ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

সিসিক প্রকৌশলী দেবব্রত তালুকদারের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ


সিসিক প্রকৌশলী দেবব্রত তালুকদারের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উপ-সহকারী প্রকৌশলী দেবব্রত তালুকদার দেবুর বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া, ঠিকাদার নির্বাচন, বিল প্রস্তুত ও পরিশোধ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের একাধিক অভিযোগ উঠেছে। তাঁর সম্পদের উৎস, সরকারি দায়িত্ব পালনে ভূমিকা এবং বিভিন্ন প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।

অভিযোগকারীদের দাবি, মাসিক প্রায় ৪৫ হাজার টাকা বেতনে চাকরি করেও দেবব্রত তালুকদার দেবু বিপুল সম্পদের মালিক হয়েছেন। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, সিলেট নগরের অভিজাত কাজলশাহ এলাকায় তাঁর ছয়তলা বাড়ি রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা। এ ছাড়া তাঁর স্ত্রী ও শ্বশুরবাড়ির আত্মীয়স্বজনের নামে বিভিন্ন ব্যাংকে বিপুল অঙ্কের স্থায়ী আমানত (এফডিআর) থাকার অভিযোগও রয়েছে।

সিসিকের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগকারীদের ভাষ্য, সড়ক ও ড্রেন নির্মাণসহ বিভিন্ন অবকাঠামোগত কাজে নির্দিষ্ট ঠিকাদারদের সুবিধা পাইয়ে দিতে কমিশনভিত্তিক প্রভাব খাটানো হতো। দরপত্রের গোপন তথ্য আগাম সরবরাহ এবং কাজের প্রকৃত পরিমাণের সঙ্গে অসংগতিপূর্ণ বিল প্রস্তুতে সহযোগিতার অভিযোগও করেছেন তাঁরা।

আরও পড়ুন: বরিশালে উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেন ভেঙে পড়েছে

এ ছাড়া নগরের বিভিন্ন বহুতল ভবনের নকশা অনুমোদন প্রক্রিয়ায় অনিয়ম ও ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে। একই সঙ্গে দৈনিক মজুরিভিত্তিক বা মাস্টাররোল শ্রমিকের সংখ্যা বেশি দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগও তুলেছেন সংশ্লিষ্টরা।

অভিযোগকারীদের আরও দাবি, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের আগে দেবব্রত তালুকদার দেবু তৎকালীন ক্ষমতাসীন দলের কয়েকজন প্রভাবশালী ব্যক্তির ঘনিষ্ঠ ছিলেন। পরবর্তী সময়েও সিসিকের অভ্যন্তরে প্রভাব বজায় রাখার চেষ্টা করেছেন বলে অভিযোগ রয়েছে।

এ অবস্থায় প্রকৌশলী দেবব্রত তালুকদার দেবুর নামে ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদের বৈধ উৎস, ব্যাংক হিসাব, স্থায়ী আমানত এবং আর্থিক লেনদেন খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।


তবে এসব অভিযোগের বিষয়ে দেবব্রত তালুকদার দেবুর বক্তব্য জানতে চাইলে, অভিযোগগুলো সত্য নয় বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন: কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জন নিহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ন্যাটালি বেকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


পাকিস্তানে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ন্যাটালি বেকার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে অভিজ্ঞ কূটনীতিক ন্যাটালি বেকারকে মনোনয়ন দিয়েছেন। এই নিয়োগ চূড়ান্ত হওয়ার জন্য এখন কেবল মার্কিন সিনেটের অনুমোদন প্রয়োজন।

বর্তমানে ন্যাটালি বেকার পাকিস্তানে মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০২৫ সালের জানুয়ারিতে তৎকালীন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লুমের দায়িত্ব ছাড়ার পর এই ভারপ্রাপ্ত দায়িত্ব গ্রহণ করেন এবং তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

ন্যাটালি বেকারের দীর্ঘ কূটনৈতিক ক্যারিয়ারে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক মিশনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ২০২১ সালের আগস্ট থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত তিনি কাতারের রাজধানী দোহায় মার্কিন দূতাবাসের উপপ্রধান হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

এর আগে, ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি লিবিয়ায় রাজনৈতিক ও অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করেন, যেখানে তিনি দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় সহায়তা করেন।

পরবর্তীতে, তিনি লিবিয়ায় মার্কিন মিশনের উপপ্রধান ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন। বিশেষ করে, ২০১১ সালের লিবিয়ায় বিপ্লবের সময় চরম নিরাপত্তাহীনতার মধ্যেও তিনি শেষ মুহূর্ত পর্যন্ত মার্কিন দূতাবাসে অবস্থান করেছিলেন।

এছাড়াও, তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইরানবিষয়ক মার্কিন আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক, কুয়েতে মার্কিন দূতাবাসের অর্থনৈতিক কাউন্সেলর এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়ার ইস্টার্ন অ্যাফেয়ার্স ব্যুরোর উত্তর আফ্রিকা বিষয়ক দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার কর্মজীবনের শুরুর দিকে পাকিস্তানের ইসলামাবাদে কনস্যুলার কর্মকর্তা এবং তুর্কমেনিস্তানের আশগাবাদে সাংস্কৃতিক বিষয়ক কর্মকর্তা হিসেবে কাজের অভিজ্ঞতাও রয়েছে।

বর্তমানে বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা এবং বিভিন্ন আঞ্চলিক কৌশলগত ইস্যুতে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। ঠিক সেই সময়ে ন্যাটালি বেকারকে রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করলেন ট্রাম্প। সিনেটের অনুমোদন পেলে তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূত হিসেবে পাকিস্তানের মার্কিন মিশনের দায়িত্ব নেবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জন নিহত

গাজীপুরের কালিয়াকৈরে ঘটে যাওয়া একটি মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের সফিপুর ফ্লাইওভার ব্রিজের ওপর মোটরসাইকেল নিয়ে কোনাবাড়ী থেকে টাঙ্গাইলের দিকে যাওয়ার সময় সড়কে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলে তারা প্রাণ হারান।

নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী এবং একজন শিশু রয়েছেন। তবে তাদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশের সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেলে তিনজন গাজীপুরা থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। সফিপুর ফ্লাইওভারের ওপর পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি পেছন থেকে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন ছিটকে পড়ে যান এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে। খবর পেয়ে নাওজোর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

নাওজোর হাইওয়ে থানার ওসি মঞ্জুর মোর্শেদ বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। তাদের মধ্যে একজন পুরুষ, একজন নারী এবং একজন শিশু রয়েছে। খবর পেয়ে নিহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কর অঞ্চল-১৮, ঢাকায় ৭ পদে ৬৫ জনের চাকরির সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


কর অঞ্চল-১৮, ঢাকায় ৭ পদে ৬৫ জনের চাকরির সুযোগ

কর অঞ্চল-১৮, ঢাকা কর্তৃপক্ষ ৬৫টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা ঢাকা জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য প্রযোজ্য। এই প্রতিষ্ঠানে ৭টি ক্যাটাগরিতে ১৩তম থেকে ২০তম গ্রেডে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।

গত ১০ নভেম্বর, কর অঞ্চল-১৮, ঢাকার উপকর কমিশনার (সদর দপ্তর-প্রশাসন) ও বিভাগীয় নিয়োগ কমিটির সদস্যসচিব এইচ এম শাহরিয়ার হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নিয়োগের বিষয়টি জানানো হয়।

নিয়োগের সংক্ষিপ্ত তথ্য

প্রতিষ্ঠান: কর অঞ্চল-১৮, ঢাকা

পদসংখ্যা: ৭ ক্যাটাগরিতে মোট ৬৫ জন

চাকরির ধরন: অস্থায়ী

গ্রেড: ১৩ থেকে ২০

আবেদন শুরু: ১৫ নভেম্বর ২০২৬, সকাল ১০টা

আবেদনের শেষ সময়: ৬ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা

বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর

পদভিত্তিক যোগ্যতা ও বেতন

১. কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১টি

গ্রেড: ১৩

বেতন: ২৪,০০০–৫৮,০০০ টাকা

যোগ্যতা: প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ টাইপ করার দক্ষতা আবশ্যক। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

২. ব্যক্তিগত সহকারী

পদসংখ্যা: ৫টি

গ্রেড: ১৩

বেতন: ২৪,০০০–৫৮,০০০ টাকা

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। ইংরেজিতে প্রতি মিনিটে ৮০ শব্দ ও বাংলায় ৫০ শব্দ সাঁটলিপি এবং ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ কম্পিউটার টাইপিংয়ের গতি থাকতে হবে। এ ছাড়া ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা প্রয়োজন।

৩. প্রধান সহকারী

পদসংখ্যা: ১২টি

গ্রেড: ১৩

বেতন: ২৪,০০০–৫৮,০০০ টাকা

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ টাইপ করার দক্ষতার পাশাপাশি ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে।

৪. উচ্চমান সহকারী

পদসংখ্যা: ১২টি

গ্রেড: ১৪

বেতন: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি প্রয়োজন। কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে। পাশাপাশি ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

৫. সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১২টি

গ্রেড: ১৪

বেতন: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ সাঁটলিপি এবং কম্পিউটারে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ টাইপ করার গতি প্রয়োজন। এ ছাড়া ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

৬. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১৩টি

গ্রেড: ১৬

বেতন: ২১,৯০০–৫২,৯০০ টাকা

যোগ্যতা: স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসহ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাংলায় ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। পাশাপাশি ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স ব্যবহারের অভিজ্ঞতা প্রয়োজন।

৭. অফিস সহায়ক

পদসংখ্যা: ১০টি

গ্রেড: ২০

বেতন: ২০,০০০–৪৮,৪০০ টাকা

যোগ্যতা: স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

যেভাবে আবেদন করবেন

নিয়োগে আগ্রহী প্রার্থীদের কর অঞ্চল-১৮, ঢাকার নির্ধারিত টেলিটক ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে ১৫ নভেম্বর ২০২৬ সকাল ১০টায়। আবেদন করা যাবে ৬ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য শর্ত ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কুলে ভর্তিতে সহোদর ও যমজদের জন্য আসন সংরক্ষণ ও বিশেষ কোটা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


স্কুলে ভর্তিতে সহোদর ও যমজদের জন্য আসন সংরক্ষণ ও বিশেষ কোটা

সরকার ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা প্রকাশ করেছে বেসরকারি স্কুলে। এই নতুন নীতিমালায় একই পরিবারের ভাইবোনদের জন্য একই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার সুযোগ নিশ্চিত করতে বিশেষ কোটার ব্যবস্থা রাখা হয়েছে।

নীতিমালার আওতায়, ২০২৭ শিক্ষাবর্ষে সহোদর ভাইবোনদের জন্য ৩ শতাংশ এবং যমজ ভাইবোনদের জন্য ২ শতাংশ আসন সংরক্ষণ করা হবে। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ আসন, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২ শতাংশ এবং লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় থাকা শিশুদের জন্য ৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্যও বিশেষ কোটা রাখা হয়েছে এই নীতিমালায়। বুধবার (১১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা ২০২৭ শিক্ষাবর্ষের বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তি নীতিমালায় এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, যদি কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদনকারী শিক্ষার্থীর সহোদর ভাই বা বোন আগে থেকেই অধ্যয়নরত থাকে, তাহলে নতুন আবেদনকারীর জন্য ৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। একইভাবে, যদি কোনো শিক্ষার্থীর যমজ ভাই বা বোন আগে থেকেই ওই প্রতিষ্ঠানে পড়াশোনা করে, তবে নতুন আবেদনকারীর জন্য ২ শতাংশ আসন সংরক্ষণ করতে হবে। এই সুবিধা সর্বাধিক তিন সন্তান পর্যন্ত প্রযোজ্য হবে।

অর্থাৎ, যদি কোনো পরিবারের একজন সন্তান আগে থেকেই একটি বিদ্যালয়ে পড়াশোনা করে, তাহলে তার অন্য সন্তানদের ভর্তির আবেদনের ক্ষেত্রে এ কোটা বিবেচনা করা হবে। আবার, যমজ ভাইবোনের একজন যদি আগে থেকে ওই বিদ্যালয়ে পড়েন, তবে অন্যজনও নির্ধারিত কোটায় ভর্তির সুযোগ পাবে। তবে আবেদনকারীকে সংশ্লিষ্ট সম্পর্কের প্রমাণপত্র জমা দিতে হবে।

মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। এই কোটা সুবিধা পেতে আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট প্রমাণপত্রের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। ভর্তির সময় মূল কাগজপত্র দেখাতে হবে। মুক্তিযোদ্ধা সনদ যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম গ্রহণ করতে হবে।

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২ শতাংশ আসন সংরক্ষণের নির্দেশনা রয়েছে। এই ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা থাকার শর্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র জমা দিতে হবে। লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় থাকা শিশুদের জন্যও ৩ শতাংশ আসন সংরক্ষণ করা হবে। এ সুবিধা পেতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র প্রয়োজন হবে।

এছাড়া, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্যও বিশেষ কোটা রাখা হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলিজনিত কারণে সন্তানদের অন্য বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বিশেষ সুযোগ রয়েছে। বদলির আদেশের তারিখ থেকে ১২ মাসের মধ্যে আবেদন করতে হবে। নতুন কর্মস্থলের নিকটবর্তী বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে প্রতি শ্রেণির শাখায় মোট আসনের অতিরিক্ত ৫ শতাংশ আসন সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।

নীতিমালায় বলা হয়েছে, যদি কোনো কোটায় উপযুক্ত প্রার্থী পাওয়া না যায়, তাহলে সংশ্লিষ্ট আসন সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মেধাক্রম অনুসারে পূরণ করতে হবে। কোনো অবস্থাতেই কোটার জন্য আসন খালি রাখা যাবে না।

আবেদন ফরমের মূল্য

২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন ফরমের মূল্যও নির্ধারণ করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রথম শ্রেণিতে ভর্তির জন্য অনলাইন আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ১১০ টাকা। দ্বিতীয় থেকে নবম শ্রেণির ক্ষেত্রে এই মূল্য সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হবে এমন শ্রেণির আবেদন ফরম বিদ্যালয়ের কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। বিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও ফরম সংগ্রহের ব্যবস্থা রাখা যাবে। আবেদন ফরম বিতরণ ও জমা দেওয়ার বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট তারিখ ও সময় উল্লেখ করতে হবে। ফরম বিতরণের জন্য কমপক্ষে সাত কর্মদিবস সময় দিতে হবে।

আবেদন ফরমের নির্ধারিত স্থানে পরীক্ষার্থীর পাসপোর্ট আকারের ছবি সংযুক্ত করতে হবে। ফরম জমা দেওয়ার সময় শিক্ষার্থীর রোল নম্বরসহ প্রবেশপত্র দিতে হবে। ভর্তি পরীক্ষার জন্য আবেদন করা শিক্ষার্থীদের পরীক্ষার হলে প্রবেশপত্র সঙ্গে রাখতে হবে।

ভর্তি ফি কত?

আবেদন ফরমের মূল্য ছাড়াও ভর্তি ও অন্যান্য ফি আদায়ের ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মন্ত্রণালয়ের নির্ধারিত সীমা অনুসরণ করতে হবে। নীতিমালা অনুযায়ী, ঢাকা মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ফি সর্বোচ্চ পাঁচ হাজার টাকা। অন্যান্য মহানগর এলাকায় তিন হাজার টাকা, জেলা শহরে দুই হাজার টাকা এবং উপজেলা পর্যায়ে এক হাজার টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে।

এছাড়া এমপিওভুক্ত, আংশিক এমপিওভুক্ত ও এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে ভর্তি ও অন্যান্য ফি আদায়ের নিয়মে পৃথক নির্দেশনা রয়েছে। ঢাকা মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সীমার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা থেকে বিরত থাকতে হবে।

নীতিমালায় বলা হয়েছে, সরকার নির্ধারিত ফির বাইরে কোনো অর্থ আদায় করা যাবে না। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান অতিরিক্ত টাকা আদায় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত শূন্য আসনের বাইরে শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে তদারকি ও পরিবীক্ষণ কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছে। এসব কমিটি ভর্তি কার্যক্রম পর্যবেক্ষণ করবে এবং কোনো অনিয়ম বা সমস্যা দেখা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%