০৪:৪২ এম
বেস্টিনেট প্রতিষ্ঠাতা আমিনুল ইসলামকে হস্তান্তরের বিষয়ে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অনুরোধ মালয়েশিয়া পায়নি, এমনটি জানিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল।
মঙ্গলবার (২৩ জুন) পার্লামেন্টের সুবাংয়ের এমপি ওং চেনের এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও জানান, গণমাধ্যমে বাংলাদেশ পুলিশ পক্ষ থেকে মালয়েশিয়ার কাছে আমিনুল এবং তার সহযোগীকে গ্রেফতারের বিষয়ে দুই বছর আগে সাহায্য চাওয়ার বিষয়টি প্রচারিত হলেও, এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের তরফে বা তাদের কূটনৈতিক প্রতিনিধিদের কাছ থেকে বন্দি হস্তান্তরের বিষয়ে কোনো অফিসিয়াল আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসেনি।
আরও পড়ুন: সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে আমিরাত: স্বরাষ্ট্রমন্ত্রী
মালয়েশিয়ার নাগরিকত্ব প্রাপ্ত বাংলাদেশি বংশোদ্ভূত আমিনুল ইসলাম আব্দুল নর হলেন বেস্টিনেট এসডিএন বিএইচডি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। এই প্রতিষ্ঠানটি মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে, বিশেষ করে বাংলাদেশ থেকে কর্মী নিয়ে আসার কার্যক্রম পরিচালনা করে 'ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম' (এফডব্লিউসিএমএস) এর মাধ্যমে।
এর আগে ২০২৪ সালের নভেম্বরের একটি প্রতিবেদনে ব্লুমবার্গ জানিয়েছিল, অভিবাসী শ্রমিকদের কাছ থেকে প্রতারণামূলকভাবে অর্থ আদায়ের অভিযোগে আমিনুল ইসলামের হস্তান্তর এবং মালয়েশিয়াকে এফডব্লিউসিএমএস প্ল্যাটফর্মটি ব্যবহার বন্ধ করার জন্য বাংলাদেশি কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছিল। পরবর্তীতে ২০২৫ সালের অক্টোবরে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন জানিয়েছিলেন এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে সরকারের জিটুজি এবং পুলিশি পিটুপি পর্যায়ে খতিয়ে দেখা হচ্ছে।
তবে এই আইনি প্রক্রিয়ার সর্বশেষ অবস্থান পরিষ্কার করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের বিদ্যমান প্রত্যর্পণ কাঠামোর সমস্ত আইনি শর্ত পূরণ হওয়ার পরেই মালয়েশিয়া কাউকে হস্তান্তরের বিষয়ে বিবেচনা করতে পারে।
তিনি আবার উল্লেখ করেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সরাসরি কোনো বন্দি প্রত্যর্পণ চুক্তি না থাকলেও, মালয়েশিয়ার 'এক্সট্রাডিশন অ্যাক্ট ১৯৯২' এর ৩ নম্বর ধারা অনুযায়ী এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব। তবে উক্ত আইনের ১২ নম্বর ধারা অনুযায়ী যেকোন ব্যক্তিকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশকে অবশ্যই তাদের কূটনৈতিক প্রতিনিধির মাধ্যমে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক আবেদন জমা দিতে হবে।
আরও পড়ুন: ইনানীতে বাপেক্সের ৯ সদস্যের টিম কূপ নিরাপদে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন