ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঢাকা বায়ুদূষণে বিশ্বের শীর্ষ পাঁচে, লাহোরের পর স্থান


ঢাকা বায়ুদূষণে বিশ্বের শীর্ষ পাঁচে, লাহোরের পর স্থান

রাজধানী ঢাকা বর্তমানে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় পঞ্চম স্থানে অবস্থান করছে। রবিবার সকালে শহরের বায়ুমান সূচক (একিউআই) ১৭৯ রেকর্ড করা হয়েছে, যা ‘অস্বাস্থ্যকর’ বাতাসের নির্দেশক। এদিন ২৯১ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে এই তথ্য উঠে এসেছে।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, যেখানে বায়ুমান সূচকে স্কোর ২০৩, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত। ভারতের রাজধানী দিল্লি ১৯৭ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। চতুর্থ স্থানে ডিআর কঙ্গোর কিনশাসার স্কোর ১৮৯। যুক্তরাজ্যের বার্মিংহাম ১৭৮ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে।

আরও পড়ুন: সরকারের রূপকল্পে প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচকে শূন্য থেকে ৫০ স্কোর হলে বাতাসের মান ভালো বলে ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ স্কোর অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।

এছাড়া, ২০১ থেকে ৩০০ স্কোর হলে বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়। আইকিউএয়ার বিশ্বের বিভিন্ন শহরের বায়ুদূষণের তাৎক্ষণিক পরিস্থিতি ও বায়ুমানের সূচক প্রকাশ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সানার কাছে সৌদি জোটের বিমান হামলায় নিহত ৩৩, আহত ৩৯

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২২ এম


সানার কাছে সৌদি জোটের বিমান হামলায় নিহত ৩৩, আহত ৩৯

ইয়েমেনের রাজধানী সানার নিকটবর্তী একটি গ্রামে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহতের সংখ্যা ৩৩ জনে পৌঁছেছে। এই হামলায় আহত হয়েছেন অন্তত ৩৯ জন।

এই তথ্যটি হুথিদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার মাধ্যমে জানানো হয়েছে।

হুথিদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে হতাহতের সংখ্যা সম্পর্কে অবহিত করেন।

তিনি উল্লেখ করেন, সানার পূর্বদিকে অবস্থিত বানি হাশিশ জেলার আল-শারিয়াহ গ্রামে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহতের সংখ্যা ৩৩ জনে উন্নীত হয়েছে। হামলায় আহতদের মধ্যে অন্তত ৩৯ জন রয়েছেন।

আল-আসবাহির দাবি অনুযায়ী, গত শনিবার গ্রামটিতে একাধিক বিমান হামলা পরিচালনা করা হয়। এই হামলাগুলোতে আবাসিক বাড়িঘর, সড়ক, চিকিৎসাকর্মী এবং বেসামরিক প্রতিরক্ষা দলের সদস্যদের লক্ষ্যবস্তু করা হয়।

এর আগে হুথিদের তথ্য মন্ত্রণালয় জানিয়েছিল, সৌদি বাহিনী আল-শারিয়াহ গ্রামে ধারাবাহিকভাবে বিমান হামলা চালিয়েছে। তারা অভিযোগ করে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া লাশ উদ্ধার করার সময় উদ্ধারকর্মীদের লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়েছে।

তবে, হতাহতের সংখ্যা এবং হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে হুথিদের দাবির বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে ডাম্পট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২২ এম


ময়মনসিংহে ডাম্পট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৫

ময়মনসিংহের নান্দাইলে সংঘর্ষের ঘটনায় ডাম্পট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাহাদুরনগর এলাকায় ঘটে এই ঘটনা। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যায় পিকআপভ্যানটি নেত্রকোনা থেকে ময়মনসিংহে যাচ্ছিল। বাহাদুরনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পট্রাকের সঙ্গে পিকআপভ্যানটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং পাঁচজন আহত হন।

স্থানীয়রা আহতদের মধ্যে তিনজনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং দুজনকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ওসি আরও জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিয়াকৈরে ফ্লাইওভারে অবৈধ কবুতর খামার, জননিরাপত্তা ঝুঁকিতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৯ এম


কালিয়াকৈরে ফ্লাইওভারে অবৈধ কবুতর খামার, জননিরাপত্তা ঝুঁকিতে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান, চান্দরা মোড়, প্রতিদিন হাজার হাজার দূরপথের যানবাহন এবং লাখো পথচারীর চলাচলের কেন্দ্রবিন্দু। কিন্তু এই গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ, চান্দরা ফ্লাইওভারের নিচে অবৈধ কবুতরের খামার গড়ে উঠেছে। বিশাল কংক্রিটের গার্ডার এবং বিমের ফাঁকে ফাঁকে ঝুলছে প্লাস্টিকের ক্যারেট, কাঠের খাঁচা ও দড়ি। স্থানীয় প্রশাসন এবং সড়ক বিভাগের নীরবতায় সরকারি স্থাপনার ঝুঁকি বাড়িয়ে ফেলেছে, যা সাধারণ যাত্রী, পথচারী এবং সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।

রোববার (৮ নভেম্বর) সরেজমিনে চান্দরা ফ্লাইওভার এলাকা পরিদর্শন করা হলে দেখা যায়, উপরে বিকট শব্দে ভারী যানবাহন চলাচল করছে এবং ঠিক তার নিচেই বিমের সংযোগস্থলে ও গার্ডারের ফাঁকে ঝুলিয়ে রাখা হয়েছে অসংখ্য প্লাস্টিকের ক্যারেট ও খাঁচা। খাঁচাগুলোর ভেতর কবুতর বসে থাকতে দেখা যায়। এই স্থানটি কার্যত কবুতরের কারখানায় পরিণত হয়েছে। দড়ি ও তার দিয়ে অনিয়ন্ত্রিতভাবে ঝুলিয়ে রাখা এসব খাঁচা যেকোনো মুহূর্তে নিচে চলাচলরত মানুষ বা যানবাহনের ওপর পড়ে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

ফ্লাইওভারের নিচে মহাসড়ক ও সংযোগ সড়কে প্রতিনিয়ত অসংখ্য যাত্রী বাসের জন্য অপেক্ষা করেন। ক্যারেট ও খাঁচা ঝুলিয়ে রাখার কারণে প্রতিনিয়ত বাতাসের ধাক্কায় বা গাড়ি চলাচলের কম্পনে তা নিচে পড়ে মারাত্মক জখম হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া কবুতরের বিষ্ঠা পড়ে পুরো এলাকা নোংরা ও দুর্গন্ধযুক্ত হয়ে উঠেছে। বৃষ্টি হলে এই বর্জ্য ধুয়ে নিচে চলাচলকারী মানুষের গায়ে পড়ে এবং সংক্রামক ব্যাধি ছড়ানোর ঝুঁকি বাড়ায়। স্থানীয় এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, ওপর দিয়ে গাড়ি চলাচলের ফলে সৃষ্ট কম্পনে খাঁচা খুলে নিচে পড়ে যেকোনো সময় মানুষের মাথা ফেটে যাওয়া বা বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, খাঁচা বাঁধতে গিয়ে গার্ডার বা বিমে লোহার তার ও পেরেক ব্যবহারের ফলে দীর্ঘমেয়াদে কংক্রিট ও রডের মারাত্মক ক্ষতি হচ্ছে। কবুতরের বিষ্ঠা অত্যন্ত অ্যাসিডিক, যাতে প্রোটিন ও ইউরিক অ্যাসিড থাকে, যা কংক্রিটের ওপর দীর্ঘদিন জমে থাকলে পৃষ্ঠের ক্ষয় ঘটায় এবং রডে মরচে ধরার প্রক্রিয়া ত্বরান্বিত করে। পাশাপাশি ফ্লাইওভারের ভারী গাড়ি চলাচলের অনবরত কম্পনে ঝুলন্ত বস্তুগুলোর বাঁধন আলগা হয়ে নিচে পড়ার উচ্চ ঝুঁকি তৈরি হয়েছে।

সরকারি একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো দিনের পর দিন দখল করে বিপজ্জনক উপায়ে কবুতর পালন করা হলেও তা নজর এড়িয়ে গেছে সংশ্লিষ্ট সড়ক ও জনপথ (সওজ) বিভাগের। কার ক্ষমতায় বা কার অনুপস্থিতির সুযোগ নিয়ে এই অনৈতিক কাজ চালানো হচ্ছে এবং ফ্লাইওভারের তদারকির দায়িত্বে থাকা মাঠপর্যায়ের কর্মকর্তারা কেন ব্যবস্থা নেননি—তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। কালিয়াকৈরের সচেতন নাগরিক সমাজ এটিকে জননিরাপত্তার ওপর প্রত্যক্ষ হুমকি হিসেবে দেখছেন। পথচারী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত এসব অবৈধ খাঁচা অপসারণ, স্থায়ী তদারকি জোরদার এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সড়ক ও জনপথ বিভাগ এবং গাজীপুর জেলা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়ি থেকে আরও ৩ মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৯ এম


পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়ি থেকে আরও ৩ মৃতদেহ উদ্ধার

পোল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় শহর ক্রাকোভের ঐতিহাসিক প্রধান চত্বরে বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। হামলার পর, ২৪ বছর বয়সী এক পোলিশ নাগরিক পুলিশ সদস্যদের সঙ্গে গুলিবিনিময়ের সময় আহত অবস্থায় গ্রেপ্তার হন। পরে তাঁর বাড়ি থেকে আরও তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে ক্রাকোভের প্রধান চত্বরে হামলার ঘটনাটি ঘটে। পোলিশ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সামরিক পোশাক পরিহিত ওই ব্যক্তি গাড়ি থেকে নেমে এআর-১৫ রাইফেল দিয়ে চত্বরে উপস্থিত লোকজনের দিকে গুলি চালান। এ সময় আতঙ্কিত মানুষ আশপাশের দোকান, ক্যাফে ও ভবনে আশ্রয় নেন।

পুলিশ জানায়, হামলার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে সদস্যরা পৌঁছান। পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের এক পর্যায়ে হামলাকারী আহত হন এবং তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। পুলিশের দাবি, প্রথম খবর পাওয়ার তিন মিনিটের মধ্যে হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, হামলাকারীর বৈধ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ছিল। তাঁর গাড়ি থেকে আরও অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। হামলাকারীর বাড়িতে অস্ত্র থাকতে পারে—এমন আশঙ্কায় ড্রোন দিয়ে নজরদারি চালানো হয়। নিরাপত্তার স্বার্থে আশপাশের বাসিন্দাদের সরিয়ে সেখানে অভিযান চালানো হয়।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানিয়েছেন, হামলাকারীর বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁরা হামলাকারীর নিকটাত্মীয়। তবে তাঁদের পরিচয় এবং মৃত্যুর কারণ এখনো নিশ্চিত করা হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী মার্সিন কিয়েরউইনস্কি বলেন, প্রাথমিক তদন্তে হামলাকারীর ওপর উগ্র ডানপন্থী মতাদর্শের প্রভাব থাকার ইঙ্গিত পাওয়া গেছে। তবে হামলার উদ্দেশ্য এখনো নিশ্চিত করা যায়নি। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করছে।

এদিকে, হামলার ঘটনায় পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারোল নাভরোকি ৮ ও ৯ নভেম্বর দুই দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। ক্রাকোভ শহর কর্তৃপক্ষও ৮ থেকে ১১ নভেম্বর পর্যন্ত শোক পালনের ঘোষণা দিয়েছে।

ঘটনায় শোক প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কায়া কালাসসহ বিভিন্ন দেশের নেতারা। তথ্যসূত্র: রয়টার্স, এপি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%