০৭:০৩ পি.এম
মালয়েশিয়ায় বিভিন্ন অপরাধে কারাদণ্ড ভোগের পর ইমিগ্রেশন ক্যাম্পে আটক থাকা বাংলাদেশি নাগরিকদের দেশে দ্রুত ও নিরাপদে ফেরানোর জন্য বাংলাদেশ হাইকমিশন উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে, তেরেঙ্গানু রাজ্যের আজিল ইমিগ্রেশন ডিপো পরিদর্শন করে সেখানে আটক ৮৫ জন বাংলাদেশির সঙ্গে সাক্ষাৎ করেন হাইকমিশনের কর্মকর্তারা।
গত ৬ অক্টোবর, হাইকমিশনের লেবার কাউন্সিলর সৈয়দ শরিফুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ওই ইমিগ্রেশন ডিপো পরিদর্শন করে। এ সময় আটক বাংলাদেশিদের দেশে ফেরার প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয় এবং তাদের কনস্যুলার সেবা দেওয়া হয়। একই সঙ্গে, প্রতিনিধিদলের সদস্যরা দেশে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের সুযোগও করে দেন।
পরিদর্শনের পর, ইমিগ্রেশন ডিপোর কমান্ডারের সঙ্গে বৈঠক করেন হাইকমিশনের প্রতিনিধিরা। বৈঠকে, আটক বাংলাদেশিদের দ্রুত ও নিরাপদে দেশে ফেরত পাঠানোর জন্য ক্যাম্প কর্তৃপক্ষের সহযোগিতা চাওয়া হয়। এ বিষয়ে কর্তৃপক্ষ পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেছে।
আরও পড়ুন: বাকশিল্পাঙ্গনের সভাপতি হলেন হাসিব বিল্লাহ, সাধারণ সম্পাদক নূৎফা
ক্যাম্প কর্তৃপক্ষ জানায়, বিমানের টিকিট পাওয়া সাপেক্ষে আটক বাংলাদেশিরা পরবর্তী ফ্লাইটে দেশে ফিরতে পারবেন।
জানা গেছে, মালয়েশিয়ায় বিভিন্ন কারণে আটক হয়ে কারাভোগের পর অনেক বাংলাদেশি দেশটির ইমিগ্রেশন ক্যাম্পে অবস্থান করছেন। তাদের মধ্যে কেউ বৈধভাবে কলিং ভিসায় মালয়েশিয়ায় গিয়ে কাজ না পেয়ে অন্যত্র কাজ করতে বাধ্য হয়েছেন। আবার কেউ বৈধ হওয়ার আশায় দালালের প্রলোভনে ভ্রমণ ভিসায় দেশটিতে গিয়ে আর ফিরে আসেননি। নির্মাণশ্রমিকের ভিসা নিয়ে সেবা খাতে কাজ করাসহ বিভিন্ন অভিযোগে অনেকেই আটক হয়েছেন।
এ ধরনের ঘটনায় আটক বাংলাদেশিদের একটি অংশকে কারাভোগ শেষে দেশে ফেরার অপেক্ষায় থাকতে হচ্ছে। তাদের দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন নিয়মিতভাবে দেশটির বিভিন্ন ইমিগ্রেশন ক্যাম্প পরিদর্শন করছে। এসব পরিদর্শনের মাধ্যমে আটক ব্যক্তিদের খোঁজখবর নেওয়া, প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা প্রদান এবং দেশে ফেরার প্রক্রিয়া ত্বরান্বিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: ৯ জেলার নিরাপত্তায় মোতায়েন ৫৩ প্লাটুন আনসার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন