বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০১:০৬ পি.এম
শীতের আগমনী রাত। আকাশে পূর্ণিমার চাঁদ উজ্জ্বল। নিচে শান্তভাবে বয়ে চলেছে ব্রহ্মপুত্র। এমন মায়াবী প্রাকৃতিক পরিবেশে নদের তীরে বসেছিল লোকজ মরমি গানের আসর।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা থেকে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের তীরে বাউলগানের এক আসর অনুষ্ঠিত হয়, যা আয়োজন করে ময়মনসিংহ বাউল সমিতি। ‘পূর্ণিমার রাতে পরমের সাথে’ শীর্ষক এই অনুষ্ঠানে গান চলতে থাকে গভীর রাত পর্যন্ত। উপস্থিত দর্শক-শ্রোতারা সুরের আবেশে মগ্ন হয়ে যান।
খোলা আকাশের নিচে চন্দ্রালোকে উদ্ভাসিত নদের পারে ময়মনসিংহের অন্তত ১০ জন বাউলশিল্পী গান পরিবেশন করেন। একতারা, দোতারা, বাঁশি এবং ঢোলের তালে শিল্পীদের সুরে পুরো এলাকা আধ্যাত্মিক আবহে ভরে যায়।
বাংলার চিরায়ত সাধকদের মরমি পদাবলি ও লোকসংগীত শিল্পীদের দরদি কণ্ঠে প্রাণ পায়, যা উপস্থিত শ্রোতাদের আচ্ছন্ন করে। এই ব্যতিক্রমী বাউল সন্ধ্যা উপভোগ করতে ব্রহ্মপুত্রের পারে ভিড় জমান শতাধিক শ্রোতা।
আয়োজনের উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ময়মনসিংহ বাউল সমিতির যুগ্ম সম্পাদক শাহিন আনোয়ার জানান, বাংলার চিরায়ত বাউল দর্শন ও শেকড়সন্ধানী লোকসংগীতের ধারা নতুন প্রজন্মসহ সবার মাঝে ছড়িয়ে দিতে নিয়মিত এই আয়োজন করা হবে।
শাহিন আনোয়ার আরও বলেন, প্রতি মাসে অন্তত ১০ জন বাউল শিল্পীকে ব্রহ্মপুত্রের পারে এনে এমন গানের আসর বসানোর ব্যাপারে তিনি আশাবাদী।
আয়োজকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সহযোগী হিসেবে যুক্ত ছিল জেলার ১৮টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এই সংগঠনগুলো হলো উজ্জ্বল সংগীত শিক্ষালয়, ইন্টেলেকচুয়াল কর্নার, নৃত্যগ্রাম, নিরাপদ সড়ক চাই, অনসাম্বল থিয়েটার, ময়মনসিংহ সাহিত্য সংসদ, বিভাগীয় চারুশিল্পী পর্ষদ, নবব্রতী (একটি শৈল্পিক শিক্ষাজ্ঞন) এবং রঙ্গভূমি থিয়েটার।
এ ছাড়া রাংচিতা সাংস্কৃতিক একাডেমি, চরৈবেতি শিল্প শিক্ষালয়, ছায়ানট সাংস্কৃতিক সংস্থা, পরম্পরা, সন্দীপন সাংস্কৃতিক সংস্থা, সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ, ময়মনসিংহ একাডেমি অব ফাইন আর্টস, বহুরূপী নাট্য সংস্থা এবং শাপলা থিয়েটারও ছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর দীর্ঘকালীন দ্বন্দ্ব কেবল ফুটবলের উন্নতি ঘটায়নি, বরং তাদের ক্যারিয়ারকেও দীর্ঘায়িত করেছে বলে মন্তব্য করেছেন পেপ গার্দিওলা। এই কিংবদন্তি কোচের মতে, একে অপরকে ছাড়িয়ে যাওয়ার আগ্রহ মেসি ও রোনালদোকে বছরের পর বছর সর্বোচ্চ স্তরে পারফর্ম করার জন্য অনুপ্রাণিত করেছে।
এক দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলে আধিপত্য বজায় রেখেছেন মেসি ও রোনালদো। তাদের সম্মিলিত ব্যালন ডি'অর সংখ্যা ১৩। রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার হয়ে তারা একে অপরের বিরুদ্ধে অসংখ্যবার মুখোমুখি হয়েছেন। গত বিশ্বকাপেও বয়সের ভার উপেক্ষা করে খেলেছেন তারা, যদিও পরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন।
ব্রাজিলের সাবেক ফরোয়ার্ড রোমারিওর সঙ্গে আলাপচারিতায় গার্দিওলা বলেন, ‘আমার মনে হয়, দুজনই একে অপরকে অনেক সাহায্য করেছে। ক্রিস্টিয়ানো যদি মেসিকে না পেত, কিংবা মেসি যদি ক্রিস্টিয়ানোকে না পেত, তাহলে হয়তো তাদের ক্যারিয়ার এত দীর্ঘ হতো না। তারা সব সময় একে অপরকে নজরে রাখত। অন্যজন কী করছে, তা দেখে ভাবত, আমি আরও ভালো হতে চাই, তার চেয়ে বেশি জিততে চাই।’
৪১ বছর বয়সী রোনালদো পর্তুগালের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করে পুরুষ আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা এবং সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডধারী হিসেবে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন।
গত মঙ্গলবার (২৪ নভেম্বর) এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে রোনালদো আল নাসরের হয়ে খেলতে নেমে ক্যারিয়ারের ৯৮৭তম গোলের মাইলফলক ছুঁয়েছেন। সর্বকালের অন্যতম সেরা এই ফরোয়ার্ডের প্রশংসায় গার্দিওলা বলেন, জয়ের প্রতি তার ক্ষুধা এবং নিজেকে প্রমাণ করার তাড়না অসাধারণ।
গার্দিওলা বলেন, ‘সে অন্য ধরনের প্রতিযোগী। জয় পাওয়া ও নিজেকে প্রমাণ করা ছাড়া যেন আর কিছুই তার কাছে গুরুত্বপূর্ণ নয়। সে একজন গোলস্কোরার। ডান পা, বাঁ পা কিংবা মাথা, সবভাবেই গোল করতে পারে। অসাধারণ।’
রোনালদোর সঙ্গে কখনো কাজ করার সুযোগ হয়নি গার্দিওলার। তবে বার্সেলোনায় চার মৌসুম মেসিকে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার। কাতালান ক্লাবটির হয়ে নিজের সাফল্যের বড় কৃতিত্বও মেসিকে দেন এই কোচ।
বার্সেলোনার কোচ হিসেবে চার বছরে ১৪টি শিরোপা জিতেছেন গার্দিওলা। এর মধ্যে দুটি চ্যাম্পিয়ন্স লিগ এবং তিনটি লা লিগা শিরোপা রয়েছে। কোচ হিসেবে এত সাফল্যের পেছনে কী ভূমিকা ছিল জানতে চাইলে সরাসরি মেসির নাম উল্লেখ করেন তিনি।
‘মেসি! যখন আপনার দলে এত ভালো খেলোয়াড় থাকে, তখন আপনিও ভালো কোচ হয়ে ওঠেন। একজন কোচের কাজ হলো সবাইকে একই পরিকল্পনার মধ্যে রাখা, খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া তৈরি করা এবং কাদের একসঙ্গে খেলালে দল ভালো করবে, সেটা নিশ্চিত করা। আমি তিনটি অসাধারণ দলের সঙ্গে কাজ করেছি, যেখানে অসাধারণ খেলোয়াড় ছিল। সে কারণেই আমরা জিতেছি,’–বলেন গার্দিওলা।
বার্সেলোনা ছাড়ার পর বায়ার্ন মিউনিখের হয়ে টানা তিন মৌসুম বুন্দেসলিগা জিতেছেন গার্দিওলা। এরপর ম্যানচেস্টার সিটির দায়িত্ব নিয়ে এক দশক ধরে বহু শিরোপা জিতেছেন তিনি। গত গ্রীষ্মে সিটি ছাড়েন এই কোচ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নামের শেষে ফকির পদবি রয়েছে। এটি একটি পারিবারিক উত্তরাধিকার। তবুও, শাহিনকে ছোটবেলা থেকেই ‘ফকির’ শব্দটি নিয়ে নানা কটুকথা শুনতে হয়েছে। তার স্বপ্ন ছিল, একদিন গ্রামবাসীরা আসবে এবং এই শাহিন ফকিরকে দেখবে।
সেই স্বপ্নের বাস্তবায়ন করতে, ঢাকায় একটি জাকজমকপূর্ণ অনুষ্ঠানের পর নববধূকে নিয়ে ভোলার বোরহানউদ্দিনের টবগী গ্রামে ফিরলেন ফ্রান্সপ্রবাসী মো. শাহিন ফকির। তিনি ওই গ্রামের মো. সিরাজ ফকিরের পুত্র।
এই ব্যতিক্রমী আয়োজনের কারণে গ্রামে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নবদম্পতিকে একনজর দেখতে শত শত মানুষ ভিড় করেন।
ধানখেতের মাঝে একটি হেলিপ্যাড তৈরি করা হয়। দুই সপ্তাহ ধরে এই আয়োজনের প্রস্তুতি চলছিল। প্রশাসনকে জানানো, গ্রামবাসীদের দাওয়াত দেওয়া, বাড়িঘর পরিপাটি করা, রাস্তাঘাট ঠিক করা এবং আরও অনেক আয়োজন করা হয়। গ্রামের মানুষের মুখে মুখে এ আয়োজনের কথা ছড়িয়ে পড়ে। কেউ বলেন, বাপের বেটা শাহিন দেখিয়ে দিল। কেউ বাহবা দেন।
ঢাকার চিটাগাং রোডের সাদ্দাম মার্কেটসংলগ্ন কর্নক টাওয়ারে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বর-কণে বাড়ি ফিরতে দামি হেলিকপ্টার ব্যবহার করেন। এই ব্যবহারের জন্য প্রশাসনিক অনুমতি নিতে হয়। দীর্ঘদিনের স্বপ্ন পূরণের কারণে শাহিন ও তার পরিবারের সদস্যরা খুশি।
নিজের অনুভূতি জানিয়ে শাহিন ফকির বলেন, ‘বিয়ে তো অনেকেই করেন, প্রত্যেকের আয়োজনও থাকে ভিন্ন ভিন্ন। আমি চেয়েছি সবার চেয়ে একটু ব্যতিক্রমীভাবে জীবনের এই বিশেষ মুহূর্তটি উদযাপন করতে। সেই ভাবনা থেকেই হেলিকপ্টারে করে ঢাকা থেকে নববধূকে নিয়ে আসার আয়োজন করেছি।’
স্থানীয়রা নবদম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবন কামনা করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
একটি সিদ্ধান্তের ফলে কয়েক দিনের মধ্যে কোটি কোটি ডলারের সম্পদ হারানোর পর আবার এক দিনে তার একটি বড় অংশ ফিরে পাওয়ার ঘটনা ঘটেছে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের ক্ষেত্রে। সিইও পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণার দিন তাঁর সম্পদ ৮২০ কোটি ডলার কমে যায়। তবে ১১ দিন পরে দায়িত্বে ফেরার ঘোষণায় এক দিনে তাঁর সম্পদ ৩ হাজার ৩৯০ কোটি ডলার বেড়ে যায়।
ফোর্বসের তথ্য অনুযায়ী, ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে লেনদেন শেষ হওয়ার সময় হুয়াংয়ের মোট সম্পদের পরিমাণ প্রায় ১৪ হাজার ৪০০ কোটি ডলার দাঁড়ায়। তবে এটি পদত্যাগের ঘোষণার দিনের তুলনায় মাত্র ১০০ কোটি ডলার বেশি। কারণ, দায়িত্ব ছাড়ার পরবর্তী কয়েকটি লেনদেনে এনভিডিয়ার শেয়ারের দাম কমতে থাকে।
ফিন্যান্সিয়াল টাইমসের বিশ্লেষণ অনুযায়ী, দায়িত্বে ফেরার দিন এনভিডিয়ার শেয়ারের দাম ৩১ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পায়। এতে কোম্পানিটির বাজারমূল্য এক দিনে প্রায় ৯৫ হাজার ২০০ কোটি ডলার বেড়ে যায়। এনভিডিয়ার প্রায় ৩ দশমিক ৫ শতাংশ শেয়ারের মালিক হুয়াং। ফলে শেয়ারের দামের ওঠানামায় তাঁর সম্পদের পরিমাণেও বড় পরিবর্তন ঘটে।
গত ৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের বাজার খোলার আগে হুয়াংয়ের সম্পদের পরিমাণ ছিল আনুমানিক ১৬ হাজার ২২০ কোটি ডলার। ১২ নভেম্বর পদত্যাগের ঘোষণা আসার দিন তা কমে ১৪ হাজার ৩০০ কোটি ডলারে দাঁড়ায়। অর্থাৎ চার কার্যদিবসে তাঁর সম্পদ ১ হাজার ৯২০ কোটি ডলার কমে যায়।
৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত তাঁর মোট সম্পদ কমেছিল প্রায় ৫ হাজার ২১০ কোটি ডলার। দায়িত্বে ফেরার পর এক দিনের উত্থানে তিনি সেই ক্ষতির প্রায় দুই-তৃতীয়াংশ ফিরে পান।
এনভিডিয়ার পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে হুয়াংকে সিইও, প্রেসিডেন্ট ও পরিচালক পদে পুনর্বহাল করে। কোম্পানিটি জানায়, এ সিদ্ধান্ত নেওয়ার আগে যুক্তরাষ্ট্র সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মতামত নেওয়া হয়েছিল। তাঁদের মতামতের ভিত্তিতে পর্ষদ মনে করে, হুয়াংয়ের প্রত্যাবর্তনে জাতীয় নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। তবে তাঁর বিষয়ে পরিচালনা পর্ষদের স্বাধীন কমিটির তদন্ত চলবে।
তবে এই উত্থান বেশিক্ষণ স্থায়ী হয়নি। পরদিন মঙ্গলবার নিউইয়র্ক সময় সকাল ১০টা ৫০ মিনিটে এনভিডিয়ার শেয়ারের দাম ৮ শতাংশ কমে যায়। তখন ফোর্বসের হিসাবে হুয়াংয়ের সম্পদের পরিমাণ নেমে আসে ১৩ হাজার ৩১০ কোটি ডলারে। অর্থাৎ এক দিনের উত্থানে পাওয়া ১ হাজার কোটি ডলারের বেশি সম্পদ আবার কমে যায়। তথ্যসূত্র: গালফ নিউজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্বেচ্ছায় দেশে ফিরে আসতে ইচ্ছুক ১৭৩ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৪টা ৩০ মিনিটে বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটের মাধ্যমে তাদের দেশে নিয়ে আসা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায় তাদের দেশে ফিরিয়ে আনার কাজ সম্পন্ন হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অধিকাংশ প্রত্যাবাসিত বাংলাদেশি নাগরিকই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের মধ্যে অনেকেই লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন।
এছাড়া, জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এই কঠিন অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগাভাগি করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের অনুরোধ করা হয়েছে।
আইওএম-এর পক্ষ থেকে প্রত্যাবাসনের প্রক্রিয়ার অংশ হিসেবে প্রত্যেককে পথ খরচ, কিছু খাদ্য সামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজন হলে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।
লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে বলেও পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ