শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৯:০৩ পি.এম
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) ১২০ কে.জি. গাঁজা উদ্ধার করেছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিজিবি এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্র অনুযায়ী, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ২টায় সদর দক্ষিণ উপজেলার আওতাধীন যশপুর বিওপি এর বিশেষ টহলদল এবং এসআরবি-১১ এর (সিপিসি-২) ইউনিটের টহলদল একটি যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় সীমান্ত থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুড়াপাড়া নামক স্থান থেকে ১২০ কে.জি. গাঁজা আটক করা হয়। উল্লেখ্য, আটককৃত মাদকদ্রব্যের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সার্বিয়ায় অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ছাত্রসমর্থিত রাজনৈতিক আন্দোলনের প্রার্থী হিসেবে অধ্যাপক রাদোমির সাইচিচের নাম ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। গত শুক্রবার (২৬ নভেম্বর) তার প্রার্থিতার কথা জানানো হয়।
এক মাস আগে অনুষ্ঠিত আগাম সংসদ নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিচের দল পরাজিত হয়।
‘স্টুডেন্টস উইন এগেইন’ নামক নাগরিক সংগঠন, যা আন্দোলনের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে সমর্থন জানাতে গঠিত, বেলগ্রেডের সাভা সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাইচিচের প্রার্থিতা ঘোষণা করে।
প্রার্থিতা ঘোষণার পর সাইচিচ তার প্রথম বক্তব্যে অভিযোগ করেন যে, গত এক দশকে সাবেক ক্ষমতাসীনরা আইনের শাসনকে দুর্বল করে দিয়েছেন এবং দুর্নীতি ও বিদ্বেষমূলক বক্তব্যের প্রসার ঘটিয়েছেন।
তিনি উল্লেখ করেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো প্রায়শই ক্ষমতাসীনদের সুরক্ষা প্রদানে নিয়োজিত ছিল। অন্যদিকে, শিক্ষার্থীদের জবাবদিহি দাবি করার জন্য রাষ্ট্রের শত্রু হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সাইচিচ বেলগ্রেড বিশ্ববিদ্যালয়ের রসায়ন অনুষদের অধ্যাপক। তিনি সার্বিয়ান একাডেমি অব সায়েন্সেস অ্যান্ড আর্টসের পূর্ণ সদস্য এবং দেশের সংসদ সদস্য।
তিনি নাগরিক সংগঠন ‘স্টুডেন্টস লিস্ট-স্টুডেন্টস উইন’-এর ১৪ জন প্রতিষ্ঠাতা স্বাক্ষরকারীর একজন। ২৫ অক্টোবরের নির্বাচনে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং ১৭ নভেম্বর তার সংসদ সদস্যপদ নিশ্চিত করা হয়।
২৫০ আসনের সংসদে ছাত্রসমর্থিত বিরোধী জোট ১৪০টি আসনে জয় লাভ করেছে। তারা ভুচিচের সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি (এসএনএস) ও তার মিত্রদের পরাজিত করে।
ভুচিচ ২৭ সেপ্টেম্বর পদত্যাগ করার পর থেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে সংসদের স্পিকার আলেক্সান্ডার চুপিচ দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার তিনি প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেন।
দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্টের দায়িত্ব শেষ হওয়ার আগেই সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ভুচিচ পদত্যাগ করেন।
সার্বিয়ার নির্বাচনি বিধি অনুযায়ী, প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিবন্ধন করতে হলে কমপক্ষে ১০ হাজার ভোটারের যাচাই করা স্বাক্ষর সংগ্রহ করা প্রয়োজন।
সার্বিয়ায় পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রথম দফার ভোটে কোনো প্রার্থী অর্ধেকের বেশি ভোট না পেলে সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী দ্বিতীয় দফার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। সূত্র: আনাদোলু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উৎসবমুখর পরিবেশে ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁদপুর-শরীয়তপুর সড়কের ওপর মেঘনা নদীর উপর সেতু নির্মাণের উদ্দেশ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানি (আইআইএফসি) এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে পিপিপি (সরকারি-বেসরকারি অংশীদারত্ব) ভিত্তিতে শরীয়তপুর-চাঁদপুর সড়কে মেঘনা নদীর ওপর সেতু নির্মাণের জন্য লেনদেন বিষয়ক পরামর্শক সেবা” শীর্ষক চুক্তিটি সম্পন্ন হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।
অনুষ্ঠানে তিনি নির্দেশনা দেন যে, আইআইএফসিকে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা প্রদানের মাধ্যমে পরামর্শক সেবার কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সহায়তা করতে হবে। এ কাজে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি। সেতু বিভাগের সচিব আরও জানান, প্রস্তাবিত সেতুটি সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) মডেলে বাস্তবায়নের বিষয়ে বাংলাদেশ-জাপান অষ্টম প্ল্যাটফর্ম বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে জাপান সরকারের মনোনীত মিয়াগাওয়া-কনসেটসু এবং জাপান ব্রিজ কোম্পানি কাজ করবে বলে সিদ্ধান্ত হয়েছে।
আইআইএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান তাঁর বক্তব্যে উল্লেখ করেন, কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে পরামর্শক সেবার কার্যক্রম সম্পন্ন করতে আইআইএফসি সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সঙ্গে পূর্বে সম্পাদিত কাজের ধারাবাহিকতায় এ কাজেও গুণগত মান ও পেশাগত উৎকর্ষ বজায় রাখা হবে। চুক্তিতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে প্রধান প্রকৌশলী আবুল হোসেন এবং আইআইএফসির পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইআইএফসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কৃষকের উৎপাদন খরচ সাশ্রয় এবং ফসলের ফলন বৃদ্ধির সম্ভাবনা তৈরি করেছে ন্যানো ফার্টিলাইজার, যা প্রচলিত রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে দেয়। বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) ন্যানো সারের কার্যকারিতা যাচাইয়ের জন্য আমন ধান কর্তন করা হয়েছে। গবেষকদের মতে, প্রাথমিক পর্যবেক্ষণে ধানগাছের বৃদ্ধি, শীষের দৈর্ঘ্য এবং ফলনে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে।
সম্প্রতি আরডিএর প্রদর্শনী খামারে ন্যানো ফার্টিলাইজার গবেষণার আওতায় আমন মৌসুমের ধান কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এই গবেষণা উইগ্রো টেকনোলজিস লিমিটেডের সহযোগিতায় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ন্যানো ল্যাবের উদ্ভাবিত প্রযুক্তির সমন্বয়ে পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিএর মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. মাহফুজ আলম, মৃত্তিকা গবেষণা উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহমুদুল হাসান এবং শেরপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার।
গবেষণার সামগ্রিক কার্যক্রম পরিচালনা করেন আরডিএর উপপরিচালক ও প্রধান গবেষক ড. নূর মোহাম্মদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরডিএর পরিচালক মো. খালিদ আওরঙ্গজেব, যুগ্ম পরিচালক মোছা. রেবেকা সুলতানা, উপপরিচালক ড. মনিরুল ইসলাম, উইগ্রো টেকনোলজিস লিমিটেডের হেড অব মার্কেট ডেভেলপমেন্ট অ্যান্ড আউটপুট বিজনেস মো. রবিউল হাসান এবং যবিপ্রবির প্রতিনিধি আশিকুর রহমান।
আরডিএ সূত্রে জানা গেছে, একাডেমির প্রদর্শনী খামারে ব্রি ধান-১০৩ জাতের ওপর র্যান্ডমাইজড কমপ্লিট ব্লক ডিজাইন (আরসিবিডি) পদ্ধতিতে ১২টি প্লটে গবেষণাটি পরিচালিত হয়েছে। তরল ন্যানো ইউরিয়া ও ন্যানো এনপিকে পানির সঙ্গে মিশিয়ে স্প্রে মেশিনের মাধ্যমে সরাসরি ধানগাছের পাতায় প্রয়োগ করা হয়েছে।
গবেষণায় ধানের ফলন যাচাইয়ের পাশাপাশি মাটির গুণাগুণও পরীক্ষা করা হচ্ছে। এ জন্য আরডিএর নিজস্ব গবেষণাগারে মাটির নমুনা বিশ্লেষণ করা হচ্ছে। গবেষকদের লক্ষ্য হলো প্রচলিত রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমিয়ে ফসলের পুষ্টি গ্রহণের দক্ষতা বাড়ানো এবং দীর্ঘমেয়াদে মাটির স্বাস্থ্য সুরক্ষার সম্ভাবনা যাচাই করা।
ধান কর্তন উপলক্ষে গবেষক দল বিভিন্ন প্লট থেকে নমুনা ধান কেটে মাঠেই মাড়াই ও ওজন করে উৎপাদনের উপাত্ত সংগ্রহ করেন। গবেষণার বিভিন্ন পর্যায়ে দেশের কৃষি ও মৃত্তিকাবিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞানী, গবেষক এবং সরকারি কর্মকর্তারা পরীক্ষামূলক প্লট পরিদর্শন করে কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মো. আব্দুল মজিদ প্রামানিক বলেন, "আমন মৌসুমে কৃষক পর্যায়ে ন্যানো ফার্টিলাইজারের সম্ভাবনা যাচাইয়ে এ মাঠ গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" তিনি আশা প্রকাশ করেন যে, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিজ্ঞানীদের যৌথ পর্যবেক্ষণ গবেষণাটিকে আরও গ্রহণযোগ্য করে তুলবে।
গবেষক ও আরডিএর যুগ্ম পরিচালক মোছা. রেবেকা সুলতানা বলেন, "ন্যানো ফার্টিলাইজারের কার্যকারিতা যাচাই শেষে এর সম্প্রসারণ ও বিস্তারের জন্য প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে।" প্রধান গবেষক ড. নূর মোহাম্মদ বলেন, "ন্যানো ফার্টিলাইজার ব্যবহারে কৃষকের সার খরচ সাশ্রয় এবং ফসলের উৎপাদনশীলতা বাড়বে কি না, তা মাঠপর্যায়ের পরীক্ষার মাধ্যমে যাচাই করা হচ্ছে।" গবেষণায় ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে।
মাঠ দিবসে গবেষণার আওতায় ফসল উৎপাদন ও ধান সংগ্রহের কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় উপস্থিত কর্মকর্তারা গবেষণার অগ্রগতি ও ফলাফল সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ