০৫:১৬ পি.এম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রকৌশলীর সংকট দীর্ঘকাল ধরে বিদ্যমান। অনুমোদিত পদের অর্ধেকই বর্তমানে শূন্য অবস্থায় রয়েছে। একের পর এক প্রকৌশলী অবসরে যাওয়ার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। কিছু ক্ষেত্রে একজন প্রকৌশলীকে চারজনের কাজ একসঙ্গে করতে হচ্ছে।
এর ফলে সীমিত জনবল দিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কাজ পরিচালনা করা বেশ কঠিন হয়ে পড়ছে প্রকৌশল দপ্তরের জন্য। এতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তদারকি এবং দৈনন্দিন কারিগরি সেবার ক্ষেত্রে বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।
প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, সেখানে প্রকৌশলীর জন্য অনুমোদিত ২২টি পদ রয়েছে। এর মধ্যে ১১ জন কর্মরত আছেন, বাকি ১১টি পদ শূন্য। সিভিল প্রকৌশলীর অনুমোদিত সাতটি পদের মধ্যে একটিতেও কেউ নেই। ইলেকট্রিক্যাল প্রকৌশলীর একটি পদও খালি রয়েছে। তাছাড়া, ওয়ার্ক এক্সটেনশন শাখায় মাঠপর্যায়ে কাজ করা প্রকৌশলীদের সাতটি পদ শূন্য রয়েছে।
আরও পড়ুন: চুয়েটের গবেষণা সহকারীদের পাঁচ মাস ধরে বেতন বন্ধ, আটকে নতুন পে-স্কেলও
দপ্তর-সংশ্লিষ্টদের মতে, প্রকৌশলী সংকট দীর্ঘদিনের। প্রায় এক যুগ ধরে প্রয়োজন অনুযায়ী নিয়োগ না হওয়ায় শূন্য পদের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। গত কয়েক বছরে কয়েকজন প্রকৌশলী অবসরে যাওয়ার ফলে সংকট আরও তীব্র হয়েছে।
একজন সামলাচ্ছেন একাধিক সাইট
প্রকৌশল দপ্তরের কাজের পরিমাণের তুলনায় মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী প্রকৌশলীর সংখ্যা অত্যন্ত কম। দপ্তর সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ের মাত্র পাঁচজন প্রকৌশলীকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজ তদারকি করতে হচ্ছে। তাদের একজনকে একসঙ্গে প্রায় ৯৫টি সাইটের কাজ দেখতে হচ্ছে।
শুধু মাঠপর্যায়ের কাজ নয়, দাপ্তরিক ফাইলের চাপও প্রকৌশলীদের ওপর রয়েছে। দপ্তরে ফার্নিচার-সংক্রান্ত ৮৮টি, রক্ষণাবেক্ষণ-সংক্রান্ত ২৪৭টি এবং ইলেকট্রিক্যাল কাজের প্রায় ১৫০টি ফাইল রয়েছে। এসব কাজের নকশা প্রণয়ন, প্রাক্কলন তৈরি, কারিগরি অনুমোদন, পরিদর্শন ও বাস্তবায়ন তদারকির দায়িত্বও প্রকৌশলীদের পালন করতে হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে এসএসসির ১১ বিষয়ের নম্বর জালিয়াতির অভিযোগে ৩ গ্রেফতার
দপ্তরের সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, কাজের পরিমাণ বিবেচনায় কোনো কোনো প্রকৌশলীকে একসঙ্গে প্রায় চারজনের দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে কাজের স্বাভাবিক গতি বজায় রাখা কঠিন হয়ে পড়ছে।
সামনে সংকট আরও বাড়ার আশঙ্কা
বর্তমান সংকটের মধ্যে নতুন করে অবসরের কারণে জনবল কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে, দপ্তরের আরেক প্রকৌশলী আবুল কাশেমও অবসরের দ্বারপ্রান্তে রয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পানি সরবরাহ ও সংশ্লিষ্ট অবকাঠামোর কাজের সঙ্গে যুক্ত। তার অবসরের পর এ খাতে সংকট আরও প্রকট হতে পারে।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও আবাসিক ভবন, হলসহ বিভিন্ন স্থাপনার নির্মাণ, সংস্কার ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রকৌশল দপ্তরের। পাশাপাশি পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং নতুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজও এ দপ্তরের মাধ্যমে হয়ে থাকে। ফলে প্রকৌশলী সংকটের প্রভাব বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অবকাঠামোগত কার্যক্রমে পড়ছে।
আরও পড়ুন: পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যার উদ্বোধন
নাম প্রকাশ না করার শর্তে প্রকৌশল দপ্তরের একজন কর্মকর্তা বলেন, আগেও প্রকৌশলী সংকট ছিল। কিন্তু কয়েকজন অবসরে যাওয়ার পর পরিস্থিতি আরও কঠিন হয়েছে। কাজের তুলনায় প্রকৌশলী কম থাকায় প্রত্যেকের ওপর অতিরিক্ত চাপ পড়ছে।
তিনি আরও বলেন, প্রয়োজনীয় জনবল না বাড়ালে চলমান কাজগুলো সময়মতো তদারকি করা কঠিন হয়ে পড়বে। বিশেষ করে মাঠপর্যায়ে একসঙ্গে অনেকগুলো সাইটের কাজ দেখতে হওয়ায় প্রকৌশলীদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।
প্রকৌশল দপ্তরের কর্মকর্তারা বলছেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও কার্যক্রম সম্প্রসারিত হলেও সে অনুযায়ী প্রকৌশলীর পদ বাড়েনি। নতুন ভবন নির্মাণের পাশাপাশি পুরোনো স্থাপনার রক্ষণাবেক্ষণের কাজও বাড়ছে। অথচ পুরোনো জনবলকাঠামো অনুযায়ীও প্রয়োজনীয়সংখ্যক প্রকৌশলী নেই।
এ বিষয়ে প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও অবকাঠামো সম্প্রসারিত হলেও প্রকৌশল দপ্তরের জনবল বাড়েনি। বিশেষ করে সিভিল প্রকৌশল শাখায় প্রয়োজনীয় পাঁচজন প্রকৌশলীর ঘাটতি রয়েছে। সীমিত জনবল দিয়ে দপ্তরের কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। জনবলসংকটের বিষয়টি ইতিমধ্যে উপাচার্যকে জানিয়ে প্রয়োজনীয় নিয়োগের দাবি জানানো হয়েছে।
আরও পড়ুন: ষষ্ঠ-দ্বাদশের সব ছাত্রীর পাশাপাশি দরিদ্র ও মেধাবী ছাত্ররাও পাবে উপবৃত্তি
তিনি আরও বলেন, শীতকালে বিভিন্ন বিভাগের অনুষ্ঠান, গেট-টুগেদার ও খেলাধুলাসহ নানা আয়োজন বেড়ে যায়। এতে বিদ্যুৎ সরবরাহ ও কারিগরি সেবা নিশ্চিত করতে বাড়তি চাপ তৈরি হয়। অথচ বিদ্যুৎ শাখায় মাত্র দুজন কর্মী দিয়ে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করাতে হচ্ছে। প্রকৌশল দপ্তরে সবচেয়ে বেশি সংকট বিদ্যুৎ ও পানি শাখায়। এ দুই সেবায় বিঘ্ন ঘটলে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব পড়ে। বর্তমানে প্রয়োজনীয় জনবলের মাত্র ৬০ থেকে ৬৫ শতাংশ নিয়ে দপ্তরের কার্যক্রম চালাতে হচ্ছে।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, প্রকৌশল দপ্তরের জনবলসংকটের বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও কার্যক্রমের পরিধি বাড়লেও প্রয়োজন অনুযায়ী প্রকৌশলী নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। খুব শিগগিরই শূন্য পদগুলোতে প্রকৌশলী নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন