সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৯:২০ এম
নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে একটি গার্মেন্টসের ওয়েস্টেজ ঝুট ভর্তি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের সমস্ত মালামাল পুড়ে গেছে। ট্রাকচালক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দাবি, এ ঘটনায় প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ঘটনাটি ঘটে সোমবার (২৩ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে ফতুল্লার স্টেডিয়াম এলাকার সিএনজি স্ট্যান্ডের সামনে। প্রত্যক্ষদর্শীদের মতে, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ট্রাকটিকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেন।
ট্রাকচালক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে চাঁদনী ট্রান্সপোর্টের পাঁচটি ট্রাকে গার্মেন্টসের ওয়েস্টেজ ঝুট নিয়ে ফতুল্লার স্টেডিয়াম বটতলা এলাকার প্রান্ত এন্টারপ্রাইজের উদ্দেশে রওনা হন চালকরা। রবিবার বিকেল ৪টার দিকে যাত্রা শুরু করে সোমবার ভোর ৪টার দিকে তারা নির্ধারিত এলাকায় পৌঁছান। এরপর স্টেডিয়ামের সামনে লিংক রোডের পাশে পাঁচটি ট্রাক পার্ক করে চালকরা গাড়ির ভেতরে ঘুমিয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি পাঁচটি ট্রাকের মধ্যে একটি ট্রাককে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেন। মুহূর্তেই ট্রাকটিতে আগুন ধরে যায় এবং দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। আগুন ছড়িয়ে পড়লে পাশের ট্রাকের চালকরা ঘুম থেকে উঠে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।
আগুনে পুড়ে যাওয়া ট্রাকের চালক মামুন বলেন, ‘চট্টগ্রাম থেকে চাঁদনী ট্রান্সপোর্টের পাঁচটি ট্রাকে গার্মেন্টসের ওয়েস্টেজ ঝুট নিয়ে ভোর ৪টার দিকে এখানে পৌঁছে গাড়ি পার্ক করে ঘুমিয়ে পড়ি। হঠাৎ আগুন লাগার খবর পেয়ে ঘুম থেকে উঠে নিজের ট্রাকে আগুন জ্বলতে দেখি। অন্য চালকদের সঙ্গে নিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। আমার ট্রাকে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার মালামাল ছিল।’
অন্য একটি ট্রাকের চালক প্রত্যক্ষদর্শী মো. রিয়াজ জানান, রাতে তারা পাঁচটি ট্রাক সেখানে পার্ক করে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ একটি ট্রাকে আগুন দেখতে পেয়ে দ্রুত ঘুম থেকে উঠে চালক মামুনকে ডাক দেন। এরপর সবাই মিলে নিজেদের গাড়িতে থাকা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় নৈশপ্রহরী কামাল হোসেন বলেন, ‘মোটরসাইকেলে দুই ব্যক্তি সেখানে আসেন। তাদের একজন চলন্ত মোটরসাইকেল থেকে পার্ক করে রাখা ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেন। সঙ্গে সঙ্গে ট্রাকটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তেই তা পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর কাজ শুরু করেন।’
প্রান্ত এন্টারপ্রাইজের ম্যানেজার মো. মহসিন সরকার জানান, তাদের প্রতিষ্ঠানের জন্য চট্টগ্রাম থেকে পাঁচটি ট্রাকে গার্মেন্টসের ওয়েস্টেজ ঝুট আনা হয়েছিল। চালকরা গাড়ি পার্ক করে ভেতরে ঘুমিয়ে পড়েছিলেন। মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়েছে বলে তিনি জেনেছেন। এতে তার প্রতিষ্ঠানের প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
নারায়ণগঞ্জের শিবু মার্কেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বল জানান, ভোর ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ট্রাকটিতে গার্মেন্টসের ওয়েস্টেজ ঝুট বোঝাই থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেশি সময় লাগে। একপর্যায়ে গাড়ির পানি শেষ হয়ে গেলে পাশের একটি পুকুর থেকে পানি সংগ্রহ করে পুনরায় আগুন নেভানোর কাজ করা হয়। তবে তদন্তের পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা যাবে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান জানান, জালকুড়ি এলাকায় টহলে থাকার সময় আগুনের খবর পেয়ে দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে একটি ট্রাকে আগুন জ্বলতে দেখা যায়। কারা কী কারণে আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, এসআরবি-১১-এর একটি টহল দল সাইনবোর্ড এলাকায় দায়িত্ব পালন করছিল। আগুনের খবর পেয়ে উপসহকারী পরিচালক (ডিএডি) বিপ্লবের নেতৃত্বে দলটি ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে দুজন ব্যক্তি আগুন লাগিয়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে। তবে আগুনের প্রকৃত কারণ এবং এটি পরিকল্পিত নাশকতা কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। রাতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তাদের টহল অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পূর্ব লিবিয়ার বেনগাজি নৌঘাঁটিতে সন্দেহভাজন ইউক্রেনীয় সামুদ্রিক ড্রোনের আক্রমণে একটি রুশ যুদ্ধজাহাজ উল্টে ডুবে গেছে। রবিবার (২২ নভেম্বর) এই ঘটনার কয়েক ঘণ্টা পর একই উপকূলে একটি বাণিজ্যিক জাহাজেও ড্রোন হামলার ঘটনা ঘটে। এসব হামলার পর লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকার জাতিসংঘের কাছে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে।
ফক্স নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বেনগাজি নৌঘাঁটিতে নোঙর করা রুশ নৌবাহিনীর করভেট ‘মেরকুরি’তে দুটি বিস্ফোরক বোঝাই সামুদ্রিক ড্রোন আঘাত হানে। এর ফলে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, জাহাজটির বেশিরভাগ অংশ পানির নিচে এবং কেবল সামনের অংশই পানির ওপরে রয়েছে। জেটি এলাকায় ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় আরো চারটি ড্রোন ধ্বংস হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এতে রুশ ও লিবীয় নাগরিকসহ ১০ জন সামান্য আহত হয়েছেন।
কর্মকর্তাদের মতে, পূর্বাঞ্চলীয় প্রশাসনের সঙ্গে একটি সামুদ্রিক সহযোগিতা চুক্তির অধীনে জ্বালানি ও রসদ সংগ্রহের জন্য জাহাজটি বন্দরে থেমেছিল। প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে যে, ড্রোনগুলো পশ্চিম লিবিয়ার কোনো ঘাঁটি থেকে উৎক্ষেপণ করা হতে পারে।
যুদ্ধজাহাজে হামলার কয়েক ঘণ্টা পর বেনগাজির উপকূলে মাল্টার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজও সামুদ্রিক ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় বলে রয়টার্সকে জানিয়েছে দুটি সামরিক সূত্র। লিবীয় নৌবাহিনী বাণিজ্যিক জাহাজটির নাবিকদের উদ্ধার করেছে। এদিকে রবিবার সন্ধ্যায় বেনগাজির উপকূল থেকে ২০টিরও বেশি ড্রোন বোট আটক করেছে লিবিয়ার নৌ ও বিমান বাহিনী।
এই ঘটনার পর লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের প্রধানমন্ত্রী ওসামা হামাদ তদন্তের দাবিতে জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক অনুরোধ জমা দিয়েছেন। পশ্চিম লিবিয়া থেকে ড্রোন উৎক্ষেপণের সন্দেহের পাশাপাশি তিনি লিবিয়ায় ইউক্রেনীয় সামরিক বিশেষজ্ঞদের সম্ভাব্য উপস্থিতি নিয়ে তদন্ত এবং কিয়েভের কাছে ব্যাখ্যা চেয়েছেন। পূর্বাঞ্চলীয় সরকার এক বিবৃতিতে বলেছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে লিবিয়া কোনো পক্ষ নয় এবং নিজেদের বন্দর, ভূখণ্ড বা জলসীমাকে বিদেশি সংঘাত বা প্রতিশোধ নেওয়ার ময়দানে পরিণত হতে দেবে না।
এটি উল্লেখযোগ্য যে, জেনারেল খলিফা হাফতারের অনুগত বাহিনীর নিয়ন্ত্রণে থাকা বেনগাজি পূর্ব ও দক্ষিণ লিবিয়ার বড় অংশে আধিপত্য বিস্তার করে এবং রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে। ২০১১ সালে মোয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই লিবিয়া বিভক্ত। সাম্প্রতিক সময়ে কৃষ্ণ সাগরের বাইরে ভূমধ্যসাগর ও লিবিয়া উপকূলের আশপাশে রুশ নৌ ও জ্বালানি সম্পদের ওপর ড্রোন হামলার অভিযোগও সামনে এসেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকরা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে ‘ছোট আকারের বিদ্রোহ’ শুরু করেছেন। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক এই স্বৈরশাসকের সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ফলে প্রাণহানির ঘটনাও ঘটেছে।
বাংলাদেশে এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজনৈতিক সহিংসতা ও অস্থিরতা বিরাজ করছে। নির্বাসিত শেখ হাসিনার সমর্থকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর পাশাপাশি ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও লক্ষ্যবস্তু করছেন। সহিংসতায় এ পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে।
এ পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কেও নতুন করে চাপ সৃষ্টি হয়েছে। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা।
গত দেড় সপ্তাহ ধরে শেখ হাসিনার সমর্থকরা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে ছোট আকারের বিদ্রোহ চালিয়ে যাচ্ছেন। এ সময় তারা গণপরিবহন, পুলিশ স্টেশন ও একটি হাসপাতালে অগ্নিসংযোগ করেছেন। ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুই নেতার বাড়িতেও আগুন দেওয়া হয়েছে।
বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা ছড়িয়ে পড়েছে। বিশেষ করে শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে পরিস্থিতি উত্তপ্ত। সেখানে একটি পুলিশ স্টেশনসহ বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়া হয়। এসব সহিংস কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। ২০২৪ সালে কয়েক সপ্তাহের গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত শেখ হাসিনা দলটির নেতৃত্বে ছিলেন। বিক্ষুব্ধ জনতা তার সরকারি বাসভবনের দিকে এগোতে শুরু করার পর নাটকীয় পরিস্থিতিতে তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান।
সাম্প্রতিক বিক্ষোভ নিয়ে মন্তব্য জানতে আওয়ামী লীগের প্রতিনিধিদের সঙ্গে নিউ ইয়র্ক টাইমস যোগাযোগ করলেও তারা কোনো জবাব দেননি।
গত বছরের শেষ দিকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়। বাংলাদেশের চিফ প্রসিকিউটর জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
সম্প্রতি নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করে নতুন করে বিতর্কের জন্ম দেন শেখ হাসিনা। তবে বাংলাদেশের সরকার তাকে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে।
হাসিনার জন্মস্থান দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গোপালগঞ্জে সহিংসতা ও আওয়ামীপন্থিদের বিক্ষোভ ছিল সবচেয়ে তীব্র। বিক্ষোভকারীরা পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার সংযোগকারী প্রধান মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে ৩৬ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
এ সময় বিক্ষোভকারীরা অস্ত্র হাতে মিছিল করেন, পুলিশের একটি গাড়িতে আগুন দেন এবং এক পুলিশ সদস্যকে মারধর করে আহত করেন। শুক্রবার সকালে মহাসড়কটি পুনরায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে কয়েক ডজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
১৯৯৬ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। তার প্রথম মেয়াদ চলে ২০০১ সাল পর্যন্ত। ওই বছর নির্বাচনে তার দল পরাজিত হয় এবং ক্ষমতায় আসে বিরোধী জাতীয়তাবাদী শক্তি। পরবর্তী বছরগুলোতে দুই রাজনৈতিক শিবিরের দ্বন্দ্ব, পাল্টাপাল্টি অভিযোগ ও প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনকে অস্থিতিশীল করে তোলে।
২০০৯ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে। ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলন দমনে ব্যাপক বলপ্রয়োগের আগ পর্যন্ত দলটি ক্ষমতায় ছিল। ২০২৪ সালের আন্দোলনের সূত্রপাত হয়েছিল সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা সংস্কারের দাবিতে। আন্দোলনকারীদের অভিযোগ ছিল, এ ব্যবস্থায় আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ ব্যক্তিরা বিশেষ সুবিধা পাচ্ছিলেন।
প্রথম দিকে আন্দোলন শান্তিপূর্ণ থাকলেও পরে তা তরুণ আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামীপন্থি কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। ওই আন্দোলন ও দমনপীড়নে এক হাজার ৪০০ মানুষ নিহত হন। এছাড়া শেখ হাসিনা ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেন এবং আন্দোলনকারীদের গ্রেপ্তারে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন।
সামনে কী ঘটতে পারে
শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের প্রতিক্রিয়ায় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তাকে ‘সন্ত্রাসী’ ও ‘পলাতক অপরাধী’ হিসেবে অভিহিত করেছেন। একই সঙ্গে হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। তবে ভারতের পক্ষ থেকে তাকে প্রত্যর্পণের সম্ভাবনা খুব বেশি বলে মনে করা হচ্ছে না। এর আগে আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি নরেন্দ্র মোদি। তবে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী নয়াদিল্লি। চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টি নিয়ে পরোক্ষভাবে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। চলতি সপ্তাহের শুরুতে এক বক্তব্যে তিনি ইঙ্গিত দেন, আন্দোলনকারীরা ‘সীমান্তের ওপার থেকে’ নির্দেশনা পাচ্ছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন ডেমোক্র্যাট সিনেটর জন ওসফ। এই জয় অর্জনের পর ৩৯ বছর বয়সী এই নেতা ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে নতুন করে আলোচনায় উঠে এসেছেন। নির্বাচনী তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, গুরুত্বপূর্ণ সুইং স্টেট জর্জিয়ায় বিভিন্ন শ্রেণি ও মতাদর্শের ভোটারদের সমর্থন নিয়ে তিনি একটি শক্তিশালী জোট গড়ে তুলেছেন।
যদিও এসব আলোচনা চলছে, তবে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা আপাতত নাকচ করে দিয়েছেন ওসফ। গত অক্টোবরে অনুষ্ঠিত এক বিতর্কে তিনি উল্লেখ করেন, ২০২৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে তার ‘একেবারেই কোনো আগ্রহ নেই’।
তবে, কয়েকটি প্রাথমিক জনমত জরিপে সম্ভাব্য ডেমোক্র্যাট প্রার্থীদের মধ্যে ওসফ এগিয়ে রয়েছেন। মধ্যবর্তী নির্বাচনের পর এমারসন কলেজের এক জরিপে ১৭ শতাংশ ভোটার তাকে সমর্থন জানিয়েছেন। এই তালিকায় সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং নিউইয়র্কের কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজের চেয়ে তিনি এগিয়ে আছেন। এছাড়া তালিকার শীর্ষ পাঁচে আরও রয়েছেন সাবেক পরিবহনমন্ত্রী পিট বুটিজেজ এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম।
জর্জিয়ার মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যে বড় ব্যবধানে জয়লাভের পাশাপাশি মধ্যপন্থি ও প্রগতিশীল—দুই শিবিরের ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করেছেন ওসফ। মধ্যবর্তী নির্বাচনের পর ওয়াশিংটনে প্রগতিশীলদের এক সমাবেশ ‘ক্রুকড কন’-এ অনুষ্ঠিত অনানুষ্ঠানিক জরিপেও ৩৮ শতাংশ প্রথম পছন্দের ভোট পেয়ে শীর্ষে ছিলেন তিনি। এর পরের অবস্থানে ছিলেন যথাক্রমে ওকাসিও-কর্টেজ এবং বুটিজেজ।
জর্জিয়াভিত্তিক লাতিনো রাজনৈতিক সংগঠন গ্যালিও ইমপ্যাক্ট ফান্ড পিএসির প্রধান জেরি গনজালেজ মন্তব্য করেন, ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ওসফ প্রথম পছন্দ হতে পারেন। তিনি ট্রাম্প প্রশাসনকে জবাবদিহির আওতায় আনার ক্ষেত্রে পিছপা হন না এবং একযোগে বাস্তবসম্মত পরিবর্তন আনার চেষ্টা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ