০৮:৫৩ পি.এম
দেশব্যাপী ৫ বছরের জন্য ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির একটি অংশ হিসেবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ জুলাই) দুপুর ১২টায় রুয়েট ক্যাম্পাসে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচিটির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। উদ্বোধনের পর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করার সময় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি জানান, এ কর্মসূচি বাস্তবায়নে আগামী এক বছরে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় ২ লাখ ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: কুলাউড়ায় অবৈধ করাতকলে অভিযান, যন্ত্রপাতি জব্দ—৫ হাজার টাকা জরিমানা আদায়
তিনি আরও জানান, কর্মসূচির প্রথম পর্যায়ে প্রায় ৫৩ হাজার গাছের চারা রোপণের কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও এ উদ্যোগে অংশ নিচ্ছে।
রাসিক প্রশাসক নগরবাসীসহ সকল শ্রেণি-পেশার মানুষকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেক নাগরিকের উচিত অন্তত একটি করে গাছ রোপণ করা এবং তার পরিচর্যার দায়িত্ব নেওয়া।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, ছাত্র কল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম, রেজিস্ট্রার আরিফ আহমদ চৌধুরী, প্রধান প্রকৌশলী মোঃ শাহাদাত হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা।
এছাড়াও, উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি মুক্তার হোসেন, দপ্তরের দায়িত্বে থাকা মুঈদুর রহমান মঈদ, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন বাবু, চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, মহানগর কৃষক দলের সভাপতি সরফুজ্জামান শামীমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আরও পড়ুন: বরিশালে উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেন ভেঙে পড়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন