০৯:১৪ পি.এম
দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও বিশ্ববাসীর সুখ, শান্তি, কল্যাণ ও সমৃদ্ধির কামনায় আখেরি মোনাজাতের মাধ্যমে তিন দিনব্যাপী লালমনিরহাট জেলা ইজতেমার সমাপ্তি ঘটে।
রোববার (২৯ নভেম্বর) ভোর ও সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলাসহ আশপাশের জেলা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি লালমনিরহাট শহরের কালেক্ট্রেট মাঠে সমবেত হন আখেরি মোনাজাতে অংশ নিতে। সকাল ১১টার দিকে আখেরি মোনাজাতে শরিক হতে কালেক্টরেট মাঠে উপস্থিত হন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মারকাজের শুরা সদস্য মাওলানা শামসুদ্দিন।
প্রায় ঘণ্টাব্যাপী দীর্ঘ এ মোনাজাতে মহান আল্লাহর দরবারে ক্ষমা, রহমত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দুই হাত তুলে অশ্রুসিক্ত নয়নে আবেগাপ্লুত হয়ে পড়েন মুসল্লিরা। এ সময় লাখো কণ্ঠের ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ইজতেমা প্রাঙ্গণ, সৃষ্টি হয় এক হৃদয়স্পর্শী ও আধ্যাত্মিক পরিবেশের। লালমনিরহাট জেলা মারকাস মসজিদের উদ্যোগে গত শুক্রবার ফজর নামাজের পর আম বয়ানের মাধ্যমে তিন দিনব্যাপী এই ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়।
আরও পড়ুন: শেরপুরে ড্রাম ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল এনজিও কর্মী ইমরুল কায়েসের
ইজতেমা চলাকালে দেশের বরেণ্য আলেম-ওলামাগণ ঈমান ও আকিদা দৃঢ়করণ, নামাজ কায়েম, তাকওয়া অর্জন, দাওয়াত, তালিম এবং আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরে ধারাবাহিক বয়ান ও নছিয়ত পেশ করেন। ধর্মীয় এই সমাবেশে দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশ থেকেও বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। তিন দিনব্যাপী জিকির, বয়ান ও ইবাদত-বন্দেগিতে পুরো কালেক্ট্রেট মাঠ ও আশপাশের এলাকা পরিণত হয় এক বিশাল ইবাদতখানায়।
ইজতেমা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় স্বেচ্ছাসেবক এবং আয়োজক কমিটির সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন আয়োজকরা। মোনাজাত শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন