০৭:১৭ পি.এম
‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে একটি বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় অতিথিরা একাডেমি প্রাঙ্গনে স্টলগুলো পরিদর্শন করেন।
পরে একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। তিনি বক্তব্যকালে বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ এবং আত্মনির্ভরশীল সমাজ গঠনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, সমবায়ের মাধ্যমে মানুষ নিজের ভাগ্য পরিবর্তন করার পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়নেও অবদান রাখতে পারে। এজন্য সমবায়ের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
আরও পড়ুন: বগুড়ায় সশস্ত্র বাহিনী দিবস যথাযথ মর্যাদায় পালিত
মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি সকলকে আহ্বান জানান, আসুন আমরা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। সমবায়ের চেতনাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সকলে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এরশাদ আলী ঈশা, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সবুর আলী, এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ সুপার (সিটিএসবি) মোঃ মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) রেজাউল আলম সরকার। স্বাগত বক্তব্য প্রদান করেন রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্মনিবন্ধক জনাব মোঃ মোখলেছুর রহমান। অনুষ্ঠানে সমবায় কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ব্যক্তি ও সমবায় সমিতির মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আরও পড়ুন: সিরাজগঞ্জ দেশের প্রথম ‘ছানিমুক্ত’ জেলা ঘোষণা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন