্যাতন, খুন, গুম ও জুলুমের চর্চা চলতে থাকে। বিএনপির বড় নেতাদের বিরুদ্ধে শত শত মামলা করা হয়। মামলা-হামলায় সেঞ্চুরি করা বিএনপি নেতার সংখ্যা বাড়ে।
এ সময় বিরোধী আন্দোলন দমন করতে সরকারি দলের ছাত্রসংগঠনকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়। এদের অনেকে হেলমেট ও পুলিশের পোশাক পরে রাজনৈতিক বিরোধিতা দমনে পুলিশকে সহায়তা করে। নিরাপদ সড়ক আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলনে এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের চর্চার কথা পত্রপত্রিকায় প্রকাশিত হয়। এর সঙ্গে শিক্ষাঙ্গনে দখলদারত্বের সংস্কৃতির পাশাপাশি হলে হলে টর্চার সেল গড়ে ওঠে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, অপহরণ ও সিটবাণিজ্য ছাত্রনেতাদের নিয়মিত ব্যবসায় পরিণত হয়। শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতির চর্চা বৃদ্ধি পাওয়ায় লেখাপড়া ও গবেষণায় বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে যেতে থাকে। হাসিনা আমলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সরকারদলীয় সভায় সামনের সারিতে বসে থাকতে দেখা যায়। এর মধ্যে একজন সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরকারদলীয় যুব সংগঠনের চেয়ারম্যানের পদ পেতে আগ্রহ প্রকাশ করেন। সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে শিক্ষাঙ্গন ধ্বংসের কিনারে উপনীত হয়। সবকিছু মিলিয়ে হাসিনা আমলে রাজনৈতিক সংস্কৃতির অসুস্থতা প্রকট আকার ধারণ করে।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের হাল ধরলে রাজনৈতিক সংস্কৃতিতে প্রতিহিংসার রাজনীতি হ্রাস পায়। রাষ্ট্র মেরামতের জন্য যোগ্য ব্যক্তিদের নিয়ে ডজনাধিক সংস্কার কমিশন গঠন করা হয়। এসব কমিশন অংশীজনদের সঙ্গে আলোচনা করে সংস্কার প্রস্তাব তৈরি করে। পরে দলগুলোর সম্মতিতে জুলাই সনদ রচিত হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করার পর রাজনৈতিক সংস্কৃতি রাতারাতি সুস্থ হয়ে ওঠেনি। তবে বিএনপি সরকার গঠন করার পর রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছার কারণে এ ক্ষেত্রে ধীরে ধীরে পরিবর্তন সূচিত হয়। বিএনপি সরকার গঠন করে প্রতিহিংসার রাজনীতি না করার প্রতিশ্রুতি দিলেও ১৫-১৬ বছর যারা সরকারি দলের নির্যাতনের শিকার হয়েছেন, খুন ও গুমের শিকার হয়েছেন, তাদের কেউ কেউ আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে গ্রামগঞ্জে এবং জেলা ও উপজেলা পর্যায়ে কিছু অনভিপ্রেত ঘটনা ঘটান। তবে সরকারের পক্ষ থেকে তাদের নিবৃত্ত করার উদ্যোগ নেওয়া হয়। নতুন সরকার সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে চেষ্টা করেও পুরোপুরি সফল হতে পারেনি। এর অন্যতম প্রধান কারণ আমলাতন্ত্র ও পুলিশের নিষ্ক্রিয়তা। গত ১৫ বছরে নিয়োগ পাওয়া পুলিশ বাহিনী আগে যেভাবে কাজ করেছে, হঠাৎ করে সেখান থেকে পেশাদার আচরণ শুরু করতে পারেনি। তবে প্রধানমন্ত্রী দলীয় শৃঙ্খলা রক্ষায় নেতাকর্মীদের বারবার সতর্ক করেছেন। স্মর্তব্য, দুর্নীতিগ্রস্ত পুলিশ বাহিনী ও আমলাতন্ত্রে রাতারাতি সুশাসন প্রতিষ্ঠা করা কঠিন। সন্ত্রাস ও চাঁদাবাজি দমন করে রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচকতা আনতে হলে সরকারকে নতুন করে মেধার ভিত্তিতে এসব প্রতিষ্ঠানসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোয় দেশপ্রেমিক লোকবল নিয়োগ করতে হবে। প্রধানমন্ত্রীর একার ইচ্ছা থাকলেই সন্ত্রাস পরিস্থিতির উন্নতি হবে না। এ ক্ষেত্রে তার ঘনিষ্ঠ সহযোগী, মন্ত্রিসভার সদস্য এবং সংসদ সদস্যরা সক্রিয় হয়ে গঠনমূলক ভূমিকা পালন করলে রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক মাত্রা যুক্ত হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ত্রাস দমনে যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়ে শান্ত মেজাজে ও ঠান্ডা মাথায় সাম্প্রতিক সময়ে দেশব্যাপী ঘটে যাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের সন্ত্রাস মোকাবিলা করছেন। সন্ত্রাস দমনে শেখ হাসিনার মতো গুলি চালানোর নির্দেশ না দিয়ে বা কঠোর অবস্থান না নিয়ে তিনি আইনি প্রক্রিয়া মেনে এ পরিস্থিতি বুদ্ধিমত্তার সঙ্গে মোকাবিলা করছেন। ভারত থেকে শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের উসকানিতে গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় গা ঢাকা দেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা যে ঝটিকা মিছিল, থানায় আক্রমণ ও যানবাহনে অগ্নিসংযোগ করেছেন, তাতে অনেকেই মনে করেছিলেন, এ নাশকতা দমনে প্রধানমন্ত্রী কঠোর অবস্থানে যাবেন। কিন্তু প্রধানমন্ত্রী ঠান্ডা মাথায় বুদ্ধিমত্তার সঙ্গে আইনি প্রক্রিয়া মেনে পরিস্থিতি মোকাবিলা করে রাজনৈতিক সংস্কৃতিতে সহিংসতার পরিবর্তে সহনশীলতার চর্চা করেছেন। তিনি বেসামরিক ও পুলিশ প্রশাসনে রদবদল করে এবং তাদের সক্রিয় হওয়ার প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছেন। আওয়ামী লীগ থেকে হয়তো ভাবা হয়েছিল, দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে পারলে প্রধানমন্ত্রী বিপদে পড়ে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। তবে প্রধানমন্ত্রী এতটা কাঁচা খেলোয়াড় নন। তিনি আওয়ামী লীগের ফাঁদে পা না দিয়ে বিকল্প ব্যবস্থায় পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ গ্রহণ করেছেন।
পরিস্থিতি আরো সফলভাবে মোকাবিলার জন্য প্রধানমন্ত্রী একান্তে বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠক করে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। কারণ, সরকার ও বিরোধী দল একসঙ্গে থাকলে আওয়ামী লীগের পক্ষে নাশকতা করে নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা সফল করা সম্ভব হবে না। কাজেই প্রধানমন্ত্রীর বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠক করার ঘটনাটি পলাতক আওয়ামী লীগের নীতিনির্ধারক মহলকে হতাশ করেছে। সন্ত্রাস দমন থেকে শুরু করে দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ কাজে সরকারি ও বিরোধী দলের মধ্যে বোঝাপড়া থাকলে অগ্নিসন্ত্রাসী বা দুষ্কৃতকারীদের পক্ষে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করা সম্ভব হবে না। রাজনৈতিক সংস্কৃতিতে ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর ইঙ্গিতপূর্ণ উদ্যোগকে সাধুবাদ জানানো যায়। এমন ঐক্যের স্বরূপ কেমন হবে, তা রাজনৈতিক নেতাদেরই ঠিক করতে হবে।
সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের আগে, সরকার গঠনের পর থেকেই প্রধানমন্ত্রীর কিছু কাজ রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচকতা যোগ করেছে। উদাহরণ হিসেবে বলা যায়, তার স্বাভাবিক ও সাধারণ যান চলাচলের সঙ্গে তাল মিলিয়ে রাস্তাঘাটে চলাফেরা, সাধারণ অনাড়ম্বর পোশাক এবং গাড়িবহরে গাড়ির সংখ্যা কমানোর কাজগুলো জনগণ পছন্দ করছেন। জাতিসংঘসহ বিদেশের যেকোনো সফরে আগের প্রধানমন্ত্রীদের মতো বিশালসংখ্যক লোকজন না নিয়ে স্বল্পসংখ্যক সঙ্গীসহ সফর করার ব্যাপারটিও জননন্দিত হয়েছে। দেশ থেকে বিদেশে যাওয়া এবং বিদেশ থেকে দেশে আসার সময় বিমানবন্দরে আগের সরকারপ্রধানদের মতো প্রায় পুরো মন্ত্রিসভার সদস্যদের হাজির হয়ে ভিড় করা বন্ধ করে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় লোকজন ছাড়া আর মাত্র কয়েকজনকে বিমানবন্দরে হাজির রাখার ঘটনাও রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচকতা হিসেবে গণ্য হচ্ছে। প্রধানমন্ত্রী নিজের আত্মসম্মানবোধ বজায় রেখে বিমসটেক সম্মেলনে যোগ না দিয়ে যে রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিয়েছেন, তাও প্রশংসিত হয়েছে। যেকোনো অনুষ্ঠানে সবার সঙ্গে মিশে আন্তরিকতার সঙ্গে কুশলবিনিময় করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিশু-কিশোরদের সঙ্গে মিশে আলাপচারিতায় অংশ নেওয়াও প্রশংসিত হচ্ছে।
নতুন কুঁড়ি স্পোর্টসের সূচনা এবং প্রধানমন্ত্রীর নিজের জন্মদিনে ঘটা করে অনুষ্ঠান না করে জুমার নামাজের পর শিশু-কিশোরদের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণের ঘটনাও দেশপ্রেমিকদের খুশি করেছে। এছাড়া প্রধানমন্ত্রীর নির্বাচন-পূর্ব প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, খাল খনন এবং সংস্কারমূলক কর্মসূচিগুলোর দিকে মনোযোগী হওয়াও ইতিবাচকতার লক্ষণ। তবে সংবিধান সংস্কার থেকে সংবিধান সংশোধনের পথে এসে বিএনপি জুলাই সনদের বিষয়টি মাথায় রেখে বিরোধীদলীয় নেতাদের সঙ্গে সমঝোতার মাধ্যমে যদি জাতীয় স্বার্থে প্রয়োজনীয় রাষ্ট্র মেরামতের কাজটি করতে পারে, তাহলে তা হবে দলটির জন্য বড় অর্জন। প্রধানমন্ত্রী অনেকটা রাষ্ট্রপতি জিয়ার মতো যে ভঙ্গিমায় কাজ করছেন, তা অব্যাহত থাকলে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ক্রমান্বয়ে প্রতিহিংসা হ্রাস পেয়ে সহমর্মিতা যুক্ত হবে। রাজনৈতিক সংস্কৃতিতে যুক্ত হবে নতুন সুস্থতা ও ব্যতিক্রমী ইতিবাচকতা।
লেখক: সাবেক উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
তালাশ বিডি/মিডিয়া লিঃ