ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

গোপালগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, বাসে আগুন


গোপালগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, বাসে আগুন

গোপালগঞ্জে একটি বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এবং ইজিবাইকের তিন যাত্রী আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধরা দুর্ঘটনা কবলিত বাসটিতে আগুন লাগিয়ে দেন।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইকরাম হোসেন জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা ফাল্গুনী পরিবহনের একটি বাস চন্দ্রদিঘলীয়া এলাকায় একটি ইজিবাইক ও একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এই ঘটনায় মোটরসাইকেল আরোহী মহিবুল্লাহ (৪৫) ঘটনাস্থলেই নিহত হন। পাশাপাশি, ইজিবাইকে থাকা তিন যাত্রীও আহত হন।

আরও পড়ুন: সন্দ্বীপে ১৬ ডিসেম্বর ক্রিকেট উৎসব, অংশ নেবে ৮ দল

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না: আতিকুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না: আতিকুর রহমান

নতুন বাংলাদেশে শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না, এ মন্তব্য করেছেন গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট আতিকুর রহমান। চলমান মজুরি বোর্ডের আলোচনা ও দর-কষাকষির প্রেক্ষাপটে শ্রমিকদের ধৈর্য ধারণ, শান্ত থাকার এবং নিজ নিজ কর্মস্থলে ফিরে কাজে যোগ দেওয়ার আহ্বান তিনি জানিয়েছেন।

শনিবার রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চের কেন্দ্রীয় কমিটির জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আতিকুর রহমান উল্লেখ করেন, দেশের প্রায় ৪০ লাখ পোশাকশ্রমিকের জীবনমান উন্নয়ন, ন্যায্য মজুরি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চ কাজ করে যাচ্ছে। শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে মজুরি বোর্ড গঠিত হয়েছে এবং দুটি সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া জোরালোভাবে তুলে ধরা হয়েছে। মঞ্চের পক্ষ থেকে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের জোর দাবি জানানো হয়।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন শ্রমিক সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করছে। অতীতে শ্রমিকদের সঙ্গে যে অন্যায় ও বঞ্চনা করা হয়েছে, এবার তার পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না।

চলমান শ্রমিক আন্দোলনের বিষয়ে আতিকুর রহমান বলেন, মজুরি বোর্ডের আলোচনা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ দর-কষাকষির পর্যায়ে রয়েছে। এই পরিস্থিতিতে বিচ্ছিন্নভাবে রাস্তায় নেমে বিক্ষোভ কিংবা কারখানার উৎপাদন ব্যাহত হলে শেষ পর্যন্ত শ্রমিকরাই ক্ষতিগ্রস্ত হবেন। কোনো স্বার্থান্বেষী মহলের ইন্ধনে প্রভাবিত না হয়ে শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।

পাশাপাশি সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আন্দোলন-সংক্রান্ত ঘটনায় গ্রেপ্তার সব শ্রমিক ও শ্রমিক নেতাকে দ্রুত মুক্তি দিতে হবে এবং জামিনের ব্যবস্থা করতে হবে। তবে প্রকৃত অপরাধে যারা জড়িত, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, কোনো নিরপরাধ শ্রমিককে যেন অহেতুক হয়রানি করা না হয়।

মঞ্চের সদস্য সচিব সাইদা সরকারের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম ও কামরুন নাহার, সদস্য আব্দুল্লাহ বাসির, সমন্বয়ক সোহেল রানা মিঠু, শ্রমিক নেতা আব্দুর রহিম ও আব্দুল মোমিন প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমন্বয় ছাড়া হরমুজ পার হওয়া জাহাজকে তেল পাচারকারী মনে করছে : ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


সমন্বয় ছাড়া হরমুজ পার হওয়া জাহাজকে তেল পাচারকারী মনে করছে : ইরান

ইরান তেহরান জানাচ্ছে যে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে সমন্বয় ছাড়া তেল পাচারের সঙ্গে যুক্ত হিসেবে বিবেচনা করছে। দেশটি এই জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার সম্ভাবনার কথাও উল্লেখ করেছে।

আলজাজিরার সাংবাদিক রেসুল সেরদার আতাসের মাধ্যমে জানা যায়, ইরানের সেনাবাহিনী এক লিখিত বিবৃতিতে জানিয়েছে যে, হরমুজ প্রণালীর পূর্বাঞ্চলে অনুমোদনহীন পথে চলাচলরত একটি জাহাজ নৌমাইনে আঘাত পেয়ে আগুন ধরে যাওয়ার কারণে চলাচল বন্ধ করতে বাধ্য হয়েছে।

এই ঘটনায় ইরান সরাসরি হামলার দায় স্বীকার করেনি, তবে তারা পরোক্ষভাবে নিজেদের সংশ্লিষ্টতার ইঙ্গিত দিয়েছে। সাধারণত ইরান এসব জাহাজে হামলার কথা না বলে দাবি করে থাকে যে, সেগুলো সমুদ্রের নৌমাইনে আঘাত পেয়েছে, যা উপসাগরীয় অঞ্চলে ইরানের সেনাবাহিনীই স্থাপন করেছে।

হরমুজ প্রণালী নিয়ে ইরানের অবস্থান ব্যাখ্যা করে আলজাজিরার ওই সাংবাদিক জানান, যুদ্ধের কারণে অঞ্চলটির কৌশলগত পরিস্থিতি ও ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন এসেছে বলে মনে করছে তেহরান। এখন দেশটি প্রণালীটির ওপর নিজেদের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা করতে চায়।

ইরান জানাচ্ছে যে, সমন্বয় ছাড়া চলাচলকারী যেসব জাহাজ রয়েছে, সেগুলোকে তেল পাচারের কাজে জড়িত হিসেবে দেখছে। এই কারণে এসব জাহাজকে লক্ষ্যবস্তু করা হতে পারে বলে ইরান সতর্ক করেছে।

ইরানের অবস্থান হলো, যদি দেশটি নিজেদের তেল বিক্রি করতে না পারে, তাহলে অন্য কোনো দেশকেও হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনের সুযোগ দেওয়া হবে না।

তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং ইরানের সাতটি শর্ত মেনে নেওয়া হলেই কেবল হরমুজ প্রণালী আবার খুলে দেওয়া হবে।

এমএমআর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবির সঙ্গে একাডেমিক অংশীদারিত্ব গড়তে এডিবির শিগগিরই সমঝোতা স্মারক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২১ পি.এম


ঢাবির সঙ্গে একাডেমিক অংশীদারিত্ব গড়তে এডিবির শিগগিরই সমঝোতা স্মারক

ঢাকা বিশ্ববিদ্যালয় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সঙ্গে একাডেমিক সহযোগিতা বৃদ্ধি করতে আগ্রহী। এই উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে পরিবেশ, জলবায়ু সহনশীলতা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং নারীর ক্ষমতায়ন বিষয়ক স্নাতকোত্তর প্রোগ্রাম চালু, নারী পেশাজীবীদের জন্য বৃত্তি প্রদান এবং যৌথ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছে। দুই প্রতিষ্ঠানের মধ্যে শিগগিরই সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ব্যাপারে ঐকমত্য হয়েছে।

‎

শনিবার (১৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলামের কার্যালয়ে এডিবির চার সদস্যের প্রতিনিধিদল সাক্ষাৎ করেন এবং এসব বিষয় নিয়ে আলোচনা করেন।

‎

ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত এডিবির জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি বিষয়ক বিশেষজ্ঞ আরিয়ান জয় ওলেগারিও প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। অন্যান্য সদস্যরা হলেন এডিবির অ্যাসোসিয়েট প্রজেক্ট অফিসার শিলা অ্যান এম. ডেভিড-কাস্ট্রো, আরবান ডেভেলপমেন্ট বিশেষজ্ঞ ব্রায়ান কাপাতি এবং স্কলারশিপ ও ইউনিভার্সিটি পার্টনারশিপ বিশেষজ্ঞ শিপন কুমার দাস।

‎

সাক্ষাৎকালে ‘অ্যাসপায়ার ফর উইমেন ইনিশিয়েটিভ’-এর আওতায় এডিবি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশের স্থানীয় সরকার বিভাগে কর্মরত নারী পেশাজীবীদের জন্য মাস্টার্স পর্যায়ে বৃত্তি প্রদানে আগ্রহ প্রকাশ করেন এডিবির প্রতিনিধিরা।

‎

এছাড়া, এডিবির আর্থিক সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ, জলবায়ু সহনশীলতা, দুর্যোগ ব্যবস্থাপনা ও নারীর ক্ষমতায়ন বিষয়ে স্নাতকোত্তর প্রোগ্রাম চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে স্বল্পমেয়াদি সার্টিফিকেট কোর্স ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের বিষয়টিও উঠে আসে।

‎

এ সময় প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে ভিসির সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন এডিবির প্রতিনিধিদলের সদস্যরা।

‎

ভিসি জবাবে শিক্ষা ও গবেষণায় সহযোগিতা সম্প্রসারণ এবং শিক্ষার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে এডিবির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি আগ্রহ প্রকাশ করায় অতিথিদের ধন্যবাদ জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রিসবেনে নটরডেম কলেজের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


ব্রিসবেনে নটরডেম কলেজের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠিত

নটরডেম কলেজের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠান আজ শনিবার (১৪ নভেম্বর) অস্ট্রেলিয়ার ব্রিসবেনের বেঙ্গল কিচেন অ্যান্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

এতে গোল্ডকোস্ট, ব্রিসবেন এবং সানশাইনকোস্টে বসবাসকারী কলেজের প্রাক্তন ছাত্রবৃন্দ তাদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে অংশগ্রহণ করেন। নবীন ও প্রবীণ প্রাক্তন ছাত্ররা কলেজ জীবনের স্মৃতিচারণা, আড্ডা এবং পারস্পরিক কুশল বিনিময় করেন। অনুষ্ঠানের পরিচালনা এবং স্বাগত বক্তব্য প্রদান করেন ব্রিসবেনের পরিচিত সংগঠক ও সমাজকর্মী যীশু দাস গুপ্ত।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন ১৯৬২ ব্যাচের ছাত্র, ডক্টর আদিল খান। সবচেয়ে নবীন ছাত্র হিসেবে উপস্থিত ছিলেন ২০০৬ ব্যাচের তাহসিন। পরিচয় পর্ব শেষে সকলেই মধ্যাহ্নভোজে অংশ নেন। অনানুষ্ঠানিক আলোচনায় অংশগ্রহণকারীরা ভবিষ্যতে আরও বড় পরিসরে পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন। সার্বিক সহযোগিতায় ছিলেন ৯২ ব্যাচের দেওয়ান রওশন নবী এবং ০৬ ব্যাচের তাহসিন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রাক্তন ছাত্রদের মধ্যে ছিলেন ব্রিসবেনের জনপ্রিয় কথাসাহিত্যিক মুস্তাফিজুর রহমান টিটু, ডা. জামান, ডা. জালাল, ডা. আশিক, ডা. নূর হাসান অনুপম, ডক্টর আদিল খান, ডক্টর দেওয়ান, ডক্টর নুর হাসান, এফসিপিএ, সিএফও তারিক ইসলাম, ইঞ্জিনিয়ার কুশল আহমেদ, ইঞ্জিনিয়ার সাঈদ, ইঞ্জিনিয়ার ফখরুল আহমেদ, ডক্টর হাসিব, ডক্টর জেডি, ইঞ্জিনিয়ার তাহসিন, জাহাঙ্গীর হোসেন, ডক্টর সৈয়দ শামস, ড্যানি আলম, তৌহিদুল হক, জাহেদুল হক, জাইদুল আলম, আমিন এবং কাজী সাহেদ আনোয়ার। তারা একটি সফল অনুষ্ঠানের জন্য আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%