০২:৪৫ পি.এম
দীর্ঘদিন ধরে দর্শকদের বিনোদন দিয়ে আসা জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ এর পঞ্চম সিজনের শুটিং এখন শেষের পথে। বিষয়টি নিশ্চিত করেছেন নাটকটির অন্যতম জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব।
বর্তমানে ওয়েব ফিল্ম, নাটক ও ওটিটির বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তৌসিফ। এর মধ্যে সমানতালে চলছে কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর শুটিং। তবে কাজটি এখন শেষ পর্যায়ে রয়েছে।
অভিনেতার ভাষ্যে, তাদের আর খুব বেশি দিন শুটিং করতে হবে না।
আরও পড়ুন: ‘রামায়ণ’ পার্ট ১ মুক্তির আগেই বক্স অফিসে ৮০০ কোটি টাকার আয়
সম্প্রতি কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে তৌসিফ মাহবুব বলেছেন, ‘‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ শেষ হতে যাচ্ছে। অনেকদিন ধরেই আমরা শেষ দিকের শুটিং করছি। আগামীতে আরও কিছুদিন কাজ হবে। তারপর পরিচালকই এ বিষয়ে বিস্তারিত জানাবেন।
তবে শেষ পর্বগুলোতে কী থাকছে, গল্প কোন দিকে মোড় নেবে কিংবা দর্শকদের জন্য নতুন কোনো চমক অপেক্ষা করছে কি না—এসব বিষয়ে এখনই কিছু বলতে নারাজ তৌসিফ। দর্শকদের আগ্রহ ও কৌতূহল ধরে রাখার জন্যই শেষের গল্প নিয়ে বিস্তারিত প্রকাশ করা হচ্ছে না বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
বাংলাদেশের নাট্যাঙ্গনে ‘ব্যাচেলর পয়েন্ট’কে ধরা হয় অন্যতম সফল ধারাবাহিক হিসেবে। বন্ধুত্ব, প্রেম, পারিবারিক সম্পর্ক, হাস্যরসের পাশাপাশি সমসাময়িক নানা সামাজিক বিষয় নাটকটির গল্পে উঠে এসেছে।
শুরু থেকেই তরুণ দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই ধারাবাহিকের প্রতিটি সিজনই বিপুল দর্শকপ্রিয়তা অর্জন করেছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের বৈঠকে জলবায়ু পরিবর্তন ও সহযোগিতা নিয়ে আলোচনা
ইউটিউবে কোটি কোটি ভিউয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নাটকটির বিভিন্ন চরিত্র ও সংলাপ নিয়মিত আলোচনায় থাকে।
নির্মাতা কাজল আরেফিন অমির পরিচালনায় ‘ব্যাচেলর পয়েন্ট’-এর চরিত্রগুলোও আলাদা পরিচিতি পেয়েছে। তৌসিফ মাহবুবের সঙ্গে এতে অভিনয় করছেন চাষী আলম, মারজুক রাসেল, অর্চিতা স্পর্শিয়া, ফারিয়া শাহরিন, জিয়াউল হক পলাশসহ আরও অনেকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন