ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জামায়াত আমির: নীরব বসে থাকার সুযোগ নেই


জামায়াত আমির: নীরব বসে থাকার সুযোগ নেই

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইন অনুযায়ী কঠোর শাস্তির দাবি করেছেন।

রবিবার (২২ নভেম্বর) সকালে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এ বিষয়ে মন্তব্য করেন। তার ফেসবুক পোস্টে শফিকুর রহমান উল্লেখ করেন, ‘আজ রবিবার রাত ৩টার পর ডাকসুর জনপ্রিয় ভিপি ও জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুষ্কৃতকারীদের পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের নিন্দা জানাই।’

তিনি আরও বলেন, ‘এ হামলা কাপুরুষোচিত। অবশ্যই অতি দ্রুত দুষ্কৃতকারীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।’

আরও পড়ুন: এনসিপির প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে ২৩ নভেম্বর

সরকারের সমালোচনা করতে গিয়ে জামায়াতের আমির বলেন, ‘একটার পর একটা পতিত ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়েই যাচ্ছে। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম নিষ্ক্রিয়তা ও উদাসীনতাই এর জন্য প্রধানত দায়ী।’

তিনি সতর্ক করে বলেন, ‘এ ব্যাপারে সরকার সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত হিসেবে চরম মূল্য দিতে হবে। এভাবে আর নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গা গণহত্যা মামলার রায়ে ইসরাইলের উদ্বেগ বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৪ এম


রোহিঙ্গা গণহত্যা মামলার রায়ে ইসরাইলের উদ্বেগ বাড়ছে

রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) একটি রায়ের পর ইসরাইলের শাসকগোষ্ঠীর মধ্যে একটি ভীতি সৃষ্টি হয়েছে। রায়টি মিয়ানমারের বিরুদ্ধে হলেও এর আইনগত প্রভাব গাজায় গণহত্যার অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে চলমান মামলায় পড়তে পারে। এদিকে, আদালতের বাইরেও ইসরাইলবিরোধী প্রতিবাদের আওয়াজ ক্রমেই জোরালো হচ্ছে। ইউরোপ থেকে যুক্তরাষ্ট্র—বিভিন্ন দেশের রাজপথে ছড়িয়ে পড়েছে সেই প্রতিবাদ। গাজা যুদ্ধ নিয়ে অসন্তোষ মার্কিন নির্বাচনের রাজনীতিতেও প্রভাব ফেলেছে।

১৯ নভেম্বর নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা জনগণের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করে রায় ঘোষণা করে। রায় প্রকাশের পরপরই ইসরাইলের সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টে এর সম্ভাব্য প্রভাব নিয়ে বিশ্লেষণ প্রকাশিত হয়। পত্রিকাটির সাংবাদিক ইয়োনাহ জেরেমি ববের লেখা নিবন্ধের শিরোনাম ছিল—‘আইসিজের মিয়ানমারবিষয়ক রায় গাজায় গণহত্যার অভিযোগ মোকাবিলায় ইসরাইলের প্রতিরক্ষাকে দুর্বল করতে পারে’; অর্থাৎ রায় ঘোষণার দিনেই ইসরাইলের সংবাদমাধ্যমে এর সম্ভাব্য পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

রোহিঙ্গাদের বিচার, ইসরাইলের উদ্বেগ

এই রায়ের তাৎপর্য কেবল মিয়ানমারের মধ্যে সীমাবদ্ধ নয়। একই আদালতে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় গাজায় গণহত্যার অভিযোগের মুখোমুখি ইসরাইল। ২০২৩ সালের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা মামলাটি করে; অভিযোগ, গাজায় সামরিক অভিযান চালিয়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা করছে ইসরাইল। ইসরাইল অবশ্য স্বভাবসুলভ ভঙ্গিতে অভিযোগ অস্বীকার করে আসছে।

জেরুজালেম পোস্টের বিশ্লেষক ইয়োনাহ জেরেমি ববের মতে, মিয়ানমারের বিরুদ্ধে রায় ইসরাইলের আইনি লড়াইকে কঠিন করে তুলতে পারে। গণহত্যার প্রমাণ হিসেবে আদালত যেসব বিষয় বিবেচনায় নিয়েছেন, সেগুলো দক্ষিণ আফ্রিকার মামলাতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

গণহত্যার প্রমাণে নতুন দৃষ্টিভঙ্গি

গণহত্যা বলতে কোনো জনগোষ্ঠীকে পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে সংঘটিত অপরাধকে বোঝায়। ১৯৪৮ সালের গণহত্যা সনদে শুধু হত্যা নয়, কোনো জনগণের সদস্যদের গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি করা, জন্মরোধে ব্যবস্থা নেওয়া এবং তাদের ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে—এমন জীবনযাপনের পরিবেশ চাপিয়ে দেওয়াও অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে।

মিয়ানমারের মামলায় আদালত এসব বিষয় গুরুত্বের সঙ্গে দেখেছে। রোহিঙ্গাদের হত্যা, শারীরিক ও মানসিক নির্যাতন এবং তাদের ওপর চালানো অন্যান্য নিপীড়নের বিষয়গুলো বিবেচনায় এসেছে। ফলে গণহত্যা প্রমাণের জন্য শুধু নিহত মানুষের সংখ্যা নয়, একটি জনগণের ওপর সামগ্রিক নিপীড়নের চিত্রও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

জেরুজালেম পোস্টের বিশ্লেষণে বলা হয়েছে, মিয়ানমারের প্রায় আট লাখ ১৫ হাজার রোহিঙ্গার মধ্যে ১০ হাজার মানুষকে হত্যা করা হয়েছিল। অর্থাৎ জনগণের প্রায় ১ দশমিক ২ শতাংশ মানুষ নিহত হয়েছিলেন। এই হত্যাকাণ্ডের পাশাপাশি অন্যান্য অপরাধের ভিত্তিতেও আদালত গণহত্যার দায় নির্ধারণ করেছেন। অতীতে হলোকাস্টে ৬০ লাখ ইহুদি এবং রুয়ান্ডায় আট লাখের বেশি মানুষ হত্যার মতো ভয়াবহ ঘটনার প্রেক্ষাপটে গণহত্যা নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু মিয়ানমারের রায় দেখিয়ে দিল, গণহত্যা প্রমাণের জন্য কোনো জনগণের বিপুলসংখ্যক মানুষকে হত্যা করা বাধ্যতামূলক নয়।

গাজার ক্ষেত্রে এ বিষয়টি ইসরাইলের জন্য বড় উদ্বেগের কারণ। সেখানে ইসরাইলি সামরিক অভিযানে বিপুলসংখ্যক ফিলিস্তিনি নিহত হয়েছেন। অসংখ্য বাড়িঘর, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য অবকাঠামো ধ্বংস হয়েছে। অবরোধ ও মানবিক সহায়তা বাধাগ্রস্ত হওয়ার কারণে মানুষের জীবনযাপনও বিপর্যস্ত হয়েছে। এসব বিষয় গণহত্যার অভিযোগের বিচারিক মূল্যায়নে গুরুত্ব পেতে পারে।

উসকানিমূলক বক্তব্যও হতে পারে প্রমাণ

গণহত্যার অভিপ্রায় বা উদ্দেশ্য প্রমাণ করা এ ধরনের মামলার সবচেয়ে কঠিন বিষয়গুলোর একটি। কোনো জনগণকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল কি না, তা নির্ধারণে আদালত শুধু সরাসরি নির্দেশ বা লিখিত আদেশের ওপর নির্ভর করে না; সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য, কর্মকাণ্ড এবং সামগ্রিক পরিস্থিতিও বিবেচনায় নেয়।

মিয়ানমারের বিরুদ্ধে মামলায় আদালত রোহিঙ্গাদের প্রতি দীর্ঘদিনের বৈষম্য, বিদ্বেষমূলক বক্তব্য, সামরিক অভিযান এবং ২০১৭ সালের নৃশংসতার ঘটনাগুলো বিবেচনা করেছে। অর্থাৎ একটি জনগণের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা নিপীড়নের পরিবেশও গণহত্যার অভিপ্রায় নির্ধারণে প্রাসঙ্গিক হতে পারে।

ইসরাইলের জন্য সমস্যাটি এখানেই। গাজায় যুদ্ধ শুরুর পর দেশটির একাধিক মন্ত্রী ও দায়িত্বশীল ব্যক্তির বক্তব্য নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা হয়েছে। ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে দেওয়ার কথা বলা, তাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য এবং ধ্বংসযজ্ঞের পক্ষে বক্তব্য—এসব দক্ষিণ আফ্রিকার মামলায় প্রমাণ হিসেবে তুলে ধরা হতে পারে।

মিয়ানমারের মামলায় আদালত জাতিসংঘের বিভিন্ন প্রতিবেদনকেও গুরুত্ব দিয়েছে। জেরুজালেম পোস্টের বিশ্লেষণে বলা হয়েছে, আদালত মিয়ানমারের বক্তব্যের তুলনায় জাতিসংঘের প্রতিবেদনকে বেশি বিশ্বাসযোগ্য বলে গ্রহণ করেছে। গাজা নিয়ে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও তদন্তকারীদের প্রতিবেদনও ইসরাইলের বিরুদ্ধে মামলায় গুরুত্ব পেতে পারে। ইসরাইল এসব প্রতিবেদনের অনেকগুলোকে পক্ষপাতদুষ্ট বলে প্রত্যাখ্যান করেছে। কিন্তু আদালতে শুধু অভিযোগ অস্বীকার করলেই চলবে না; প্রমাণের ভিত্তিতে নিজের অবস্থান প্রতিষ্ঠা করতে হবে।

জেরুজালেম পোস্টের বিশ্লেষণে ইসরাইলের পক্ষে যেতে পারে, এমন কিছু যুক্তির কথাও বলা হয়েছে। মিয়ানমারের পরিস্থিতির সঙ্গে গাজার পার্থক্য রয়েছে বলে ইসরাইল দাবি করতে পারে। তবে গাজায় ধ্বংসযজ্ঞের ব্যাপকতা, নিহত ফিলিস্তিনিদের সংখ্যা এবং ইসরাইলি কর্মকর্তাদের বক্তব্যের ব্যাখ্যা দেশটিকে আদালতে দিতে হবে। ফলে রায়টি ইসরাইলের জন্য স্বস্তির চেয়ে উদ্বেগের কারণই বেশি তৈরি করেছে।

আদালতের বাইরেও বাড়ছে চাপ

ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ এখন আর শুধু মধ্যপ্রাচ্য বা মুসলিম বিশ্বের মধ্যে সীমাবদ্ধ নেই। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ, যুদ্ধ বন্ধের দাবি এবং ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়ে মানুষ রাজপথে নামছে।

গত ৮ নভেম্বর নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে ‘রেড লাইন’ নামে এক বিশাল বিক্ষোভ হয়। আয়োজকদের হিসাবে এতে দুই লাখের বেশি মানুষ অংশ নেন। তাদের দাবি ছিল, ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে হবে, বাণিজ্যিক সম্পর্কের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করতে হবে এবং গাজায় সংঘটিত অপরাধের জন্য ইসরাইলকে জবাবদিহিতার মুখোমুখি করতে হবে। বিক্ষোভকারীদের অনেকের পোশাক ছিল লাল; তাদের বক্তব্য—গাজায় হত্যাযজ্ঞের বিরুদ্ধে এবার সরকারগুলোরও একটি সীমারেখা টানা উচিত।

যুক্তরাষ্ট্রেও প্রতিবাদ থেমে নেই। অক্টোবর মাসে ওয়াশিংটন, শিকাগো, লস অ্যাঞ্জেলেসসহ বিভিন্ন শহরে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা ইসরাইলকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ এবং গাজায় হামলা বন্ধের দাবি জানিয়েছেন। ১৮ নভেম্বর নিউ ইয়র্কে ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সফর ঘিরেও প্রতিবাদ করেন ফিলিস্তিনপন্থি অধিকারকর্মীরা। গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার মুখে থাকা গ্যালান্টের বিচার দাবি করেন তারা।

ইউরোপে প্রতিবাদের ব্যাপ্তিও উল্লেখযোগ্য। ইউরোপীয় ফিলিস্তিন কাউন্সিলের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ইউরোপের ৩০টি দেশের ৮১৮টি শহরে ফিলিস্তিনের পক্ষে ৬৮ হাজারের বেশি বিক্ষোভ ও সংহতিমূলক কর্মসূচি নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ৫৩ হাজারের বেশি ছিল সরাসরি রাজপথের কর্মসূচি।

অথচ এসব প্রতিবাদের বিপরীতে পশ্চিমা সরকারগুলোর অবস্থানে বড় ধরনের পরিবর্তন এখনো দেখা যায়নি। এখানেই গণতান্ত্রিক দেশগুলোর সরকার ও সাধারণ মানুষের অবস্থানের মধ্যে বড় বৈপরীত্য।

হিন্দ রাজবের নামেও বিচার দাবি

এই প্রতিবাদের ধারায় নতুন করে আলোচনায় এসেছে হিন্দ রাজব ফাউন্ডেশন। ফাউন্ডেশনটি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের কাছে আবেদন করেছে। গ্যালান্টের দায়িত্ব পালনকালে গাজায় ব্যাপক প্রাণহানি, আবাসিক ভবন ধ্বংস এবং বাস্তুচ্যুতির ঘটনা তুলে ধরে সংগঠনটি তার জবাবদিহিতা দাবি করেছে। ২০২৪ সালের জানুয়ারিতে ইসরাইলি সেনাদের গুলিতে পরিবারের সদস্যদের নিহত হওয়ার পর গাড়িতে আটকে পড়েছিল পাঁচ বছরের হিন্দ। উদ্ধার চেয়ে ফিলিস্তিনি রেড ক্রিসেন্টে তার শেষ ফোনকলের আকুতি পরে বিশ্বজুড়ে মানুষের হৃদয় ছুঁয়েছিল। হিন্দের নাম এখন গাজায় বিচার ও জবাবদিহিতার দাবির প্রতীক হয়ে উঠেছে।

রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক বিচার আদালতের রায় নিঃসন্দেহে বড় অর্জন। তবে ফিলিস্তিনিদের ন্যায়বিচারের পথ এখনো দীর্ঘ। গাজায় নিহত মানুষ, ধ্বংস হয়ে যাওয়া জনপদ এবং বাস্তুচ্যুত পরিবারগুলোর বিচার পাওয়ার অধিকারও সমানভাবে স্বীকৃত হওয়া উচিত। কোনো রাষ্ট্রের সামরিক শক্তি কিংবা রাজনৈতিক প্রভাব তাকে আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে স্থান দিতে পারে না।

লেখক: সিনিয়র সাংবাদিক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশে কর্মরত সরকারি কর্মীদের সন্তানদের জন্য শিক্ষা ভাতা বাড়লো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৫ এম


বিদেশে কর্মরত সরকারি কর্মীদের সন্তানদের জন্য শিক্ষা ভাতা বাড়লো

বিদেশে কর্মরত বাংলাদেশ মিশনে নিয়োজিত স্বদেশভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সরকার শিক্ষা ভাতার সীমা বৃদ্ধি করেছে। নতুনভাবে নির্ধারিত হার অনুযায়ী, মিশনের অবস্থান অনুসারে এ-লেভেল থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত পড়াশোনার জন্য বছরে সর্বাধিক ৩৮ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভাতা প্রদান করা হবে। এই সুবিধা সর্বাধিক দুই সন্তানের জন্য প্রযোজ্য হবে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত ১৯ নভেম্বর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোকে চারটি গ্রুপে ভাগ করে শিক্ষা ভাতার সীমা নির্ধারণ করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনের প্রথম গ্রুপের ১৫টি মিশনে এ-লেভেল পর্যন্ত এক সন্তানের জন্য বছরে ২৫ হাজার এবং দুই সন্তানের জন্য ৩৫ হাজার ডলার প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই হার যথাক্রমে ২৫ হাজার ও ৩৮ হাজার ডলার। এই গ্রুপে বেইজিং, সিউল, টোকিও, জাকার্তা, দোহা, ব্রাসেলস, জেনেভা, হেগ, স্টকহোম, ওয়ারশ, ভিয়েনা, মিলান, প্যারিস ও মস্কোর মিশনসহ ১৫টি মিশন অন্তর্ভুক্ত রয়েছে।

দ্বিতীয় গ্রুপের ৪১টি মিশনে এ-লেভেল ও বিশ্ববিদ্যালয়—উভয় পর্যায়ে এক সন্তানের জন্য ২১ হাজার এবং দুই সন্তানের জন্য ৩২ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। এই তালিকায় ক্যানবেরা, সিডনি, ওয়েলিংটন, ব্যাংকক, কুয়ালালামপুর, কাঠমান্ডু, নয়াদিল্লি, দুবাই, রিয়াদ, লন্ডন, রোম, ওয়াশিংটন, নিউইয়র্ক, অটোয়া ও ব্রাসিলিয়াসহ বিভিন্ন শহরের মিশন রয়েছে।

তৃতীয় গ্রুপের ১৯টি মিশনে এ-লেভেল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে এক সন্তানের জন্য ২১ হাজার এবং দুই সন্তানের জন্য ২৮ হাজার ডলার প্রদান করা হবে। এই গ্রুপে সিঙ্গাপুর, হ্যানয়, ম্যানিলা, চেন্নাই, মালে, কায়রো, নাইরোবি, প্রিটোরিয়া, বার্লিন ও কোপেনহেগেনের মিশনসহ ১৯টি মিশন অন্তর্ভুক্ত রয়েছে।

চতুর্থ গ্রুপের নয়টি মিশনে এ-লেভেল পর্যন্ত এক সন্তানের জন্য ২০ হাজার ৫০০ এবং দুই সন্তানের জন্য ২৫ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই হার যথাক্রমে ২১ হাজার ও ২৫ হাজার ডলার। এই গ্রুপে কুনমিং, কলম্বো, কলকাতা, গৌহাটি, আগরতলা, তাসখন্দ, মাস্কাট, রাবাত ও পোর্ট লুইসের মিশন অন্তর্ভুক্ত রয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, শিক্ষা ব্যয়ের ১৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারীকে নিজে বহন করতে হবে। ভাতার অর্থ শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে ব্যাংকিং চ্যানেল, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা অন্য ডিজিটাল পদ্ধতিতে পাঠাতে হবে; ব্যক্তিগত হিসাবে প্রদান করা যাবে না।

শিক্ষাপ্রতিষ্ঠান এককালীন পুরো ফি দাবি করলে যথাযথ প্রমাণপত্র জমা দিতে হবে এবং নিজ অংশ মিশনের হিসাবে বা সংশ্লিষ্ট হিসাব কোডে পরিশোধ করতে হবে। ইংরেজি মাধ্যমে পড়াশোনার সুযোগ সীমিত এমন দেশে কর্মরত কর্মকর্তা সন্তানকে অন্য ইংরেজিভাষী দেশে পড়ালেও নিজ কর্মস্থলের মিশনের জন্য নির্ধারিত ভাতার সীমা প্রযোজ্য হবে। পূর্বের অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন নৌ অবরোধ ভাঙতে ১৪টি তেল ট্যাংকার পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৯ এম


মার্কিন নৌ অবরোধ ভাঙতে ১৪টি তেল ট্যাংকার পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইরান

মার্কিন নৌ অবরোধ ভেঙে আগামী কয়েক দিনের মধ্যে ১৪টির বেশি তেলবাহী ট্যাংকারের একটি বহর পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইরান। এ সময় মার্কিন বাহিনী বাধা দিলে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালানোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এ হুঁশিয়ারির কথা জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ট্যাংকারগুলো বর্তমানে খার্গ দ্বীপের কাছে জড়ো করা হচ্ছে। ইরানের মোট অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানির প্রায় ৮৫ থেকে ৯০ শতাংশই এ দ্বীপের মাধ্যমে হয়ে থাকে।

স্যাটেলাইট চিত্র ও জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, ট্যাংকারগুলোতে নাবিক রয়েছেন এবং সেগুলোতে ইরানের পতাকা উড়ছে। আগামী কয়েক দিনের মধ্যে বহরটি ওমান উপসাগরের দিকে যাত্রা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে ইউরোনিউজের ফারসি ভাষার সংস্করণ এ তথ্যকে ‘অনানুষ্ঠানিক প্রতিবেদন’ হিসেবে উল্লেখ করেছে। এখন পর্যন্ত বহরটির যাত্রা শুরুর বিষয়ে স্বাধীন কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি।

স্যাটেলাইট চিত্রের মাধ্যমে তেলবাহী জাহাজের গতিবিধি পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ট্যাংকারট্র্যাকার্স জানিয়েছে, তাদের সংগৃহীত তথ্য থেকে ধারণা করা হচ্ছে, ইরান আবারও তেল রপ্তানি শুরুর প্রস্তুতি নিচ্ছে।

প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা সামির মাদানি বৃহস্পতিবার রয়টার্সকে বলেন, উপসাগরীয় অঞ্চলে একটি জাহাজ থেকে অন্য একটি জাহাজে ইরানি অপরিশোধিত তেল স্থানান্তর করা হচ্ছিল।

তিনি বলেন, ‘জাহাজটি যদি অবরোধ এলাকা অতিক্রম করতে পারে, তাহলে গত জুলাইয়ের মাঝামাঝির পর সমুদ্রপথে ইরানি অপরিশোধিত তেল রপ্তানির ক্ষেত্রে এটিই হবে প্রথম সফল ঘটনা।’

তবে মাদানি জাহাজটির নাম প্রকাশ করেননি। তিনি জানান, জাহাজটি মার্কিন অর্থ মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার আওতাভুক্ত নয়।

এদিকে আশার্ক ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, খার্গ দ্বীপের কাছে ‘অলিম’ ও ‘হাও ফান’ নামের দুটি জাহাজের মধ্যে প্রায় দুই লাখ ব্যারেল ইরানি তেল স্থানান্তর করা হয়েছে। স্থানান্তরের সময় উভয় জাহাজই তাদের ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ রেখেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অবরোধ পুনর্বহালের পর এটিই জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের প্রথম শনাক্ত হওয়া ঘটনা বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ইরানের তেল রপ্তানি পুনরায় শুরুর প্রস্তুতির খবরের মধ্যেই মার্কিন নৌ অবরোধ ভাঙার একটি প্রস্তাব সামনে এনেছে আইআরজিসি-সংশ্লিষ্ট বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি।

বুধবার প্রকাশিত এক নিবন্ধে সংস্থাটি অবরোধ ভাঙতে একসঙ্গে কয়েকটি তেলবাহী ট্যাংকার পাঠানোর প্রস্তাব দেয়।

নিবন্ধে বলা হয়, ‘নৌ অবরোধ ভাঙতে ইরান একদল ট্যাংকার পাঠাতে পারে, যারা অবরোধ ভেদ করে বেরিয়ে যাবে।’

প্রস্তাব অনুযায়ী, এসব ট্যাংকারে মার্কিন বাহিনী হামলা চালালে বা সেগুলো আটকের চেষ্টা করলে এর জবাবে আঞ্চলিক জ্বালানি অবকাঠামোতে তাৎক্ষণিক হামলা চালানোর হুঁশিয়ারি দেবে তেহরান। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) তেল স্থাপনাগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়েছে।

এর দুই দিন আগে হামশাহরি অনলাইন ও ইয়ং জার্নালিস্টস ক্লাবেও (ওয়াইজেসি) একই ধরনের প্রস্তাব প্রকাশিত হয়।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%