০২:২৮ পি.এম
পরিবহন ব্যবসায়ী রফিক গাজী হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে ‘আশিক গ্রুপ’-এর সদস্য দুই জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬।
মঙ্গলবার র্যাব-৬-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাটাখালি মোড় এলাকায় র্যাব-৬ সদর দপ্তরের একটি দল অভিযান চালিয়ে খুলনার লবণচরা এলাকার বাসিন্দা ইমন শরীফ (২৭) ও সজল খান (২৫)কে আটক করে।
র্যাব জানায়, রফিক গাজী হত্যার ঘটনায় লবণচরা থানায় দায়ের করা মামলার তদন্তে এই দু’জনকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছিল।
আরও পড়ুন: ঝালকাঠিতে নানাবাড়ি বেড়াতে গিয়ে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু
মামলার বিবরণে জানা যায়, গত ১২ জুন সকাল ১১টা ২০ মিনিটের দিকে পরিবহন ব্যবসায়ী রফিক গাজী (৪০) স্ত্রী এবং সন্তানকে নিয়ে যাওয়ার সময় লবণচরা থানার মাথাভাঙ্গা এলাকার রায়পাড়ায় হামলার শিকার হন।
হেলমেট পরিহিত হামলাকারীরা তাঁকে গতিরোধ করে এবং পিস্তল দিয়ে গুলি চালিয়ে মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত রফিক গাজীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওই দিন দুপুর ১টা ৩০ মিনিটে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে, তাঁর স্ত্রী রিনা বেগম লবণচরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আরও পড়ুন: শাহেদলের ৭নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী লুৎফর এর মতবিনিময় সভা: তরুণ প্রার্থীকে ভালোবেসে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
র্যাব জানায়, আটকদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন