০২:০৯ এম
ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ জমকালো আয়োজনের মাধ্যমে ১৬ দলীয় আনসার আলী মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের পুরদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সাজিদ সোবহান ইয়ুথ সোসাইটির উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
দীর্ঘ সময় পর প্রত্যন্ত গ্রামাঞ্চলের খেলোয়াড়দের অংশগ্রহণে ফুটবল মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে। উদ্বোধনী খেলা উপভোগ করতে হাজার হাজার দর্শকের পাশাপাশি বিদেশি অতিথিরাও উপস্থিত ছিলেন। এমন একটি জাঁকজমকপূর্ণ ও মাদকমুক্ত যুবসমাজ গড়ার উদ্যোগ দেখে স্থানীয় জনগণের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। স্থানীয়রা নিয়মিত এই ধরনের সুস্থ বিনোদনের ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানান।
আরও পড়ুন: মোস্তাফিজ আইপিএলে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন
সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, "যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতেই এই আয়োজন। বর্তমানে কিশোর-তরুণদের একটি অংশ নেশা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে। তারা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকলে সমাজের অন্যায়-অপরাধ কমে আসবে। সেই প্রত্যাশায় প্রতিটি ইউনিয়ন-ওয়ার্ডে খেলাধুলা ছড়িয়ে দিতে হবে।"
আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজনের মাধ্যমে ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে এবং ফুটবলের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়ানো সম্ভব হবে। সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়ারও আশা প্রকাশ করেন তারা।
আয়োজকরা জানান, অকো-টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের মরহুম পিতা আনসার আলী মিয়ার স্মৃতিতে ২০২৫ সালে প্রথম আসর অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় এবারের দ্বিতীয় আসরে জেলার ১৬টি ইউনিয়ন থেকে ১৬টি দল অংশগ্রহণ করছে। নক আউট পদ্ধতিতে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে ট্রফির পাশাপাশি এক লাখ টাকা এবং রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা প্রদান করা হবে।
এ আয়োজনকে কেন্দ্র করে পুরো মাঠ রঙিন সাজে সাজানো হয়। ফুলেল অভ্যর্থনার লালগালিচা ছিল বিশেষভাবে দৃষ্টিনন্দন, যার মধ্য দিয়ে অতিথিবৃন্দ ও খেলোয়াড়রা প্রবেশ করেন। এরপর বেলুন উড়িয়ে অতিথিবৃন্দ আসরের উদ্বোধন করেন।
আরও পড়ুন: বৈভব সূর্যবংশীর অবিশ্বাস্য কীর্তি: ১৪ বছর বয়সে লিস্ট ‘এ’ ক্রিকেটে ২০৪ রানের ইনিংস
খেলা দেখতে আসা দর্শক সাইফুল ইসলাম বলেন, "দীর্ঘদিন পর এমন আয়োজনে খুশি আমরা। হাজারো মানুষ এসেছে খেলা উপভোগ করতে। খেলা দেখে আমরা মুগ্ধ।"
তিনি আরও বলেন, "এই টুর্নামেন্টে আয়োজকরা বিশেষ একটি বিষয় সামনে এনেছে। খেলায় শুধুমাত্র গ্রামের ছেলেরাই অংশ নিতে পারবে। কোনো জাতীয় দলের বা বিদেশি খেলোয়াড় অংশ নিতে পারবে না। বিষয়টি ভালো লেগেছে। প্রত্যন্ত গ্রামের খেলোয়াড়রা তাদের প্রতিভা দেখাতে পারবে।"
বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ও অকো-টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান নিজের বাবার জন্য দোয়া চেয়ে বলেন, "যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করে মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে আয়োজন করা হয়েছে। এ টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় ক্রীড়াঙ্গনের বিকাশ, পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করাই মূল প্রত্যাশা। এ আয়োজন নতুন প্রজন্মের মধ্যে ক্রীড়াচর্চার আগ্রহ সৃষ্টি এবং সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
আরও পড়ুন: ডিসেম্বরে শুরু হচ্ছে ‘ডিএসসিসি ফুটবল কাপ ২০২৬’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন